০৪:০০ পি.এম
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মন্তব্য করেছেন যে, "শুধু সরকারি সংস্থার উদ্যোগে একটি শহরকে নান্দনিক করা সম্ভব নয়।" তিনি উল্লেখ করেছেন, সরকারি সংস্থার পাশাপাশি প্রত্যেক নাগরিককেও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
শনিবার (২১ নভেম্বর) নগরের বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসন "পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম" স্লোগানে এই কর্মসূচির আয়োজন করে। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি এ কাজে সহযোগিতা করে।
আরও পড়ুন: নরসিংদীতে সিআরবি'র বার্ষিক বনভোজন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
জেলা প্রশাসক আরও বলেন, নান্দনিক চট্টগ্রাম মানে শুধু সুন্দর রাস্তাঘাট কিংবা আধুনিক বিপণিবিতান নির্মাণ নয়। নান্দনিকতার মধ্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বির্ঘ্নে চলাচলের পরিবেশ তৈরি করা এবং নাগরিকদের মধ্যে আস্থা গড়ে তোলা অন্তর্ভুক্ত।
জাহিদুল ইসলাম চট্টগ্রামকে নান্দনিক নগর হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসনের উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, গত জুলাই থেকে সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে জেলাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। গত ২৭ জুলাই প্রায় ছয় হাজার সরকারি কর্মচারী অংশগ্রহণ করে বিভিন্ন সরকারি দপ্তর, সেগুলোর প্রাঙ্গণ ও ছাদ থেকে ১৩৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়। এর ধারাবাহিকতায় জিয়া সিটি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্রসৈকত, খেজুরতলীসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান এবং হোটেল-রেস্তোরাঁয় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। গত সপ্তাহে চট্টগ্রাম রেলস্টেশনে পরিচ্ছন্নতা অভিযানের পর এবার বহদ্দারহাট বাস টার্মিনালে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বহদ্দারহাট বাস টার্মিনালের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, এখান থেকে প্রতিদিন ৯০০টির বেশি বাস দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ হাজার যাত্রী এ টার্মিনাল ব্যবহার করেন। বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের এ গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
জেলা প্রশাসক পরিচ্ছন্নতা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, "আজ আমরা টার্মিনাল পরিষ্কার করে দিয়ে গেলাম। কিন্তু আগামীকাল আবার ময়লা জমলে সেটি পরিষ্কার করার দায়িত্ব আপনাদের।" তিনি যোগ করেন, "আমাদের পক্ষে প্রতিদিন পুরো দল নিয়ে এখানে আসা সম্ভব নয়।" কয়েকবার পরিষ্কার করার পরও ময়লা হতে পারে, তবে হাল ছেড়ে দেওয়া যাবে না। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে মানুষের অভ্যাসেও পরিবর্তন আসবে।
আরও পড়ুন: মানিকগঞ্জ সাংবাদিক সমিতির নির্বাচন: সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সুজন
কর্মসূচিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিআরটিএর সহকারী পরিচালক সিরাজুল ইসলাম, বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি মুসলিম হাসান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জাফর আহমদস, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন চৌধুরী, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা এসময় বক্তব্য রাখেন। পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতা ও সাধারণ শ্রমিকেরা কর্মসূচিতে অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন