০৮:২৭ পি.এম
সৌদি আরবজুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করে দেশটির নিরাপত্তা বাহিনী প্রায় ১২ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। মাত্র এক সপ্তাহের মধ্যে ১১ হাজার ৯৫২ জনকে আটক করা হয়েছে। একই সময়ে, আইনি প্রক্রিয়া শেষে ১১ হাজার ৪১৮ জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য প্রকাশ করেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন, ৩ হাজার ২২৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
আরও পড়ুন: স্পেনের ক্যানারি দ্বীপে এক দিনে ১৫০০ অভিবাসীর আগমন, ৬ বছরের রেকর্ড ভাঙল
এছাড়া, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৬৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ২৯ জনকে আটক করা হয়েছে। অপরদিকে, আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়া, পরিবহন করা বা কাজে নিয়োগ দেওয়ার অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে আটক ব্যক্তিদের পাশাপাশি আরও বিপুলসংখ্যক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য ২২ হাজার ৪৫১ জনকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া, ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ৯ হাজার ৮০০ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোট ৩৮ হাজার ৩৮৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৭৯ জন নারীসহ ৪০ হাজার ৭৬২ জনের বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, অবৈধ অভিবাসীদের সহায়তা করার বিষয়ে সাধারণ মানুষ ও নিয়োগকর্তাদের সতর্ক করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করা, পরিবহন করা, আশ্রয় দেওয়া বা কোনো ধরনের সেবা প্রদান করা গুরুতর অপরাধ।
আরও পড়ুন: ভারত ৭৩৪ কোটি ডলারের বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক গড়ছে
এসব অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি, অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত বাড়ি বা সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র: গালফ নিউজ
এআরবি
আরও পড়ুন: বোমা হামলার হুমকিতে ইউরোপের মধ্যে সমন্বিত উদ্যোগের অভাব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন