০৯:২১ এম
স্পেনের তরুণ তারকা ফুটবলার লামিন ইয়ামাল মাঠের পারফরম্যান্সের মাধ্যমে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন। স্পেনের বিশ্বকাপ জয়ের বড় ভরসা থাকলেও সদা অকপট ইয়ামাল বলেছেন যে তিনি কখনো তারকা হওয়ার কোনো বাড়তি চাপ অনুভব করেন না। তার কাছে দেশের জন্য খেলা এবং নিজের সেরাটা দেওয়ার লক্ষ্যই মুখ্য। তবে সম্প্রতি তার বান্ধবী ইনেস গার্সিয়ার করা একটি অদ্ভুত প্রকাশ্য আবদার ইয়ামালের ওপর ভিন্ন চাপ তৈরি করেছে। এই দাবিটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে।
ফুটবল বিশ্বকাপে এবারে ফিফা বেশ কিছু বড় পরিবর্তন নিয়ে এসেছে। এর মধ্যে অন্যতম হলো ফাইনাল ম্যাচের মাঝখানে ১১ মিনিটের জমকালো 'হাফটাইম শো'। যেখানে পারফর্ম করার জন্য নাম রয়েছে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরাসহ বিটিএস, কোল্ডপ্লে, ম্যাডোনা এবং কানাডীয়ান গায়ক জাস্টিন বিবারের। এই তালিকায় জাস্টিন বিবারের নাম থাকাই মূলত আলোচনার কেন্দ্রে চলে এসেছে, কারণ ইয়ামালের বান্ধবী ইনেস গার্সিয়া এই পপ তারকার একজন অন্ধ ভক্ত।
ইনেস গার্সিয়া তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, যাতে তিনি স্প্যানিশ তারকা ইয়ামালের উদ্দেশ্যে বিশ্বকাপের ফাইনালে উঠানোর অনুরোধ জানান। তবে তার এই বার্তার মূল উদ্দেশ্য ফুটবলীয় গৌরব অর্জন করা নয়, বরং গ্যালারিতে বসে জাস্টিন বিবারের লাইভ পারফরম্যান্স উপভোগ করা। এই পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং বিতর্ক শুরু হয়ে যায়।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক: বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সনাতনপন্থী ফুটবল অনুরাগীরা এই পোস্টের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, ফুটবল বিশ্বকাপের ফাইনালের মতো একটি মর্যাদাপূর্ণ ট্রফি জেতার চেয়ে একজন পপ তারকার কনসার্ট দেখা বান্ধবীর কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা ফুটবলকে ছোট করার শামিল। অনেকে আবার ফুটবল বিশ্বকাপের এই সংস্কৃতির সমালোচনা করে বলছেন, ফুটবল টুর্নামেন্টটি এখন অতিরিক্ত মাত্রায় বাণিজ্যিক বিনোদনের রূপ নিচ্ছে।
ইয়ামাল এতদিন কোনো চাপ অনুভব করেননি, তবে বান্ধবীর প্রকাশ্য আবদার পর মাঠের লড়াইয়ে তার মানসিকতায় কোনো প্রভাব পড়বে কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে স্পেনের ফাইনালের পথ এখনো অনেক বাকি রয়েছে। এবারের টুর্নামেন্টে ফেবারিট হিসেবে খেলতে নামলেও স্প্যানিশ দলটির পারফরম্যান্স এখনো পুরোপুরি প্রত্যাশা অনুযায়ী হয়নি। কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী বেলজিয়ামের, যারা স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে। ফলে ইনেস গার্সিয়ার জাস্টিন বিবারকে দেখার স্বপ্ন পূরণ করতে হলে স্পেনের ফুটবলারদের মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা উজার করে দিতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন