কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৩৬ এম
ফরিদপুরের আলফাডাঙ্গার কৃতী শিক্ষার্থী রিয়ন খান একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছে। দেশের খ্যাতনামা দুই শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ কলেজের ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করে উভয় প্রতিষ্ঠানেই ভর্তির সুযোগ পেয়েছে সে। তার এ অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের সুবাতাস।
রিয়ন খান উপজেলার মালা গ্রামের বাসিন্দা। সে ১৯ নম্বর মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানার জ্যেষ্ঠ সন্তান। তার মা রেশমি খানম গৃহিণী।
১৯ নম্বর মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই রিয়নের শিক্ষাজীবনের হাতেখড়ি। পরে সে কাশিয়ানী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। ওই বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে রিয়ন।
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এবার নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ কলেজে ছিল তীব্র প্রতিযোগিতা। গত ১০ সেপ্টেম্বর নটরডেম কলেজ এবং ১১ সেপ্টেম্বর সেন্ট জোসেফ কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শত শত মেধাবী শিক্ষার্থীর প্রতিযোগিতার মধ্য দিয়ে দুই প্রতিষ্ঠানেই ভর্তির সুযোগ পায় রিয়ন।
ভর্তি পরীক্ষায় নটরডেম কলেজে দ্বিতীয় এবং সেন্ট জোসেফ কলেজে ২৪৫তম স্থান অর্জন করেছে সে।
রিয়নের বাবা সোহেল রানা বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে আমার ছেলে নটরডেম ও সেন্ট জোসেফ কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তার এ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। পরবর্তী শিক্ষাজীবনেও সে যেন ভালো ফলাফল করতে পারে, এজন্য সবার কাছে দোয়া চাই।
মা রেশমি খানম বলেন, ছেলের এ সাফল্যে আমরা খুবই আনন্দিত। ছোটবেলা থেকেই রিয়ন পড়াশোনার প্রতি মনোযোগী। তার এ অর্জনের পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও সবার দোয়া রয়েছে। ভবিষ্যতে সে যেন একজন ভালো মানুষ হয়ে দেশের জন্য কিছু করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।
কৃতী শিক্ষার্থী রিয়ন খান বলে, ভবিষ্যতে আমি জ্যোতিঃপদার্থবিজ্ঞানী হতে চাই। মহাকাশ ও মহাবিশ্বের রহস্য নিয়ে গবেষণা করা আমার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে সবার দোয়া ও শুভকামনা চাই।
রিয়নের সাফল্যে তার শিক্ষক, সহপাঠী, স্বজন ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, প্রত্যন্ত এলাকার একজন শিক্ষার্থীর এমন অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে অনুপ্রেরণা জোগাবে।
মেধা, অধ্যবসায় ও স্বপ্নকে সঙ্গী করে রিয়ন এখন এগিয়ে যেতে চায় মহাকাশের অজানা জগতের পথে। তার স্বপ্ন একদিন গবেষণার মাধ্যমে মহাবিশ্বের রহস্য উন্মোচনে অবদান রাখা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরে তিন বিচারককে অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে জেলা আইনজীবী সমিতির সদস্যরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতির ব্যানারে আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
এর আগে, গত ৯ সেপ্টেম্বর সমিতির এক জরুরি সাধারণ সভায় ওই তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ ও ১৪ সেপ্টেম্বর মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আন্দোলনের মুখে থাকা তিন বিচারক হলেন—চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার ফয়সালের পরিচালনায় কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট বাবর বেপারী ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম মেহেদী। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত বিচারকরা পেশাগত কার্যক্রমে আইনজীবীদের সাথে সমন্বয় না করে নানাভাবে বাধা সৃষ্টি করছেন এবং স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন।
নেতারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং আগামীকালের জন্যও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান। প্রতিবাদ সমাবেশ শেষে আইনজীবীদের একটি দল আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে কর্মসূচি সমাপ্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, শাহজাদপুরে বিশেষায়িত চিকিৎসা শিক্ষার প্রসারে সরকারি উদ্যোগে একটি নার্সিং ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকাস্থ শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি আয়োজিত নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখার সময় এ তথ্য জানান।
অনুষ্ঠানে, ঢাকায় বসবাসরত শাহজাদপুরবাসীর সংগঠন শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু ও জনস্বাস্থ্যবিদ, সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতকে নাগরিক সংবর্ধনা প্রদান করে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “রাজনীতিতে আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই, আমৃত্যু রাজনীতি আঁকড়ে থাকার ইচ্ছাও নেই। আমি মারামারি, মাদক ব্যবসা বা চাঁদাবাজির রাজনীতি শিখিনি; পেশাগত জীবনে শিখেছি হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান পরিচালনা করা। মানুষ মরণশীল, কিন্তু একটি সৎ ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান যুগ যুগ ধরে মানুষকে স্বাস্থ্য, শিক্ষা ও সেবা দিয়ে বাঁচিয়ে রাখে।”
শাহজাদপুরের উন্নয়ন সম্পর্কে প্রতিমন্ত্রী ড. মুহিত জানান, উপজেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধির পাশাপাশি পূর্বাঞ্চলের মানুষের জন্য নতুন বড় হাসপাতাল, নার্সিং কলেজ ও ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়া, তরুণ সমাজকে রক্ষা করার জন্য প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, সাংস্কৃতিক কমপ্লেক্স প্রতিষ্ঠা এবং স্থানীয় ঐতিহ্যবাহী তাঁত ও দুগ্ধ শিল্পকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
ঢাকায় কর্মরত বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন ও কর্মকর্তাদের এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান এম এ মুহিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদীর মাধবদীতে গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদরাসার শিক্ষক মিলনায়তন থেকে পুলিশ একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এই উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানিয়েছেন, মাদরাসার শিক্ষক মিলনায়তনে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে লাল স্কচ টেপে মোড়ানো ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করা হয় এবং সেটিকে ওই কক্ষে পানিতে ডুবিয়ে রাখা হয়। নিরাপত্তার স্বার্থে কক্ষটি তালাবদ্ধ করে রাখা হয়েছে।
ওসি আরও জানান, উদ্ধার করা বস্তুটি বোমা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর জামিনে মুক্তি লাভ করেছেন।
তিনি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এনসিপি বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও তানভীরের আইনজীবী অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী এই তথ্য নিশ্চিত করেছেন।
কারামুক্তির পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তানভীরকে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান তার আইনজীবী।
জানা গেছে, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরী পাড়া থেকে আইন-শৃঙ্খলা বাহিনী তানভীরকে গ্রেপ্তার করে। একই দিন তাকে বগুড়া আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরবর্তী সময়ে বগুড়া জেলা কারাগারে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং এর মাধ্যমে বগুড়া জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
তানভীরের শারীরিক অসুস্থতার কারণে আদালতে জামিন শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন করে আসামিপক্ষ। এর প্রেক্ষিতে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশের ধারাবাহিকতায় বিষয়টি উচ্চ আদালতে পৌঁছায়। পরে আসামিপক্ষের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট তাজুল ইসলাম হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট তানভীরের এক বছরের জামিন মঞ্জুর করেন। জামিনের আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্তি পান।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী বলেন, গাজী সালাউদ্দিন তানভীর প্যানিক ডিজঅর্ডার, তীব্র মাথাব্যথা ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন। এর আগে গত ১৫ আগস্ট কারাগারে তিনি ব্রেন স্ট্রোক করেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় জরুরি চিকিৎসার তাগিদে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনের আবেদন জানিয়েছিলাম। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ