ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

৬৪ শিক্ষার্থী ব্রিটিশ কাউন্সিলের স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন


৬৪ শিক্ষার্থী ব্রিটিশ কাউন্সিলের স্কলার্স অ্যাওয়ার্ড পেলেন

দেশের ৩০টি ইংরেজি মাধ্যম স্কুলের ৬৪ জন শিক্ষার্থী অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ‘ব্রিটিশ কাউন্সিল স্কলার্স অ্যাওয়ার্ড-২০২৬’ লাভ করেছেন।

ব্রিটিশ কাউন্সিল ঢাকায় র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ১৪ নভেম্বর শনিবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে তাঁদের এ সাফল্য উদ্‌যাপনের জন্য।

২০২৬ সালের মে-জুন সেশনে কেমব্রিজ ইন্টারন্যাশনাল ও পিয়ারসন এডএক্সেলের অধীনে ও লেভেল, আইজিসিএসই ও ইন্টারন্যাশনাল জিসিএসই পরীক্ষায় নয়টি বা তার বেশি বিষয়ে এবং এ লেভেল পরীক্ষায় পাঁচটি বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জনকারী শিক্ষার্থীদের এই পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন: ঢাবি ও বেইজিং নরমাল ইউনিভার্সিটির মধ্যে যৌথ পিএইচডি প্রোগ্রামের জন্য সমঝোতা স্বাক্ষর

ব্রিটিশ কাউন্সিল যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ডগুলোর পক্ষে এসব পরীক্ষা পরিচালনা করে। নিষ্ঠা, সৃজনশীলতা ও শেখার আগ্রহ নিয়ে এগিয়ে যাওয়া শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বছর পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ও লেভেল ও আইজিসিএসই/ইন্টারন্যাশনাল জিসিএসই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৫৭ শিক্ষার্থীকে সিটি ব্যাংক পিএলসি মেধাবৃত্তি প্রদান করেছে। প্রত্যেক শিক্ষার্থী ২৫ হাজার টাকা করে পেয়েছেন, যা তাঁদের শিক্ষাজীবনের পরবর্তী ধাপে অগ্রসর হতে সহায়তা করবে। এ লেভেলের সাত পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী অনুষ্ঠানের ট্রাভেল পার্টনার গোযায়ানের বিশেষ উপহার ভাউচারও লাভ করেছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রহমান উল্লেখ করেন, “স্কলার্স অ্যাওয়ার্ডের যাত্রা শুরু হয়েছিল ২২ জন শিক্ষার্থীকে নিয়ে। এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার মানসিকতা এবং আমাদের পার্টনার স্কুলগুলোর সক্ষমতার পরিচয় পাওয়া যায় এই অগ্রগতিতে।”

তিনি আরও বলেন, “ব্রিটিশ কাউন্সিল আপনাদের সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। আমাদের দায়িত্ব শুধু সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনা করা নয়। মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক পরিসরে সুযোগ তৈরি করবে এমন একটি কমিউনিটি গড়ে তোলাও আমাদের দায়িত্ব।”

আরও পড়ুন: ঢাবির সঙ্গে একাডেমিক অংশীদারিত্ব গড়তে এডিবির শিগগিরই সমঝোতা স্মারক

সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার বলেন, “তরুণ শিক্ষার্থীদের এ সাফল্য উদযাপনের অংশ হতে পেরে আমরা আনন্দিত। তাঁদের মেধার যথাযথ স্বীকৃতি দেওয়া এবং পড়াশোনায় আরও ভালো করার অনুপ্রেরণা জোগানোই আমাদের উদ্দেশ্য। আমরা আশা করি, তাঁরা নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখবেন।”

গোযায়ান লিমিটেডের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা আবসার জেবা বলেন, “এক জায়গায় এত মেধাবী শিক্ষার্থীর সাফল্যের স্বীকৃতি দেখতে পাওয়া সত্যিই আনন্দের। সব শিক্ষার্থীর উদ্দেশে আমার বার্তা, তোমাদের পরিশ্রমই তোমাদের সামনে এগিয়ে নেবে। বড় স্বপ্ন দেখো, নিজের সম্ভাবনার সীমা ছাড়িয়ে যাও। তোমাদের এই পথচলার অংশ হতে পেরে গোযায়ান আনন্দিত।”

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নয়টি বা তার বেশি বিষয়ে সর্বোচ্চ গ্রেড অর্জন করা অসাধারণ কৃতিত্ব। এর মধ্য দিয়ে তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও জানার আগ্রহের পরিচয় পাওয়া যায়। একই সঙ্গে তোমরা নিজেদের প্রজন্মের সেরা শিক্ষার্থীদের কাতারে জায়গা করে নিয়েছ।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা, আজকের এই অর্জন তোমাদের পথচলার একটি গুরুত্বপূর্ণ ধাপ, শেষ নয়। জানার আগ্রহ ধরে রেখো, অন্যের পাশে দাঁড়াও। যা শিখেছ, তা কাজে লাগিয়ে বাংলাদেশে ও দেশের বাইরেও ইতিবাচক পরিবর্তনে ভূমিকা পালন করবে।”

আরও পড়ুন: র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির অভিযোগে ইবির ২৭ শিক্ষার্থীকে বহিষ্কার

অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুলের দুই শতাধিক স্কুলপ্রধান, শিক্ষক, অভিভাবক এবং ব্রিটিশ কাউন্সিলের দেশজুড়ে থাকা ২০০ পার্টনার স্কুলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপনের পাশাপাশি শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে অভিজ্ঞতা ভাগ করে নেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পুরস্কার প্রদান পর্ব। এ সময় ৬৪ শিক্ষার্থীর হাতে তাঁদের অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ ফল করা একজন শিক্ষার্থী নিজের পড়াশোনার অভিজ্ঞতা ও কীভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় তা নিয়ে কথা বলার পাশাপাশি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও অতিথিবৃন্দরা তার বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন।

পরে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনি ইয়াসমিনের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন পরীক্ষা বোর্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. নকিব হায়দার; পিয়ারসন এডএক্সেলের বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আবদুল্লাহ আল মামুন এবং রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা; আর অক্সফোর্ড একিউএর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা।

আরও পড়ুন: বাকৃবিতে বহিরাগত দুই মিশুক চালকের হাতাহাতি, ছিনতাইয়ের অভিযোগ

স্কলার্স অ্যাওয়ার্ডের মাধ্যমে বাংলাদেশে শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে কাজ করার অঙ্গীকার তুলে ধরেছে ব্রিটিশ কাউন্সিল। প্রতিবছর এ পুরস্কার পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি এবং সিটি ব্যাংক পিএলসি ও গোযায়ানের সহযোগিতা দেশের শিক্ষাখাতে তরুণদের বিকাশে বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগতিতে ফ্রি হেলথ ক্যাম্পে হাজারও মানুষ পাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


রামগতিতে ফ্রি হেলথ ক্যাম্পে হাজারও মানুষ পাচ্ছেন বিনামূল্যে চিকিৎসা

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৫৬ হাজার বর্গমাইলজুড়ে ফ্রি হেলথ ক্যাম্প কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগতিতে শুরু হয়েছে ১ দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় চরগাজী, বড়খেরি, বয়ারচর, চর রমিজ ও আশপাশের প্রত্যন্ত চরাঞ্চলের দুই হাজারেরও বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বিভিন্ন বয়সী অসহায় দরিদ্র পরিবারের সদস্যরা বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা পেয়ে তাদের মুখে হাসি ফুটে উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে রামগতি উপজেলার আহমদিয়া কলেজ ক্যাম্পাসে স্কয়ার ফার্মাসি উটিক্যালসের ফ্রি হেলথ ক্যাম্প শুরু হয়েছে। এই ক্যাম্পের খবর ছড়িয়ে পড়লে ভোর থেকে দূর-দূরান্ত থেকে শিশুসহ কয়েক হাজার বিভিন্ন বয়সী নারী-পুরুষ ছুটে আসেন। তাদের অনেকের পক্ষে অর্থ ব্যয় করে উন্নত চিকিৎসা সেবা নেয়া সম্ভব হয়নি এতদিন।

দিনব্যাপী এই ক্যাম্পে অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার সেলস ম্যানেজার এ.ন.ম হুমায়ুন কবির, কলেজের অধ্যক্ষ মো. মনির উদ্দিন, স্কয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মো: খায়রুল ইসলাম, আর.এস.এম শাফিউল আলম চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অতিথি ও স্থানীয়রা। পাশাপাশি এ ধরনের ক্যাম্পের যেন আরও আয়োজন করা হয় তার জন্য অনুরোধ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে তাহেরীর মাহফিল বন্ধে বাধা সৃষ্টির উগ্রবাদীদের, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল; প্রশাসনের হস্তক্ষেপ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


মাধবপুরে তাহেরীর মাহফিল বন্ধে বাধা সৃষ্টির উগ্রবাদীদের, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল; প্রশাসনের হস্তক্ষেপ দাবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগরে আগামীকাল ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনা ও আলোচনা সৃষ্টি হয়েছে। মাহফিলে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীসহ বিশিষ্ট আলেম-ওলামাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে মাহফিল বন্ধে একটি উগ্রবাদী গোষ্ঠী বাধা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের উদ্যোগে আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যদের ব্যবস্থাপনায় এ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরীর। এছাড়াও তাহেরী ওয়ালিউল্লাহ আশেকীসহ বিভিন্ন বিশিষ্ট আলেম-ওলামাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বাধা সৃষ্টি ও আপত্তিকর মন্তব্যের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে মাহফিল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা গেছে বলে অভিযোগ করেছেন সুন্নি মতাদর্শের অনুসারীরা। এসব ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

ধর্মপ্রাণ সুন্নি জনতার অভিযোগ, ধর্মীয় মতাদর্শের ভিন্নতা থাকলেও কোনো ধর্মীয় অনুষ্ঠান বন্ধে চাপ সৃষ্টি, ব্যক্তিগত আক্রমণ কিংবা আপত্তিকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। তাঁদের মতে, মাহফিল আয়োজনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা নাগরিক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুন্নি জনতা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে মাহফিলের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো পক্ষের চাপের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

তাঁদের প্রত্যাশা, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় মাহফিল আয়োজনের সুযোগ নিশ্চিত করবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতার নাম অন্তর্ভুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতার নাম অন্তর্ভুক্ত

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মৃত একজন আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা এবং কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক সামচু ঢালী ২৯ মার্চ মৃত্যুবরণ করেন। কিন্তু ঘটনার প্রায় সাড়ে সাত মাস পর, ৯ নভেম্বরের ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলায় তাকে ২১৯ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মৃত ব্যক্তিকে মামলার আসামি করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মামলার আসামিদের তালিকা কিভাবে প্রস্তুত করা হয়েছে, সে বিষয়েও প্রশ্ন উঠেছে।

জহিরুল হক সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার মৃত ইসমাইল ঢালীর পুত্র ছিলেন। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সামচু ঢালী ২৯ মার্চ মারা যান। অথচ তার মৃত্যুর সাড়ে সাত মাস পর ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তাকে আসামি করা হয়েছে।

জানা গেছে, ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে একদল লোক সড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর করা হয় এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। সেতুর দুই প্রান্তে অসংখ্য যানবাহন আটকা পড়ে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। এজাহারের ২১৯ নম্বরে মৃত জহিরুল হক সামচু ঢালীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

মৃত্যুর সাড়ে সাত মাস পর একজন ব্যক্তিকে এ ধরনের মামলায় আসামি করার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে। মামলার এজাহার তৈরির সময় আসামিদের পরিচয় ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হয়েছিল কি না, সে প্রশ্নও উঠেছে।

এদিকে, মৃত ব্যক্তিকে মামলার আসামি করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনা এবং ব্যঙ্গ-বিদ্রুপ শুরু হয়েছে। একটি পোস্টে ব্যঙ্গ করে লেখা হয়েছে, "দলের প্রতি সামচু ঢালীর নিবেদন এতটাই বেশি যে আন্দোলন দেখে কবরে শুয়ে থাকতে পারেননি; উঠে এসে অবরোধ ও ককটেল বিস্ফোরণে অংশ নিয়েছেন।" মামলার বাদী তাকে স্বচক্ষে এসব কর্মকাণ্ড করতে দেখেই আসামি করেছেন বলেও বিদ্রুপ করা হয়েছে।

সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, "আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কিভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন।"

নাজমুল হক আরো বলেন, "আমি সরকারের কাছে আবেদন জানাই, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এ মিথ্যা মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।"

এ বিষয়ে মামলার বাদী পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক আকরাম হোসেন বলেন, "আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কিভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।"

জানতে চাইলে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, "মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে বা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মিললে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশী বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


বিদেশী বিনিয়োগ বাড়াতে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার

বিদেশি বিনিয়োগের বৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে, এমনটি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে, রাজধানীর এক হোটেলে আইন মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বাণিজ্যিক আদালত সংস্কারবিষয়ক অংশীজন পরামর্শ সভায় তিনি এ তথ্য তুলে ধরেন।

অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন যে, দেশের বিভিন্ন স্থানে ৭৫টি বাণিজ্যিক আদালতের প্রয়োজন নেই। নতুন আইন প্রণয়ন করলেই হবে না, বরং আইনের কার্যকর বাস্তবায়নও অত্যন্ত জরুরি।

পরামর্শ সভায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ বলেন, পুঁজি বা অবকাঠামোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, অনুকূল বিনিয়োগ পরিবেশ তৈরি করতে আইনের শাসনের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা।

তিনি আরও বলেন, বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে বিনিয়োগকারীরা যেন বিচারব্যবস্থার ওপর নির্ভর করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%