শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:১৯ পি.এম
মদন থানার পুলিশ পাচারের সময় দুইটি হ্যান্ডট্রলি ভর্তি ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে। এই ঘটনায় চালক দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে নেত্রকোনা জেলার মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকা দিয়ে চালগুলো পাচার হচ্ছিল, তখন হ্যান্ডট্রলিগুলো আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে উপজেলার দেওসহিলা বড়বাড়ি গ্রামের মামুন মিয়া (২৮) এবং একই গ্রামের আকাল্লাহ (২৪)।
মদন থানার পরিদর্শক অসীম চন্দ্র সরকার জানিয়েছেন, ফতেপুর গ্রামের দিক থেকে সরকারি চাল বোঝাই দুইটি হ্যান্ডট্রলি মদনের দিকে আসছিল।
পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে রুদ্রশ্রী এলাকায় হ্যান্ডট্রলিগুলোতে তল্লাশি চালায় এবং সরকারি চাল উদ্ধার করে। চালের সঠিক তথ্য দিতে না পারায় এবং কোন কাগজপত্র দেখাতে না পারায় দুই চালককে আটক করা হয়। সেইসাথে ১০০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাদির হোসেন শামীম জানিয়েছেন, পুলিশ কর্তৃক জব্দকৃত সরকারি চালের বিষয়ে থানায় মামলা দায়েরের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গোপালপুর কেন্দ্রীয় আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তরা।
পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
হিন্দু ধর্মীয় বিশ্বাস ও পুরাণ অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে মথুরার রাজা কংসের অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য।
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তাঁর জন্মকে স্মরণ করেই জন্মাষ্টমী পালিত হয়।
শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষায় ধর্ম, ন্যায়, কর্তব্য ও মানবকল্যাণের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।
গোপালপুরের এই আয়োজন শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং এটি সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার একটি সুন্দর প্রকাশও।
এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিএনপি নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ের হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ছবিতে: গোপালপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারী, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : জেলায় আজ নানা আয়োজনে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।
এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় জেলা শহরের কেন্দ্রীয় শ্রী শ্রী কালিমাতা মন্দির চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে শ্রী শ্রী কালিমাতা মন্দিরে শ্রীকৃষ্ণের মহানাম কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে সেখানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সিনিয়র যুগ্ম-আহাবায়ক মো. সোহেল পারভেজ, নীলফামারী চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রিজের সভাপতি মো. মাহবুব উর রহমান, শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি মন্দিরের সভাপতি অক্ষয় কুমার রায়, সাধারণ সম্পাদক তাপস সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
শুক্রবারের কর্মসূচিতে শহরের শ্রী শ্রী শিব মন্দির, মিলনপল্লী, বাড়াইপাড়া মন্দির, যোগমায়া এবং সনাতন গীতা সংঘ, শারদাঞ্জলি ফোরাম, জেলা পূজা উদযাপন ফ্রণ্ট, হিন্দু মহাজোট, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য ফ্রণ্টসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্য এবং সাধারণ ভক্তবৃন্দ অংশগ্রহন করেন।
শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক তাপস সাহা জানান, মন্দির কমিটির আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার সকালে কর্মসূচির সমাপ্তি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগের পরিকল্পনা করেছে : স্বাস্থ্যমন্ত্রীস্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, স্বাস্থ্য খাতে সাত হাজার নার্সসহ মোট ৪২ হাজার ৩৯০ জনবল নিয়োগ দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৮০ শতাংশ পদে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট সফরের সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এসব তথ্য জানান। এ সময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
চিকিৎসাসেবাকে আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘ছয় হাজার চিকিৎসক নিচ্ছি, এক হাজারের ইন্টারভিউ হয়েছে। আরো ৫ হাজার আমরা জনপ্রশাসন থেকে নেব।
আমরা স্বাস্থ্য খাতে ৪২ হাজার ৩৯০ জন মিডওয়াইফারি নিচ্ছি। যাতের ৮০ শতাংশ নারী।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘এই হাসপাতালগুলোসহ দেশের প্রত্যেকটা হাসপাতালে দালাল মুক্ত করার চেষ্টা করছি আমরা। এটা দুর্ভাগ্যজনক সত্য যে একটা শ্রেণি আমাদের রোগীদেরকে ভুল কথা বলে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়।
দালালদের ধরার জন্য আমাদের র্যাব, ডিজিএফআই একযোগে কাজ করছে। বহু হাসপাতালে হানা দিয়েছে, তাদেরকে গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
অবৈধ ক্লিনিক ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে চলমান অভিযানের বিষয়ে মন্ত্রী জানান, ‘জেলাগুলোতে ডিসি ও সিভিল সার্জনদের মাধ্যমে সমানে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে, জরিমানা করা হচ্ছে এবং ক্লিনিক সিলগালা করা হচ্ছে। যেখানে অবৈধ ডাক্তার দিয়ে ভুয়া সার্টিফিকেটধারী টেকনিশিয়ান দিয়ে অপারেশন করা হয়, সব আমরা সিলগালা করছি। আমি নিজে থেকে লিস্ট নিয়ে করছি।
একটু সময় তো আমাদের দিবেন, ছয়টা মাস।’
মন্ত্রী জানান, সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি, সেবার মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, ‘গত এক মাসে আমি দেশের ২৫টির বেশি হাসপাতাল ঘুরে অধিকাংশ স্থানে চিকিৎসকদের উপস্থিতি সন্তোষজনক পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘রোগীরাও বলছেন, এখন চিকিৎসার মান ও পরিবেশ উন্নত হয়েছে। খাবারের মানও ভালো হয়েছে। এখানের (ওসমানী হাসপাতালের) কি অবস্থা আমি জানি না, যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ৬ মাসের মধ্যে সমাধান হবে।’
এ সময় দেশের স্বাস্থ্য খাতের জনবল সংকটের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে প্রতি ১১,০০০ থেকে ১২,০০০ মানুষের বিপরীতে মাত্র একজন ডাক্তার বা নার্স নিয়োজিত রয়েছেন। এই সীমিত জনবল নিয়েই স্বাস্থ্যকর্মীরা দিন-রাত বিরামহীনভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।’
সিলেট শিশু হাসপাতাল করার আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে, আল্লাহর ওপর ভরসা করে বলে যাই—শিশু হাসপাতাল ইনশাআল্লাহ সিলেটে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, কোমরে বাঁধা ছিল বালুর বস্তা।মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে খাল থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হাসিনা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। চার দিন আগে নিখোঁজ হওয়ার পর তার মরদেহ কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায় পাওয়া যায়। নিহত হাসিনা খাতুন মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী। স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, হাসিনা খাতুন চার দিন আগে নিখোঁজ হন। তার পরিবার আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তার খোঁজ করতে থাকে, কিন্তু চার দিন পরও তার সন্ধান মেলেনি।শুক্রবার সকালে স্থানীয়রা গোবিন্দগুনিয়া এলাকার জিকে খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জিকে খাল থেকে উদ্ধার হওয়া ওই বৃদ্ধার কোমরে বালুর বস্তা বাঁধা ছিল।এ ঘটনার তদন্ত চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ