১১:৪০ এম
কিছুক্ষণ আগে ঝকঝকে রোদ ছিল। হঠাৎ করেই চারপাশ অন্ধকার হতে শুরু করল। আকাশজুড়ে কালো মেঘের দৌড়ঝাঁপ, চোখধাঁধানো বিজলির ঝটকা এবং পিলে চমকানো গর্জন শুরু হলো। তখন আমরা নদীর মাঝখানে ছিলাম। চাঁদপুর থেকে শরীয়তপুরের নড়িয়া যাচ্ছিলাম। ইঞ্জিনচালিত নৌকা তীব্র গতিতে ছুটছিল। যেন বৈশাখী ঝড়ের সঙ্গে পাল্লা দিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হলো না। তুমুল ঝড়বৃষ্টি আমাদের পেয়ে বসল। পাশের মেয়েটিও ভিজে একাকার হয়ে গেল। বেরসিক বৃষ্টি।
নৌকায় এত লোকের মাঝে বৃষ্টিভেজা শরীর প্রস্ফুটিত হয়ে ওঠায় লজ্জায় তার মুখ লাল হয়ে উঠছে। পাশে বসা বৃদ্ধ বাবার শরীরের সঙ্গে মিশে আছে, যেন নিজেকে আড়াল করতে চাচ্ছে। বাবা এক হাতে মেয়ের কাঁধ চেপে ধরে আকাশের দিকে তাকিয়ে আছেন। তার ঠোঁট নড়ছে। তিনি নীরবে দোয়া পড়ছেন।
সকলেই আল্লাহ-খোদার নাম স্মরণ করতে লাগলেন। নৌকা কূলে ভেড়ানোর চেষ্টা করতে করতে মাঝি আর্তকণ্ঠে চেঁচিয়ে উঠলেন। সবার মধ্যে একটা সাড়া পড়ে গেল। অঝর ধারায় বৃষ্টি পড়ছিল। ঝড়ের ঝাপটায় নৌকা দুলে উঠতেই কেউ কেউ আঁতকে উঠেছিল।
আরও পড়ুন: স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স
ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলো। বৃষ্টির ফোঁটা ছোট থেকে গুঁড়িগুঁড়ি হয়ে মিলিয়ে গেল। আকাশ আবার পরিষ্কার হয়ে এলো।
সদ্য স্নাতা তরুণীর মতো ঝকঝকে উজ্জ্বল হয়ে উঠল চারদিক। মাঝি ইঞ্জিনের গতি বাড়িয়ে দিল। বাতাস আর রোদে গায়ের ভেজা কাপড় অনেকটাই শুকিয়ে যাওয়ায় অস্বস্তি কেটে যেতে লাগল। সময়ের সঙ্গে প্রকৃতির পালাবদল দেখতে দেখতে যাচ্ছিলাম। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আলো-আঁধারির সন্ধিক্ষণে প্রকৃতি হয়ে উঠল রহস্যময়।
চাঁদ যখন রাতের আকাশ দখল করল, ঠিক সেই সময় আমরা পৌঁছালাম নড়িয়ায়। যাত্রীরা লাইন ধরে ধীরলয়ে ঘাটে নামতে লাগল। আমিও লাইনে দাঁড়ালাম। আমার পেছনে বৃদ্ধ বাবার হাত চেপে ধরে পাশের মেয়েটি।
ঘাটে নেমে চারপাশটা একবার দেখে নিলাম। সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া ভালো লাগল। বাপ-মেয়ে রিকশা স্ট্যান্ডের দিকে যাচ্ছিল। বাবা চোখে কম দেখেন বলে মেয়ের হাত ধরে আছেন। স্ট্যান্ডে গিয়ে তারা রিকশা পেল না। এদিক-ওদিক তাকিয়ে আমিও কোনো রিকশা দেখলাম না। সম্ভবত আধাবেলা বৃষ্টিতে ভিজে রিকশাচালকরা সবাই বাড়ি চলে গেছে। এখন কী করি? এত দূরের পথ এ অন্ধকার পাড়ি দিয়ে কীভাবে গন্তব্যে পৌঁছাব?
আরও পড়ুন: নেপাল: প্রকৃতি ও সভ্যতার সৌন্দর্যে ভ্রমণের অভিজ্ঞতা
‘তুমি কোথায় যাবে বাবা?’ মেয়েটির চোখে চোখ হতেই তার বাবা আমাকে প্রশ্ন করলেন। তার কণ্ঠে ক্লান্তি আর অনিশ্চয়তা ছিল।
আমি দ্রুত চোখ সরিয়ে নিয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে বললাম, ‘মুলফৎগঞ্জ। চাচা, আপনারা কোথায় যাবেন?’
‘আমরাও সেদিকেই যাব। এখন কী করে যে যাই!’
‘আসুন সামনে এগিয়ে যাই। দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না।’
আরও পড়ুন: শুকনো কাশি উপশমের ঘরোয়া উপায় ও সতর্কতা
তিনজন ধীর পায়ে ভেজা মাটির নরম রাস্তায় এগিয়ে চললাম। কিছুদূর যেতেই দূরে একটা রিকশা দেখতে পেলাম। অন্যদিকে চলে যাচ্ছে দেখে ডাকতে ডাকতে ছুটে গেলাম। এগিয়ে না এলে ফসকে যেত।
কোথায় যাবে শুনে রিকশাচালক বেঁকে বসল—‘বৃষ্টি-বাদলার দিনে এত দূর যামু না।’
বৃদ্ধ আর মেয়েটার অসহায়তার কথা বুঝিয়ে বলার পর অনেক গাইগুই করে শেষ পর্যন্ত রাজি হলো। রিকশা নিয়ে স্ট্যান্ডে ফিরে এলাম। বৃদ্ধ চাচার দিকে তাকিয়ে বললাম, ‘আপনারা চলে যান, আমি দেখছি নিশ্চয়ই আরেকটা রিকশা পাওয়া যাবে।’
তিনি আপত্তি জানিয়ে বললেন, ‘তা কী করে হয় বাবা! এখন আর কোনো রিকশা পাবে কি না কে জানে। তোমাকে একা ফেলে আমরা যেতে পারব না। চলো একসঙ্গেই যাই।’
আরও পড়ুন: শিশুর ডায়াবেটিসের ৫টি আগাম লক্ষণ, অবহেলা বিপদ ডেকে আনতে পারে
অগত্যা তিনজন এক রিকশায় চেপে বসলাম। আমি ওপরে আর আমার পায়ের মাঝে বৃদ্ধ চাচা। তার পাশে মেয়েটি।
পাকা, আধপাকা, আবার কোথাও কাঁচা পথে এগিয়ে চলছিল তিন চাকার গাড়ি। চালক বেচারার খুব কষ্ট হচ্ছিল।
‘জালাল মিয়া, চিন্তা কইরো না, তুমি যে আমাদের উপকার করতেছ এই জন্য অনেক সওয়াব পাবা। বিপদে মানুষ যদি মানুষের উপকার না করে তাহলে ইবলিশের সঙ্গে আমাদের পার্থক্য রইল কই, কী বলো?’
‘ঠিকই কইছেন, স্যার,’ প্যাডেলে জোরসে চাপ দিয়ে আমাদের কথায় সায় দিল রিকশাওয়ালা জালাল মিয়া। বাঁশঝাড়, খালপাড়, আঁকাবাঁকা সরু পথ পেরিয়ে আমরা যখন মেয়েটির বাড়ি পৌঁছালাম তখন এশার আজান ভেসে আসছিল।
আরও পড়ুন: শীতের শুরুতে শিশুর ত্বকের ৫টি যত্নের পরামর্শ
বাড়ির লোকজন আমাদের ঘিরে ধরল। বাবা-মেয়ে দুজনের মুখেই আমার প্রশংসা। মেয়েটির বাবা আমার পিঠে হাত রেখে বললেন, ‘একজন উপকারী মানুষ, ফেরেশতার মতো। আজ এই ফেরেশতা আমাদের উদ্ধার করেছে।’
সবার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখে আমার খুব ভালো লাগছিল। যাই হোক, এবার আমার বিদায়ের পালা। এ কথা জানাতেই সমস্বরে ‘না, না’ করে উঠল। মেহমানকে আপ্যায়ন না করে কিছুতেই যেতে দেবে না। মেয়েটির কৃতজ্ঞ চোখমুখের নীরব আকুতি উপেক্ষা করতে পারলাম না। রাস্তার পাশে ছোট একটি বাড়ি। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। সাজানো-গোছানো ঘর। কিছুক্ষণ পরেই মেয়েটি আমার জন্য শুকনো কাপড় নিয়ে এলো। নিজেও আধভেজা কাপড় পাল্টে এসেছে।
‘তাড়াতাড়ি ভেজা কাপড় ছেড়ে এগুলো পরে নিন।’
হাত বাড়িয়ে কাপড় নিতে বললাম, ‘থ্যাঙ্ক ইউ। কী নাম আপনার?’
আরও পড়ুন: আজ বিশ্ব হ্যালো দিবস, অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার আহ্বান
‘সুমনা। সানজিদা হক সুমনা।’
উজ্জ্বল হাসি ছড়িয়ে সুমনা ঘরের বাইরে পা বাড়াল। কিছুক্ষণ পর আমার জন্য শরবত ও নাশতা নিয়ে এলো, বসল সামনের চেয়ারে। হালকা গোলাপি রঙের থ্রি-পিসে তাকে মনে হচ্ছিল যেন টবে সাজানো গোলাপ।
নাশতা খাওয়ার ফাঁকে কথায় কথায় জানলাম সুমনার বাবার কথা। তিনি এলাকার শ্রদ্ধেয় ব্যক্তি। জীবনের সব সঞ্চয় ঢেলে এলাকার স্কুল-মাদরাসা-মসজিদ নির্মাণ করেছেন। তিনি চান ইহকাল ও পরকালের শিক্ষায় অন্তত তার এলাকায় প্রতিটি মানুষ শিক্ষিত হবে। সবাই এ জনমেও সুন্দরভাবে কাটাবে, পরজনমের জন্যও কিছু করে যাবে।
তখনই পায়ের আওয়াজ পাওয়া গেল। সচকিত হয়ে সুমনা বলল, ‘বাবা আসছেন।’ কেমন স্নেহমাখা দৃষ্টিতে তাকালেন সুমনার বাবা।
‘সুন্দর! আপনাদের সবাইকে বেশ ভালো লেগেছে।’ আমি মৃদু হেসে বললাম।
‘বাবা, তুমি কী কর?’
‘আমি মাত্র মাস্টার্স শেষ করলাম। এখনো কোনো কিছুতে জয়েন করিনি। চেষ্টা করছি।’
‘ভালো। কিন্তু সমস্যা কী জানো, চারদিকে এত সব মানুষ এত প্রতিযোগিতা যে নামকাওয়াস্তে চেষ্টা করে কিছু করা কঠিন।
এজন্য অনেকেই অধৈর্য হয়ে শর্টকাট রাস্তায় টাকা কামানোর ধান্দায় নামে।’
‘পরিস্থিতি বাধ্য করলে তো কিছু করার থাকে না, চাচা। এ পরিস্থিতি আমাদেরই অন্ধ দলবাজি, অনৈক্য, অদূরদর্শিতা, অসমঝোতা ও খামখেয়ালির ফসল। এ ধারা না বদলালে দেশ গোল্লায় যাবে। অবৈধ সবকিছুই অশান্তির কারণ। এটা যদি আমাদের মন্ত্রী-এমপিরা ভাবতেন তাহলে এত অনিশ্চয়তায় দিন কাটাতে হতো না।’
‘মাছের মাথায় এই পচন তোমাদেরকেই ঠেকাতে হবে বাবা। তোমাদের মনোবল আর দেশাত্মবোধই এর প্রকৃত অ্যান্টিবায়োটিক। তোমরা ধৈর্য হারিয়ো না। মনে রেখো, আল্লাহ ধৈর্যশীলদের অনেক পছন্দ করেন।’
‘কিন্তু চাচাজি, কিছু করতে না পারলে আমার প্রিয়জনরাই আমাকে পছন্দ করবে না।’
‘নিজাম ডাকাতের আউলিয়া হওয়ার কাহিনিটা স্মরণ করো। আর শোনো বাবা, আল্লাহ বলেছেন, একজন মানুষকে যে সাহায্য করল সে যেন গোটা মানবজাতিকে সাহায্য করল। আর যে একজন মানুষকে হত্যা করল, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করল; সুতরাং আমরা যদি হিংসা-বিদ্বেষ ভুলে পরস্পরকে সাহায্য-সহযোগিতা করি, তাহলে কিন্তু অবৈধ-অন্যায় কিছু ঘটতে পারে না। অথচ আমরা কিন্তু ইবলিশের ইশারায় একে অন্যের বিরুদ্ধে লেগেই আছি।’
সুমনার বাবার কথা শুনে নিজের ওপর কনফিডেন্স আরো বেড়ে গেল। যে দিকেই গিয়েছি দেখেছি শুধু পঙ্গপালের ভিড়। হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। সত্যিই তো আল্লাহ যদি ইবলিশকে চ্যালেঞ্জ করে বলতে পারেন, মানুষই আশরাফুল মাখলুকাত—আমরা কেন তা প্রমাণ করতে পারব না? আমাদের ঘাটতি কীসে? সদিচ্ছা থাকলে সবই সম্ভব।
আমাদের আলাপের একপর্যায়ে রাতের খাবার নিয়ে এলো সুমনা। খেয়েদেয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। অসুস্থ বোধ করতে লাগলাম। ভীষণ জ্বর এসে ভর করল শরীরে।
কাকে ডাকব? কী লজ্জা! সামান্য বৃষ্টিতে ভিজেই কুপোকাত। এমন নড়বড়ে স্বাস্থ্য হলে জীবনযুদ্ধে লড়ব কীভাবে? সকালে সুমনা আমাকে ডাকতে এসে তো আকাশ থেকে পড়ল। ব্যস্ত হয়ে পড়ল আমাকে নিয়ে। মাথায় পানিপট্টি দিতে লাগল। বিব্রত বোধ করলেও ভালো লাগছিল।
জ্বর কমছিল না দেখে আমাদের বাড়িতে খবর দেওয়া হলো। ছোট ভাইকে নিয়ে মা ছুটে এলেন। তিন দিন যমে-মানুষে লড়াই চলল। প্রায় অচেতন অবস্থায় মনে হচ্ছিল, আমি যেন মরে যাচ্ছি। কে যেন আমাকে মৃত্যুর অতল গহ্বরে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু সুমনা আমার হাত জাপটে টেনে ধরে আছে; কিছুতেই আমাকে যেতে দেবে না মৃত্যুপুরীতে মা আর সুমনা।
সুস্থ হওয়ার পর মাকে নিয়ে বাড়ির পথ ধরলাম। সুমনাকে ছেড়ে আসতে মন চাচ্ছিল না। আমার মন যার কাছে পড়ে রইল তাকে ছেড়ে কী করে আসি? বিদায় নিতে গিয়ে শুধু বলে এলাম, ‘আবার হবে দেখা, সুমনা।’
সে কিছু বলল না। তার চোখ ছলছল করে উঠল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন