বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৩৮ পি.এম
বলিউড অভিনেতা রণবীর সিং সঞ্জয় লীলা বানসালীর ‘পদ্মাবত’ সিনেমায় আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেন। এই নিষ্ঠুর শাসকের চরিত্রটি পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তিনি ব্যাপক পরিশ্রম করেন। তবে সিনেমাটির একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি একটি কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হন। সহঅভিনেতা রাজা মুরাদের কাছ থেকে তাকে একে একে ২৪টি চড় খেতে হয়েছিল।
সম্প্রতি রাজা মুরাদ একটি সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, ‘পদ্মাবত’ সিনেমার একটি দৃশ্যে রণবীরকে চড় মারতে হয়েছিল। পরিচালকের পছন্দ অনুযায়ী দৃশ্যটি ধারণ করা যাচ্ছিল না, তাই বারবার শুটিং করতে হয়। প্রতিবারই রণবীরকে সত্যিকারের চড় মারছিলেন তিনি।
রাজা মুরাদ বলেন, ‘আমি সত্যিই ওকে চড় মারছিলাম। মোট ২৪ বার দৃশ্যটির শুটিং হয়েছিল। সঞ্জয় চাইছিলেন, চড়ের শব্দ যেন জোরে শোনা যায়। কিন্তু কিছুতেই তার মনমতো হচ্ছিল না।’
পরিচালকের নির্দেশে একই দৃশ্যের বারবার শুটিং করতে হয়েছিল বলে জানান রাজা। তার ভাষায়, ‘রণবীরের কেমন লাগছে, তা নিয়ে সঞ্জয় একেবারেই ভাবিত ছিলেন না। বারবার বলছিলেন, রাজা, মারুন! আরো একবার মারুন। শেষ পর্যন্ত রণবীরের গাল ফুলে গিয়েছিল। ও জানিয়েছিল, ওর বেশ কষ্ট হচ্ছে। শুধু মনের জোরে দাঁড়িয়ে ছিল।’
এ অভিজ্ঞতার কথা বলার পাশাপাশি রণবীরের পেশাদারি ও কাজের প্রতি একাগ্রতার প্রশংসাও করেন রাজা মুরাদ। তার মতে, শুটিংয়ের সময় রণবীর পুরোপুরি চরিত্রের মধ্যে ডুবে থাকতেন। অন্যদের সঙ্গে কথা না বলে নিজের অভিনয়েই মনোযোগ দিতেন। রণবীরের এই আচরণ বোঝাতে গিয়ে রাজা তাকে খাঁচায় বন্দি সিংহের সঙ্গে তুলনা করেন।
রণবীরের অভিনয়প্রতিভা নিয়েও প্রশংসা করেন রাজা। তার মতে, হিন্দি সিনেমার ইতিহাসে রণবীরের মতো দক্ষ অভিনেতা খুব বেশি আসেননি। তাকে অন্যতম সেরা অভিনেতাদের একজন বলেও উল্লেখ করেন রাজা।
২০১৮ সালে মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালীর পরিচালিত ‘পদ্মাবত’। ছবিতে রানি পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন, মহারাওয়াল রতন সিংয়ের চরিত্রে ছিলেন শহীদ কাপুর। আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর সিংয়ের অভিনয় ছবিটির অন্যতম আলোচিত দিক হয়ে ওঠে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে এলজিইডি‘র আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপী ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিরা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম। তিনি উল্লেখ করেন, "রাজশাহীকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার যে সুন্দর পরিবেশ ও উদ্যোগ আমরা দেখেছি, তা সত্যিই প্রশংসনীয়। রাসিক প্রশাসক মাহফুজুর রহমানের নেতৃত্বে রাজশাহী এগিয়ে যাচ্ছে। রাজশাহী সফরের এই অভিজ্ঞতা ও অর্জন গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রমে কাজে লাগাতে চাই।"
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো, প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান, রাসিকের সচিব সোহেল রানা এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।
তিন দিনব্যাপী এ কর্মশালায় গ্রিন ও ক্লিন সিটি হিসেবে পরিচিত রাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ ছাড়া এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরাও কর্মশালায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিন দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গোসহ অন্যান্য অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
কর্মশালার অংশ হিসেবে গত ২৪ নভেম্বর রাতে হোটেল গ্র্যান্ড রিভারভিউতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং এলজিইডি‘র ইউডিসিজিপি‘র উদ্যোগে ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশের সব সিটি কর্পোরেশনের মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনকে পুরস্কৃত করা হয়। আনুষ্ঠানিকভাবে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিরা এ পুরস্কার তুলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সম্প্রতি, একটি অসাধু ও স্বার্থান্বেষী চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর চেষ্টা করছে, যা তার ব্যক্তিগত এবং পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে। এই চক্রটি গর্হিত ও আইনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে, যা হীন স্বার্থ চরিতার্থ করার জন্য করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়, তথ্য অধিদপ্তরের একজন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসারের স্বাক্ষর জাল করে তার নামে সরকারের উচ্চতর দপ্তরে বিভ্রান্তিকর চিঠি প্রেরণ করা হয়েছে। এই চিঠিটি বানোয়াট ও ষড়যন্ত্রমূলক, এবং উক্ত কর্মকর্তা এ বিষয়ে কিছুই জানেন না।
এতে আরো বলা হয়েছে, মাহবুবা ফারজানা বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তিনি ১৯৯৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন এবং ৩২ বছরের কর্মজীবনে নিষ্ঠা, সততা ও পেশাদারির সাথে দায়িত্ব পালন করেছেন। অথচ, এই দীর্ঘ কর্মজীবনের প্রায় ২৬ বছর তাকে এন্ট্রি লেভেল, সিনিয়র সহকারী সচিব ও উপসচিব পদে দায়িত্ব পালন করতে হয়েছে। বিগত আমলে মোট আটবার তাকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি, ছয় বছর তিনি নিজের চেয়ে তিন ব্যাচের জুনিয়র কর্মকর্তাদের অধীনেও কাজ করেছেন।
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর অবশেষে তার বিষয়টি পর্যালোচনা করে নিয়ম অনুযায়ী পদোন্নতির মাধ্যমে তিনি প্রশাসনের সর্বোচ্চ ‘সচিব’ পদ অলংকৃত করেন। সচিব হিসেবে দায়িত্ব পালনে গত দুই বছরে তিনি সর্বোচ্চ সততা, নিষ্ঠা, নিয়মনীতি, বিধিবিধান ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়ে কাজ করেছেন। তথ্য মন্ত্রণালয়কে তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পরিচ্ছন্ন প্রশাসনিক কাঠামোর মধ্যে পরিচালিত করার চেষ্টা করেছেন। সচিব তার ওপর অর্পিত দায়িত্ব Rules of Business অনুযায়ী পালন করেছেন। অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমেও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করেছেন। তিনি কোনো বিশেষ গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেওয়ার সুযোগ দেননি, এবং প্রশাসনিক নিয়মের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করেননি।
দীর্ঘ কর্মজীবনের শেষ প্রান্তে এসেও তিনি সর্বোচ্চ পেশাদারি, সততা ও সুনামের সাথে তার ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। একজন উচ্চপদস্থ ও মর্যাদাসম্পন্ন কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের বানোয়াট অপপ্রচার কেবল অনভিপ্রেত নয়, বরং এটি রাষ্ট্রীয় প্রশাসনের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস।
তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই অপপ্রচারের প্রতিবাদ জানানো হচ্ছে। সংশ্লিষ্ট স্বার্থান্বেষী মহলকে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে অবিলম্বে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে। অন্যথায়, এই অপপ্রচারের সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের মোগলাবাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের নিচতলায় অগ্নিকাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা। আগুনে দুটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এই ঘটনা ঘটে বুধবার দিবাগত রাত ২টার দিকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরিহিত এক যুবক গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের বারান্দায় গ্রিলের ভেতরে কেরোসিন ঢেলে আগুন লাগাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, ব্যাংকের বারান্দায় আগুন জ্বলছে। তবে ওই যুবকের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, গ্রামীণ ব্যাংকের কার্যালয় দ্বিতল ভবনের উপরের তলায় অবস্থিত। নিচ তলায় কেয়ারটেকার থাকেন। আগুনটি ভবনের বারান্দায় দেওয়া হয়েছিল। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কেয়ারটেকার একটি জিডি করেছেন। নাশকতাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
এছাড়া, উল্লেখযোগ্য যে, গত ১৫ নভেম্বর ভোররাতে নগরীর উপশহরে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ের পেছনের কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ওই কক্ষের ভেতরে থাকা কিছু নথিপত্র এবং বাহিরে পার্ক করা জোনাল অফিসারের গাড়ির সামনের অংশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ অর্জন করেছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রৌপ্য পদক অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠানটি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন আকিজ এগ্রো ফিড লিমিটেডের পক্ষে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। বুধবার (২৬ নভেম্বর ২০২৬) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান থেকে এই পুরস্কার প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ এগ্রো ফিড লিমিটেডের হেড অব অপারেশন্স মো. শাহীন শরীফ ও হেড অব প্ল্যান্ট ইঞ্জি. মো. আবদুল হাকিম এবং আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমীন, আকিজ এগ্রো ফিড লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আরিফুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পদক অর্জনের প্রতিক্রিয়ায় আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, “জাতীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গর্ব ও অনুপ্রেরণার বিষয়। মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে আমাদের সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এ অর্জন। ভবিষ্যতেও গুণগত মান, উদ্ভাবন ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতে আরও কার্যকর অবদান রাখাই আমাদের লক্ষ্য।”
আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, “জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন আমাদের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ স্বীকৃতি দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সমৃদ্ধি, দায়িত্বশীল শিল্পায়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি গুণগত মান ও ব্যবসায়িক উৎকর্ষ অর্জনে আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।”
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিকায়ন এবং এ খাতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবদানকে উৎসাহিত করার লক্ষ্যে সরকার প্রতিবছর জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করে থাকে। এ স্বীকৃতি আকিজ এগ্রো ফিডের গুণগত মান বজায় রাখা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দেশের প্রাণিসম্পদ শিল্পের টেকসই উন্নয়নে অবদান রাখার প্রচেষ্টাকে আরও অনুপ্রাণিত করবে।
আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে উন্নতমানের পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাদ্য উৎপাদন ও সরবরাহ করে প্রান্তিক খামারিদের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি জাতীয় উন্নয়নে অবদান রাখছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ