০৫:২০ পি.এম
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : রান্নার তেল বা পোড়াতেল বারবার ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি ও ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বিশেষভাবে পোড়াতেলকে হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর হিসেবে উল্লেখ করে এর ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘হার্টের যতগুলো শত্রু আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো পোড়াতেল। তাই ব্যক্তি পর্যায়ের পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদেরও পোড়াতেল ব্যবহার পরিহার করতে হবে।’
আজ বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ২০২৪ সালে হৃদ্রোগে মৃত্যুর ৫২ শতাংশের কারণ উচ্চ রক্তচাপ
বিএফএসএ’র প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সেমিনারে চেয়ারম্যান উল্লেখ করেন, ব্যবহৃত রান্নার তেল পুনর্ব্যবহার না করে তা সংগ্রহ করে বায়োডিজেল উৎপাদনে কাজে লাগানো হলে পরিবেশ দূষণ কমবে এবং এ তেল থেকে অর্থনৈতিক সুফল পাওয়া সম্ভব। পোড়াতেলের টেকসই ব্যবস্থাপনায় বায়োটেক এনার্জির মতো প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগে বিএফএসএ’র সহযোগিতা অব্যাহত থাকবে।
খাদ্য ব্যবসায়ীদের মধ্যে নিরাপদ তেল ব্যবহারের প্রবণতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোনো ব্যবসায়ী পোড়াতেলের পরিবর্তে সতেজ তেলে সিঙ্গাড়া ভেজে কিছুটা বেশি দাম নিলেও ভোক্তারা তা গ্রহণ করবেন। এজন্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য সরবরাহের বিষয়ে ভোক্তাদের আস্থা তৈরি করতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফএসএ’র সদস্য ড. মোহাম্মদ সোয়েব। তিনি বলেন, ব্যবহৃত ভোজ্যতেল বারবার ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতি ও ক্যান্সারের ঝুঁকি তৈরি হতে পারে। প্রবন্ধে পোড়াতেল উৎপাদনের প্রক্রিয়া, মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাব, ভোজ্যতেলের পুষ্টিগুণ, ট্রান্সফ্যাটি অ্যাসিডের ঝুঁকি এবং ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণের উপায় নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করা হয়।
বায়োটেক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল হামিদ জানান, বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের অন্তত ৩ হাজার খাদ্যস্থাপনা থেকে প্রতি মাসে ১০০ টনের বেশি ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করছে। ২০৩০ সালের মধ্যে এ সংগ্রহের পরিমাণ মাসে ১ হাজার টনে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট ১ হাজার ২৯৫ জন
সাভারে অবস্থিত নিজস্ব কারখানায় সংগৃহীত তেল থেকে বায়োডিজেল উৎপাদন করা হচ্ছে। তিনি জানান, মাত্র এক লিটার ব্যবহৃত ভোজ্যতেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে। তাই ব্যবহৃত রান্নার তেল যত্রতত্র ফেলে না দিয়ে সুষ্ঠুভাবে সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাত করা জরুরি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বিএফএসএ’র সদস্য আ ন ম নাজিম উদ্দীন ও ড. মোহাম্মদ মোস্তফা ব্যবহৃত রান্নার তেল বারবার ব্যবহারের পরিবর্তে তা সংগ্রহ করে বায়োডিজেলে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে মানবস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষিত হবে, অন্যদিকে উৎপাদিত বায়োডিজেল যানবাহন ও বিভিন্ন যন্ত্র চালানোর কাজে ব্যবহার করা যাবে।
বিএফএসএ’র সদস্য (যুগ্মসচিব) মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জি লিমিটেডের প্রতিনিধি, খাদ্য ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকায় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন