ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কালকিনিতে সরকারি রাস্তা কেটে খাল ভরাটের অভিযোগ, কাটা হয়েছে গাছও


কালকিনিতে সরকারি রাস্তা কেটে খাল ভরাটের অভিযোগ, কাটা হয়েছে গাছও

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের লামচরীতে প্রায় ১০ বছর ধরে সাধারণ মানুষের চলাচলের রাস্তা কেটে খাল ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সিদ্দিন হাওলাদার ও তাঁর ছেলে সায়েদ হাওলাদারের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এ সময় সরকারি জমিতে থাকা ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলারও অভিযোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ৩১ আগস্ট দিনভর নাজু হাওলাদারের বাড়ি থেকে মস্তফা কমিশনারের বাড়ি পর্যন্ত সাধারণ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি কেটে খাল ভরাটের কাজ করা হয়। একই সঙ্গে রাস্তার পাশে সরকারি জমিতে থাকা ফলজ ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে বলেও অভিযোগ তাঁদের।

স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর ধরে ওই রাস্তা দিয়ে এলাকার মানুষ চলাচল করে আসছেন। প্রতিদিন কর্মজীবী, শিক্ষার্থীসহ কয়েক শ মানুষ এ পথ ব্যবহার করেন। রাস্তা কাটার কারণে তাঁদের চলাচলে চরম ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন: আমার দেখা মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের অবিস্মরণীয় ও কালজয়ী রাজনৈতিক অধ্যায়

স্থানীয় বাসিন্দারা রাস্তা কাটার কাজে বাধা দিলে অভিযুক্তরা সাময়িকভাবে চলাচলের পথ বন্ধ রেখে জোরপূর্বক কাজ চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় সুমন হাওলাদার, সাইফুল হাওলাদার, শহীদ মাতুব্বর, রাসেল শিকদারসহ এলাকাবাসী কাজ বন্ধের দাবি জানান।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা সাহাদাত হোসেন ৩১ আগস্ট কালকিনি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা কাটার কাজ বন্ধ করে দেয়।

অভিযোগকারী সাহাদাত হোসেন বলেন, ‘প্রতিদিন কর্মজীবীসহ প্রায় ৫০০ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সরকারি জমি কেটে খাল ভরাট করায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে গাছও কেটে ফেলা হয়েছে। আমরা চাই, সরকারি জমি কেটে যেন খাল ভরাট করা না হয় এবং সাধারণ মানুষ যেন আগের মতো এ রাস্তা দিয়ে চলাচল করতে পারে।’

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।’

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বাণী

তবে রাস্তা ও সরকারি জমি কাটার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সিদ্দিন হাওলাদার ও তাঁর ছেলে সায়েদ হাওলাদার। তাঁদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন, ‘আমরা সরকারি জায়গা কাটিনি। রাস্তা ঠিক রেখেই কাজ করেছি।’

স্থানীয়দের অভিযোগ, সরকারি জমি ও দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের রাস্তা কেটে ফেলার পাশাপাশি গাছ কেটে ফেলার ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে রাস্তার প্রকৃত অবস্থান ও জমির মালিকানা নির্ধারণ এবং সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


গফরগাঁওয়ে মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি ডকুমেন্টারি প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদক বিরোধী একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এই প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ গঠনে তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান। সিনিয়র শিক্ষক কবীর আহমেদের সঞ্চালনায় মাদক বিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনা মমতাজ, মোঃ নুরুজ্জামান, মোঃ মিজানুর রহমান এবং সহকারী শিক্ষক মামুনুর রশিদ প্রমুখ।

সভায় মাদক বিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয় এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে জাল নোট মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:০২ পি.এম


পটুয়াখালীতে জাল নোট মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

পটুয়াখালী, ৩১ আগস্ট, ২০২৬ : গলাচিপা থানার অন্তর্গত এক লাখ টাকার জাল নোট উদ্ধার সংক্রান্ত মামলায় শামীম হোসেন নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত।

এছাড়া, তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং জরিমানার অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ সোমবার দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শামীম হোসেন দুমকি উপজেলার আঙ্গারিয়া (জলিশা) এলাকার অধিবাসী।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালে গলাচিপা উপজেলার চিকনিকান্দি এলাকা থেকে এক লাখ টাকার জাল নোটসহ শামীম হোসেনকে পুলিশ আটক করে। এই ঘটনায় তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলার এজাহারকারী এসআই নজরুল ইসলামসহ রাষ্ট্রপক্ষের ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও যুক্তিতর্কের পর, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত শামীম হোসেনকে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করে।

রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী, পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, "এ রায়ের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার বার্তা স্পষ্ট হয়েছে। অপরাধী যেই হোক না কেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে খেলার মাঠে আনতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন : কেডিএ চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে খেলার মাঠে আনতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন : কেডিএ চেয়ারম্যান

খুলনা, ৩১ আগস্ট, ২০২৬ : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এ্যাড. শফিকুল আলম মনা বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। 

একটি সুস্থ ও সবল জাতি গঠনের ভিত্তি রচিত হয় খেলার মাঠ থেকেই। আমরা প্রায়শই শুধু বইয়ের পাতার জ্ঞানে নিজেদের সীমাবদ্ধ করে ফেলি, অথচ শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দলগত চেতনা এবং সহনশীলতা অর্জনের সবচেয়ে বড় পাঠশালা হলো খেলার মাঠ। 

এ কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ-যুব প্রজন্মকে খেলার মাঠে আনতে উপজেলা পর্যায়ে মিনি-স্টেডিয়াম নির্মাণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ সোমবার বেলা ১১টায় কেডিএ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে জার্সি, বুট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কেডিএ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয়, বরং সহপাঠ্যক্রমিক কার্যক্রমেও নিজেদের মেধার স্বাক্ষর রাখবে এটাই আমাদের প্রত্যাশা। 

আজকের এই ক্রীড়া সামগ্রী বিতরণ কেবল কিছু ফুটবল, ক্রিকেট ব্যাট, ভলিবল বা ব্যাডমিন্টন তুলে দেওয়ার আনুষ্ঠানিকতা নয়; এটি শিক্ষার্থীদের সুস্থ বিনোদন এবং খেলাধুলার প্রতি আগ্রহকে আরও শাণিত করার একটি ছোট্ট প্রয়াস মাত্র। 

কেডিএ কর্তৃপক্ষ সবসময় এই প্রতিষ্ঠানের মানোন্নয়নে সচেষ্ট রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পরিধি বাড়াতে আমরা সব সময় পাশে আছি এবং আগামীতেও থাকবো।

এসময় আরও উপস্থিত ছিলেন কেডিএ সচিব (উপসচিব) সৈয়দ ফারুক আহম্মদ, প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, নির্বাহী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) মুনতাসির মামুন এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মনিরুল ইসলামসহ শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরবাসীকে বাড়ি-ঘরেও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে : কেসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


নগরবাসীকে বাড়ি-ঘরেও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে : কেসিসি প্রশাসক

খুলনা, ৩১ আগস্ট, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলামু মঞ্জু বলেছেন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে তিন মাস পূর্ব থেকে কাজ শুরু করা হয়েছে। 

শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি নগরবাসীকে নিরাপদ রাখতে সচেতনতা বৃদ্ধির জন্যও সর্বশক্তি নিয়োজিত করেছি। কিন্তু ডেঙ্গু সংক্রমণ হ্রাসে আশানুরূপ ফল আসছে না। নগরবাসীকে নিরাপদ রাখতে হলে শুধু সড়ক ও ড্রেন নয়, প্রত্যেকের বাড়ি-ঘরে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। ঝোপঝাড় ও বদ্ধ পানি অপসারণ করতে হবে।

আজ সোমবার সকালে নগরীর সোনাডাঙ্গা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রশাসক বন্ধুমহলে ও পরিবারের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের ভূমিকা রাখার অনুরোধ জানান এবং সপ্তাহে অন্তত একদিন শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস পরিষ্কার করতে উদ্যোগী হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনতা গড়ে উঠলে ডেঙ্গু জ¦রের সংক্রমণ হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রশাসক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

স্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।  

অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম জামিল, কেসিসি’র সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনাসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খুলনা মহানগরীতে ডেঙ্গু জ¦রের প্রাদুর্ভাব আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ হ্রাসে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। পিডব্লিউডি স্কুল ছাড়াও সোনাডাঙ্গা থানা এলাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%