শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৩৭ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন যে, বাংলাদেশে সন্ত্রাসীদের জন্য কোনো স্থান নেই। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে দেশের অবস্থানকে স্পষ্ট করে উল্লেখ করেছেন। তিনি বলেন, "কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না।"
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় নিজের বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে ভোররাতে দাঁড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এই প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, "তারা এখন ধাওয়ার মধ্যে আছে। আমার বাসায় আগুন দিয়ে দৌড়ে পালিয়েছে। দেখেন একটা বিলাইও (বিড়াল) কিছুক্ষণ দাঁড়ায়, দাঁড়ায় বাদে (পরে) দৌড় দেয়। এদের অবস্থা এমন হইছে যে ‘জয় বাংলা’ কইয়া (বলে) দৌড়। এমন দৌড় পরে তাদের খোঁজে মিলেনা।"
তিনি আরও দাবি করেন, "‘জয় বাংলা’ আজকে জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিণত হয়েছে।" সন্ত্রাসীদের মোকাবেলার বিষয়ে তিনি বলেন, "দেশের মানুষ জানে, আমাদের সরকারও ইনশাআল্লাহ জানে।"
সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের অবস্থানকে স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আমরা সহনশীল সরকার। মানুষের প্রতি সহনশীলতা দেখাই। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই নেব। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই, আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সরকার কঠোরভাবে এদের বিরুদ্ধে অবস্থান নেবে।"
তিনি আরও বলেন, "দেশ আজকে ভালো পথে। দেশ বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট আসছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে—যা দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠীর গাত্রদাহ হচ্ছে এবং তারা নিজেরাই বিলীন হয়ে যাবে এবং হয়েও যাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন এগিয়ে যাচ্ছে। মানুষ এগুলো এখন হেইট (ঘৃণা) করে।"
সন্ত্রাসীদের কর্মকাণ্ডে সরকার কোনো চাপে পড়ছে কি না, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, "সন্ত্রাসীরা নিজেরাই আতঙ্কিত এবং এরা কয়েক সেকেন্টের মধ্যে পালিয়ে যায়। হয় দেশ থেকে পালানোর চেষ্টা করবে বা ধরা পড়বে। এদের জায়গা কোনো জায়গায় হবে না, আইনের শাসন ব্যবস্থার মধ্যেই এদের জায়গা করে নেওয়া হবে।"
পাসপোর্ট বা বিদেশে অবস্থানকারীদের বিষয়ে তিনি বলেন, "এক্সট্রাডিশন ট্রিটি" (প্রত্যর্পণ চুক্তি) বা কঠোর নজরদারির মাধ্যমে অপরাধীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। তিনি উল্লেখ করেন, "যারা মানুষ হত্যা করেছে এবং দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা করেছে, আইনের দীর্ঘ হাত তাদের কাউকেই ছাড় দেবে না। এদেরকে আমরা অবশ্যই ধরবো, আইনের আওতায় আমরা অবশ্যই আনবো।"
সিলেটে এসে নেতাকর্মী ও অতিথিদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, "সবাইকে একত্রিত করে দাওয়াত দেওয়ার সুযোগ সব সময় হয় না, তবে আজ সবার উপস্থিতিতে তিনি আনন্দিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, "শেখ হাসিনার কিছু লাশের দরকার।" তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আন্দোলনকে বেগবান করার উদ্দেশ্যে সহিংসতা ও প্রাণহানির পথ বেছে নিয়েছে।
শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হলে) সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী আরও জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শক্তি পার্শ্ববর্তী দেশের সহায়তায় দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করছে। তিনি মন্তব্য করেন, পাচারকৃত অর্থ ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি ও গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত নেতাকর্মীদের বাড়িঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যের উদ্ধৃতি এসেছে এবং গ্রেপ্তারকৃত ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসির ফোনেও এ সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। প্রশাসন ও পুলিশ বিভাগের ভেতরে এখনো তার দোসররা সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার গুম, খুন বা ক্রসফায়ারের পথে না হেঁটে স্থিতিশীলতা, আইনের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সংগ্রামের স্মৃতিচারণ করে রুহুল কবির রিজভী বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন ‘পূর্ণাঙ্গ ও ধ্রুপদী রাজনীতিবিদ’। তিনি জীবনের শুরু থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায় পর্যন্ত রাজনীতি করেছেন এবং অন্য কোনো পেশা বা ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করেননি। আন্দোলন-সংগ্রাম ও অভিজ্ঞতা সঞ্চয় করে তিনি যেমন সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তেমনি রাজনৈতিক নেতা হিসেবে নানা কর্মসূচিও বাস্তবায়ন করেছেন।
স্মরণসভায় অন্যান্য বক্তাদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, জেলা জামায়তের আমির গোলাম রছুল এমপি, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নুরুজ্জামান, যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি প্রমুখ বক্তব্য রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের মুলাদীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা তরিকুল ইসলাম হিরণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার সময় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরডিক্রী এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তরিকুল ইসলাম হিরণ (৪২) মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি চরডিক্রী গ্রামের মৃত সুলতান আহমেদ আকনের পুত্র। তাঁর বিরুদ্ধে গাছুয়া ইউনিয়নের খেজুরতলা বাজারে বিএনপির একটি জনসভার মঞ্চ ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইন ও পূর্ববর্তী মামলার কারণে স্বেচ্ছাসেবক লীগ নেতা তরিকুল ইসলাম হিরণকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে তাঁকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাড়ির পাশে দুর্বৃত্তদের দ্বারা পরপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত নয়টার দিকে এই ঘটনার ফলে স্থানীয়রা ও ওই আওয়ামী লীগ নেতার পরিবার আতঙ্কিত হয়ে পড়েন। সৈকত গুহ পিকলুর স্ত্রী বিপাশা গুহ শুক্রবার (২০ নভেম্বর) সকালে জানিয়েছেন, "আমার স্বামী রাজনৈতিক কারণে বাড়ি ছাড়া।
দেবর মিথ্যে মামলায় জেলজাহতে। বাড়িতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি ও পরিবারের শিশু সদস্যদের নিয়ে তারা থাকেন।" বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে বাড়ির প্রায় তিনশ' ফুট দূরত্বে অজ্ঞাতনামা ব্যক্তিরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এতে পরিবারের সদস্যরা, ছোট-বড় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের ১১ যুগপূর্তি উৎসব-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে, যা প্রস্তুতি কার্যক্রমকে সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে অনুষ্ঠিত হবে। সভাটি আগামীকাল শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উৎসব উদ্যাপন কমিটির প্রচার উপ পরিষদের চেয়ারম্যান, জেষ্ঠ সাংবাদিক মকবুল হোসেন এবং প্রচার উপ পরিষদের আহ্বায়ক কমল সেনগুপ্ত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সভায় সকল উপকমিটির চেয়ারম্যান, আহ্বায়ক, সদস্য সচিবসহ সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বিশেষভাবে, প্রতিটি ব্যাচের ব্যাচ কো-অর্ডিনেটর এবং আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদেরও সভায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সভায় আসন্ন ১১ যুগপূর্তি উৎসবের চূড়ান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন, বিভিন্ন উপকমিটির দায়িত্ব বণ্টন এবং সার্বিক প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে। উৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের বিষয়েও আলোচনা হবে। "শিকড়ের টানে, আবার এক হই’ শ্লোগানে ব্রজমোহন স্কুলের ১১ যুগপূর্তি উৎসবে এরই মধ্যে এক হাজারেরও বেশি সাবেক শিক্ষার্থী তাদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন বলে জানা গেছে। ঐতিহ্যকে ধারণ করে জমকালো উৎসব আয়োজনের জন্য দফায় দফায় চলছে এখন শেষ মুহুর্তের প্রস্তুতি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ