১২:২০ এম
মা ইলিশ রক্ষায় শুরু হচ্ছে ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা। আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ বন্ধ রাখতে জেলে ও সাধারণ মানুষকে সচেতন করতে পিরোজপুরের মঠবাড়িয়ায় নদীপথে নেমেছে উপজেলা মৎস্য বিভাগ। ‘মা ইলিশ রক্ষা করি, সোনালি ইলিশে দেশ ভরি’—স্লোগানে বলেশ্বর নদীসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় চলছে পথসভা ও প্রচার-প্রচারণা।
উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে জেলে ও স্থানীয় বাসিন্দাদের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়। এ সময় হ্যান্ডবিল, ব্যানার ও ফেস্টুন বিতরণ করা হয়।
মৎস্য বিভাগ জানায়, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরলে বা অবৈধ জাল ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা ও ২ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।
আরও পড়ুন: নোয়াখালীতে দোকানে ঢুকে জামায়াত কর্মীকে গুলি করলো মুখোশধারীরা
এদিকে স্থানীয়দের অভিযোগ, তুষখালী, কাটাখাল, মাছুয়া, জলাঘাটা ও সাংরাইলসহ কয়েকটি এলাকায় নিষেধাজ্ঞার সময় অবৈধভাবে মা ইলিশ ধরার প্রবণতা রয়েছে। একটি সংঘবদ্ধ চক্র জেলেদের এ কাজে সহযোগিতা করে বলেও অভিযোগ রয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এসব ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন