মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৪৩ পি.এম
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু জানিয়েছেন, দেশের সাধারণ মানুষের মতো প্রেসিডেন্ট ভবনেও পানি ও বিদ্যুতের সংকট বিদ্যমান। দাড়ি কামাতে বসার সময় পানির অভাবে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি রাজধানী আবুজার প্রেসিডেন্ট ভবন ‘আসো রক’-এ এই অভিজ্ঞতার কথা তিনি শেয়ার করেছেন। বিবিসির প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
রবিবার লাগোসে পরিবারের সদস্যদের আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনুবু বলেন, গত বুধবার দাড়ি কামানোর সময় হঠাৎ প্রেসিডেন্ট ভবনের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি উল্লেখ করেন, ‘আমি দাড়ি কামাচ্ছিলাম, এমন সময় পানি চলে গেল। প্রেসিডেন্ট ভবনেও যে কতটা ভোগান্তি রয়েছে, তা হয়তো আপনারা জানেন না।’
তিনি আরও বলেন, ‘পানি ও বিদ্যুতের সংকট থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এসব সমস্যার সমাধানে আমার সরকার কাজ করছে।’ তিনুবু বলেন, ‘আমরা এসব সমস্যার সমাধান করব। বিদ্যুৎ নেই, পানি নেই, এমন পরিস্থিতিতে উন্নয়ন সম্ভব নয়। আমরা মাত্র কাজ শুরু করেছি। এসব সমস্যার সমাধান করা সম্ভব এবং নাইজেরিয়ার জন্য আমরা তা অবশ্যই করব।’
আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন তিনুবু। নির্বাচনে জয়ী হলে দেশের পানি ও বিদ্যুৎ সংকটসহ অন্যান্য সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আবুজায় আসো রকের পাদদেশে অবস্থিত ‘আসো ভিলা’ নাইজেরিয়ার প্রেসিডেন্টের অফিস ও সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়।
বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা কমাতে গত বছর এই ভবনে সৌরবিদ্যুৎচালিত একটি মিনি-গ্রিড স্থাপনের জন্য বাজেটে ১০ বিলিয়ন নাইরা বরাদ্দ রাখা হয়েছিল। এই পরিমাণ প্রায় ৫৫ লাখ পাউন্ড বা ৭২ লাখ মার্কিন ডলার।
কিছু প্রতিবেদন অনুযায়ী, সৌরবিদ্যুৎ প্রকল্পটির নির্মাণকাজ শেষ হয়ে গেছে এবং বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। ভবিষ্যতে আসো ভিলাকে জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে নিজস্ব সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
নাইজেরিয়া দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকটে ভুগছে। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ সরবরাহে তীব্র বিঘ্নের প্রধান কারণ গ্যাসের অপর্যাপ্ত সরবরাহ এবং জলবিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া। তবে এটি জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি বিপর্যস্ত হওয়ার ঘটনা নয়। লাগোস, আবুজাসহ দেশের বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিতরণ কোম্পানিগুলোকে পালাক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এর ফলে সাধারণ পরিবার থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান, সবাই ব্যাপক ভোগান্তিতে পড়ছে।
বিদ্যুতের পাশাপাশি দীর্ঘস্থায়ী পানির সংকটেও ভুগছে দেশটি। দ্রুত বাড়তে থাকা শহুরে জনসংখ্যার তুলনায় সরকারি পানি সরবরাহের অবকাঠামো অপর্যাপ্ত ও জরাজীর্ণ হওয়ায় এ সংকট আরও প্রকট হয়েছে। বিশেষ করে লাগোসে লাখ লাখ মানুষ নিয়মিত ও নির্ভরযোগ্য পানি সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে।
২০২৩ সালের নির্বাচনী প্রচারণায় বিদ্যুৎ সংকট সমাধানের বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। তবে সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, তা ২০২৭ সালের ১৬ জানুয়ারির নির্বাচনের আগে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ২০২২ সালে তিনি বলেছিলেন, ‘যেকোনো উপায়েই হোক, মানুষ বিদ্যুৎ পাবে এবং কাউকে আর অনুমাননির্ভর বিদ্যুৎ বিল দিতে হবে না।’ এমনকি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে দ্বিতীয় মেয়াদে তাকে ভোট না দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি।
দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত থাকলেও তার সমর্থকেরা গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহের উন্নতি এবং দুই বিলিয়ন ডলারের ‘ইস্ট-ওয়েস্ট সুপার গ্রিড’ প্রকল্পকে সরকারের অগ্রগতি হিসেবে তুলে ধরছেন। প্রকল্পটির লক্ষ্য জাতীয় বিদ্যুৎ গ্রিডের সক্ষমতা বাড়ানো।
২০২৩ সালের নির্বাচনে সাবেক ভাইস প্রেসিডেন্ট আতিকু আবুবকর ও সাবেক গভর্নর পিটার ওবিকে হারিয়ে ক্ষমতায় আসেন তিনুবু। আগামী নির্বাচনেও এই তিনজনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে বিভ্রাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্ল্যাটফর্মটি ব্যবহার করার সময় হাজারো ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হয়েছেন। বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে স্পটিফাই সংক্রান্ত ১৪ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডাউনডিটেক্টরে ব্যবহারকারীদের দ্বারা জমা দেওয়া অভিযোগের সংখ্যা ১৪ হাজারেরও বেশি। তবে, প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হয়েছেন, তা ভিন্ন হতে পারে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে সমস্যার বিষয়টি স্বীকার করেছে স্পটিফাই। প্রতিষ্ঠানটি জানায়, তারা এই পরিস্থিতি সম্পর্কে অবগত এবং সমস্যাগুলো খতিয়ে দেখার কাজ করছে।
তবে, এই বিভ্রাটের কারণ কি এবং কখন সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে স্পটিফাই বিস্তারিত কোনো তথ্য প্রদান করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ কলেজ শাখা ছাত্রশিবিরের বিরুদ্ধে উঠেছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক সারাহ্ পারীনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রশাসনিক ভবনের সামনে সংগঠনটির নেতারা বাধার সম্মুখীন হন। এরপর অধ্যক্ষের কক্ষে প্রবেশের সময় এবং সেখান থেকে বের হওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়।
সংগঠনটির নেতাদের দাবি, হামলায় ছাত্রশক্তির মহসিন কলেজ শাখার মুখ্য সংগঠক মাইনুদ্দিনসহ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর নেতৃত্বে সংগঠনটির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি রশিদ দিনার, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা কলেজের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে যান। তারা ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনা করতে সেখানে উপস্থিত হন, কিন্তু এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ছাত্রশক্তির নেতারা।
জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, "প্রশাসনিক ভবনের সামনে পৌঁছালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা আমাদের পথ আটকে দেন। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের বাগ্বিতণ্ডা হয়। পরে আমরা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করলে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন শিবিরকর্মী সেখানে ঢুকে পড়েন। তারা কক্ষের ভেতরেই আমাদের কলেজ শাখার মুখ্য সংগঠক মাইনুদ্দিনের ওপর হামলা ও মারধর করেন।"
তিনি আরও বলেন, "মহসিন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন পারভেজের নেতৃত্বে এ হামলা চালানো হয়। পরে অধ্যক্ষের কক্ষ থেকে বের হওয়ার সময় পেছন থেকে ধাওয়া করে আবারও আমাদের ওপর হামলা করা হয়।"
অন্যদিকে, হামলায় ছাত্রশিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি খুররম মুরাদ বলেন, "মহসিন কলেজে আমাদের কোনো কমিটি নেই। কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছে। আমরা সেই নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে সেখানে কোনো কমিটি গঠন করিনি।"
তিনি আরও বলেন, "আমার জানামতে, সাধারণ কিছু শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি বা ঝামেলা হয়েছিল। সেখানে গুপ্ত গুপ্ত বলেও স্লোগান দেওয়া হয়েছে। ছাত্ররাজনীতিতে সহনশীলতা থাকা প্রয়োজন।"
এদিকে, এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা। সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির আওতায় আনতে কলেজ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে।
এছাড়া, ছাত্রশিবিরের বিরুদ্ধে বেনামে রাজনীতি ও ভিন্নমতের ওপর হামলার অভিযোগ তুলে এর বিরুদ্ধে দেশব্যাপী রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে এনসিপির চট্টগ্রাম মহানগর শাখা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে ব্যাংক কার্ড ব্যবহারের পাশাপাশি বিদেশে কার্ডের মাধ্যমে অর্থ ব্যয়ের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশি নাগরিকরা ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদেশে লেনদেন করেছেন ১ হাজার ৪০ কোটি ২০ লাখ টাকার। আগের মাস আগস্টে এই লেনদেনের পরিমাণ ছিল ৯৮৬ কোটি ৭০ লাখ টাকা। ফলে এক মাসের ব্যবধানে বিদেশে কার্ডের মাধ্যমে ব্যয় বেড়েছে ৫ দশমিক ৪২ শতাংশ।
অন্যদিকে, বিদেশি নাগরিকরা বাংলাদেশে এসে বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহার করে সেপ্টেম্বর মাসে ২২৯ কোটি ৫০ লাখ টাকার লেনদেন করেছেন। আগস্টে এই পরিমাণ ছিল ২৪৮ কোটি ৯০ লাখ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশে বিদেশিদের কার্ড ব্যবহার করে লেনদেন কমেছে ৭ দশমিক ৭৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৫৪০ কোটি ২০ লাখ টাকা। ডেবিট কার্ডে লেনদেনের পরিমাণ ৪৪১ কোটি ২০ লাখ টাকা। আর প্রিপেইড কার্ডে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৮০ লাখ টাকা। তিন ধরনের কার্ড মিলিয়ে বিদেশে মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ৪০ কোটি ২০ লাখ টাকা।
বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন ডিপার্টমেন্টাল স্টোরে। সেপ্টেম্বর মাসে এ খাতে মোট ব্যয়ের ৩১ দশমিক ৫৪ শতাংশ হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ দশমিক ১৩ শতাংশ ব্যয় হয়েছে বিভিন্ন খুচরা বিক্রয়কেন্দ্রের সেবায়। পরিবহনে ব্যয় হয়েছে ১৩ দশমিক ৪৪ শতাংশ, ওষুধ ও ফার্মেসিতে ১০ দশমিক ৮৩ শতাংশ, পোশাকের দোকানে ৭ দশমিক ০৬ শতাংশ এবং ব্যবসায়িক সেবায় ৬ দশমিক ৮৯ শতাংশ ব্যয় হয়েছে।
দেশভিত্তিক হিসাবে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মোট লেনদেনের ১৫ দশমিক ৫২ শতাংশ হয়েছে দেশটিতে। এরপর যুক্তরাজ্যে ১০ দশমিক ২৩ শতাংশ, থাইল্যান্ডে ৯ দশমিক ১৭ শতাংশ, ভারতে ৮ দশমিক ৯৮ শতাংশ, সিঙ্গাপুরে ৬ দশমিক ৮১ শতাংশ এবং মালয়েশিয়ায় ৬ দশমিক ৫৩ শতাংশ লেনদেন হয়েছে।
ডেবিট কার্ডে বেশি ব্যয় দোকান ও নগদ উত্তোলনে:
সেপ্টেম্বর মাসে বিদেশে ডেবিট কার্ড ব্যবহার করে ৪৪১ কোটি ২০ লাখ টাকার লেনদেন করেছেন বাংলাদেশিরা। এ লেনদেনের মধ্যে সবচেয়ে বেশি ২৩ দশমিক ৮৪ শতাংশ হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। নগদ অর্থ উত্তোলনে ব্যয় হয়েছে ১৪ দশমিক ৭৭ শতাংশ। ব্যবসায়িক সেবায় ১৩ দশমিক ৩০ শতাংশ, সরকারি সেবায় ১২ দশমিক ৪২ শতাংশ এবং খুচরা বিক্রয়কেন্দ্রের সেবায় ১০ দশমিক ৮৭ শতাংশ লেনদেন হয়েছে।
দেশভিত্তিক হিসাবে ডেবিট কার্ডের লেনদেনেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট লেনদেনের ১৪ দশমিক ৩৫ শতাংশ হয়েছে। এরপর ভারত, চীন ও যুক্তরাজ্যে যথাক্রমে ১১ দশমিক ০১, ১০ দশমিক ৭০ ও ৯ দশমিক ৩৬ শতাংশ লেনদেন হয়েছে।
অন্যদিকে, বিদেশে প্রিপেইড কার্ডের মাধ্যমে সেপ্টেম্বর মাসে ৫৮ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। এ ধরনের কার্ডে সবচেয়ে বেশি ২২ দশমিক ৫২ শতাংশ অর্থ ব্যয় হয়েছে সরকারি সেবায়। নগদ অর্থ উত্তোলনে ১৯ দশমিক ০১ শতাংশ, ডিপার্টমেন্টাল স্টোরে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং ব্যবসায়িক সেবায় ১৩ দশমিক ৩৯ শতাংশ ব্যয় হয়েছে।
প্রিপেইড কার্ডের দেশভিত্তিক ব্যবহারে শীর্ষে রয়েছে ভারত। দেশটিতে মোট লেনদেনের ১৭ দশমিক ৯৮ শতাংশ হয়েছে। এরপর যুক্তরাষ্ট্রে ১৬ দশমিক ১৬ শতাংশ এবং সৌদি আরবে ১২ দশমিক ৮৩ শতাংশ লেনদেন হয়েছে।
দেশের ভেতরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে:
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, গত সেপ্টেম্বর মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট ৪ হাজার ২১৬ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগস্টে এ পরিমাণ ছিল ৪ হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকা। এক মাসে অভ্যন্তরীণ লেনদেন বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ।
দেশের ভেতরে ক্রেডিট কার্ডে মোট লেনদেনের প্রায় অর্ধেকই হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। সেপ্টেম্বর মাসে এ খাতে ব্যয় হয়েছে ২ হাজার ৫৫ কোটি ৭০ লাখ টাকা, যা মোট অভ্যন্তরীণ ক্রেডিট কার্ড লেনদেনের ৪৮ দশমিক ৭৬ শতাংশ। খুচরা বিক্রয়কেন্দ্রে ১২ দশমিক ৬৫ শতাংশ, ইউটিলিটি বিল পরিশোধে ৭ দশমিক ৩৩ শতাংশ, ওষুধ ও ফার্মেসিতে ৬ দশমিক ৯৮ শতাংশ এবং নগদ অর্থ উত্তোলনে ৫ দশমিক ৮৯ শতাংশ লেনদেন হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট লেনদেনের ৯২ দশমিক ৪৬ শতাংশ হয়েছে পণ্য ও সেবা কেনাকাটায়। নগদ অর্থ উত্তোলনে ৫ দশমিক ৮৯ শতাংশ এবং অর্থ স্থানান্তরে ১ দশমিক ৬৪ শতাংশ লেনদেন হয়েছে।
পাঁচ বছরে কার্ডের সংখ্যা বেড়েছে ৯৬ শতাংশ:
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে কার্ড ব্যবহারের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির চিত্রও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছরে দেশে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা সম্মিলিতভাবে ৯৬ শতাংশ বেড়েছে। একই সময়ে এসব কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ বেড়েছে ১০১ শতাংশ।
২০২১ সালের অক্টোবরে দেশে ডেবিট কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার ৩৬৩টি। ২০২৬ সালের সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৯০৩টিতে। একই সময়ে ক্রেডিট কার্ডের সংখ্যা ১৭ লাখ ৭৯ হাজার ৭৯৪টি থেকে বেড়ে ২৮ লাখ ৩৮ হাজার ৬৩৫টি হয়েছে। আর প্রিপেইড কার্ডের সংখ্যা ১০ লাখ ৭৫ হাজার ৯টি থেকে বেড়ে ৯৬ লাখ ৬৭ হাজার ৭৫৩টিতে দাঁড়িয়েছে।
এদিকে, ২০২১ সালের অক্টোবরে এসব কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ২৫ হাজার ২৯১ কোটি ৮০ লাখ টাকা। ২০২৬ সালের সেপ্টেম্বরে তা বেড়ে ৫০ হাজার ৭৫৯ কোটি টাকায় পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ৪৭টি তফসিলি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ বিতরণের জন্য মোট ৪৪ হাজার ৫৩৮ কোটি টাকার সীমা অনুমোদন করেছে। এর বিপরীতে কার্ড ব্যবহারকারীদের কাছে বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১৭ কোটি টাকা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশে কার্ডভিত্তিক লেনদেন বাড়লেও নগদবিহীন অর্থনীতিতে রূপান্তরের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ডিজিটাল অবকাঠামোর সীমাবদ্ধতা, আর্থিক সাক্ষরতার অভাব, সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ডিজিটাল লেনদেনের প্রতি আস্থার ঘাটতি এবং লেনদেন ব্যয় নগদবিহীন অর্থনীতির পথে বাধা হয়ে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাদল ফরাজি ১৮ বছরের বন্দিজীবন ও অপেক্ষার পর অবশেষে পরিবারের কাছে ফিরে আসার সুযোগ পেলেন। ভারতের দিল্লিতে নামের মিলের কারণে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এই বাংলাদেশি নাগরিক ৪ সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাদল ফরাজিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নিরাপত্তায় নিজ বাড়ি বাগেরহাটের মোংলার উদ্দেশ্যে রওনা হন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আশিক সাঈদ জানিয়েছেন, বাদল ফরাজিকে এসকর্ট দিয়ে বাগেরহাটে পৌঁছে দিতে মহানগর পুলিশের একটি দল দায়িত্ব পালন করেছে। সেখানে বাগেরহাট জেলা পুলিশ তাঁকে গ্রহণ করে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আবদুল্লাহ আল মামুনও এই বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে গত ১৬ নভেম্বর জারি করা এক আদেশে বাদল ফরাজির ৪ সপ্তাহের প্যারোল মঞ্জুরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়েছে যে, তাঁকে নিজ স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা এবং প্যারোলের ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলি অনুসরণ করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাদল ফরাজির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া এই বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, প্যারোল নীতিমালা-২০১৬ অনুযায়ী সাধারণত ১২ ঘণ্টার সুযোগ থাকলেও বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে মানবিক বিবেচনায় বাদল ফরাজিকে ৪ সপ্তাহের প্যারোল দেওয়া হয়েছে। তাঁর মতে, বন্দীদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এ সিদ্ধান্ত ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকতে পারে।
জানা যায়, ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় নামের মিলের কারণে বাদল ফরাজি ভুলভাবে জড়িয়ে পড়েন। ওই মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর থেকে তিনি বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন। সর্বশেষ তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
বাদল ফরাজির প্যারোলে মুক্তির প্রক্রিয়া বাস্তবায়নে মানবাধিকার ও আইনগত সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করে। এর আগে সংস্থাটির পক্ষ থেকে তাঁকে নিরাপদে স্থায়ী ঠিকানায় পৌঁছে দিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা চাওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার তাঁকে কারাগার থেকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন কারাবন্দী থাকার পর ৪ সপ্তাহের জন্য পরিবারের কাছে ফেরার এই সুযোগ বাদল ফরাজি ও তাঁর স্বজনদের জন্য স্বস্তি ও আবেগের। দীর্ঘ অপেক্ষার পর নিজের বাড়িতে ফেরার এই যাত্রায় প্রশাসন, কারা কর্তৃপক্ষ ও পুলিশের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ