ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহের জন্য প্রেস কনফারেন্স


সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহের জন্য প্রেস কনফারেন্স

সুনামগঞ্জ, ১২ অক্টোবর, ২০২৬ : ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সম্পর্কিত অবহিতকরণ প্রেস কনফারেন্স সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ সোমবার দুপুর ২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।

এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসন মন্ত্রণালয়ের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এই কনফারেন্সে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

আরও পড়ুন: রহমতপুরে মিয়াজান হাজি মসজিদে মুসল্লিদের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিনের সাক্ষাৎ

সভায় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, সদর উপজেলা ভূমি কর্মকর্তা আদিত্য পাল, মোল্লাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, জেলা জুলাই যোদ্ধার আহবায়ক হাফিজুল ইসলাম রাজু, সদর উপজেলার স্কাউট সম্পাদক বুরহান উদ্দিন, বাসস প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

ঝালকাঠিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই কার্যক্রমটি জেলার চারটি উপজেলা এবং শহর সমাজসেবা কার্যালয়ের পাঁচটি ইউনিটে পরিচালিত হচ্ছে। এতে মোট ৩০১ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োজিত রয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল হুদা। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা খান জসীম উদ্দীন এবং সহকারী পাবলিক প্রসিকিউটর সাকিনা আলম লিজা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা এবং শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় ২৭৩ জন তথ্য সংগ্রহকারী ও ২৮ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ৭৫ জন সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করেছেন।

তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করে সরাসরি অনলাইন ডেটাবেইজে যুক্ত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীস্বাস্থ্য রূপান্তরে উদ্ভাবনী অর্থায়ন ও বৈশ্বিক অংশীদারত্বে জুবাইদা রহমানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


নারীস্বাস্থ্য রূপান্তরে উদ্ভাবনী অর্থায়ন ও বৈশ্বিক অংশীদারত্বে জুবাইদা রহমানের আহ্বান

বার্লিন, ১২ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশের বিশাল জনগণের ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবার চাহিদা পূরণের জন্য প্রচলিত উন্নয়ন সহায়তা যথেষ্ট নয়, এমন মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়ন বৃদ্ধির আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, ‘প্রচলিত উন্নয়ন সহায়তা দিয়ে আমাদের ক্রমবর্ধমান জনগণের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ সম্ভব নয়। এ জন্য প্রয়োজন উদ্ভাবনী অর্থায়ন, জাতীয় পর্যায়ে অঙ্গীকার, সহজ শর্তে বিনিয়োগ, অনুদানভিত্তিক কারিগরি সহায়তা এবং টেকসই অভ্যন্তরীণ সম্পদের সমন্বয়।’

রোববার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে (ওয়ার্ল্ড হেলথ সামিট) ‘দ্য মোমেন্ট ইজ নাও: আনলকিং নিউ ক্যাপিটাল ফর উইমেনস হেলথ বিয়ন্ড এইড’ শীর্ষক উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেন, ‘ইনশাআল্লাহ, রাজনৈতিক অঙ্গীকার, উদ্ভাবনী অর্থায়ন ও আন্তর্জাতিক অংশীদারত্বের সমন্বয়ে কীভাবে নারীস্বাস্থ্যের উন্নয়ন ঘটানো যায়, বাংলাদেশ তা করে দেখাবে।’

তিনি নারীস্বাস্থ্যসেবা জোরদারে বাংলাদেশের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক অংশীদার, উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘খণ্ডিত ও বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, স্বল্পমেয়াদি সহায়তার পরিবর্তে টেকসই বিনিয়োগ নিশ্চিত করা এবং রাজনৈতিক অঙ্গীকারকে পরিমাপযোগ্য ফলাফলে রূপান্তর করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, নারীস্বাস্থ্যে বিনিয়োগ কেবল স্বাস্থ্যসেবায় ব্যয় নয়; এটি মানবসম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জাতির ভবিষ্যতের জন্য বিনিয়োগ। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৫১ শতাংশ নারী। তাই দেশের সামগ্রিক উন্নয়নে নারীস্বাস্থ্যের বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতির দিকে যাচ্ছে, এমন মন্তব্য করেন জুবাইদা রহমান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মাতৃস্বাস্থ্যের প্রচলিত সেবার পরিধি বাড়িয়ে কিশোরীদের রক্তস্বল্পতা, মাতৃ অপুষ্টি, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু এবং নারীদের আক্রান্তকারী প্রাণঘাতী ক্যানসার মোকাবিলায় বিনিয়োগ সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ।’

তিনি আরও যোগ করেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার মতো সরকারের বৃহত্তর উদ্যোগগুলোও নারী ও মেয়েদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে সহায়তা করছে।’

তিনি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এক লাখ কর্মী নিয়োগের সরকারের পরিকল্পনার কথা জানান।

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘সরকার দেশব্যাপী স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে এক লাখ কমিউনিটি ও ওয়েলবিইং কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। তাঁদের প্রায় ৮০ শতাংশই হবেন নারী। পাশাপাশি আরও ২৫ হাজার পেশাদার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনাও রয়েছে।’

তিনি বলেন, ‘এসব উদ্যোগের লক্ষ্য হলো নিরাপদ ও স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করা, অপ্রয়োজনীয় চিকিৎসা হস্তক্ষেপ কমানো এবং প্রত্যেক নারীর দক্ষ ও সহানুভূতিশীল মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।’

জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশের কোনো প্রান্তের কোনো নারীকে প্রয়োজনীয় ও সমন্বিত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা পেতে নিজের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা হাসপাতালের বাইরে যেতে হবে না।’

তিনি আরও বলেন, ‘সন্তান জন্ম দিতে গিয়ে কোনো নারীর বেঁচে থাকা কখনোই ঢাকা পর্যন্ত যাতায়াতের সামর্থ্য কিংবা ব্যয়বহুল বেসরকারি চিকিৎসা নেওয়ার সক্ষমতার ওপর নির্ভর করা উচিত নয়, এটি কেবল স্বাস্থ্যসেবার লক্ষ্য নয়; বরং সমতা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার।’

নারীর ক্ষমতায়নে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে জুবাইদা রহমান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গ্রামীণ উন্নয়ন, পরিবার পরিকল্পনা, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে অবদানের অপরিহার্য ভূমিকা রেখেছেন। যার সুফল পাচ্ছেন নারীরা। ‘

তিনি বলেন, ‘গ্রামীণ উন্নয়ন, জনগণের অংশগ্রহণ এবং পরিবার পরিকল্পনার ওপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বারোপ সামাজিক উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে সহায়তা করেছে।’

অন্যদিকে, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি চালুর মাধ্যমে মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে বেগম খালেদা জিয়ার উদ্যোগ প্রজন্মের পর প্রজন্মের তরুণীর সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলেও উল্লেখ করেন জুবাইদা রহমান।

নারীদের আক্রান্তকারী ক্যানসারে প্রতিরোধযোগ্য মৃত্যু কমানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বাংলাদেশের নতুন নারীস্বাস্থ্য উদ্যোগের কথাও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান।

এ উদ্যোগে অংশীদারত্বের জন্য তিনি জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) প্রতি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশের প্রতিটি মেয়ে নিরাপদ শৈশবের অধিকারী উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, দেশের প্রতিটি পরিবারের প্রতিটি মা নিরাপদে সন্তান জন্ম দেওয়ার অধিকারী। আর গ্রাম ও শহরের প্রতিটি নারীর দীর্ঘ ও উৎপাদনশীল জীবন যাপনের সুযোগ পাওয়া উচিত।’

বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওই অধিবেশনে ডা. জুবাইদা রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সরকার, উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা এবং বেসরকারি খাতের প্রতিনিধিগণ প্রচলিত সহায়তার বাইরে নারীস্বাস্থ্য খাতে নতুন অর্থায়নের সুযোগ নিয়ে আলোচনা করেন।

অধিবেশনে ইউএনএফপিএর নির্বাহী পরিচালক দিয়েন কেইতা, ঘানার স্বাস্থ্যমন্ত্রী কোয়াবেনা মিনতাহ আকানদোহ, ইআইবির ভাইস প্রেসিডেন্ট মারেক মোরা, জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের বির্গিট পিকেল এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

সম্মেলনের পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধিদল টেকসই স্বাস্থ্য অর্থায়ন এবং মিডওয়াইফারি খাতে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা নিয়েও আলোচনায় অংশ নেয়।

এ ছাড়া নারীস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবায় সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রতিনিধিদল আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের অংশীদারদের সঙ্গে বৈঠক করে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল বায়ার, রোশে, বার্লিন ইনস্টিটিউট অব হেলথ এবং শারিতে- ইউনিভার্সিটেটসমেডিজিন বার্লিন।

নারীস্বাস্থ্য উদ্যোগে ২৫ কোটি ইউরোর ঋণ পুনর্বিন্যাস:

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ২৫ কোটি ইউরোর একটি সার্বভৌম ঋণ নারীস্বাস্থ্য উদ্যোগে ব্যবহারের জন্য পুনর্বিন্যাসের বিষয়ে একটি চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

এই উদ্যোগের আওতায় ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রায় ৪ কোটি ৭০ লাখ নারী ও কিশোরীকে স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উদ্যোগটি বাস্তবায়নে সরকারের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করবে ইউএনএফপিএ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলায় নিহত ১, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


রিয়াদ বিমানবন্দরে ফের হুতিদের হামলায় নিহত ১, আহত ১১

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার পুনরায় হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলায় একজন নিহত হয়েছে এবং ১১ জন আহত হয়েছে।

একদিন আগে গোষ্ঠীটির দ্বারা সংঘটিত প্রাণঘাতী হামলার পর কর্তৃপক্ষ বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেয়।

এটি শনিবারের হামলাটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনার ফলে ইয়েমেনের চলমান যুদ্ধে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

সৌদি আরব দীর্ঘদিন ধরে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সামরিক সহায়তা প্রদান করে আসছে। এই সরকারের বিরুদ্ধে লড়াই করছে হুতিরা।

রোববার, ইরানের সমর্থনপুষ্ট হুতি গোষ্ঠী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা একাধিক হামলা চালিয়েছে, যার মধ্যে রিয়াদ বিমানবন্দরে হামলাও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, গোষ্ঠীটি সৌদি আরবের গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্রগুলোতে ভবিষ্যতে হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে। তারা এসব স্থাপনাকে ‘আমাদের বাহিনীর অভিযান পরিচালনার ক্ষেত্র’ হিসেবে অভিহিত করেছে।

হামলার কয়েক ঘণ্টা পর সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র বা বিস্ফোরকবাহী প্রক্ষেপণ বস্তু আঘাত হেনেছে, যার ফলে সেখানে আগুন ধরে যায়। এছাড়া, বিমানবন্দরের কাছাকাছি এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানায় জোটটি।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নতুন এই হামলায় পাকিস্তানের একজন নাগরিক নিহত হয়েছেন এবং আরও ১১ জন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, হামলায় স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হচ্ছে।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময় আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। সোমবার গ্রিনিচ মান সময় রাত ৯টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।

রোববার সৌদি রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা।

শহরের উত্তরাঞ্চলের আল-আরিদ এলাকার একজন বাসিন্দা বলেন, ‘বিস্ফোরণের শব্দে পাখিগুলো আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে। পুরো বাড়ি কেঁপে উঠেছিল।’

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের দাম্মাম বিমানবন্দরেও আরেকটি হামলা হয়েছে। হুতিরা ওই বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, বিমানবন্দরের কাছাকাছি একটি প্রক্ষেপণ বস্তু আঘাত হেনেছে। এর কিছুক্ষণ পর পূর্বাঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় জোটটি।

সোমবার ভোরে জোটটি আরও জানায়, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত শহরের দিকে ধেয়ে আসা হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। শহরটিতে দেশটির একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে।

‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’

সাম্প্রতিক সময়ে রিয়াদ বিমানবন্দরের পাশাপাশি সৌদি আরবের তেল স্থাপনা ও লোহিত সাগরে চলাচলকারী ট্যাংকারেও হামলা বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবারও রিয়াদ বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছিল। সৌদি আরব সামরিক খাতে বিপুল অর্থ ব্যয় করলেও হুতিদের কিছু হামলা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না।

কানাডার অটোয়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিশ্লেষক থমাস জুনো বলেন, ‘সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হুতিদের কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে পারছে। কিন্তু সৌদি আরবের ভূখণ্ড এত বিশাল যে সব সময় সব হামলা ঠেকানো তাদের পক্ষে কার্যত অসম্ভব।’

হুতিদের বিরুদ্ধে লড়াইরত জোট শনিবারের হামলাকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে এবং এর ‘কঠোর জবাব’ দেওয়ার অঙ্গীকার করেছে।

অন্যদিকে, হুতিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের সানা প্রদেশে রোববার সৌদি আরবের দুটি হামলার খবর জানিয়েছে হুতিপন্থী গণমাধ্যম।

হুতিদের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক্সে জানিয়েছেন, হামলাগুলোর একটিতে একজন বেসামরিক নাগরিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শনিবারের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না, তা তিনি বিবেচনা করছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও হামলাটিকে ‘ভয়াবহ সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন। সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের হামলায় সৌদি আরবের চারজন, বাংলাদেশের দুজন, যুক্তরাষ্ট্রের একজন, মিসরের একজন, জর্ডানের একজন, সিরিয়ার একজন, ফিলিস্তিনের একজন ও সুদানের একজন নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন।

এদিকে, সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, শনিবারের হামলায় আহত দেশটির এক নাগরিক রোববার মারা গেছেন।

বিমানবন্দরের কার্যক্রম স্থগিত

বিমান চলাচল-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, হামলায় বিমানবন্দরের রাডার ও যোগাযোগব্যবস্থার সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রানওয়েগুলোও পরীক্ষা করে দেখতে হবে।

শনিবারের হামলার পর বিমানবন্দরে চরম বিশৃঙ্খল পরিস্থিতির বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রিয়াদের ৩২ বছর বয়সী এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘টার্মিনাল ৩-এ থাকা লোকজন আমাদের দিকে দৌড়ে আসতে শুরু করেন। কারও হাত বা বাহু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আহতদের রক্তাক্ত অবস্থায় কোলে করে নিয়ে মানুষ দৌড়াচ্ছিলেন।’

চিকিৎসা সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে, হামলার পর আহতদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে বিপুলসংখ্যক চিকিৎসককে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সৌদি আরবে অবস্থানরত নিজেদের নাগরিকদের রিয়াদ বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি ও স্পেনের দূতাবাস।

সোমবার অস্ট্রেলিয়াও হুতিদের হামলার নিন্দা জানিয়ে একে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে। এর আগে অস্ট্রেলিয়া সৌদি আরবে অবস্থানরত দেশটির নাগরিকদের ঘরের ভেতরে থাকতে ও নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দিয়েছিল।

ইয়েমেনে সংঘাত আরও তীব্র

সৌদি আরবে বড় ধরনের সম্মেলন ও বিনোদন আয়োজনের মৌসুম শুরুর ঠিক আগে শনিবারের বিমানবন্দর হামলার ঘটনা ঘটেছে। ২০১৫ সালে আত্মঘাতী বোমা হামলার পর এটিকে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।

গ্রীষ্মের প্রচণ্ড গরম কমে আসার সঙ্গে সঙ্গে অক্টোবর মাসে সাধারণত ওমরাহ পালনের জন্য ভ্রমণের মৌসুম শুরু হয়। এ সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান পবিত্র মক্কায় যান।

২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক জোট ইয়েমেনের সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছে। ইয়েমেনের আকাশসীমা ও হুতিদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানার বিমানবন্দরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টাও এই কার্যক্রমের অংশ।

অটোয়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিশ্লেষক জুনোর মতে, হুতিরা এখন সৌদি আরবের বিরুদ্ধে এমন কৌশল প্রয়োগ করতে চাইছে, যা সৌদি আরব এত দিন তাদের বিরুদ্ধে প্রয়োগ করে এসেছে।

এদিকে, ইয়েমেনের অভ্যন্তরে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালীর আশপাশে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে অগ্রসর হচ্ছে বলে শনিবার সামরিক সূত্র জানিয়েছে। তবে হুতিরা দাবি করেছে, তারা সরকারি বাহিনীর ওই অগ্রযাত্রা প্রতিহত করেছে।

মাঠপর্যায়ে দ্রুত পরিস্থিতি পরিবর্তন ও সাংবাদিকদের প্রবেশে নানা বাধা থাকায় সংঘাতে জড়িত দুই পক্ষের দাবিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি কর্মকর্তারা ১৮ কোটি মানুষের সেবায় নিয়োজিত : স্থানীয় সরকারমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


সরকারি কর্মকর্তারা ১৮ কোটি মানুষের সেবায় নিয়োজিত : স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান মন্তব্য করেছেন যে, সরকারি কর্মকর্তারা শুধুমাত্র চাকরিজীবী নন, বরং তারা দেশের ১৮ কোটি মানুষের সেবায় নিয়োজিত। তিনি উল্লেখ করেন, সরকারি চাকরিজীবীদের কাজের যথাযথ মূল্যায়ন এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন-ভাতা সমন্বয়ের বিষয়টি সরকার বিবেচনা করছে। যদিও সীমিত সম্পদের কারণে একবারে সবকিছু বাস্তবায়ন সম্ভব নয়, তবে আগামী কয়েক বছরের মধ্যে পর্যায়ক্রমে এটি বাস্তবায়নের চেষ্টা করা হবে।

মন্ত্রী আরও জানান, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর সরকারি কর্মকর্তাদের বেতন সমন্বয়ের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মন্ত্রিসভায় উত্থাপন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনের মাল্টিপারপাস হলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আয়োজনে ‘সমবায় সমিতির মাধ্যমে নগর ও পল্লী অঞ্চলে সৌরবিদ্যুৎ স্থাপনে কর্মকৌশল নির্ধারণ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। কোনো একটি উপজেলার জন্য এমন সুবিধা প্রদান করা উচিত নয়, যা পাশের অন্য উপজেলাগুলোর মানুষ পাবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সব এলাকার মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

তৃণমূল পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সরকারের সব কর্মকাণ্ডের সুফল যেন সাধারণ মানুষ পায়, সেটিই হতে হবে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের প্রধান লক্ষ্য।

সৌরবিদ্যুতের সম্ভাবনা তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সৌরশক্তির যথাযথ ব্যবহার দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে, ব্যয় সাশ্রয় করবে এবং জীবনমান উন্নয়নে সহায়ক হবে। এ জন্য সরকারের নির্ধারিত পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে এর সুফল দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%