ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

মৃত্যুর ৫২ বছর পর নিজ দেশে ফিরলেন গুয়াতেমালার নোবেলজয়ী লেখক মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াস


মৃত্যুর ৫২ বছর পর নিজ দেশে ফিরলেন গুয়াতেমালার নোবেলজয়ী লেখক মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াস

মৃত্যুর প্রায় অর্ধশতাব্দী পর গুয়াতেমালার নোবেলজয়ী লেখক মিগুয়েল অ্যাঞ্জেল আস্তুরিয়াসের দেহাবশেষ তার নিজ দেশে ফিরেছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, লেখকের শেষ ইচ্ছা পূরণ এবং দীর্ঘ নির্বাসনের অধ্যায় শেষ করতে তার দেহাবশেষ দেশটিতে পৌঁছেছে।

গুয়াতেমালার সরকার বিভিন্ন সময়ে আস্তুরিয়াসের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানালেও, তার বংশধরেরা এতদিন তাতে সম্মতি দেননি। তবে ২০২৪ সালে ক্ষমতায় আসা প্রগতিশীল প্রেসিডেন্ট বের্নার্দো আরেভালোর নেতৃত্বে তারা অবশেষে রাজি হন।

আস্তুরিয়াসের নাতি সানদিনো আস্তুরিয়াস রয়টার্সকে বলেন, “সবাই মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াসকে পদকের মতো দেশে ফিরিয়ে আনতে চেয়েছে। আমরা সব সময়ই তাকে কারো রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করার সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছি।”

আরও পড়ুন: মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার

তিনি জানান, এবার সময়টি উপযুক্ত মনে হয়েছে। কারণ, আরেভালোর সংস্কারপন্থি সরকারের রাজনৈতিক আদর্শ আস্তুরিয়াসের নিজস্ব বিশ্বাসের সঙ্গে মিলে যায়।

গুয়াতেমালায় আরেভালোর নির্বাচনি বিজয় ছিল অপ্রত্যাশিত। তার এই বিজয় দেশটির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে। দীর্ঘদিন ধরে রক্ষণশীল দলগুলোর প্রাধান্য থাকা রাজনৈতিক ব্যবস্থায় নতুন প্রগতিশীল আন্দোলনের পথ তৈরি হয়েছে।

সানদিনো আস্তুরিয়াস বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবারই উপযুক্ত সময়। দেশের জন্য এবং সমাজের জন্য গুয়াতেমালার সাহিত্যের অন্যতম মহান ব্যক্তিত্বকে তার মাতৃভূমিতে ফিরিয়ে আনা ঐতিহাসিক ন্যায়বিচারের একটি অংশ।”

মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াস ১৮৯৯ সালে গুয়াতেমালা সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি মধ্য আমেরিকার একমাত্র সাহিত্যিক হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৬৭ সালে সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

আরও পড়ুন: ন্যায়বিচারের অপেক্ষায় লাখো রোহিঙ্গা জনগোষ্ঠী

লেখালেখির পাশাপাশি তিনি মধ্য ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে বামপন্থী সরকারপ্রধান জ্যাকোবো আরবেনজকে সমর্থন করায় তার নাগরিকত্ব কেড়ে নেয়া হয়। ১৯৫৪ সালে যুক্তরাষ্ট্রের সমর্থনে এক অভ্যুত্থানের মাধ্যমে আরবেনজকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।

আস্তুরিয়াসের সাহিত্যকর্মে মায়া ঐতিহ্যের সমৃদ্ধি, অভিনব সাহিত্যিক কৌশল এবং স্বৈরশাসন, বৈষম্য ও রাজনৈতিক নিপীড়নের গভীর সমালোচনা উঠে এসেছে। এ কারণে তিনি বিংশ শতাব্দীর লাতিন আমেরিকার সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠ হিসেবে বিবেচিত হন।

জীবনের শেষ বছরগুলো তিনি স্পেনের মাদ্রিদে কাটান। ১৯৭৪ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে সেখানেই তার মৃত্যু হয়। পরে প্যারিসের পের লাশেজ সমাধিক্ষেত্রে তাকে সমাহিত করা হয়। সেখানে সংগীতশিল্পী জিম মরিসন, লেখক অস্কার ওয়াইল্ড এবং সুরকার ফ্রেদেরিক শোপাঁর সমাধিও রয়েছে।

চলতি মাসের শুরুর দিকে তার দেহাবশেষ কবর থেকে তুলে দাহ করার পর ফরাসি কর্তৃপক্ষ দেহভস্ম পরিবারের কাছে হস্তান্তর করে। গুয়াতেমালার সংস্কৃতি মন্ত্রণালয় তাকে স্মরণে চার দিনব্যাপী শ্রদ্ধা নিবেদনের আয়োজন করেছে।

আরও পড়ুন: গাজার শীতকালীন সহায়তায় ৫০ হাজার ডলার অনুদান দিলেন মডেল বেলা হাদিদ

আগাম রবিবার রাজধানী গুয়াতেমালা সিটির মিগেল অ্যাঞ্জেল আস্তুরিয়াস সাংস্কৃতিক কেন্দ্রে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে তার দেহভস্ম স্থাপন করা হবে বলেও জানিয়েছে রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার অগ্রযাত্রায় নতুন প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


রাঙামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার অগ্রযাত্রায় নতুন প্রত্যাশা

রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি ও তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎
‎শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি, প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় এবং রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
‎
‎অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের এ অর্জনকে তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিষ্ঠা এবং অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল হিসেবে বিবেচনা করা হয়।
‎
‎এ সময় শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের যথাযথ মূল্যায়নের পাশাপাশি তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা জোগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে এবং দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করা হয়।পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
‎
‎রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের কৃতিত্বকে সম্মান জানানো হয়। একই সঙ্গে আগামী প্রজন্মকে শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং পার্বত্য অঞ্চলে শিক্ষার অগ্রযাত্রাকে এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকদের দলাদলিতে রয়েল মিডিয়া কলেজে ‘শনির দশা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


শিক্ষকদের দলাদলিতে রয়েল মিডিয়া কলেজে ‘শনির দশা’

২০০৬ সালে ময়মনসিংহ নগরের বাতিলকল মোড় এলাকায় ভাড়া বাড়িতে প্রতিষ্ঠা করা হয় বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েল মিডিয়া কলেজ। কলেজটি প্রতিষ্ঠার সময় ময়মনসিংহ নগরে উচ্চ মাধ্যমিক কলেজের সংকট থাকায় দ্রুত শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে।

স্থানীয়দের মতে, প্রতিষ্ঠার ২০ বছর পর কলেজটিতে যেন শনির দশা লেগেছে। শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ফল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এই বছর এইচএসসিতে ৮৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র দুইজন। পাসের হার ৭৪ শতাংশ। ফল মূল্যায়নে কলেজটির অবস্থান ১৩ নম্বরে। অথচ এর আগে ভালো ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় কখনো ১০ এর নিচে নামেনি প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে জেলায় তৃতীয় স্থান অর্জন করেছিল, সেবার পাসের হার ছিল ৯৮ দশমিক ২ শতাংশ।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, নারী কেলেংকারি এবং ক্ষমতার দাপটের কারণে কলেজটি অবনতির দিকে অগ্রসর হচ্ছে। শিক্ষকদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়েছে, যা সবসময় পরস্পরবিরোধী অবস্থানে থাকে। এসব খবর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ায় প্রতিষ্ঠানটি আগের মতো শিক্ষার্থী পায় না।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, এক সময় কলেজটিতে প্রতিবছর দুই হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি হলেও গত বর্ষে ভর্তি হয়েছে মাত্র ৩৪৭ জন শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষক জানান, শুরুর দিকে কলেজে অনেক শিক্ষার্থী ভর্তি হতো। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বেতন ও অন্যান্য ফি কলেজের তহবিলে জমা হতো। প্রতিবছর শিক্ষকদের বেতন, বাড়ি ভাড়াসহ সব খরচ মেটানোর পর তহবিলে অনেক টাকা জমা থাকত। এক সময় তহবিলের মোটা অংকের টাকা জমা হয়, যার মাধ্যমে নগরের পাটগুদাম এলাকায় জমি কিনে নিজস্ব ভবন নির্মাণ করা হয়।

মূলত কলেজের তহবিলে মোটা অংকের টাকা জমা হওয়ায় অনেকের নজর পড়ে ওই টাকার ওপর। কয়েকজন শিক্ষক নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়ান। কিছু শিক্ষক এসবের বিরুদ্ধে দাঁড়ালে দুই পক্ষ গড়ে ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকের দাবি, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ স্নেহাশীষ চন্দ্র দে কয়েক বছর আগে কলেজের একজন নারী কর্মচারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। ওই নারী বিষয়টি নিয়ে কয়েকজন শিক্ষকের কাছে অভিযোগ করেন। একপর্যায়ে চাপের মুখে অধ্যক্ষ দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন অধ্যক্ষের ছোট ভাই শুভাশীষ দে।

এদিকে, কিছু দিনের মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানিসহ নানা অভিযোগ ওঠে। একই সঙ্গে কলেজের সহকারী অধ্যাপক ইমরুল হাসান সিদ্দিকীর বিরুদ্ধে অন্তত চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।

গত ২০ জুলাই কলেজের ১২ জন শিক্ষকের স্বাক্ষরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুভাশীষ দে ও সহকারী অধ্যাপক ইমরুল হাসান সিদ্দিকীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয় কলেজের সভাপতি ও ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) কাছে। অভিযোগে দুজনের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ করা হয়।

এছাড়া ইমরুল হাসানের বিরুদ্ধে কলেজের তহবিলের অন্তত চার কোটি টাকার দুর্নীতি ও পর্নোগ্রাফির অভিযোগ করা হয়।

লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর কলেজের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান শুভাশীষ দে ও ইমরুল সিদ্দিকীকে সাময়িক বরখাস্ত করেন। পাশাপাশি শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।

শিক্ষকদের একাংশের অভিযোগ, সাময়িক বরখাস্তের পর শুভাশীষ দে এবং ইমরুল হাসান নিয়মিত কলেজে আসছেন। হাজিরা খাতায় স্বাক্ষর করার পর তারা দীর্ঘ সময় কলেজে অবস্থান করেন।

অভিযোগকারী শিক্ষকদের একজন বলেন, শুভাশীষ দে, ইমরুল হাসানসহ কয়েকজন শিক্ষকের কারণে বর্তমানে কলেজের শিক্ষার মান নিচে নেমে গেছে। সুনির্দিষ্ট অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হলেও নিয়মের দোহাই দিয়ে তারা নিজেদের প্রভাব বজায় রাখতে দীর্ঘ সময় ধরে কলেজে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্ত করার দাবি জানাই।

সাময়িক বরখাস্ত হওয়া সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুভাশীষ দের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা ধরেননি। ইমরুল হাসান সিদ্দিকী বলেন, নিয়ম বহির্ভূতভাবে আমাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা এ বিষয়ে আইনের আশ্রয় নেব।

রয়েল মিডিয়া কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা কলেজের হাজিরা খাতায় স্বাক্ষর করতে পারেন। তবে স্বাক্ষরের বাইরে অন্য কোনো দায়িত্ব পালন করতে পারেন না। এখানেও তাই হচ্ছে।

প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে এ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কলেজের সার্বিক সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোজ্যাক হর্সম্যান-এর অ্যানিমেটর মাইকেল জন রবার্টস মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


বোজ্যাক হর্সম্যান-এর অ্যানিমেটর মাইকেল জন রবার্টস মারা গেছেন

জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ বোজ্যাক হর্সম্যান-এর অ্যানিমেটর এবং ট্রিপট্যাংক-এর সহনির্মাতা মাইকেল জন রবার্টস মারা গেছেন। তার মৃত্যু ঘটে ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, যেখানে তিনি পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৮ বছর।

মাইকেল জন রবার্টস গ্লিওব্লাস্টোমায় আক্রান্ত ছিলেন, যা মস্তিষ্কের একটি আক্রমণাত্মক ক্যানসার। তার স্ত্রী, অভিনেত্রী ব্রি উইলিয়ামসনসহ পরিবারের সদস্যরা এক শোকবার্তার মাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

শোকবার্তায় পরিবারের সদস্যরা উল্লেখ করেন, মাইকেল পৃথিবীকে অন্যদের তুলনায় একটু ভিন্নভাবে দেখতেন। তিনি ছিলেন একজন প্রতিভাবান শিল্পী, যিনি অন্যরা যেসব বিষয় এড়িয়ে যেতেন, সেখানেও সৌন্দর্য ও অর্থ খুঁজে পেতেন। তার সৃজনশীলতা শুধুমাত্র ছবি আঁকা বা অ্যানিমেশনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং পৃথিবীকে দেখার এবং প্রশ্ন করার ধরনেও তা প্রকাশ পেত।

পরিবার জানায়, তার অসুস্থতা হঠাৎ করেই ধরা পড়ে এবং খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তারা মাইকেলকে অসুস্থতার জন্য নয়, বরং তার কাজ, মানুষের সঙ্গে গড়ে তোলা সম্পর্ক, বন্ধুত্ব এবং উদারতার জন্য মনে রাখার আহ্বান জানিয়েছেন।

১৯৭৭ সালের ২০ ডিসেম্বর কানাডার টরন্টোতে জন্মগ্রহণ করেন রবার্টস। তিনি শিশুদের জন্য নির্মিত অনুষ্ঠান ও অ্যানিমেশন দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তার শুরুর দিকের কাজের মধ্যে ছিল অ্যানিমেটেড সিরিজ অ্যাঞ্জেলা অ্যানাকোন্ডা এবং পাপেট ও লাইভ অ্যাকশনের সমন্বয়ে তৈরি দ্য হুবস।

পরে তিনি প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য অ্যানিমেশন নির্মাণে যুক্ত হন। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি কমেডি সেন্ট্রালের অ্যানিমেটেড স্কেচ শো ট্রিপট্যাংক-এর সহনির্মাতা ও পরিচালক হিসেবে কাজ করেন।

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ বোজ্যাক হর্সম্যান-এর উদ্বোধনী টাইটেল সিকোয়েন্সের অ্যানিমেশনও তার হাতে তৈরি। এছাড়া, তিনি সিরিজটির দুটি পর্ব পরিচালনা করেন। উইল আর্নেট ও অ্যারন পলের কণ্ঠে নির্মিত সিরিজটি ২০২০ সালে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৭ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত ১৭৭ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান

পিরোজপুরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মোট ১৭৭ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়, যাদের মধ্যে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গীতা রানী বল।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের সফলতার জন্য অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বক্তারা উল্লেখ করেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাদের কঠোর পরিশ্রমের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, আগামী দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%