শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০২:২১ পি.এম
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : সিঙ্গাপুর সরকার স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ব্যবহৃত উন্নত চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণের প্রভাব বিশ্লেষণ করা যায়।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এনভিডিয়ার তৈরি এসব চিপের রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে, যা ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির কার্যক্রমকে প্রভাবিত করছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
শুক্রবার সিঙ্গাপুরের একটি স্থানীয় সম্মেলনে উপপ্রধানমন্ত্রী গান কিম ইয়ং বলেন, ‘আমরা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছি। এসব বিধিনিষেধ তাদের ব্যবসায় কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা জানার চেষ্টা করছি।’
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে এনভিডিয়ার সার্ভার সরবরাহ বন্ধের খবর সম্পর্কে জানতে চাইলে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখনো বিষয়টি নিশ্চিত করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৬৩০টি যানবাহন তল্লাশি করা হয়েছে এবং ২৫ পিস ইয়াবা উদ্ধার হয়েছে।
অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশ সদরদপ্তর থেকে আজ একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলার বিভিন্ন স্থানে ৬৩০টি যানবাহন তল্লাশি করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে নয়টি মামলা দায়ের করা হয়েছে এবং পাঁচটি যানবাহন আটক করা হয়েছে।
এছাড়া, অভিযানের অংশ হিসেবে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে খুলনা জেলা পুলিশের এই ধরনের অভিযান ও তল্লাশি কার্যক্রম চলমান থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের কেরালার ১৭ বছর বয়সি উদ্যোক্তা রাউল জন আজু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) সম্মেলন ‘এআই জার্নি ২০২৬’-এ তার পুতিনের সঙ্গে সাক্ষাৎ হয়। কিশোর উদ্যোক্তা সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও প্রকাশ করেছেন।
ছবির ক্যাপশনে রাউল লিখেছেন, ‘এখনো বিষয়টি বিশ্বাস করে উঠতে পারছি না। ছোটবেলায় নিছক আনন্দের জন্য ভিডিও তৈরি করা থেকে শুরু করে ১৭ বছর বয়সে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা- জীবন আমাকে এমন সব সুযোগ দিয়েছে, যা স্বপ্নেও কল্পনা করিনি।’
‘এআই জার্নি ২০২৬’ সম্মেলনটি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হয়েছে এবং এটি তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে। রাশিয়ার দূতাবাস রাউলকে ‘থিংকক্রাফট প্ল্যাটফর্মের নির্মাতা এক স্কুলছাত্র’ হিসেবে উল্লেখ করেছে। দূতাবাস আরও জানায়, তরুণ এআই প্রতিভার মধ্যে রাউলও ছিল, যারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছে।
রুশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে পুতিনের সঙ্গে রাউলের সাক্ষাৎ হয়। ভারতীয় ‘এআই কিড’ হিসেবে পরিচিত রাউল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন প্রযুক্তি ও টুল তৈরি করে ইতোমধ্যে পরিচিতি অর্জন করেছেন। পাশাপাশি এআই প্রযুক্তিতে মানুষকে প্রশিক্ষণ দেওয়া এবং নিজের প্রযুক্তিপ্রেমকে স্টার্টআপে রূপ দেওয়ার মাধ্যমে আলোচনায় এসেছে তিনি।
রাউলের প্রযুক্তি জগতের যাত্রা শুরু হয় মাত্র নয় বছর বয়সে। নিজে নিজেই কৃত্রিম বুদ্ধিমত্তা শেখার পর তিনি প্রতিষ্ঠা করেন ‘এআই রিয়েলম টেকনোলজিস’ নামে একটি স্টার্টআপ। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৫ জন কর্মী কাজ করছেন। বিশ্বজুড়ে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রযুক্তি জগতে আসার গল্প তুলে ধরেন রাউল। তিনি জানান, ভিডিও এডিটিংয়ের মাধ্যমে প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি হয় তার। তার বাবা অ্যাডোবিতে চাকরি পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার বিনামূল্যে ব্যবহারের সুযোগ পান তিনি। সেখান থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। পরে স্কুলের বিজ্ঞান প্রকল্পের জন্য ‘মিবট’ নামে একটি রোবট তৈরি করেন।
রাউলের ব্যক্তিগত জীবন নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। সাধারণত কিশোর-কিশোরীরা বাবার কাছে হাতখরচ চাইলেও রাউলের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। তার বাবা বর্তমানে ছেলের প্রতিষ্ঠানে কাজ করেন এবং মাসে দুই লাখ রুপি বেতন পান।
‘এআই জার্নি ২০২৬’ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন। এতে ভারত, চীন, রাশিয়া, সার্বিয়া, ব্রাজিল, কেনিয়া, কাজাখস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে পুতিনের সঙ্গে রাউলের সাক্ষাৎ এবং সেলফি প্রকাশের ঘটনা তাকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে, যা জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের দেশব্যাপী অরাজকতা, সন্ত্রাস-নৈরাজ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় স্থানীয় আজাদী ময়দানে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতের আমির মো. হাসমত আলী হাওলাদার। জেলা সেক্রেটারি মো. আলিমুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চল টিম সদস্য ও রাজবাড়ী জেলা শাখার সাবেক আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম।
সমাবেশে বক্তব্য দেন জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ, রাজবাড়ী পৌরসভার সাবেক আমির ডা. মো. হাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইয়েদ আহাম্মদ খান, বালিয়াকান্দি উপজেলার সাবেক আমির মাওলানা আব্দুল হাই জোয়ার্দার, রাজবাড়ী পৌরসভা শাখার আমির মাওলানা মো. লিয়াকত হোসাইন এবং সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. হেলাল উদ্দিন।
এছাড়া বক্তব্য দেন পাংশা পৌর শাখার সাবেক আমির কাজী ফরহাদ জামিল রুপু, কালুখালী উপজেলা আমির মাওলানা মো. আ. রব, বালিয়াকান্দি উপজেলা আমির মো. মিরাজুল ইসলাম মিরাজ, গোয়ালন্দ উপজেলা আমির অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন এবং ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর।
সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুর, ২৭ নভেম্বর, ২০২৬ : লক্ষ্মীপুরে প্রায় ৪শ বছরের পুরানো ঐতিহাসিক নিদর্শন দালাল বাজার জমিদার বাড়ি ও খোয়াসাগর দীঘি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে আবির্ভূত হতে পারে।
জেলার মানুষের মধ্যে এ বিষয়ে আগ্রহের অভাব নেই। অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন এখানে হাজারো দর্শনার্থী ভিড় করছেন। খোয়াসাগর দিঘীর পাড়ও নতুন রূপে সজ্জিত হয়েছে।
পর্যটকদের দাবি, পরিকল্পিত সংস্কারের মাধ্যমে দুটি নিদর্শনকে পর্যটকবান্ধব করে গড়ে তোলা উচিত।
অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা বাসসকে জানান, প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও পর্যটনের জন্য এ স্থানগুলোকে উপযোগী করা হচ্ছে।
তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যেন ভ্রমণ পিপাসুরা নিরাপদে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন।
লক্ষ্মীপুর শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত জমিদার বাড়িটি স্থানীয়ভাবে দালাল বাজার জমিদার বাড়ি নামে পরিচিত। এই বাড়ির সর্বশেষ জমিদার ছিলেন নবীন কিশোর রায়।
দেশ বিভক্তির পূর্বে ১৯৪৬ সালে জমিদার নবীন কিশোর রায় ৭ একর ৮০ শতক সম্পত্তিতে নির্মিত জমিদার বাড়িটি রেখে ভারতে চলে যান।
১৯৫০ সালে সরকার জমিদার প্রথা বিলুপ্ত করার পর সরকারি হিসেবে এই সম্পত্তি পরিণত হয়। এরপর একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে জমিদার বাড়িটি দখল করে রাখে।
সম্প্রতি, প্রায় ৫০ বছর পর জেলা প্রশাসন অবৈধ দখলদারদের হাত থেকে জমিদার বাড়িটি উদ্ধার করে তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে দিঘীর চেহারা পাল্টে গেছে।
জমিদার বাড়িতে সংস্কার ও উন্নয়নমূলক কাজ করা হয়েছে। কিন্তু কালক্রমে দখল এবং দূষণে এসব স্থাপনার গুরুত্ব হারাতে বসেছে।
দখলদারদের উচ্ছেদ করায় জমিদার বাড়ি ও দিঘীটি প্রাণ ফিরে পেয়েছে। প্রাকৃতিক দৃশ্য এবং দীঘির অপরূপ সৌন্দর্য দেখতে এলাকাজুড়ে মানুষের পদচারণা সব সময় মুখরিত থাকে। পরিবার নিয়ে বেড়াতে আসা পর্যটকরা খুশি।
জমিদার বাড়িতে ঘুরতে আসা দর্শনার্থী মরিয়ম বেগম ও কহিনুর আক্তার বাসসকে বলেন, "ঐতিহ্যবাহী দালাল বাজার জমিদার বাড়ির বিভিন্ন দিক ঘুরে দেখেছি। পরিবার নিয়ে এসেছি। অনেক সুন্দর জায়গা।"
জমিদারের বৈঠকখানা কালের সাক্ষি হয়ে দাঁড়িয়ে আছে। এগুলো দেখে খুবই ভালো লেগেছে।
জমিদার বাড়ি ও খোয়াসাগর দিঘী সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হতে পারে। তারা এটিকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান।
কুমিল্লা থেকে ঘুরতে আসা দুই বন্ধু ইব্রাহিম হোসেন ও মুরাদ হোসেন জানান, "প্রাচীনকালের এই দালাল বাজার জমিদার বাড়িটি ঐতিহাসিক নিদর্শন।"
প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থী পরিবার নিয়ে সৌন্দর্য উপভোগ করতে আসেন।
ঈদ বা বিশেষ কোনো দিনে এ স্থানটি এক মহান মিলন মেলায় পরিণত হয়। প্রতিদিন বিকেলে সৌন্দর্য পিপাসু মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বনভোজন ছাড়াও সাধারণ মানুষের আনাগোনা থাকে সারা বছর।
স্থানীয় দালাল বাজার ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম বাসসকে বলেন, "সৌন্দর্য বর্ধনের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা খুবই জরুরি।"
তিনি আরও জানান, জমিদার বাড়ির অনেক মূল্যবান জিনিসপত্র এক সময়ে চুরি হয়ে গেছে। বাড়িটিতে জুয়াড়িদের আড্ডা হতো, কিন্তু এখন আর সেগুলো নেই।
এসব বিষয়ে প্রশাসন আরও কঠোর হলে পুরানো ঐতিহাসিক নিদর্শন দালাল বাজার জমিদার বাড়ি ও খোয়াসাগর দীঘি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হতে পারে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বাসসকে বলেন, "খোয়াসাগর দিঘীর পাড়, জমিদার বাড়ি সংস্কার ও উন্নয়নমূলক কাজ করে প্রত্নতাত্ত্বিক জাদুঘর ও পর্যটনের জন্য উপযোগী করা হচ্ছে।"
তিনি আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে যেন ভ্রমণ পিপাসুরা নিরাপদে এ সৌন্দর্য উপভোগ করতে পারেন। এছাড়া জমিদার বাড়িটি সংরক্ষণের জন্য ইতোমধ্যে প্রত্নতাত্ত্বিক জাদুঘর হস্তান্তর করা হয়েছে। সেই অনুযায়ী কাজ করছে প্রশাসন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ