শিবচর (মাদারীপুর) প্রতিনিধি মুফতী আসাদুজ্জামান
১২:৩০ পি.এম
মাদারীপুর শিবচর চরশ্যামাইল মুন্সীকান্দি শহীদ আব্দুস সালাম স্মৃতি সংঘ ক্লাবের উদ্যোগে মিনি ক্রিকেট মাঠের শুভ উদ্বোধন করা হয়।
যুব সমাজকে মাদক থেকে দূরে সরানোর জন্যই ১৩ ই নভেম্বর শুক্রবার রাতে এক ব্যতিক্রমী আয়োজন করেন সুমন মুন্সী অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ লোকমান মুন্সী
সভাপতির দায়িত্ব হিসেবে যুবকদেরকে কিছু নসিহতও পেশ করেন তিনি বলেন
যুবক মানে শক্তি। যুবক মানে স্বপ্ন। যুবক মানে একটা পরিবারের ভরসা।
কিন্তু আজ এই শক্তিটাই নষ্ট হয়ে যাচ্ছে মাদকের ছোবলে। একটা সিগারেট থেকে শুরু, তারপর গাঁজা, ইয়াবা, ফেনসিডিল... প্রথমে মনে হয় মজা, বন্ধুদের সাথে আড্ডা। তারপর একদিন দেখা যায়, টাকা নেই, পড়াশোনা নেই, মা-বাবার সম্মান নেই, নিজের ভবিষ্যৎটাই নেই।
ভাই, একবার ভেবে দেখো -
মাদক কি তোমাকে কখনো কিছু দিয়েছে? চাকরি দিয়েছে? সম্মান দিয়েছে? শান্তি দিয়েছে? দেয়নি। শুধু কেড়ে নিয়েছে। তোমার টাকা কেড়ে নিয়েছে, তোমার ঘুম কেড়ে নিয়েছে, তোমার চরিত্র কেড়ে নিয়েছে।
যে বন্ধু তোমাকে মাদক ধরায়, সে তোমার বন্ধু না। আসল বন্ধু সে, যে তোমাকে মসজিদে ডাকে, পড়তে বসায়, ভালো কাজে ডাকে।
তুমি যদি আজ মাদক ছাড়তে পারো, কাল তুমিই হবে তোমার মায়ের গর্ব, বাবার শক্তি, এলাকার সম্মান।
তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও -
আমি নেশা করবো না, নেশাখোরের সাথে চলবো না, আর আমার কোনো বন্ধুকেও নেশায় ডুবতে দেবো না।
যুবক বাঁচলে, পরিবার বাঁচবে। পরিবার বাঁচলে, সমাজ বাঁচবে। সমাজ বাঁচলে, দেশ বাঁচবে।
চলো, মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি।
সভাপতির বক্তব্যের পরে যুবকদের খেলার জন্য একটি ব্যাট উপহার দেন (মাস্টার) মোহাম্মদ রেজা মুন্সী।
আর এই ভ্যাট উপহার দেওয়ার মাধ্যমেই অনুষ্ঠানের ইতি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বর্তমান বিশ্ব চারটি নির্ভেজাল স্বৈরতন্ত্রের মধ্যে টালমাটাল অবস্থায় রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি এই চার স্বৈরতন্ত্রের প্রতিনিধিত্ব করছেন। ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট, অর্থাৎ কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। ঐতিহাসিক জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। এই ফলাফল ট্রাম্পের রাষ্ট্রপতিত্বের অবসান ঘটাবে না। তবে মার্কিন পার্লামেন্টের শক্তি সরকারকে যথেষ্টভাবে প্রভাবিত করে। ফলে ট্রাম্পের অন্যায্য শুল্কনীতি, অমানবিক অভিবাসন নীতি, গরিবদের স্বাস্থ্য কার্যক্রম এবং ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গণহত্যাকে সমর্থন করার মতো বিষয়গুলোতে পরিবর্তন আসতে পারে। ইরান যুক্তরাষ্ট্রের জন্য একটি সংবেদনশীল দেশ, যেখানে ট্রাম্পের প্রশাসন এবং কার্টার প্রশাসন উভয়েই বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। আবার ট্রাম্পের আচরণে অস্থিরতা দেখা দিতে পারে, যা তার আগ্রাসী নীতির প্রতিফলন ঘটাবে।
জাতিসংঘ, ন্যাটো, আন্তর্জাতিক আদালত, ইউরোপ বা জি-২০-এর প্রতি ট্রাম্পের তুচ্ছতাচ্ছিল্য নীতির পরিবর্তন দেখা যেতে পারে। কানাডার বিরুদ্ধে শুল্কের কারণে মার্কিন কট্টর রক্ষণশীল রাজ্যগুলোতে রিপাবলিকানদের পরাজয় একটি ঐতিহাসিক ঘটনা। গাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে জেন-জিরা একটি উল্লেখযোগ্য আন্দোলন করেছিল। মুসলিমপ্রধান দেশের বিশ্ববিদ্যালয়গুলো তুলনামূলকভাবে নীরব ছিল। তবে ট্রাম্প প্রশাসন আন্দোলন দমাতে পুলিশ ব্যবহার করে এবং ফিলিস্তিনি ছাত্রদের দেশ থেকে বহিষ্কার করে। কিন্তু জেন-জি ওই ঘটনার স্মৃতি মনে রেখেছে এবং এবারের নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করেছে। মূলত ট্রাম্প, নেতানিয়াহু এবং মোদি ইসলামবিদ্বেষী।
প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সহায়তা কমিয়ে দিয়েছেন এবং পুতিনকে ‘বন্ধু’ হিসেবে সমর্থন করেছেন। যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে রাশিয়া অধিকৃত এলাকা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন ট্রাম্প। পুতিনের রাজনৈতিক অবস্থান এমন যে, রাশিয়ায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। পুতিন বিরোধিতা সহ্য করেন না এবং রাশিয়াকে যুদ্ধের মাধ্যমে জিম্মি করে রেখেছেন। তার অপসারণ এবং নির্বাচনের মাধ্যমে পরিবর্তন সম্ভব নয়। ভারতের নরেন্দ্র মোদি এখন প্রকৃত গণবিক্ষোভের মুখোমুখি। তার মুসলিমবিদ্বেষী নীতি, ভোটার তালিকা থেকে মুসলিমদের গণবহিষ্কার, দুর্নীতি এবং ধনীদের প্রতি নজিরবিহীন পৃষ্ঠপোষকতা তরুণদের মধ্যে ‘তেলাপোকা’ আন্দোলনের জন্ম দিয়েছে। কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল রাস্তায় নেমেছে।
এই আন্দোলন মোদি সরকারের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে এবং সরকারের বিশ্বাসযোগ্যতায় চিড় ধরেছে। পার্লামেন্টে মিত্র দলের গাঁটবন্ধনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও রাজপথের অসন্তোষ সেই সংখ্যাগরিষ্ঠতাকে অগ্রাহ্য করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনারও পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু জুলাই মাসের গণঅভ্যুত্থানে তা ভেঙে পড়েছে। বাংলাদেশে জেন-জিরা হাসিনা খেদাও আন্দোলনের জন্য লন্ডনের ‘দ্য ইকোনমিস্ট’ ২০২৪ সালে বাংলাদেশকে ‘বিশ্বসেরা দেশ’ হিসেবে অভিহিত করেছিল। বাংলাদেশে রাজপথের রাজনীতিই নিয়ামক হিসেবে কাজ করছে। ভারত এখন বাংলাদেশের ব্যাপারে বিশেষভাবে মনোযোগী। তাদের আশ্রিত ‘হাসিনা’কে দুই রাষ্ট্রের সম্পর্কের নিয়ামক বানাতে চায়। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ সরকার ভারতকে অনুরোধ করেছে তাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর করতে। এর মধ্যে একটি ব্রিটিশ আইনজীবী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠিয়েছে শেখ হাসিনার জন্য পাসপোর্ট চেয়ে অথবা পাসপোর্ট পেতে কী করণীয়, তা জানতে।
শেখ হাসিনার পাসপোর্ট কোথায়, ২৪ সালের ৫ আগস্ট তিনি ভারতীয় ইমিগ্রেশনের মাধ্যমে দিল্লিতে প্রবেশ করেছেন কি না, সে তথ্য ভারত সরকারই দিতে পারবে। শেখ হাসিনা যে বাংলাদেশে পাসপোর্ট চাইছেন, তা কি দেশে আসার জন্য, না অন্য কোনো দেশে যাওয়ার জন্য? অথবা ভারতীয় আদালতে এই বলতে যে, বাংলাদেশ সরকার তাকে দেশে যেতে দিচ্ছে না। শেখ হাসিনা যদি দণ্ডিত অবস্থায় পাসপোর্ট পান, তবে দণ্ডপ্রাপ্ত অন্য আওয়ামী নেতারাও পাসপোর্টের জন্য আবেদন করতে শুরু করবেন। বর্তমান বাংলাদেশে ককটেল ফাটানো ও আগুন-সন্ত্রাসের যে গুপ্ত রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগ, মনে হচ্ছে ‘ককটেল রানি’ হয়ে হাসিনা দেশে ফিরতে চান। দেশপ্রেমিক মহলের অভিমত, ভারত এই নাশকতা সমর্থন করছে এবং পার্বত্য চট্টগ্রামকেও অস্থির করে তুলছে।
মূলত শেখ হাসিনার মতো ট্রাম্পও নির্বাচনের ফলে দুরভিসন্ধি ও জালিয়াতি দেখছেন। নেতানিয়াহু ইসরাইলের নির্বাচনে আরব পার্টিগুলোর ঐতিহাসিক বিজয়কে ভোট চুরি হিসেবে দেখছেন এবং মোদির ভোট চুরি তো ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট ও তেলাপোকাদের আন্দোলনে প্রমাণিত হয়েছে। ট্রাম্প সমর্থিত খুনি নেতানিয়াহু সম্প্রতি নির্বাচনে সরকার গঠনের মতো গরিষ্ঠতা পাননি। ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী সম্ভবত নেতানিয়াহুর মতো গণহত্যা চালাবেন না, কিন্তু সাবেক সেনাপ্রধান হিসেবে আইজেনকোট কতটা পরিবর্তন আনবেন, তা সময়ই বলে দেবে। মার্কিন ভোটারদের ক্রমবর্ধমান ইসরাইলবিরোধী মনোভাবের প্রেক্ষিতে ভোটের দিন ট্রাম্প ফেসবুকে পোস্ট করেছিলেন যে, ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ হয়ে যাবে।
ইউরোপসহ বিশ্বের অনেক দেশে জেন-জিরা এখন সক্রিয়। ফ্রান্স ও স্পেনে আন্দোলন তুঙ্গে। ইউরোপে অভিবাসনবিরোধীরা ভোটে জয়ী হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে রাজনৈতিক পীড়ন বা ফ্যাসিবাদ বর্তমানে দেশে নেই। তবে কিছু ছোটখাটো ঘটনা ঘটছে। খুনি শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কারণে আমাদের রাজনীতিতে ফ্যাসিবাদ এখন বহুল ব্যবহৃত শব্দ। রুশ বিপ্লবের পর বিভিন্ন দেশে যখন কমিউনিস্টরা ক্ষমতায় আসছিল, তখন ইতালির ধনীদের আশঙ্কার মধ্যে বেনিতো মুসোলিনি নামে এক সমাজতন্ত্রী সাংবাদিক সহিংসতার মাধ্যমে ক্ষমতা নেওয়ার জন্য একটি ক্যাডার বাহিনী গঠন করেন, যার নাম Fascio di Combattimento অর্থাৎ সংগ্রামের জন্য সংহতি। প্রাচীনকালে রাজার সামনে একজন বাহক রাজদণ্ড নিয়ে যেতেন। প্রাচীন রোমে কনসালের সামনে একজন বাহকের হাতে থাকত এক বান্ডিল ডান্ডা ও একটি কুড়াল। তাকে বলা হতো Fasces। এ থেকেই ফ্যাসিবাদ শব্দটির উৎপত্তি। ফ্যাসিবাদের মূলমন্ত্র হলো, হিংসার আশ্রয় নিয়ে ক্ষমতা দখল করা, শোষকদের কায়েমি স্বার্থ বজায় রেখে শোষিতকে ভাত-কাপড়ের স্বপ্ন দেখানো। এর রাজনৈতিক দিক হলো সংবিধান লঙ্ঘন, মানবাধিকার হরণ, ভোটাধিকার খেয়ে ফেলা, একদল ছাড়া সব দলকে অস্তিত্বহীন করা, বাক-ব্যক্তি-চিন্তা সমাবেশের স্বাধীনতা বিলোপ, গুম, বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি ইত্যাদি। বর্তমান সরকারের আমলে আমরা কি এসব দেখছি? ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনকে মাগুরার উপনির্বাচনের মতো দেখতে গিয়ে অনেকেই হতাশ হয়েছেন। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই সরকারের জন্য অ্যাসিড টেস্ট হবে। অভ্যন্তরীণ রাজনীতি এখনো রাজপথমুখী নয়। সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে সরকারি দল বা প্রধান বিরোধী দল আগ্রহী। তবে ১১-দলীয় ঐক্যের একটি ক্ষুদ্রাংশ আরেকটি গণঅভ্যুত্থান পরিস্থিতি সৃষ্টির স্বপ্ন দেখছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা আমাকে বলেছিলেন, এই তরুণরা আগামী নির্বাচনে সাফল্য না পেলে পরে দ্বিতীয় গণঅভ্যুত্থানও করতে পারেন। কিন্তু মানুষ আর অস্থিরতা চায় না, অশান্ত রাজপথ দেখতে চায় না। সুশাসন ও দুর্নীতিমুক্ত স্বচ্ছ সরকার তাদের প্রত্যাশা। সরকারের করণীয় অনেক।
লেখক: জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি
ইকোনমিক টাইমসের সম্পাদক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পূরবী বসু, যিনি বিজ্ঞান গবেষণা এবং বাংলা সাহিত্যে তার মেধা ও সৃজনশীলতার ছাপ রেখেছিলেন, তিনি আর নেই। প্রাণরসায়ন ও পুষ্টিবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জনের পর তিনি যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পাশাপাশি, তিনি সাহিত্যকর্মের মাধ্যমে নারী অধিকার, প্রান্তিক জনগোষ্ঠী এবং সামাজিক বৈষম্যের বিভিন্ন দিক তুলে ধরেছেন।
শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৭ বছর।
তার স্বামী, কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূরবী দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন এবং পূর্বে স্ট্রোকের শিকার হয়েছিলেন। একটি সড়ক দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়।
পূরবী বসু ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। মেডিক্যাল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি লাভ করেন। কর্মজীবনে তিনি মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে কাজ করেছেন। দেশে ফিরে তিনি একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উচ্চপদে দায়িত্ব পালন করেন এবং ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে কাজ করেন।
১৯৬৭ সালে তিনি জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সাহিত্যাঙ্গনে কথাসাহিত্য, কবিতা ও প্রবন্ধ রচনায় তার সক্রিয় উপস্থিতি ছিল। ৪০টির বেশি বইয়ের লেখক পূরবীর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০০৫ সালে তিনি অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে সম্মানিত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট তীব্র খরা ও এল নিনোর প্রভাবের ফলস্বরূপ ব্রাজিলের আমাজন অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় দেশটির উত্তরাঞ্চলীয় পারা রাজ্যে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
জাতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের স্যাটেলাইট তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের শুরু থেকেই পারা রাজ্যে ৫ হাজারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা গত বছরের (২০২৫) পুরো নভেম্বরের সমান। গত ৪৮ ঘণ্টার মধ্যেই প্রায় ৭০০টি দাবানল সক্রিয় ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পারা রাজ্যে ১২০ দিন মেয়াদি জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। এই ব্যবস্থার আওতায় জমিতে আগুন দিয়ে জঙ্গল বা চারণভূমি পরিষ্কার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি আগুন নেভাতে এবং নতুন করে আগুন লাগা রোধ করতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
রাজ্য সরকারের তথ্যমতে, ৮৭ লাখ মানুষের বসবাসস্থল পারায় খরা অত্যন্ত তীব্র রূপ ধারণ করেছে। সেখানকার শুকিয়ে যাওয়া গাছপালা দ্রুত আগুন ছড়িয়ে পড়তে সাহায্য করছে, যা স্থানীয় জনগোষ্ঠী, বনভূমি ও সার্বিক উৎপাদনে মারাত্মক হুমকি তৈরি করছে। এর আগে প্রতিবেশী আমাজনাস রাজ্যের মানাউস শহরে দাবানলের ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় অক্টোবরের শুরুতে স্কুল বন্ধ রাখতে হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, এল নিনো আমাজন অঞ্চলের তাপমাত্রা বাড়িয়ে খরা তীব্র করে তুলছে। এ বছর এটি এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় অরণ্য আমাজনকে রক্ষা করা বৈশ্বিক উষ্ণতা রোধে অত্যন্ত জরুরি। ২০২৪ সালে ব্রাজিলের আমাজনে রেকর্ড সংখ্যক দাবানল হয়েছিল। তবে জলবায়ুর বর্তমান গতিপ্রকৃতি দেখে আশঙ্কা করা হচ্ছে যে, চলতি বছর পরিস্থিতি আরো বেশি গুরুতর হবে এবং ডিসেম্বরে এর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরির মাস্টারকে আটক করার প্রতিবাদে চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছেন। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা থেকে পূর্ব ঘোষণা ছাড়াই এই ধর্মঘট শুরু হয়। এর ফলে নৌরুটের দুই পাড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ প্রায় ৩০০ যানবাহন আটকা পড়েছে। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) শরীয়তপুর-চাঁদপুর নৌপথের বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ‘কাকলি’র সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় তরিকুল ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয় এবং আরও চার শিশু আহত হন।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফেরি ‘কাকলি’ চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। সকাল ৯টার দিকে বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বালুভর্তি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এই সময় তরিকুলের মাথা ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে আঘাত লাগে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। আহত হয় আরও চার শিশু।
দুর্ঘটনার পর নৌ-পুলিশ বাল্কহেডটি জব্দ করে এবং এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির মাস্টারকে আটক করা হয়। মাস্টারকে আটকের প্রতিবাদে ফেরির চালক ও সংশ্লিষ্ট কর্মচারীরা ধর্মঘটের ডাক দেন। শনিবার ভোর থেকে তাঁরা অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ রাখেন।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, "ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর ফেরির মাস্টারকে আটক করা হয়েছে। এর প্রতিবাদে শনিবার ভোর ৪টা থেকে কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ