১০:১১ এম
চট্টগ্রাম, ২১ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন শিশুদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং প্রয়োজনীয় দক্ষতার সমন্বয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।
আজ চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে শাহওয়ালী উল্লাহ আইডিয়াল মাদরাসা অ্যান্ড গ্রামার স্কুলের দুই যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন উল্লেখ করেন, লেখাপড়ায় সফলতা অর্জনের জন্য সাধনা, অধ্যবসায় এবং নিরলস প্রচেষ্টার বিকল্প নেই। তিনি বলেন, শৈশবে শিশুরা যে শিক্ষা ও আদর্শের সঙ্গে পরিচিত হয়, তা তাদের চিন্তাভাবনা, স্বপ্ন এবং ব্যক্তিত্ব গঠনে প্রভাব ফেলে। তাই শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, বরং নৈতিকতা, আত্মিক শুদ্ধি, আত্মবিশ্বাস এবং মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ করতে হবে।
আরও পড়ুন: বেসরকারি স্কুলে ভর্তির নতুন নিয়ম, জরুরি অভিভাবকদের জন্য তথ্য
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক ও আত্মিক উন্নয়ন নিশ্চিত করা শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত। এর ফলে তারা ভবিষ্যতে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক নানা সমস্যা সমাধানে দায়িত্বশীল ভূমিকা রাখতে সক্ষম হবে। শিক্ষাব্যবস্থার সংস্কার এবং নৈতিক শিক্ষার প্রসারে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব শায়খুল হাদিস মুসা বিন ইজহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির চট্টগ্রাম মহানগরের আমির শায়খুল হাদিস মাওলানা জিয়াউল হোসাইন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা আনোয়ার হোসেন রব্বানী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন