আবিদ ইসলাম আশিক বাকেরগঞ্জ প্রতিনিধি
০৯:০৬ পি.এম
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, প্রধান শিক্ষক এইচ এম জাফর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, দৈনিক স্বদেশ প্রতিদিনের মহিবুল ইসলাম সৌরভ, দৈনিক রুপালী বাংলাদেশের আবিদ ইসলাম আশিক প্রমূখ।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচির মাধ্যমে কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা এবং সম্ভাবনা বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়। কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার মাধ্যমে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।
আলোচনা সভায় কন্যাশিশুদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের সন্দ্বীপে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বিষয়ে এক অবহিতকরণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে উপজেলার রহমতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই শুমারি কার্যক্রম শুরু হবে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেন, “ফ্যামিলি কার্ড সরকারের একটি বিশেষ প্রকল্প। এ কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি জানান, সন্দ্বীপ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তথ্য সংগ্রহের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ কাজের জন্য ১২৯ জন তথ্য সংগ্রহকারী এবং ১৩ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। জরুরি প্রয়োজনে অতিরিক্ত ১৪ জন কর্মী রিজার্ভে থাকবেন। সব মিলিয়ে ১৫৬ জনের একটি দল মাঠে কাজ করবে।
ইউএনও আরও জানান, রহমতপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে প্রাথমিক পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হবে এবং পর্যায়ক্রমে তা পুরো উপজেলার প্রতিটি ইউনিয়নে সম্প্রসারিত হবে।
সংবাদ সম্মেলনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্যসচিব আলমগীর হোসেন ঠাকুর, সংসদ সদস্য মোস্তাফা কামাল পাশার ব্যক্তিগত সহকারী আবুল কাশেম মাস্টারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে যৌথ প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চারটি অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর পর্যায়ের নেতারা। সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তাঁরা অভিযোগ করেন, প্রশাসকের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা এবং তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী নেতারা হলেন—বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন; মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও সদস্যসচিব খান মোহাম্মদ আনোয়ার; মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হক তাসনিম, সদস্যসচিব নাভিদ রহমান তুষার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহামুদ হাসান তানজিল; এবং মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ খান ও সদস্যসচিব মো. শহিদুল ইসলাম।
বিবৃতিতে নেতারা দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পত্রপত্রিকায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে দলের ভেতরে থাকা একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের তৎপরতায় জড়িত বলে অভিযোগ করেন তাঁরা।
নেতাদের ভাষ্য, এ অপপ্রচারের মাধ্যমে শুধু প্রশাসকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা নয়, বরং নগরীর উন্নয়ন কার্যক্রমেও প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তবে বিবৃতিতে উত্থাপিত এসব অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ বা অভিযুক্ত পক্ষের বক্তব্য উল্লেখ করা হয়নি।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিলকিস আক্তার জাহান শিরিন নগরীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর বিভিন্ন উদ্যোগ নগরবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে দাবি করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতারা।
তাঁদের অভিযোগ, প্রশাসককে বিতর্কিত করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
বিবৃতিতে নেতারা নগরীর উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে জনস্বার্থে গৃহীত উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখা এবং বরিশাল নগরীর সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তাঁরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শারদীয় দুর্গাপূজা ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও নির্বিঘ্নে পূজা উদ্যাপনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ, উৎসাহ ও সম্প্রীতির মধ্য দিয়ে উদ্যাপিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ ক্ষেত্রে পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুন্ডুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নেওয়াজ মুস্তাফিজ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির প্রচার সম্পাদক মো. কামরুজ্জামান কদর, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. নিয়ামত হোসেন পারভেজ এবং বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের আলফাডাঙ্গা উপজেলা সভাপতি মানবেন্দ্র সাহা।
সভায় বক্তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারীর জলঢাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) রাতে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের কিসামত বটতলা ডাঙ্গাপাড়া এলাকায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কিসামত বটতলা ডাঙ্গাপাড়া এলাকার মৃত সৈয়দ আলীর স্ত্রী মোছাঃ মোর্শেদা বেগম (৫২) এবং একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলমের স্ত্রী ও মৃত সৈয়দ আলীর মেয়ে মোছাঃ শরিফা বেগম (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সোহারাব হোসেনের তত্ত্বাবধানে ডিবির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিসামত বটতলা ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আসামিদের বসতবাড়ির শয়নঘরের ভেতরে একটি কাঠের আলমারির তাকে মেলামাইনের বাটির নিচে লুকানো সাদা পলিথিন থেকে ৮০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই ইয়াবার আনুমানিক বাজারমূল্য চব্বিশ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী জলঢাকা থানায় একটি মামলা (মামলা নং-১৮, তারিখ: ১২/১০/২০২৬, জিআর নং-৩০১/২০২৬) দায়ের করা হয়েছে। পরবর্তীতে সোমবার (১২ অক্টোবর) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ