ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

তুরস্কে ভারি বৃষ্টিতে বন্যা: নিহত ২, ছয় প্রদেশে স্কুল বন্ধ


তুরস্কে ভারি বৃষ্টিতে বন্যা: নিহত ২, ছয় প্রদেশে স্কুল বন্ধ

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। বন্যার ফলে সড়ক ও বাড়িঘর ডুবে গেছে এবং বহু যানবাহন আটকে পড়েছে। এছাড়া, পরিস্থিতির অবনতি হওয়ায় ইস্তাম্বুলসহ ছয়টি প্রদেশে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি আজ বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। এই সময় উদ্ধারকারী দলগুলো সড়ক থেকে পানি সরানোর পাশাপাশি ভূমিধস মোকাবেলা এবং পানিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।

ইস্তাম্বুল মেট্রোপলিটন পৌরসভার (আইএমএম) তথ্য অনুযায়ী, শহরের বেয়কোজ এলাকায় ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি ১৯৮৫ সালের পর শহরের সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনাগুলোর একটি। আইয়ুপসুলতানে ১৯০ দশমিক ৫ মিলিমিটার এবং সারিয়েরে ১৮৭ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুন: ওরেগনে স্কুলে গুলিবর্ষণ, হামলাকারীকে থামালেন শিক্ষক ও বাবা

পৌরসভা জানিয়েছে, বন্যা ও দুর্যোগসংক্রান্ত ৬ হাজার ৯৩৭টি জরুরি প্রতিবেদন তারা পেয়েছে। অন্যদিকে, ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় বুধবারের বৃষ্টিতে ১ হাজার ২৭৭টি বন্যার ঘটনা, ১৫টি ভূমিধস এবং ৪৭ জনের আটকে পড়ার তথ্য নথিভুক্ত করেছে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ জরুরি উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। একই সঙ্গে বাসিন্দাদের ঘরে থাকার এবং ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।

ভারী বৃষ্টির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৪ বছর বয়সী এক কিশোরসহ দুজন নিহত হয়েছেন। বন্যার পানিতে ডুবে থাকা সড়কে দুর্ঘটনার শিকার হয়ে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।

এদিকে, ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে। শহরের প্রধান দুটি বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটায় অবতরণ করতে না পারা ৪৩টি ফ্লাইটকে অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। বন্যার কারণে মেট্রো স্টেশন, আন্ডারপাস এবং প্রধান সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ভারতের তরুণদের অবস্থা নিয়ে জাতিসংঘের প্রতিবেদকের অভিযোগ প্রত্যাখ্যান

তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয় জানিয়েছে, ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ৪৩টি বিমান বিকল্প বিমানবন্দরে চলে যায়। এর মধ্যে ৩৯টি ফ্লাইট তুরস্কের অভ্যন্তরে এবং চারটি ফ্লাইট দেশের বাইরে পাঠানো হয়েছে।

প্রচণ্ড বাতাস ও বাতাসের গতির আকস্মিক পরিবর্তনের কারণে সাবিহা গোকচেন বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এ ধরনের পরিস্থিতিকে ‘উইন্ড শিয়ার’ বলা হয়, যা বিমান উড্ডয়ন ও অবতরণের সময় ঝুঁকি তৈরি করতে পারে। বুধবার রাত ১০টা ২ মিনিটে ওই বিমানবন্দরে আবার ফ্লাইট চলাচল শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সৌদি দাবিকে ‘নির্জলা মিথ্যাচার’ বললেন হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


মদিনার দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সৌদি দাবিকে ‘নির্জলা মিথ্যাচার’ বললেন হুথিরা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। এর আগে সৌদি আরব জানিয়েছিল যে, তাদের প্রতিরক্ষা বাহিনী মদিনার দিকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

বার্তা সংস্থা এএফপির রিপোর্ট অনুযায়ী, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেছেন যে, তারা ওই দিন সৌদি ভূখণ্ডে কোনো ধরনের অভিযান পরিচালনা করেনি।

তিনি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে, আজ সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কোনো অভিযান চালানো হয়নি। মদিনায় হামলার বিষয়ে সৌদি শত্রুপক্ষের দাবি নির্লজ্জ ও প্রকাশ্য মিথ্যাচার।’

এদিকে, সৌদি আরবের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিহতের যে দাবি করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার ও বান্দরবানে ৩৫৭ দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


কক্সবাজার ও বান্দরবানে ৩৫৭ দুর্গাপূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে কক্সবাজার ও বান্দরবান জেলার ৩৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এর মধ্যে কক্সবাজারে ৩২৪টি এবং বান্দরবানে ৩৩টি পূজামণ্ডপ রয়েছে। উৎসবের সময় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ব্যাটালিয়নটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-১৫-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুর্গাপূজা উপলক্ষে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপসহ সকল মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কক্সবাজার ও বান্দরবান জেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এসআরবি-১৫ মোবাইল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশেষ তৎপরতা ও নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় এসআরবি-১৫-এর সদস্যরা নিয়মিত টহল, মোটরসাইকেল পেট্রোলিং এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে নিয়োজিত থাকবেন। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পূজাকেন্দ্রিক গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো প্রতিরোধে অনলাইন মনিটরিং সেল সক্রিয় থাকবে। একই সঙ্গে পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং ও হয়রানি প্রতিরোধে জোরদার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রক্ষা করা হচ্ছে। যৌথ উদ্যোগে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। জরুরি পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে এসআরবি-১৫।

এসআরবি-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত পাওয়া তথ্যে কোনো ধরনের নাশকতার তথ্য বা আশঙ্কা নেই। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও সার্বিক প্রস্তুতি অব্যাহত থাকবে। ব্যাটালিয়ন সদরে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। কোনো স্থানে সন্দেহজনক তৎপরতা বা অপ্রীতিকর ঘটনার আলামত দেখা গেলে দ্রুত এসআরবি-১৫-কে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা হয়। তিনি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সবার শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২৮১৩ মামলা করেছে ডিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২৮১৩ মামলা করেছে ডিএমপি

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৮১৩টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগের সূত্র অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি এবং ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ১৮টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি এবং ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি এবং ২১৫টি মোটরসাইকেলসহ মোট ৪২৩টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪টি বাস, ৩৩টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি এবং ১৪৯টি মোটরসাইকেলসহ মোট ৩৯৫টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি এবং ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২২টি বাস, ১৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি এবং ১৭৬টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭টি মামলা করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৯টি বাস, ১২টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি এবং ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৪০৬টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫৪টি বাস, ২৫টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি এবং ২৬৬টি মোটরসাইকেলসহ মোট ৭৭০টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া, অভিযান চলাকালে ৬৯৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার, ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে নির্দেশনামূলক সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


আলফাডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে নির্দেশনামূলক সমাবেশ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ফরিদপুরের আলফাডাঙ্গায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক নির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। এতে বক্তব্য দেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার।
সমাবেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আনসার সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ সময় উপজেলা আনসার ও ভিডিপির টিআই অর্পনা রানী ঘোষ, দলনেতা লাল মিয়াসহ দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিদা খাতুন জানান, উপজেলার ৪৩টি পূজামণ্ডপের মধ্যে ছয়টিকে অধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৩৭টি মণ্ডপকে গুরুত্বপূর্ণ ও সাধারণ শ্রেণিতে রাখা হয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তায় ২৭০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%