মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:৫২ পি.এম
"ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানেই সন্ত্রাস ও ষড়যন্ত্রের আখড়া।" গোপালগঞ্জে আ.লীগের বর্বরোচিত হামলার প্রেক্ষাপটে, সরকারের বিরুদ্ধে খুন ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এক পলাতক ফ্যাসিবাদী নেতার (সাবেক মন্ত্রী) ধৃষ্টতাপূর্ণ অডিও বক্তব্য এবং লন্ডনে বিরোধী দলের চীফ হুইপ নাহিদ ইসলামের উপর ‘লীগ সন্ত্রাসীদের’ নারকীয় ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে, আ.লীগ একটি সন্ত্রাসী সংগঠন এবং সকল ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের আখড়া। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন এ মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ এই ফ্যাসিবাদের দেশবিরোধী সকল অপতৎপরতা জনগণ নস্যাৎ করে দিবে। তাদের ঘৃণ্য আস্ফালন ও সন্ত্রাসী রাজনীতি এখন অচল হয়ে পড়েছে। দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন, উৎপাদন ও সুস্থধারার রাজনীতিকে মনেপ্রাণে গ্রহণ করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে দাউদকান্দি উপজেলা সদরে ‘মারুফ ভিলা’য় দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্টদের অপকর্মের প্রতিবাদ এবং ষড়যন্ত্র রুখতে কর্মপন্থা নির্ধারণের জন্য স্থানীয় উপজেলা ও পৌর বিএনপির এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ উল্লেখ করেন, তারেক রহমানের গতিশীল নেতৃত্বের মাধ্যমে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। সেই উন্নয়ন দেখে গণঅভ্যুত্থানে বিতাড়িত ফ্যাসিবাদীরা হিংসার আগুনে জ্বলছে। সুস্থধারার রাজনীতি ও উন্নয়ন জোয়ারে ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র খড়কুটোর মতো ভেসে যাবে।
যৌথ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম। সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম.এ লতিফ ভূইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, জসিমউদ্দিন আহমেদ, ভিপি জাহাঙ্গীর আলম, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার, এম আবদুস সাত্তার, কামাল হোসেন, আরিফ মাহামুদ, এনামুল হক সফর তালুকদার, ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, সালাউদ্দিন ভুঁইয়া, আনোয়ার হোসেন আনন্দ, শরীফ চৌধুরী, শাহ আলম সরকার, মো. রোমান খন্দকার, আবদুল বাসেদ ও রিমন খন্দকার প্রমুখ।
খন্দকার মারুফ বলেন, দেশ দ্রুত গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেইদিন খুব বেশি দূরে নয়, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গত ৯ মাসে দেশ ও জনগণের উন্নয়নে প্রচুরসংখ্যক কাজ করেছেন। এতে দেশের মানুষ আনন্দিত ও উচ্ছ্বসিত। বিগত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, প্রতিহিংসা ও আতঙ্কের রাজনীতির বিপরীতে তারেক রহমানের সুস্থ ধারার উন্নয়নধর্মী রাজনীতিতে জনগণ শামিল হয়েছেন।
ড. খন্দকার মারুফ বলেন, একটি স্বনির্ভর, সমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর এবং গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। গণঅভ্যুত্থানে বিতাড়িত ফ্যাসিবাদী গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলতে সহিংসতার হুমকি দিচ্ছে। শান্তি ভঙ্গের কোনো প্রকার চেষ্টা করলে তা আইনীভাবে শক্তহাতে প্রতিরোধ করা হবে।
প্রধান অতিথি ড. খন্দকার মারুফ আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ়তা, মানবিকতা, সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের এক নিয়ামক শক্তি। সব ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র ও উন্নয়নের পথে দেশ এগিয়ে যাচ্ছে। কোনো অপশক্তি দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পারবে না।
যৌথ সভায় দাউদকান্দি উপজেলা ও পৌর এবং ১৫টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হলেও যারা সুপারিশবঞ্চিত ছিলেন, তাদের জন্য একটি সুখবর এসেছে। সরকার নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেই তাদের নিয়োগ দেয়ার পরিকল্পনা করছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগামী ৯ ডিসেম্বর প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হবে। এরপর ১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিত ৯ হাজার ৮০০ জনেরও বেশি প্রার্থীর নিয়োগ সুপারিশের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, নবম শিক্ষক নিয়োগ সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বাস্তবায়িত হবে। পূর্বের মতো নিবন্ধন সনদ প্রদান না করে, পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ সুপারিশ করা হবে। এ কারণে নতুন নিয়োগ কার্যক্রম শুরুর আগে ১৮তম নিবন্ধনধারীদের বিষয়টি নিষ্পত্তি করতে চায় মন্ত্রণালয়।
তবে নিয়োগ সুপারিশ বা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের তারাকান্দায় বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা প্রতারণার সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বারোয়ারী গ্রামের ইন্নছ আলীর ছেলে রহমত উল্লাহ ও রাসেল মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, বিকাশ প্রতারণার শিকার এক ভুক্তভোগী অভিযোগ দায়ের করার পর তারাকান্দা থানা পুলিশ অভিযানে নেমে পড়ে। থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আধুনিক প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে প্রতারকদের শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে রহমত উল্লাহ ও রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ভুক্তভোগীর সম্পূর্ণ ৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মো. জহিরুল হক জানান, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিকাশ অ্যাকাউন্ট হ্যাকসহ বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় তারাকান্দা থানায় দণ্ডবিধির ৪০৬/৪২০/১০৯ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আঃ রাশিদ বলেন, বিকাশসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে প্রতারণা এবং সাধারণ মানুষের অর্থ আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে কোণঠাসা করে রেখেছে পাকিস্তান। তারা প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে। প্রথমার্ধের যোগ করা সময়ে পাকিস্তানকে এগিয়ে দেন আলমগীর গাজী।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের পশরা সাজিয়ে বসে পাকিস্তান। গোলের জন্য অনেক চেষ্টা করলেও ভারতের ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। তবে প্রত্যাশিত গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে।
ভারতের ডিফেন্ডার পাকিস্তানের বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। সেই বল চলে যায় আলমগীর গাজীর পায়ে। ডি-বক্সের ভেতর থেকে কোণাকুণি এক শট নিয়ে তিনি বল জালে পাঠান। তাতেই উল্লাসে মাতে পুরো দল।
এদিকে ফাইনালের আগে অনুষ্ঠিত হয়ে সমাপনী অনুষ্ঠান। তবে ফাইনালে বাংলাদেশ না ওঠায় পুরো স্টেডিয়াম প্রায় ফাঁকা ছিল। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল শুরুর দেড় ঘণ্টা আগে গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ছিল খুবই কম। আর সেই ফাঁকা মাঠেই অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে, যা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ সংগঠন কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী স্লোগান দিতে দিতে নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করেন। এরপর তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের উপরের অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন। পরে বিদ্যালয়ের মাঠে কিছু সময় স্লোগান দিয়ে তারা সেখান থেকে চলে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদার বলেন, ‘আমি ছুটিতে থাকায় বিদ্যালয়ে যেতে পারিনি। দুপুরে জানতে পারি, ছাত্রলীগের জাকির ও রাজীবসহ আরও ১৫-২০ জন বিদ্যালয়ে গিয়ে কক্ষে বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছে। তবে কোনো ধরনের হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম তালুকদার মন্তব্য করেন, ‘এ বিষয়ে বিদ্যালয় থেকে আমাকে কেউ কিছু জানায়নি। তাই না জেনে বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারব না।’
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম সংবাদকর্মীদের জানান, ‘এ বিষয়ে কিছুই জানি না। খোঁজখবর নিতে হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ