ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

গাজা যুদ্ধ ইসরাইলের নির্বাচনে কট্টরপন্থিদের শক্তি বৃদ্ধি করছে


গাজা যুদ্ধ ইসরাইলের নির্বাচনে কট্টরপন্থিদের শক্তি বৃদ্ধি করছে

গাজায় ইসরাইলের যুদ্ধ আসন্ন নির্বাচনের রাজনীতির গতিপথ নির্ধারণ করছে। ফিলিস্তিনিদের ওপর হামলা, ভূখণ্ড দখল এবং তাদের উচ্ছেদের পক্ষে ইসরাইলের রাজনীতিতে সমর্থন বৃদ্ধি পাচ্ছে। একসময় কট্টর ডানপন্থিদের অবস্থান হিসেবে পরিচিত এসব দাবি এখন মূলধারার রাজনীতিতেও স্থান করে নিয়েছে। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় নিরাপত্তাকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ থাকলেও, নিরাপত্তা নিশ্চিত করতে নিজের নেতৃত্বকে অপরিহার্য হিসেবে তুলে ধরছেন তিনি।

নির্বাচনের এক মাস আগে, ২৯ সেপ্টেম্বর নেতানিয়াহু দাবি করেন, ভোটের আগে ইসরাইলের শত্রুরা দেশটিতে হামলার ষড়যন্ত্র করছে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। এরপর গাজায় ইসরাইলি বাহিনীর হামলার প্রসঙ্গ তুলে বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেখানে ১০০ জনের বেশি ‘সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ ও জাতীয় নিরাপত্তাকে নির্বাচনী প্রচারের কেন্দ্রে রেখে নিজের অবস্থান শক্ত করতে চাইছেন নেতানিয়াহু। ৭ অক্টোবরের হামলা এবং জিম্মিদের দ্রুত মুক্ত করতে ব্যর্থতার বিষয়ে তাঁর বিরুদ্ধে সমালোচনা রয়েছে। তবে, ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তিনিই সবচেয়ে যোগ্য—এমন ধারণা ভোটারদের মধ্যে প্রতিষ্ঠা করতে চাইছেন তিনি।

আরও পড়ুন: আবারও সাংবাদিকের ওপর খেপলেন ট্রাম্প, নেপথ্যে স্বাস্থ্য নিয়ে প্রশ্ন

নেতানিয়াহুর বক্তব্যের পরদিন দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে গুরুতর ঘটনা ঘটে। অভিযোগ, ককপিটে সহকারী পাইলট কুড়াল দিয়ে পাইলটের ওপর হামলা চালান। বিমানটি প্রায় দুর্ঘটনায় পড়েছিল। নেতানিয়াহু এই ঘটনাকে নিজের নেতৃত্বের পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেন।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর এটি ইসরাইলের প্রথম সাধারণ নির্বাচন। ওই হামলায় ইসরাইলে ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছিলেন। এর পর গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হয়, যেখানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জনমত জরিপে নেতানিয়াহুর সামনে কঠিন লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

গাজা যুদ্ধের তিন বছরে ইসরাইলের রাজনীতিতে ডানপন্থীদের প্রভাব আরো বেড়েছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এর স্পষ্ট উদাহরণ। ফিলিস্তিনিদের বিষয়ে বর্ণবাদী বক্তব্য ও নীতির জন্য পরিচিত এই কট্টর ডানপন্থি নেতার ওপর পশ্চিমা কয়েকটি দেশ নিষেধাজ্ঞা দিয়েছে।

গত মাসের শেষ দিকে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটকে স্মোতরিচ বলেন, অধিকৃত পশ্চিম তীরেও সেনাবাহিনীর ‘যুদ্ধে যাওয়া’ উচিত এবং সেখানে ‘গাজায় যা করেছি, তা-ই করা’ উচিত। এর দুই সপ্তাহেরও কম সময় পর তার নির্বাচনী মিত্র মোশে ফেইগলিন আরো কঠোর বক্তব্য দেন। জেরুজালেম পোস্টকে তিনি বলেন, ‘শত্রু গাজা, হামাস নয়।’ নির্বাচনের পর গাজা দখল করে নেওয়ারও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর গ্রেফতার

২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার প্রসঙ্গ টেনে ফেইগলিন বলেন, ‘আগামীকাল গাজায় যে শিশুর জন্ম হবে, সেও ঠিক একই কাজ করবে।’ ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক আহমেদ নাজ্জারের মতে, এসব বক্তব্য বিচ্ছিন্ন মন্তব্য নয়; বরং ক্ষমতায় যেতে চাওয়া রাজনীতিকদের নির্বাচনী বার্তা। এতে ফিলিস্তিনিদের অধিকারসম্পন্ন জনগোষ্ঠী হিসেবে না দেখে নিরাপত্তা ও জনসংখ্যার সমস্যা হিসেবে তুলে ধরা হচ্ছে। তাঁদের উচ্ছেদ, দখল কিংবা ধ্বংস করার পক্ষে জনসমর্থন তৈরির চেষ্টা চলছে।

নাজ্জার বলেন, আসন্ন নির্বাচন এমন প্রতিযোগিতায় পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে, যেখানে ফিলিস্তিনিদের জীবন রক্ষার প্রশ্ন নয়, বরং কে তাদের আরো আগ্রাসীভাবে নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি দিতে পারেন, সেটিই মুখ্য হয়ে উঠতে পারে।

ডানপন্থি রাজনীতির বিস্তার

লন্ডনের কিংস কলেজের নিরাপত্তাবিশ্লেষক অ্যারন ব্রেগম্যান বলেন, ৭ অক্টোবরের ঘটনার পর বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ডানপন্থার প্রতি ঝোঁক বেড়েছে। তবে এ প্রবণতার শুরু আরও কয়েক দশক আগে। আল-জাজিরাকে ব্রেগম্যান বলেন, ১৯৭৩ সালের ইয়োম কিপুর যুদ্ধের পর ইসরাইলের রাজনীতিতে ডানপন্থার দিকে ঝোঁক শুরু হয়। ৭ অক্টোবরের পর তা নাটকীয়ভাবে বেড়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে সাত, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ জন

২০২২ সালে নেতানিয়াহুর নেতৃত্বে গঠিত সরকারটি ছিল ইসরাইলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থি। সেই সরকারের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও কট্টর অবস্থানের জন্য পরিচিত। বর্ণবাদে উসকানি দেওয়া এবং একটি সন্ত্রাসী সংগঠনকে সমর্থনের দায়ে অতীতে দণ্ডিত হয়েছিলেন তিনি।

ব্রেগম্যানের মতে, নেতানিয়াহুর বড় ভুলগুলোর একটি ছিল বেন-গভির ও স্মোতরিচের মতো নেতাদের জোট সরকারে জায়গা দেওয়া। এর মাধ্যমে তিনি তাদের ইসরাইলের রাজনীতিতে প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বেন-গভির এখন পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হওয়ার আশাও করছেন। ব্রেগম্যানের ভাষায়, ‘এটা পাগলামি। কিন্তু সমসাময়িক ইসরাইল এখন এমনই।’

নির্বাচনে অংশ নেওয়া একাধিক দল গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পক্ষে অবস্থান নিয়েছে। এসব দলের মধ্যে ক্ষমতাসীন জোটের শরিক এবং বিরোধী পক্ষের দলও রয়েছে। বিশ্লেষকদের মতে, এটি ইসরাইলের রাজনীতিতে ডানপন্থার বিস্তারের বড় উদাহরণ।

প্যালথিংক ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের পরিচালক ওমর বাদ্দার বলেন, নির্বাচনের আগে ইসরাইলের রাজনৈতিক ও সামরিক অঙ্গনের বিভিন্ন পক্ষের বক্তব্যে গাজায় হামলা অব্যাহত রাখার বিষয়ে একধরনের ঐকমত্য দেখা যাচ্ছে। গত বছরের যুদ্ধবিরতির পরও গাজায় প্রায় ১ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বাদ্দারের মতে, ভোট বাড়াতে নেতারা নিরাপত্তার হুমকিকে কাজে লাগাচ্ছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা তত বাড়ছে।

আরও পড়ুন: গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া আঁখির পাশে প্রধানমন্ত্রী

তার ভাষায়, ‘যিনি বেশি কট্টর, তার বেশি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।’ ইসরাইলের ভেতরে বসবাসকারী ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক এহাব জাবারিনের মতে, ইসরাইলের বর্তমান রাজনীতিতে ডানপন্থি হওয়ার অর্থ ফিলিস্তিনিদের জাতীয় অধিকার, নিরাপত্তা ও ভূখণ্ড নিয়ন্ত্রণের প্রশ্নে আরও কঠোর অবস্থান নেওয়া। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সন্দেহ, দীর্ঘমেয়াদি সামরিক নিয়ন্ত্রণের প্রতি সমর্থন এবং ইহুদি সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার ধারণা এখন ইসরাইলি রাজনীতির বড় অংশে প্রতিষ্ঠিত।

নির্বাচনী প্রক্রিয়াতেও বৈষম্যের অভিযোগ উঠেছে। গাজা যুদ্ধ নিয়ে মন্তব্যের কারণে ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক ও রাজনীতিক সামি আবু শাহাদেহকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছে। অথচ ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস বক্তব্য দেওয়া কট্টর ডানপন্থি নেতাদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বলে পর্যবেক্ষক ও মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে।

নিরাপত্তার প্রশ্নে এখনো ভরসা নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা নিয়ে ইসরাইলিদের মধ্যে এখনো প্রশ্ন রয়েছে। গত মাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হামাসের সম্ভাব্য হামলা সম্পর্কে আগাম সতর্কবার্তা পেয়েছিলেন নেতানিয়াহু। মিসরের গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাকে সতর্ক করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নেতানিয়াহুর দুই প্রধান প্রতিদ্বন্দ্বী এ তথ্য তুলে ধরে তাঁকে দেশ পরিচালনার জন্য ‘অযোগ্য’ বলেছেন। তবে নেতানিয়াহু আগাম সতর্কবার্তা পাওয়ার কথা অস্বীকার করেছেন। এসব প্রতিবেদন জনমত জরিপে তাঁর অবস্থানে বড় প্রভাব ফেলেছে বলেও মনে হচ্ছে না।

আরও পড়ুন: সীতাকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, আহত ৪

তেল আবিবভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইসরাইল-ফিলিস্তিন বিশ্লেষক মাইরাভ জন্সজেইন বলেন, ৭ অক্টোবরের ঘটনা ইসরাইলিদের নিরাপত্তাবোধে গভীর আঘাত হেনেছে। তবে নেতানিয়াহুর বর্তমান জোট ক্ষমতায় আসার পর বিচারব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের বিতর্কিত উদ্যোগের কারণে সরকারের প্রতি জনআস্থা আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তারপরও নিরাপত্তার প্রশ্নে নেতানিয়াহুর প্রতি সমর্থন রয়েছে। জন্সজেইন আল-জাজিরাকে বলেন, ইসরাইলিরা এখনো সাধারণভাবে নেতানিয়াহুকেই নিরাপত্তা নিশ্চিত করার উপযুক্ত নেতা মনে করেন। তারা তার বিকল্প কাউকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন না।

ইসরাইলি ইনস্টিটিউট ফর রিজিওনাল ফরেন পলিসিজের মিতভিমের গত জুনের এক জরিপে দেখা যায়, দেশটির জনগণ সামরিক ও নিরাপত্তাভিত্তিক সমাধানকে সমর্থন করে। একই সঙ্গে ফিলিস্তিন প্রশ্নের সমাধান এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারত্বের অবসানের বিরোধিতা করে। তবে গাজা যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের বিচ্ছিন্ন হয়ে পড়া এবং দেশটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে উদ্বেগও রয়েছে।

অন্যদিকে, দীর্ঘদিনের যুদ্ধের ক্লান্তি বাড়ছে ইসরাইলি সমাজে। গত কয়েক বছরে ছয়টি যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয়েছে ইসরাইলি সেনাদের। এর প্রভাব পড়ছে তাঁদের মানসিক স্বাস্থ্যে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধের কারণে প্রায় ৩০ হাজার সেনা ও নিরাপত্তাকর্মী মানসিক আঘাতের শিকার হয়েছেন। গত তিন বছরে মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের বাজেট ৮৮ শতাংশ বেড়ে ১০ বিলিয়ন শেকেলে দাঁড়িয়েছে। এর বড় অংশ মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা ও যুদ্ধ-পরবর্তী মানসিক চাপের চিকিৎসায় ব্যয় হচ্ছে।

আরও পড়ুন: সাদিক কায়েম: জুলাইয়ের চেতনা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে বিএনপি

‘বৃহত্তর ইসরাইল’ ভাবনা, পেছনে দুই রাষ্ট্র সমাধান। সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলের নেতারা ‘বৃহত্তর ইসরাইল’ প্রতিষ্ঠার ধারণা নিয়ে আরো প্রকাশ্যে কথা বলছেন। এই ধারণার পক্ষে বাইবেলের জেনেসিস ১৫:১৮-২১ অনুচ্ছেদের উল্লেখ করা হয়। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ও সিরীয় ভূখণ্ড দখল করে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে আসছে ইসরাইল। সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া ও লেবাননেও আরও ভূখণ্ড দখল করেছে দেশটি।

রাজনৈতিক বিশ্লেষক আহমেদ নাজ্জারের মতে, নির্বাচনী প্রচারে ফিলিস্তিনিদের যেভাবে অমানবিক হিসেবে তুলে ধরা হচ্ছে, তাতে গাজার বিপর্যয়কে কোনো অপরাধ বা জবাবদিহির বিষয় হিসেবে নয়, বরং অন্যত্রও পুনরাবৃত্তি করার মতো একটি নমুনা হিসেবে দেখানো হচ্ছে। দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিন হামলা চালানোর পাশাপাশি বিস্তীর্ণ এলাকা দখলে রেখেছে ইসরাইল। সেখানকার বাসিন্দারা আল-জাজিরাকে বলেছেন, নির্বাচনে নেতানিয়াহু পরাজিত হলেও পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হবে বলে তাঁরা মনে করেন না।

নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট ইয়াশার পার্টির প্রধান এবং ইসরাইলি সেনাবাহিনীর সাবেক প্রধান। তিনি ‘দাহিয়েহ ডকট্রিন’-এর প্রবক্তা হিসেবে পরিচিত। ২০০৬ সালে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের পর এই নীতির বিকাশ ঘটে। এতে শত্রুপক্ষকে নিবৃত্ত করতে বেসামরিক অবকাঠামোর বিরুদ্ধেও ব্যাপক সামরিক শক্তি প্রয়োগের কথা বলা হয়। সাম্প্রতিক যুদ্ধগুলোতে, বিশেষ করে বৈরুতের দক্ষিণাঞ্চলে, এই নীতি প্রয়োগ করা হয়েছে।

আইজেনকোটও সামরিক শক্তি প্রয়োগের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে বৈরুতে সামরিক অভিযান বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করার অভিযোগ করেছেন। লেবাননের যেকোনো স্থানে হিজবুল্লাহকে আক্রমণের সুযোগ সেনাবাহিনীর থাকা উচিত বলেও তিনি দাবি করেছেন।

জন্সজেইনের মতে, ৭ অক্টোবরের ঘটনার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে না পারা ইসরাইলিদের কাছে আইজেনকোট নিরাপত্তার প্রশ্নে বিকল্প নেতা হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেন। ইসরাইলিরা বিশ্বকে নিজেদের প্রতি বৈরী হিসেবে দেখছেন। তাদের ধারণা, ৭ অক্টোবর তারা কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, তা বিশ্ব বুঝতে পারেনি। এ কারণেই তারা লেবানন, সিরিয়া ও গাজায় নিরাপত্তাবলয় তৈরির প্রয়োজনীয়তা অনুভব করছেন।

এ পরিস্থিতিতে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কার্যত আলোচনার বাইরে চলে গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অথচ ৩০ বছরেরও বেশি আগে অসলো চুক্তির মাধ্যমে এ ধারণার ভিত্তিতে আলোচনা শুরু হয়েছিল যে, ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই শান্তির পথ তৈরি করতে পারে।

১৯৯৩ সালে অসলো প্রক্রিয়া শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীর সংখ্যা প্রায় ২ লাখ ৬০ হাজার থেকে বেড়ে ৭ লাখ ছাড়িয়েছে। এসব বসতি পশ্চিম তীরের এমন এলাকায় ছড়িয়ে পড়েছে, যেগুলো একটি সংলগ্ন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন।

ব্রেগম্যান বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ধারণা বর্তমানে অপ্রাসঙ্গিক। আগামী এক বা দুই দশক, এমনকি তারও বেশি সময় এ অবস্থা থাকতে পারে। ৭ অক্টোবরের ঘটনার পর কোনো ইসরাইলি নেতার পক্ষে জনগণের কাছে এ সমাধানের প্রস্তাব দেওয়া কঠিন।

তার মতে, আন্তর্জাতিক চাপ উল্লেখযোগ্যভাবে বাড়লে—বিশেষ করে ইসরাইলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হলে—এবং ফিলিস্তিনিরা অহিংস গণঅভ্যুত্থান বা ইন্তিফাদা শুরু করলে বিষয়টি আবার গুরুত্ব পেতে পারে।

জন্সজেইন বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সরাসরি বিরোধিতা এখন ইসরাইলের রাজনীতিতে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। একাধিক দল এ ধরনের অবস্থান সমর্থন করে। অথচ ইসরাইলের ইহুদি জায়নবাদী দলগুলোর মধ্যে একটিও দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বা ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রক্রিয়াকে অগ্রাধিকার দিচ্ছে না।

সব মিলিয়ে, ইসরাইলের আসন্ন নির্বাচন পরিবর্তনের দাবির চেয়ে ৭ অক্টোবরের পর জোরালো হয়ে ওঠা উগ্র জাতীয়তাবাদী রাজনীতিকে আরো সুসংহত করার প্রতিযোগিতায় পরিণত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকদের। নিরাপত্তাহীনতার ভয়কে পুঁজি করে আরো সামরিক শক্তি প্রয়োগ ও সীমান্ত সম্প্রসারণের প্রবণতা বাড়ছে। ফলে নির্বাচনে সরকার বদল হলেও ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের নীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে আটক হওয়ার পর ছাড়া পেয়েছেন অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


মুম্বাইয়ে আটক হওয়ার পর ছাড়া পেয়েছেন অভিনেতা ইমরান খান ও তার প্রেমিকা

ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশগ্রহণ করার পর আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন অভিনেতা ইমরান খান এবং তার প্রেমিকা লেখা ওয়াশিংটন ও কাজিন জায়েন মেরি। শনিবার (১০ অক্টোবর) মুম্বাই পুলিশের হাতে আটক হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তির খবর জানান তারা। একই সঙ্গে, আটকের সময় পুলিশের আচরণ নিয়ে অভিযোগও তোলেন তিন অভিনেতা।

শনিবার, মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্যদের সঙ্গে বিক্ষোভে অংশ নেন তারা। বিক্ষোভকারীরা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছিলেন।

শনিবার বিকেল ৪টার দিকে ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব দৃশ্যে ইমরান, লেখা ও জায়েনকে পুলিশের একটি ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায়। আটকের পর তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গেছে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতার কথা জানান তিন অভিনেতা। শনিবার রাতে ইনস্টাগ্রামে একটি রিল প্রকাশ করে লেখা জানান, তারা মুক্তি পেয়েছেন এবং নিরাপদে আছেন। পরে একটি ইনস্টাগ্রাম স্টোরিতে বাড়ি ফেরার পর ইমরান ও জায়েনকে জড়িয়ে ধরতে দেখা যায় তাকে।

তবে মুক্তির পরও ভোগান্তি পোহাতে হয়েছে বলে অভিযোগ করেন লেখা। তার দাবি, বাড়ি ফেরার জন্য তারা কোনো ক্যাব বুক করতে পারছিলেন না। তাদের নিয়ে যেতে রাজি হওয়া চালকদের মুম্বাই পুলিশ ভয় দেখাচ্ছিল বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে আটকের অভিজ্ঞতা তুলে ধরেন জায়েন মেরি। তিনি এমন কিছু ভিডিও শেয়ার করেন, যেখানে তিন অভিনেতাকে পুলিশের ভ্যানে তুলে নিতে দেখা যায়। তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা জানানো হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

পুলিশের গাড়ির ভেতরে ধারণ করা আরেকটি ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায় জায়েনকে। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন তিনি। পরে রাস্তার কয়েকজন পথচারীকেও ওই স্লোগানে যোগ দিতে দেখা যায়।

ইনস্টাগ্রাম স্টোরির আরেকটি পোস্টে জায়েন জানান, তাদের ইয়েলো গেট থানায় নেওয়ার পর আটকের কারণ জানতে চান তারা। কিন্তু পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাননি বলে দাবি করেন তিনি।

জায়েনের ভাষ্য, তারা থানা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরও একজন পুলিশ কর্মকর্তা তাদের পিছু নেন। ওই কর্মকর্তার কাছে আটকের কারণ জানতে চাইলে তিনি নিজেও বিষয়টি জানেন না বলে মনে হয়েছে।

এ প্রসঙ্গে জায়েন বলেন, ‘আমি তাকে বারবার জিজ্ঞাসা করছি, কেন আমাদের আটক করা হয়েছিল। কিন্তু তারও এ বিষয়ে কোনো ধারণা নেই। তিনি শুধু বলছেন,‘দুই মিনিট’, তারপর ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলছেন।’

এদিকে, অন্য বিক্ষোভকারীদের প্রকাশ করা ভিডিওতেও আটকের ঘটনা নিয়ে কথা বলতে দেখা যায় ইমরান খানকে। একটি ভিডিওতে তিনি দাবি করেন, আটকের কোনো কারণ না জানিয়েই তাকে, লেখা ও জায়েনকে প্রায় দুই ঘণ্টা পুলিশের ভ্যানে করে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়।

আরেকটি ভিডিওতে পুলিশ কর্মকর্তাদের কাছে আটকের কারণ জানতে চান ইমরান ও জায়েন। তবে কর্মকর্তারা কোনো উত্তর না দিয়ে চলে গেলে ইমরান তাদের উদ্দেশে ‘জয় হিন্দ’ বলে বিদায় জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

আন্তর্জাতিক ডেস্ক

‎এস এম মাসুদ রানা (ত্রিশাল প্রতিনিধি)

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

নাগরিক অধিকার-আমাদের অঙ্গীকার’ শ্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ত্রিশাল নাগরকি অধকিার আন্দোলন।
‎
‎শনিবার (১০ অক্টোবর) রাতে ত্রিশাল প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ সালের জন্য নির্বাহী পরিষদ গঠন করা হয়।
‎
‎এতে সভাপতি হিসেবে এডভোকেট ড. রফিকুল ইসলাম কে সভাপতি ও সাংবাদিক মোখলেছুর রহমান সবুজকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
‎
‎প্রচলিত আইন অনুযায়ী নাগরিক অধিকার বাস্তবায়নের জন্য নাগরিক মতবিনিময়, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, গনশুনানি, জনসচতেনতামূলক র্কাযক্রম, পারচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, নাগরিক সমস্যা নিয়ে জরিপ, সেমিনার ও আলোচনা সভা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি।
‎
‎নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি অধ্যাপক বজলুল করিম শাহীন, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর কবির, আইন ও নাগরিক অধিকার বিষয়ক সম্পাদক মো: নজরুল ইসলাম, নির্বাহী সদস্যারা হলেন, খোরশিদুল আলম মজিব, অধ্যাপক মাহমুদুল করিম সেলিম, এইচ এম জোবায়ের হোসাইন, মো: দেলোয়ার হোসেন, মুহাম্মদ মেজবাহুদ্দোজা, মো: ফয়জুর রহমান ফরহাদ, মো: মাহবুবুল আলম, মো: আব্দুল্লাহ আল ফাহাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০৪ জনকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।


রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে হাতিয়া থানায় ৪০ জন, বেগমগঞ্জ মডেল থানায় ৩১ জন, চরজব্বর থানায় ১০ জন, কোম্পানীগঞ্জ থানায় ৬ জন, চাটখিল থানায় ৬ জন, কবিরহাট থানায় ৪ জন, সুধারাম মডেল থানায় ৩ জন, সেনবাগ থানায় ২ জন এবং সোনাইমুড়ী থানায় ২ জন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপরাধপ্রবণতা রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
 
মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি অবৈধ গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে । রোববার দিবাগত (১১ অক্টোবর) রাত ৩:৩৫ ঘটিকায় উপজেলার দাউদখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চালিতাবুনিয়া এলাকায় অভিযান চালয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামির নাম শুভ সাচকী (২২)। সে চালিতাবুনিয়া গ্রামের মৃত সুবাস চন্দ্র সাচকী ও সবিতা রানীর ছেলে। অন্যদিকে পলাতক আসামি হলেন মো: অলিউর রহমান অলির (৪৯)।
পুলিশ জানায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ তালেবুর রহমান, গোপন সংবাদের ভিত্তিতে  মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: রবিউল ইসলামের তত্ত্বাবধানে এসআই মো: জাফরুল হাসানের নেতৃত্বে এসআই মো: আবদুল হান্নান মোল্লা, কনস্টেবল মো: জসিম, মো: তুহিন ও শুভংকর চালিতাবুনিয়া এলাকায় শুভ সাচকীর বসতঘরে অভিযান চালান। এসময় ঘরের মধ্যে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে ৩টি পোটলায় মোট ৪ (চার) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জানান, উদ্ধারকৃত গাঁজা সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪০ ধারায় মঠবাড়িয়া থানায় একটি মামলা (মামলা নং- ২০, তারিখ: ১১/১০/২০২৬ খ্রি:, জিআর-৩৩৩) রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%