ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কলম্বিয়ার গণমাধ্যমের বিরুদ্ধে সরকারি হয়রানির অভিযোগ


কলম্বিয়ার গণমাধ্যমের বিরুদ্ধে সরকারি হয়রানির অভিযোগ

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : কলম্বিয়ার একটি স্বাধীন সংবাদমাধ্যম সরকারের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে বলেছে, তাদের কার্যালয়ে প্রায় সাত ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়েছে।

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক নিয়ে একাধিক সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সংগঠন প্রশ্ন তুলেছে। তারা বিশেষ করে তথ্য পাওয়ার ক্ষেত্রে বাধা, আইনি হয়রানি ও অর্থনৈতিক চাপ প্রয়োগের মতো ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, আগস্টে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার আইনগত ও ব্যবসায়িক সম্পর্ক নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আসছে সংবাদমাধ্যম ‘লা সিলা ভাসিয়া’।

আরও পড়ুন: কোস্টা রিকায় প্রবেশে বাধা পেলেন জাতিসংঘের বিশেষ দূত আলবানিজ

সংবাদমাধ্যমটি জানায়, ডানপন্থী সরকার তাদের বিরুদ্ধে ‘রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগ তুলেছে। পাশাপাশি, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা একটি সরকারি সংস্থার মাধ্যমে তাদের কার্যালয়ে পরিদর্শন করা হয়েছে।

লা সিলা ভাসিয়ার প্রকাশনা পরিচালক হুয়ানিতা লিওন এএফপিকে বলেন, ‘এটি একটি সংবাদমাধ্যমকে নীরব করে দেওয়ার কৌশলগত পদক্ষেপ। এই সংবাদমাধ্যম বর্তমান সরকারের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে, যেমনটি অতীতের সব সরকারের ক্ষেত্রেও করেছে।’

চলতি বছর কলম্বিয়ার মর্যাদাপূর্ণ সিমন বলিভার পুরস্কারে সেরা সাংবাদিক হিসেবে স্বীকৃতি পাওয়া লিওন আরও জানান, সরকারি কর্মকর্তারা তাদের কাছে বিভিন্ন নথিপত্র চেয়েছেন। তবে এসব নথি চাওয়ার কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা প্রদান করা হয়নি বলে সংবাদমাধ্যমটির দাবি।

প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলার প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইকোপেট্রলের নির্বাহী কর্মকর্তা কার্লোস সুয়ারেজ সম্প্রতি তার পরিবারের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তোলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনের কঠোর সমালোচনা করেন।

আরও পড়ুন: পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক: স্পিকার বৈঠকে আলোচনা

গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘জুয়ানিতা, আমিও আপনাকে চুপ করিয়ে দিতে চাই না। কারণ, তাতে আপনাকে শহীদের ভূমিকায় বসিয়ে দেওয়া হবে এবং আপনার সহযোগীদেরও আপনার পক্ষে স্লোগান দেওয়ার সুযোগ তৈরি হবে।’

লিওনের মতে, সুয়ারেজের এই বক্তব্য লা সিলা ভাসিয়ার বিরুদ্ধে একটি ‘পরোক্ষ হুমকি’।

এদিকে, প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা তার সরকারের কোনো সদস্যকে প্রেসিডেন্টের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করেছেন।

সম্প্রতি সরকারবিরোধী অবস্থানের কারণে পরিচিত সাংবাদিক ড্যানিয়েল করোনেল ও হলম্যান মরিসের নিরাপত্তার দায়িত্বও বাতিল করেছে তার প্রশাসন।

আরও পড়ুন: লুলা দা সিলভা ব্রাজিলের অর্থমন্ত্রী হিসেবে বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাকে নিয়োগ দিলেন

এই দুই সাংবাদিকই এর আগে একাধিকবার হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন।

কলম্বিয়া লাতিন আমেরিকার সাংবাদিকদের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। সেখানে সাংবাদিকদের হত্যাকাণ্ড ও অপহরণের মতো ঘটনার মুখোমুখি হতে হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় স্থানীয় পর্যায়ে গণপরামর্শ সভা আয়োজনের উদ্যোগ মাচাদোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


ভেনেজুয়েলায় স্থানীয় পর্যায়ে গণপরামর্শ সভা আয়োজনের উদ্যোগ মাচাদোর

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বৃহস্পতিবার স্থানীয় পর্যায়ে ধারাবাহিক গণপরামর্শ সভার আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছেন।

এই সভাগুলোর মাধ্যমে ভবিষ্যৎ সরকারের কর্মসূচি প্রণয়ন এবং গণতান্ত্রিক উত্তরণে জনগণের মতামত ও প্রস্তাব সংগ্রহ করা হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী দীর্ঘদিনের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে আটক করার প্রায় এক বছর পর ওয়াশিংটন-সমর্থিত সরকার বিরোধী দলের নির্বাচিত কিছু অংশের সঙ্গে ক্ষমতার পালাবদল নিয়ে আলোচনা চালাচ্ছে।

যদিও ওই আলোচনায় অংশ নেওয়ার সুযোগ মেলেনি, নোবেলজয়ী মাচাদো তার গণপরামর্শ সভার উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

গত অক্টোবরে নির্বাসন থেকে দেশে ফেরার পর বুধবার ভেনেজুয়েলার প্রধান বিশ্ববিদ্যালয়ে হাজারো শিক্ষার্থীর সামনে দেওয়া এক ভাষণে মাচাদো প্রতিশ্রুতি দেন, দেশে ক্ষমতার পালাবদল হবে ‘প্রতিশোধহীন’ প্রক্রিয়ায়।

তার রাজনৈতিক দল ২০২৭ সালে নির্বাচনের দাবি জানালেও অন্তর্বর্তী নেতা দেলসি রদ্রিগেজ এখনো নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করেননি।

তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কারাকাসের শ্রমজীবী মানুষের বসতি লা ভেগা এলাকায় একটি গণপরামর্শ সভায় অংশ নিয়ে মাচাদো বলেন, ‘এটি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের একটি উদ্যোগ।’

মাচাদোর দলের দেওয়া তথ্য অনুযায়ী, কর্মসূচির প্রথম দিনেই ভেনেজুয়েলা ও দেশের বাইরে বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দাদের নিয়ে প্রায় ২ হাজার সভার আয়োজন করা হয়।

প্রতিটি সভায় অংশগ্রহণকারীদের ১৯টি প্রশ্ন করা হচ্ছে। তাদের মতামত ও উত্তর একটি ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হচ্ছে।

জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে এসব প্রশ্ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য তারিখ, বিচারব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার, বেতন ও পেনশন ব্যবস্থার পরিবর্তন এবং সরকারি ও বেসরকারি খাতের ভূমিকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাবিদ ও নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন আজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


শিক্ষাবিদ ও নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন আজ

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : আজ প্রখ্যাত শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী এবং নাট্যকার মুনীর চৌধুরীর ১০১তম জন্মদিন উদযাপিত হচ্ছে। তিনি ১৯২৫ সালের এই দিনে মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালীর চাটখিলে অবস্থিত।

মুনীর চৌধুরী ১৯৪৭ সালের ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রথম ছাত্রসভায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বক্তব্য প্রদান করেন।

১৯৪৯ সালে খুলনা বিএল কলেজে তিনি একই সঙ্গে ইংরেজি ও বাংলা পড়াতেন। ওই বছর রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে ঢাকায় গ্রেফতার করা হয়। কারামুক্তির পর তিনি লিলি মীর্জাকে বিয়ে করেন। ১৯৫০ সালে জগন্নাথ কলেজে যোগ দেওয়ার কিছুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান।

ভাষা আন্দোলনের উত্তাল সময়ে, ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিবাদ সভা করতে গিয়ে মুনীর চৌধুরী গ্রেফতার ও চাকরিচ্যুত হন। তাকে প্রায় দুই বছর দিনাজপুর ও ঢাকার কারাগারে বন্দি থাকতে হয়।

কারাবন্দি অবস্থাতেই, ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে তিনি কালজয়ী প্রতিবাদী নাটক ‘কবর’ রচনা করেন। নাটকটির প্রথম মঞ্চায়ন জেলখানার ভেতরেই হয় এবং এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সেখানকার কারাবন্দীরা। পরবর্তীতে ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় এলে তিনি কারাগার থেকে মুক্তি পান।

১৯৫৬ সালে রকফেলার বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে যান মুনীর চৌধুরী এবং ১৯৫৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে ডিগ্রি অর্জন করেন। ১৯৬৯ সালে মুহম্মদ আবদুল হাইয়ের মৃত্যুর পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭০ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত একটি ভাষাতাত্ত্বিক সম্মেলনে তিনি যোগ দেন।

১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের সময় পাকিস্তানের ‘সিতারা-ই-ইমতিয়াজ’ খেতাব তিনি বর্জন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি সামরিক বাহিনী তাকে তুলে নিয়ে যায় এবং বুদ্ধিজীবী হিসেবে হত্যা করা হয়।

ভাষা আন্দোলন কেন্দ্রিক নাটক ‘কবর’ ছাড়াও পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিতে রচিত ‘রক্তাক্ত প্রান্তর’ তার অন্যতম উল্লেখযোগ্য সৃষ্টি। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বাংলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা যুদ্ধে ইসরাইলের অ্যামাজন ও গুগলের ওপর নির্ভরশীলতা তুলে ধরলেন সাবেক গুগল কর্মী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


গাজা যুদ্ধে ইসরাইলের অ্যামাজন ও গুগলের ওপর নির্ভরশীলতা তুলে ধরলেন সাবেক গুগল কর্মী

গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে দেশটির সামরিক বাহিনী ‘অ্যামাজন ও গুগলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল’ বলে মন্তব্য করেছেন গুগলের সাবেক এক কর্মী। বর্তমানে তিনি ‘নো টেক ফর অ্যাপারথেইড’ আন্দোলনের সঙ্গে যুক্ত।

মিডল ইস্ট আইয়ের সাংবাদিক জেমস স্নাইডারের সঙ্গে আলাপকালে গ্যাবি ব্যাখ্যা করেন যে, কীভাবে অ্যামাজন ও গুগলের ক্লাউড স্টোরেজ ব্যবস্থা ফিলিস্তিনিদের মুখমণ্ডল শনাক্তকরণ সংক্রান্ত তথ্য সংরক্ষণের সুযোগ করে দিচ্ছে। এসব তথ্য সম্ভবত ইসরাইলি সামরিক বাহিনীর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) লক্ষ্যবস্তু নির্ধারণ ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে।

এদিকে, মেক অ্যামাজন পে’ প্রচারণার অংশ হিসেবে ব্ল্যাক ফ্রাইডেতে একটি বৈশ্বিক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ‘মেক অ্যামাজন পে’ প্রচারাভিযানের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য, কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রমে চাপ সৃষ্টি করা।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে সাবেক ইউপি সদস্যসহ ৫ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


চাঁদপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে সাবেক ইউপি সদস্যসহ ৫ জন আটক

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনাপাড়ে রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নৌ পুলিশ সাবেক ইউপি সদস্য মোহনসহ পাঁচজনকে আটক করেছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের নাসিরাকান্দি বাহেরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, এলাকার অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত আটক ব্যক্তিদের বিস্তারিত নাম ও ঠিকানা জানা যায়নি।

অভিযোগ উঠেছে যে, নদী ও চরাঞ্চলে অবৈধভাবে বালু উত্তোলন স্থানীয় বাসিন্দাদের জন্য দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ পরিবর্তন, তীরভাঙন এবং আশপাশের জনবসতি ও কৃষিজমি ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে রাতের অন্ধকারে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হলে তা নজরদারি ও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা মনি বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদী থেকে বালু উত্তোলন করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%