০৬:০১ পি.এম
ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে বঙ্গোপসাগরের নিখোঁজ মাছ ধরার ট্রলার থেকে উদ্ধার করেছে পুলিশ ৯ জেলের মরদেহ। বর্তমানে ৬ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালি ও সুন্দরবন উপকূলবর্তী এলাকায়।
সোমবার (১৩ জুলাই) এতথ্য জানিয়েছে সুন্দরবন থানা পুলিশের এক কর্মকর্তা। খবরটি প্রকাশ করেছে দ্য ওয়াল। গত ৪ জুলাই পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জেলেসহ ট্রলারটি মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে যায়। টানা আট দিন অনুসন্ধানের পর রবিবার দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচরের কাছে ট্রলারটির অবস্থান চিহ্নিত করা হয়।
পুলিশ জানিয়েছে, বন অধিদপ্তর এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে সীতারামপুরে নিয়ে আসা হয়। রাতে তল্লাশি চালানোর পর ট্রলারের ভিতর থেকে ৯ জন জেলের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলি কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দিল্লিতে সিজেপির পতাকা মিছিল ঘিরে ২৫ হাজার নিরাপত্তাকর্মীর মোতায়েন
ঘটনার খবর পেয়ে শঙ্করপুর থেকে ট্রলারের মালিকপক্ষ কাকদ্বীপে পৌঁছেছে। মৎস্যজীবী সংগঠনের উদ্যোগে একাধিক ট্রলার উদ্ধারকাজে অংশ নেয় এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উপকূল পর্যন্ত টেনে আনা হয়। ঘটনার স্থানে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করেন সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। আশঙ্কা করা হচ্ছে, ট্রলারের ভিতরে বা আশপাশে আরো দেহ আটকে থাকতে পারে। সেই কারণেই দিনভর তল্লাশি অভিযান চলবে বলে জানা গেছে।
সমুদ্রে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শঙ্করপুর-সহ উপকূলবর্তী মৎস্যজীবী মহলে। এখনো নিখোঁজ ৬ জনের খোঁজ না মেলায় উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন তাঁদের পরিবারের সদস্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন