ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর লিফলেট তৈরির অভিযোগে একজন গ্রেপ্তার


গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর লিফলেট তৈরির অভিযোগে একজন গ্রেপ্তার

গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিফলেট তৈরি ও রাজনৈতিক প্রচারণায় জড়িত থাকার অভিযোগে মোঃ আশিকুর ইমন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
১২ নভেম্বর ২০২৬ ইং রাত ২টা ৪০ মিনিটে গাইবান্ধা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় জেলা পরিষদ মোড়ের সামনে ২ নম্বর রেলগেট সংলগ্ন ‘রাইট ট্র্যাক অনলাইন’ দোকানের ভেতর থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আশিকুর ইমন গাইবান্ধা সদর থানার থানাপাড়া এলাকার মোঃ খলিলুর রহমানের ছেলে।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধরনের লিফলেট তৈরি, শেখ হাসিনার সম্ভাব্য দেশ প্রত্যাবর্তন নিয়ে প্রচারণা এবং বিভিন্ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পুনরায় সংগঠিত করার উদ্দেশ্যে প্রচারসামগ্রী তৈরির সঙ্গে তিনি জড়িত ছিলেন।
এ ঘটনায় ১৩ নভেম্বর ২০২৬ তারিখে গাইবান্ধা সদর থানায় মামলা নং-২২ রুজু করা হয়েছে। মামলাটি সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৩(১)(ক)(ঘ), ২৩(২) ও ২৭ ধারায় করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার তালাশ বিডি মিডিয়া লিমিটেড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধের পর হরমুজে ১৩৪ হামলা, নিহত ২৫ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৬ এম


ইরান যুদ্ধের পর হরমুজে ১৩৪ হামলা, নিহত ২৫ নাবিক

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি এবং মধ্যপ্রাচ্যের বিস্তৃত সমুদ্র এলাকায় ১৩৪টি হামলার ঘটনা ঘটেছে। এই হামলাগুলোর ফলে ২৫ জন নাবিক নিহত হয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে যুদ্ধের সূচনা থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব হামলার ঘটনা ঘটেছে। সমুদ্রপথে নিরাপত্তাহীনতার কারণে জ্বালানি, পরিবহন এবং বিমা ব্যয়ের বৃদ্ধি ঘটছে। পাশাপাশি, বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তাও বিপন্ন হচ্ছে।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি এসব তথ্য তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) পরিসংখ্যানের ভিত্তিতে জানান, ১১ নভেম্বর পর্যন্ত বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।

খালেদ খিয়ারি উল্লেখ করেন, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর অক্টোবর মাসে বাণিজ্যিক জাহাজে হামলার সংখ্যা সর্বাধিক ছিল। সমুদ্রপথে অব্যাহত বিঘ্নের কারণে জ্বালানি ও পণ্য পরিবহনের খরচ এবং বিমা ব্যয় বৃদ্ধি পাচ্ছে, যা বৈশ্বিক খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় হুমকি।

তিনি আরও বলেন, এই পরিস্থিতিকে নতুন স্বাভাবিক অবস্থা হিসেবে মেনে নেওয়া উচিত নয়। বেসামরিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং নিরাপদে সমুদ্রপথে চলাচল নিশ্চিত করা প্রয়োজন।

একই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে চলাচল বিঘ্নিত হওয়ায় প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জাহাজে আটকা পড়েছেন ২৩ হাজারের বেশি নাবিক।

বাহরাইনের প্রতিনিধি অভিযোগ করেন, ইরান সমুদ্রপথের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে সমুদ্রের তলদেশে থাকা যোগাযোগের তার, তথ্যকেন্দ্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-সংশ্লিষ্ট স্থাপনা।

এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে। ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালির আল্পসে কেএফসি, ঐতিহ্য নষ্টের আশঙ্কায় স্থানীয়দের আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


ইতালির আল্পসে কেএফসি, ঐতিহ্য নষ্টের আশঙ্কায় স্থানীয়দের আপত্তি

মার্কিন ফাস্টফুড চেইন কেএফসি ইতালির আল্পস পর্বতমালার জনপ্রিয় দুটি স্কি রিসোর্ট শহরে রেস্টুরেন্ট খুলতে যাচ্ছে। তবে এই উদ্যোগের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে অসন্তোষ প্রকাশিত হয়েছে। তারা মনে করছেন, কেএফসির মতো ফাস্টফুড রেস্টুরেন্ট পাহাড়ি এলাকার প্রাকৃতিক পরিবেশ, সংস্কৃতি এবং খাবারের ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়।

ফক্স নিউজের তথ্য অনুযায়ী, কেএফসি আগামী ৫ ডিসেম্বর ইতালির কর্টিনা ডি'অ্যাম্পেজ্জো ও ম্যাডোনা ডি ক্যাম্পিগলিও শহরে দুটি রেস্টুরেন্ট চালু করবে। উত্তর ইতালির ডলোমাইট পর্বতমালার এই দুই শহর স্কি করার জন্য পরিচিত।

কর্টিনা ডি'অ্যাম্পেজ্জোতে কেএফসির শাখাটি ফালোরিয়া মাউন্টেন ক্লাবে ২ হাজার ১২৩ মিটার উচ্চতায় স্থাপন করা হবে। অন্যদিকে, ম্যাডোনা ডি ক্যাম্পিগলিওর শাখাটি পিয়ানা ডি নামবিনো এলাকায় ১ হাজার ৭০০ মিটার উচ্চতায় খোলা হবে। এটি ইতালির স্কি ট্রেইলে প্রথম ফাস্টফুড চেইনের রেস্তোরাঁ হিসেবে পরিচিত হবে।

কেএফসি ইতালির বিভিন্ন পর্যটনকেন্দ্রে অ্যাপ্রে-স্কি বার পরিচালনাকারী প্রতিষ্ঠান সুপার জির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই দুটি রেস্টুরেন্ট চালু করছে। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই উদ্যোগের সমালোচনা করেছেন। তারা বলেছেন, পাহাড়ের প্রাকৃতিক পরিবেশে কেএফসির মতো ফাস্টফুড রেস্টুরেন্টের প্রয়োজন নেই। কিছু লোক আশঙ্কা প্রকাশ করেছেন যে, ভাজা মুরগির গন্ধ বন্যপ্রাণীকে বিরক্ত করতে পারে।

কন্টেন্ট ক্রিয়েটর মাত্তেও পেরোনিও এই উদ্যোগের সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, পাহাড়ের মতো প্রাকৃতিক পরিবেশে ফাস্টফুড রেস্টুরেন্ট কতটা উপযুক্ত এবং এটি বন্যপ্রাণীর ওপর কী প্রভাব ফেলতে পারে।

কিন্তু কেএফসি জানায়, তারা যেসব এলাকায় ব্যবসা পরিচালনা করে, সেখানকার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চায়। প্রতিষ্ঠানটি কর্টিনা ডি'অ্যাম্পেজ্জো ও ম্যাডোনা ডি ক্যাম্পিগলিওর স্থানীয় বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করছে।

অন্যদিকে, ইতালির সংবাদমাধ্যম করিয়েরে দেলা সেরা বলছে, স্কি করতে আসা পর্যটকদের জন্য এই রেস্টুরেন্ট দুটি দ্রুত এবং তুলনামূলক সাশ্রয়ী খাবারের সুযোগ তৈরি করতে পারে। স্কি রিসোর্টের অনেক হোটেলে ইতিমধ্যেই দ্রুত খাবার পরিবেশনের ব্যবস্থা রয়েছে।

খাদ্য ইতিহাসবিদ কলিন ক্যাপলানের মতে, এই বিরোধের মূল কারণ স্থানীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়। ইতালির ওই অঞ্চলের খাবারে পাস্তা, ডাম্পলিং, মাংস ও পনিরের মতো ঐতিহ্যবাহী উপাদানের প্রাধান্য রয়েছে। দীর্ঘদিন ধরে জার্মানি ও অস্ট্রিয়ার খাবারের সংস্কৃতির প্রভাবও সেখানকার রান্নায় দেখা যায়।

তিনি আরও বলেন, জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রগুলোতে আসা অনেক পর্যটক বড় শহরের ব্যস্ততা ও বাণিজ্যিক পরিবেশ থেকে দূরে সময় কাটাতে চান। তাই পাহাড়ি এলাকায় আন্তর্জাতিক ফাস্টফুড চেইনের উপস্থিতি তাদের কাছে অস্বস্তিকর মনে হতে পারে।

তবে স্কি রিসোর্টে ফাস্টফুড রেস্টুরেন্ট চালানোর নজির রয়েছে। সুইডেনের স্যালেনে ১৯৯৬ সাল থেকে ম্যাকডোনাল্ডসের একটি শাখা চালু রয়েছে, যেখানে স্কি করতে করতেই খাবার সংগ্রহের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসিবিতে সুপার সেল কার বাজারে গাড়ির ক্রেতাদের ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৭ এম


আইসিসিবিতে সুপার সেল কার বাজারে গাড়ির ক্রেতাদের ভিড়

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রতি শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে সুপার সেল কার বাজার। গত ৯ সপ্তাহের সাফল্যের পর গতকাল দশম সপ্তাহের জন্য গাড়ি কেনাবেচার এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে এই ব্যতিক্রমী আয়োজন, যেখানে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এক ছাদের নিচে কেনাবেচার সুযোগ রয়েছে। গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বাজার প্রতি শুক্রবার নিয়মিতভাবে বসছে। এখানে ক্রেতারা ঝক্কিঝামেলা ছাড়াই পছন্দের বাইক কিংবা গাড়ি কিনতে সক্ষম হচ্ছেন। প্রয়োজনে নিজের ব্যবহৃত বাইক বা চার চাকার গাড়িও বিক্রি করা সম্ভব হচ্ছে।

উইজার্ড শোবিজ এবং আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এই কার বাজারে ক্রেতা-বিক্রেতারা এক জায়গায় নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি কেনাবেচার সুযোগ পাচ্ছেন। সুপার সেল কার বাজারে প্রতি সপ্তাহে নতুন নতুন ব্র্যান্ড যুক্ত হচ্ছে। এখানে বিক্রেতারা দরদাম করছেন, আবার কেউ কেউ ব্যাংকের প্রতিনিধির কাছে জানতে চাইছেন গাড়ি কিনতে কত টাকা ঋণ পাওয়া যাবে। গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের উৎসাহ-উদ্দীপনা ও ব্যস্ততায় বাজারটি প্রাণবন্ত হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা তাঁদের গাড়ি নিয়ে এখানে এসেছেন এবং বিপুলসংখ্যক ক্রেতা ও দর্শনার্থীর সমাগম ঘটেছে।

আয়োজকরা জানিয়েছেন, সুপার সেল কার বাজারে এক ছাতার নিচে সব ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে। সাধারণ শোরুমে আলাদাভাবে গাড়ি দেখার পরিবর্তে ক্রেতারা একই ছাদের নিচে নতুন, পুরনো ও রিকন্ডিশন্ড সব ধরনের গাড়ি দেখতে পাচ্ছেন। এতে প্রায় ৫০টির মতো শোরুমে ঘুরে গাড়ি দেখার অভিজ্ঞতা ক্রেতারা এক জায়গায় বসেই পাচ্ছেন।

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান মোল্লা বলেছেন, কার বাজারে বিপুলসংখ্যক দর্শনার্থী ও ক্রেতার সাড়া পাওয়া যাচ্ছে। বাংলাদেশের অটোমোবাইল বাজারে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ‘সুপার সেল কার বাজার’ সেই চাহিদা পূরণে একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ক্রেতারা এক জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন সম্পর্কে জানার এবং তুলনা করার সুযোগ পাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজার একর জমিতে সেচ সংকট, কহুয়া নদী মরা খালে পরিণত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:২৮ এম


হাজার একর জমিতে সেচ সংকট, কহুয়া নদী মরা খালে পরিণত

একসময়ের খরস্রোতা কহুয়া নদী দীর্ঘদিন ধরে খনন ও সংস্কারের অভাবে নাব্যতা হারিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই নদীতে বর্তমানে কোনো স্বাভাবিক পানিপ্রবাহ নেই। পলি জমা, ময়লা-আবর্জনা এবং দখল-দূষণের কারণে নদীটি ভরাট হয়ে যাওয়ার ফলে শুষ্ক মৌসুমে তীব্র সেচ সংকট দেখা দিয়েছে। এর ফলে স্থানীয় কৃষকরা নিজেদের অর্থায়নে কৃত্রিম বাঁধ দিয়ে সেচের পানির ব্যবস্থা করছেন যাতে বোরো আবাদ টিকিয়ে রাখা যায়।

ফেনী জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মুহুরী নদীর মোহনা থেকে উৎপত্তি হওয়া কহুয়া নদীর গড়প্রস্থ ২৬ মিটার, গভীরতা পাঁচ মিটার এবং অববাহিকার আয়তন ৬৫ বর্গকিলোমিটার। একসময় এই নদীর বুক চিরে পালতোলা নৌকা ও পণ্যবাহী ট্রলার চলাচল করত। কিন্তু বর্তমানে নদীর অধিকাংশ স্থানে চর জেগে উঠেছে, কোথাও হাঁটুপানি, আবার কোথাও তা সরু নালায় রূপ নিয়েছে। শুকিয়ে যাওয়া নদীর বুকে এখন শিশুরা খেলাধুলা করে।

সরেজমিনে দেখা যায়, নদীর উত্তর কোলাপাড়া অংশের পূর্ব দিকে প্রায় দুই কিলোমিটার এলাকা শুকিয়ে সরু খালে পরিণত হয়েছে। পরশুরাম উত্তর বাজারের খন্দকিয়া সেতুর নিচে ময়লা-আবর্জনা জমে পানির গতিপথ রুদ্ধ হয়ে আছে। এছাড়া উত্তর কোলাপাড়ার পরিত্যক্ত রেলসেতুর পাথর নদীগর্ভে পড়ে থাকায়, স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, কাউতলী গ্রামসংলগ্ন মুহুরী ও কহুয়া নদীর মোহনা থেকে অপরিকল্পিত ও অতিরিক্ত বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। মুহুরী নদীর গভীরতা বেড়ে যাওয়ায়, কহুয়া নদীতে পানি প্রবেশ করতে পারছে না। পাশাপাশি উজানে ভারতের অংশে বাঁধ দিয়ে পানি আটকে রাখার অভিযোগও রয়েছে। ফলে পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় এক হাজার একর জমির বোরো আবাদ হুমকির মুখে পড়েছে।

পূর্ব ঘনিয়া মোড়া গ্রামের কৃষক মনির হোসেন জানান, প্রতি বছর বোরো মৌসুমে সেচের পানির তীব্র সংকট দেখা দেয়। বাধ্য হয়ে কৃষকরা চাঁদা তুলে মুহুরী নদীর মোহনায় অস্থায়ী বাঁধ নির্মাণ করে কহুয়া নদীতে পানি আনার ব্যবস্থা করেন। নদীতে স্বাভাবিক প্রবাহ থাকলে, কৃষকদের এই বাড়তি খরচ ও ভোগান্তি পোহাতে হতো না।

বিআরডিবির চেয়ারম্যান ও দক্ষিণ কোলাপাড়া গ্রামের বাসিন্দা আবু তালেব রিপন বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত নদীটি ভরাট হয়ে যাওয়ায়, একদিকে শুষ্ক মৌসুমে পানির অভাব, অন্যদিকে বর্ষায় পাহাড়ি ঢলে দুই কূল উপচে ফসলি জমি, পুকুরের মাছ ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দ্রুত খনন করা না হলে নদীটি মানচিত্র থেকে হারিয়ে যাবে।

পরশুরাম উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বক্সমাহমুদ ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ জমিতে কহুয়া নদীর পানি দিয়ে ধান ও সবজি চাষ হয়। নদী শুকিয়ে যাওয়ায়, কৃষকরা কৃত্রিম বাঁধের মাধ্যমে সেচকাজ চালাচ্ছেন।

তবে নদীটি পুনরুদ্ধারে আশার কথা শুনিয়েছে ফেনী পানি উন্নয়ন বোর্ড। পাউবোর নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, সম্প্রতি একনেকে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প’ অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের আওতায় ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন এবং ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কহুয়া নদী আবার তার স্বাভাবিক রূপ ফিরে পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%