ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সংসদে আজকের অধিবেশনে যেসব বিষয়ে আলোচনা হবে


সংসদে আজকের অধিবেশনে যেসব বিষয়ে আলোচনা হবে

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ ষষ্ঠ দিনের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অধিবেশন ১০ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সংসদ ভবনে আজ সোমবার বিকাল ৪টা ১৫ মিনিটে অধিবেশনটি শুরু হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। অধিবেশনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, তিনটি বিল উত্থাপন ও পাসের প্রস্তাব এবং সাধারণ প্রস্তাবের ওপর আলোচনা, যা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরবে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সরকার বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সংশ্লিষ্ট প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। এরপর কার্যপ্রণালি-বিধির ৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের নোটিশ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশের ওপর আলোচনা হবে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে অপরাধী হিসেবে ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ

এ পর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও লোকবল সংকট নিয়ে আলোচনা করবেন কামরুজ্জামান কামরুল (সুনামগঞ্জ-১)। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায্য আন্তর্জাতিক অর্থায়ন, ক্ষয়ক্ষতি সহায়তা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করবেন সংরক্ষিত নারী আসন-৫ এর সদস্য নেওয়াজ হালিমা আরলী।

এছাড়া, এলডিসি থেকে উত্তরণের পর দেশের ওষুধ ও চিকিৎসাশিল্পে দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সংরক্ষিত মহিলা আসন-৪৯ এর সদস্য সুলতানা জেসমিন অর্থমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করবেন।

অধিবেশনের আইন প্রণয়ন কার্যাবলিতে তিনটি গুরুত্বপূর্ণ বিল স্থান পেয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জারিয়া তাহেরের পক্ষ থেকে বগুড়া উন্নয়ন বিল, ২০২৬ উত্থাপন ও পাসের প্রস্তাব করা হবে। পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ উত্থাপন ও পাসের প্রস্তাব করবেন।

অন্যদিকে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংযোজন) বিল, ২০২৬ সংসদে উত্থাপনের জন্য অনুমতি চাইবেন। অনুমতি পেলে বিলটি উত্থাপন করা হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির আহ্বান: অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের

এছাড়া কার্যপ্রণালি-বিধি ৬০ অনুযায়ী অর্ধ-ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল চৌধুরী গত ১০ নভেম্বর সংসদে উত্থাপিত একটি চিহ্নিত প্রশ্নের উত্তরকে কেন্দ্র করে এ আলোচনা করবেন।

কার্যসূচিতে কার্যপ্রণালি-বিধি ১৪৭ অনুযায়ী একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনার বিষয়ও রয়েছে। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম প্রস্তাবটি উত্থাপন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৩৯২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ এম


দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৩৯২ জন

দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত এক সপ্তাহের মধ্যে ৩৯২ জন আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো এসআরবি ফোর্সেসও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইন্তেখাব চৌধুরী আরও বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসআরবির অভিযানে অস্ত্র মামলায় ৫ জন, হত্যা সংক্রান্ত মামলায় ৪৩ জন, নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ মামলায় ২০ জন, মাদক সংক্রান্ত মামলায় ১১১ জন, ছিনতাইয়ের ঘটনায় ৫ জন, ডাকাতির ঘটনায় ১৭ জন, মানবপাচার সংক্রান্ত মামলায় ৬ জন, নাশকতার ঘটনায় অভিযুক্ত ২ জন এবং অন্যান্য মামলায় ১৮৩ জন গ্রেফতার হয়েছে।

এই অভিযানের সময় এসআরবি ৮টি আগ্নেয়াস্ত্র, ৭৫০ গ্রাম হেরোইন, ২ হাজার ৫০০ বোতল ফেনসিডিল, ৬৪০ কেজি গাঁজা, ৩৬ হাজারের অধিক ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার মদ জব্দ করেছে।

তিনি আরও জানান, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং খুলনায় পৃথক দু’টি অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি।

এছাড়াও টাঙ্গাইলে অভিযান পরিচালনা করে ভাড়াবাসা থেকে অভিযুক্ত প্রতারক সেলিম খানকে প্রতারণার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসসহ গ্রেপ্তার করা হয়েছে।

আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ভবিষ্যতে এসআরবি আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে অনন্ত গ্রুপের ৩ কারখানা খুলেছে, শ্রমিকরা কাজে ফিরছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ এম


কালিয়াকৈরে অনন্ত গ্রুপের ৩ কারখানা খুলেছে, শ্রমিকরা কাজে ফিরছেন

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের কারণে গত তিন দিন ধরে চলা অস্থিরতা সোমবার (১৬ নভেম্বর) অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা কারখানাগুলোতে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরতে শুরু করেছেন। তবে শ্রম আইনের ১৩(১) ধারার আওতায় ২০টি কারখানা এখনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। অন্যদিকে, শ্রমিক সেজে নাশকতার অভিযোগে শনিবার গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তাঁর মৃত্যুর গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা বিক্ষোভ শুরু করেন। মুহূর্তের মধ্যে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, কিলোমিটারের পর কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছায়। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের সরকারি গাড়ির দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে অলিগলি থেকে বেরিয়ে ফের অবরোধের চেষ্টা চালানো হয়।

কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম জানান, মহাসড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মী বলে দাবি করেছে পুলিশ।

রোববার সকালে মৌচাক, সফিপুর, কোনাবাড়ি ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানায় গিয়ে দেখা যায়, কাজে যোগ দিতে এসে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখে ফিরে যাচ্ছেন। সেদিন পল্লীবিদ্যুৎ এলাকায় অ্যাপেক্স ফুটওয়্যার, অ্যাপেক্স ফোল্ডিং, ইকোটেক্স, ডিভাইসসহ ২০টি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙানো হয়। মৌচাক-সফিপুর-কোনাবাড়ি এলাকার আরও অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা পুলিশ সদস্যরা লাঠি হাতে অবস্থান নিয়েছেন। বিজিবি সদস্যরা ঢাল ও অস্ত্র নিয়ে টহল দিচ্ছেন।

শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মৌচাক এলাকায় শ্রমিকদের আড়ালে কিছু দুষ্কৃতকারী, যারা নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন অংশের নেতাকর্মী, তারা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশের পর্যাপ্ত উপস্থিতির কারণে তারা তা করতে পারেনি, ছত্রভঙ্গ হয়ে গেছে।

সেদিন একজন স্থানীয় নেতা মন্তব্য করেন, এই আন্দোলনটা একটা শ্রেণি, যারা এই দেশকে বিগত ১৭ বৎসর লুটপাট করে ফেলেছে, তাদের যারা দোসর তাদের একটা নীলনকশা। তিনি শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান।

২০ কারখানা বন্ধ, অনন্তের ৩ কারখানা খুলল

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি বিবেচনায় আরও ৮ থেকে ১০টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

২০০৬ সালের শ্রম আইনের ১৩(১) ধারা মোতাবেক কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড কারখানাসহ মৌচাক ও কোনাবাড়ি এলাকার ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, কারখানা কর্তৃপক্ষ যেকোনো সময় এসব কারখানা খুলে দিতে পারে। কারখানাগুলোর নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

এরই মধ্যে সুখবর এসেছে অনন্ত গ্রুপ থেকে। গত ১২ নভেম্বর শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা অনন্ত অ্যাপারেলস লিমিটেড, অনন্ত ফ্যাশন লিমিটেড ও অনন্ত ডিজাইন লিমিটেড-এই তিনটি কারখানা সোমবার ১৬ নভেম্বর থেকে পুনরায় চালু হয়েছে।

কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়, বর্তমানে শ্রমিক অসন্তোষ নিরসনে কারখানা কর্তৃপক্ষ এবং কর্মরত শ্রমিক-কর্মচারীদের মধ্যে অনুষ্ঠিত আলোচনা, সামগ্রিক পরিস্থিতির উন্নতি এবং সার্বিক দিক বিবেচনায় নিয়ে আগামী ১৬/১১/২০২৬ ইং তারিখ (সোমবার) থেকে সকল ইউনিটের উৎপাদন কার্যক্রম পুনরায় চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।

শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ প্লাটুন বিজিবি ও ৬ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি ও আনসার সদস্যরা কালিয়াকৈরের কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছেন। এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসআরবি, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও সমন্বয় করে কাজ করছেন।

সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার, শ্রমিক অসন্তোষ নিরসন ও উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এই নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট এলাকার শিল্পকারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে কালিয়াকৈরের মৌচাক এবং কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু শ্রমিক অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা সেখান থেকে সরে যান।

কালিয়াকৈরে খোলা কারখানাগুলোতে ফিরেছেন শ্রমিকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। যেসব কারখানা খোলা আছে, সেখানে সকাল থেকেই শ্রমিকরা আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করেন এবং পুরোদমে উৎপাদন শুরু হয়েছে।

মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট-মৌচাক, চন্দ্রা ত্রিমোড়, পল্লীবিদ্যুৎ ও সফিপুর বাজার-প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশের দাবি, গত শনিবার কালিয়াকৈরে শ্রমিকদের ৩০ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবির আন্দোলনের আড়ালে শ্রমিক সেজে নাশকতা চালানোর চেষ্টা করছিল নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লস অ্যাঞ্জেলস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ এম


লস অ্যাঞ্জেলস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে

২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এই বিষয়টি চূড়ান্ত হয়েছে শনিবার ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভায়।

অন্যদিকে, একই বছরে ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আইসিসি নারী অলিম্পিক বাছাইপর্ব।

এশিয়া, ইউরোপ, ওশেনিয়া এবং আফ্রিকা অঞ্চলের শীর্ষ র‌্যাঙ্কিংধারী দল হিসেবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে নারী অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে।

পুরুষ এবং নারী উভয় বিভাগের বাছাইপর্বে আটটি করে দল অংশগ্রহণ করবে। দলগুলোকে চারটি করে দুই গ্রুপে বিভক্ত করে খেলানো হবে। প্রতিটি বাছাইপর্বে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপের প্রতিটি দল একবার করে অন্য দলগুলোর মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে উঠবে। ফাইনালে জয়ী দলই এলএ২৮ অলিম্পিকের চূড়ান্ত টিকিট পাবে।

এলএ২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য এটি হবে যোগ্যতা অর্জনের শেষ ধাপ।

১২৮ বছর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়ামঞ্চ অলিম্পিকে ক্রিকেট ফিরছে। পুরুষ এবং নারী উভয় বিভাগে অলিম্পিক পদকের জন্য ছয়টি করে দল লড়াই করবে। দলগুলোর যোগ্যতা মূলত মহাদেশীয় র‌্যাঙ্কিং এবং বাছাই টুর্নামেন্টের মাধ্যমে নির্ধারণ হবে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী দুই ইভেন্টেই সরাসরি খেলার সুযোগ পাবে, তবে তাদের র‌্যাঙ্কিংয়ের শর্ত পূরণ করতে হবে।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকের প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ এম


ইরাকের প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন

ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের জন্য আহ্বান জানিয়েছেন। বিশেষ করে, তিনি ট্রাম্পের প্রতি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছেন।

রোববার (১৫ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আমেদি এসব মন্তব্য করেন। সুলায়মানিয়ায় স্লেমানি স্ট্র্যাটেজিক ফোরামের ফাঁকে শুক্রবার (১৩ নভেম্বর) সাক্ষাৎকারটি নেওয়া হয়।

সাক্ষাৎকারে আমেদি ট্রাম্পকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, ইরানের সঙ্গে যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার মাধ্যমে ট্রাম্প শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং বিশ্বজুড়েও শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় অবদান রাখতে পারেন।

আমেদি বলেন, ‘আমি চাই, ট্রাম্প প্রথমবার নির্বাচিত হওয়ার সময়কার অবস্থানে ফিরে যান। তখন তাঁর লক্ষ্য ছিল সব যুদ্ধ বন্ধ করা—তা ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ হোক কিংবা বিশ্বের অন্য যেকোনো যুদ্ধ।’

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতায় পৌঁছানো অত্যন্ত জরুরি। দুই দেশ অনন্তকাল ধরে যুদ্ধে লিপ্ত থাকতে পারে না। এ ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার প্রয়োজন রয়েছে।

সাক্ষাৎকারে আমেদি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করার জন্য ইরাকের ভৌগোলিক অবস্থান ও সম্পর্ক রয়েছে। তাঁর দেশ দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে প্রস্তুত।

তিনি জানান, তুরস্কের আনতালিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে একই বার্তা দিয়েছেন। সেখানে তিনি ইরানকে শান্তির উদ্যোগ গ্রহণ এবং আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইরাকের প্রেসিডেন্ট এখন সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে ইরানের সঙ্গে যুদ্ধের অবসানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তথ্যসূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%