বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:২১ পি.এম
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিকের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটের দিকে ছয়তলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক উল্লেখ করেন, গুদামটিতে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী রাখা হতো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভারতে পশুর চামড়া পাচার রোধ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ (পুশইন) ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ‘ডিটেক্টেড ডিফল্ট হোল্ডিং সেন্টার’ সংক্রান্ত একটি নির্দেশনার পর, সেখানে বসবাসরত কিছু লোককে পুশইন করার অপতৎপরতা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার হাকিমপুর সীমান্ত এলাকায় শত শত নারী-পুরুষকে জড়ো করা হয়। এই হাকিমপুর সীমান্তের বিপরীতেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত অবস্থিত।
এই পরিস্থিতিকে কেন্দ্র করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে সম্ভাব্য পুশইন প্রতিহত করতে বিজিবির টহল ও নজরদারি ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। গভীর রাতেও বিজিবির বিশেষ টহল অব্যাহত রয়েছে এবং সীমান্ত এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে প্রতিবেশী দেশ কর্তৃক কোনো ধরনের পুশইনের চেষ্টা করা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, "আমরা গভীর রাতেও সতর্ক অবস্থানে আছি এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করে টহল জোরদার করেছি। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কোনো পুশইন এবং কোরবানির চামড়া যাতে পাচার হতে না পারে, সে লক্ষ্যে বিজিবি জওয়ানরা সার্বক্ষণিক সর্তক অবস্থানে রয়েছেন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ দাবি করেছে যে আনুমানিক ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে ইতোমধ্যে মামলার কার্যক্রম শুরু হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৮ হাজার ২৬ জনকে।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইলিয়াস সর্দার, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ ২৬ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিটের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত একটি সংঘবদ্ধ দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এ সময় সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের মারধর করে গুরুতর জখম করা হয়। হামলাকারীরা থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। একই সঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়।
ক্ষয়ক্ষতির বিবরণে উল্লেখ করা হয়েছে, সেদিন থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল।
এছাড়া, আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির মোট পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা বলে জানানো হয়েছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারাসহ দণ্ডবিধি এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম জানিয়েছেন, এই মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ পণ্য পাচার রোধের লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এই প্রেক্ষাপটে কুষ্টিয়া সীমান্তে একটি বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ ১ জন মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়েছে বিজিবির পক্ষ থেকে।
সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ মে বুধবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫২/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর মাঠপাড়া নামক স্থানে একটি চৌকষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের ফলে মোঃ জামিরুল প্রামানিক (৩৫), পিতা- মৃত আমিরুল প্রামানিক, গ্রাম- জামালপুর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া কে ৩ বোতল মদ এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য (ঊনিশ হাজার পাঁচশত) টাকা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক এবং অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে বোমা হামলার হুমকি প্রদান করা হয়েছে। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত তাঁর বাংলো ‘জলসা’য় বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে একটি ই-মেইল পাঠানো হয়েছে। একই সাথে, শহরের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার আশঙ্কার বিষয়টিও উল্লিখিত হয়েছে ওই বার্তায়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং পৌর কমিশনার অশ্বিনী ভিড়ের কাছে হুমকিমূলক ই-মেইলটি প্রেরণ করা হয়। এতে মেয়রের কার্যালয়, অমিতাভ বচ্চনের আবাস এবং শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের পরিকল্পনার কথা বলা হয়েছে।
ই-মেইলে মহালক্ষ্মী রেসকোর্স, শিয়ন ও আচার্য মেট্রো স্টেশনেও বিস্ফোরক রাখার দাবী করা হয়েছে। পাশাপাশি, আগামী কয়েক দিনের মধ্যে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে হামলার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনে ২০০৮ সালের ২৬ নভেম্বরের মতো আরেকটি সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হয়েছে বলেও সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এই ঘটনার পর মুম্বাইজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। হুমকির সত্যতা যাচাইয়ের পাশাপাশি ই-মেইলটির উৎস ও প্রেরকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে উল্লিখিত স্থানে সত্যিই কোনো বিস্ফোরক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অমিতাভ বচ্চনের বাড়িতে হামলার হুমকির ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত ২৩ অক্টোবর একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। সে সময় পাঠানো ই-মেইলে অমিতাভের বাড়ির পাশাপাশি একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের স্থান মহালক্ষ্মী রেসকোর্সে হামলার আশঙ্কার কথা জানানো হয়েছিল।
নিরাপত্তাঝুঁকির কারণে সম্প্রতি নিজের বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা করার সময়ও বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে অমিতাভকে। প্রতি রোববার জুহুর বাংলোর বাইরে ভক্তদের অভিবাদন জানানোর দীর্ঘদিনের রীতি রয়েছে তাঁর। তবে সাম্প্রতিক সময়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এই অভিনেতা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। বর্তমানে অমিতাভ বচ্চন জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনার দায়িত্বে রয়েছেন।হিন্দুস্তান টাইমস অবলম্বনে
তালাশ বিডি/মিডিয়া লিঃ