ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহায়তায় পিছিয়ে পড়া কিশোরী ফুটবলারদের জন্য ক্রীড়া সরঞ্জাম


শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহায়তায় পিছিয়ে পড়া কিশোরী ফুটবলারদের জন্য ক্রীড়া সরঞ্জাম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগান ও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা পিছিয়ে পড়া প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার জন্য উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে, যাতে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করা যায়। এর অংশ হিসেবে ২৩ জন কিশোরী ফুটবলারের হাতে ক্রীড়া সরঞ্জাম প্রদান করা হয়েছে এবং ঝরে পড়া পাঁচ শিক্ষার্থীর শিক্ষাজীবন পুনরায় শুরু করার ব্যবস্থা করা হয়েছে।

শ্রীমঙ্গলের হরিণছড়া, খেজুরীছড়া ও ডিনস্টন চা-বাগানের বিভিন্ন ডিভিশনের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা-শ্রমিক পরিবারের কিশোরীরা ফুটবলে নিজেদের প্রতিভা প্রদর্শন করছে। তারা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে ইতিমধ্যে সবার নজর কেড়েছে। তবে, প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামের অভাব এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক প্রতিভাবান খেলোয়াড়ের খেলাধুলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল।

এই পরিস্থিতিতে খেলোয়াড়দের চাহিদার ভিত্তিতে ১৬ জুন বিকেলে ২৩ জন কিশোরী ফুটবলারের হাতে ফুটবল, বুট, জার্সি, প্যান্ট ও মোজা তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: আবদুল মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

শুধু খেলাধুলায় উৎসাহ প্রদান নয়, আর্থিক ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া পাঁচ কিশোরীর শিক্ষাজীবন পুনরায় চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে তাদের দ্রুত শ্রেণিকক্ষে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে উপজেলার সাতগাঁও চা-বাগান ও আশপাশের এলাকার প্রায় ৬০ জন তরুণ-তরুণীর মধ্যে ক্রীড়া সরঞ্জাম ও জার্সি বিতরণ করা হয়। পাশাপাশি সাতগাঁও চা-বাগানের খেলার মাঠে গোলবার স্থাপন করে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন মাঠেও বিতরণ করা হয়েছে ক্রীড়াসামগ্রী।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেছেন, "খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সুস্থ সমাজ গঠনের অন্যতম হাতিয়ার।" তিনি উল্লেখ করেছেন যে, শ্রীমঙ্গলের চা-বাগান ও প্রত্যন্ত এলাকার অনেক কিশোর-কিশোরীর মধ্যে অসাধারণ ক্রীড়া প্রতিভা রয়েছে। তবে, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, ক্রীড়া সরঞ্জাম ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায় না।

তিনি আরও বলেন, "সমাজের পিছিয়ে পড়া এলাকা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই উপজেলা প্রশাসনের লক্ষ্য, যাতে শুধু সুযোগের অভাবে কোনো প্রতিভা হারিয়ে না যায়।" এ জন্য প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম, প্রশিক্ষণ ও উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠ সংস্কার ও খেলাধুলার পরিবেশ তৈরির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে এনে শ্রীমঙ্গলের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে উপজেলা প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় একরামুল কবির রানা উপজেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "শ্রীমঙ্গলে বরাবরই ভালো উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।" তিনি বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার বিশেষ গুণ হিসেবে উল্লেখ করেন যে, তিনি খেলাধুলার প্রতি অত্যন্ত আগ্রহী। তার এই আগ্রহ ও উদ্যোগ তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, "উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে চা-বাগান ও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা অনেক সম্ভাবনাময় খেলোয়াড় নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।" একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাস বাড়বে এবং ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ফিরে আসার পথও সুগম হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ এম


নকলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

শেরপুরের নকলা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে গৃহনির্মাণ সহায়তা হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের হাতে ঢেউটিন ও চেক তুলেদেন।

এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীম, জেলা সার-বীজ মনিটরিং কমিটির সদস্য দেলোয়ার হোসেন সাঈদীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নতৃবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীম জানান, এদিন গৃহ নির্মাণের জন্য উপজেলার ২৯ জনের মাঝে ৫০ বান্ডেল ঢেউটিন এবং বিভিন্ন পরিমাণে মোট ১ লাখ ৫০ হাজার টাকা সমমূল্যের চেক বিতরণ করা হয়েছে। এই সহায়তা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলোর পুনর্বাসন, নিরাপদ আবাসন নিশ্চিতকরণ এবং দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানালেন মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ এম


বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নিন্দা জানালেন মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বাহরাইন এবং উপসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সোমবার (১৬ নভেম্বর) রুবিও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুললতিফ বিন রশিদ আল জায়ানির সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রুবিও বাহরাইনে ইরানের হামলার নিন্দা জানিয়ে বাহরাইন ও উপসাগরীয় অঞ্চলের সকল অংশীদারের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এছাড়া, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বের প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এই অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো বাহরাইনের যুক্তরাষ্ট্রের কাছে ‘ন্যাটো-বহির্ভূত প্রধান মিত্র’ হিসেবে স্বীকৃতি।

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) গত রোববার দাবি করেছে যে, তারা বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালিয়েছে। তবে বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কয়েকটি ইরানি আকাশ হামলা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোর মায়ের অভিযোগের জবাব দিলেন পর্তুগাল কোচ হোর্হে জেসুস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৩ এম


রোনালদোর মায়ের অভিযোগের জবাব দিলেন পর্তুগাল কোচ হোর্হে জেসুস

ক্রিস্তিয়ানো রোনালদোর মা ডোলোরেস আভেইরোর অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগাল জাতীয় দলের কোচ হোর্হে জেসুস। আভেইরো অভিযোগ করেছেন যে, জাতীয় দলের কোচিং স্টাফ তার ছেলেকে "প্রতারণা" করেছে।

৪১ বছর বয়সী রোনালদো ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি পর্তুগালের হয়ে ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬টি গোল করেছেন, যা ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে দুটিই রেকর্ড।

তবে, অবসরের এক মাসেরও কম সময় আগে তিনি একটি বিতর্কে জড়িয়ে পড়েন। সেপ্টেম্বরে নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে তাকে শুরুর একাদশে রাখা হবে না বলে জানানো হলে, তিনি জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করেন। এই ঘটনার জন্য তাকে ৩০ দিনের নিষেধাজ্ঞা এবং ২১৫ পাউন্ড জরিমানা করা হয়।

রোনালদোর অবসরের ঘোষণার পর প্রথম ম্যাচে গত শনিবার ডেনমার্কের বিপক্ষে মাঠে নামে পর্তুগাল। তারা নিজেদের মাঠে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত হয়।

সোমবার স্পোর্টিং ক্লাবের এক অনুষ্ঠানে রোনালদোর আন্তর্জাতিক অবসর নিয়ে প্রশ্ন করা হলে আভেইরো বলেন, “অবশ্যই সে কষ্ট পেয়েছিল।”

তিনি আরও বলেন, “তারা তাকে প্রতারিত করেছে। আমিও খুব কষ্ট সহ্য করেছি। ডেনমার্কের বিপক্ষে এই হার প্রাপ্যই ছিল। আসলে আমি এতে খুশিই হয়েছি।”

মঙ্গলবার কার্ডিফে ওয়েলসের বিপক্ষে নেশনস লিগ ম্যাচের আগে আভেইরোর মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে, জেসুস বলেন, “এখন কি আমাকে ক্রিস্তিয়ানো রোনালদোর মায়ের মন্তব্যেরও জবাব দিতে হবে?”

তিনি যোগ করেন, “তিনি এমন একজন নারী, যাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। নিজের সন্তানদের বড় করতে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।”

রোনালদোর আন্তর্জাতিক অবসর নিয়ে বিতর্ক কবে শেষ হবে, এমন প্রশ্নের জবাবে জেসুস বলেন, “আমি জানি না, এটা কবে থামবে।”

তিনি আরও বলেন, “আপনারা যদি প্রশ্ন করেন, তাহলে আমাকে উত্তর দিতেই হবে। আগামী বছরও যদি আপনারা রোনালদোকে নিয়ে প্রশ্ন করেন, আমি উত্তর দেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বিভিন্ন স্থানে চলছে মাটি কাটার মহোৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৪ এম


দেশের বিভিন্ন স্থানে চলছে মাটি কাটার মহোৎসব

দেশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে ভেকু মেশিনের মাধ্যমে মাটি কাটার মহোৎসব চলছে। এর ফলে আবাসিক এলাকা এবং কৃষিজমির উপর হুমকি সৃষ্টি হচ্ছে। কৃষিজমি ও উৎপাদনের পরিমাণ কমে যাচ্ছে।

ঝিনাইদহের কালীগঞ্জের প্রতিনিধি জানান, কালীগঞ্জে রাতের অন্ধকারে চিত্রা নদী থেকে মাটি কাটার কাজ চলছে। সন্ধ্যা নামলেই নদীর তীরে ভেকু মেশিনের তাণ্ডব শুরু হয়। গভীর রাত পর্যন্ত চলে এই কার্যক্রম। পরে ট্রাক্টর দ্বারা এসব মাটি স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এর ফলে নদীর স্বাভাবিক পরিবেশ এবং গতিপ্রবাহ হুমকির মুখে পড়ছে। পাশাপাশি, ট্রাক্টরের বিকট শব্দে আশপাশের গ্রামের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠছেন। ফলে মাটি কাটার সঙ্গে জড়িত একটি প্রভাবশালী সিন্ডিকেটের ভূমিকা এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।

কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্বিপুর, মাগুরা, পাঁচকাহুনিয়া সহ কয়েকটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর বিভিন্ন স্থান থেকে রাতের অন্ধকারে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, "রাতে নদী থেকে মাটি কাটার বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। জনবল সংকটের কারণে রাতে অভিযান পরিচালনা ও মাটি কাটা প্রতিরোধে কিছুটা সমস্যা হচ্ছে।"

টাঙ্গাইলের মধুপুরের প্রতিনিধি জানান, মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের নেদুর বাজার এলাকায় রাত নামলেই কৃষিজমির লালমাটি কেটে নেওয়ার মহোৎসব শুরু হয়। দিনের বেলায় আড়ালে থাকলেও রাতের অন্ধকারে মাটি কাটার কাজ শুরু হয়। প্রতিদিন রাতে ভেকু মেশিনের শব্দে পুরো এলাকা কেপে ওঠে। বিরামহীনভাবে মাটি কেটে ১০ চাকার ড্রাম ট্রাকে করে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। স্থানীয়দের অভিযোগ, মধুপুর ও ঘাটাইল সীমানার প্রভাবশালী একটি যৌথ চক্র প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে ম্যানেজ করেই এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা আরো অভিযোগ করেছেন, প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার রহস্যজনক নীরবতার সুযোগ নিয়ে নির্বিঘ্নে এই কর্মকাণ্ড চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে সমঝোতার মাধ্যমে মাটি কাটার কার্যক্রম চালানো হচ্ছে বলে তাদের দাবি। ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন মহির জানান, "মাটি কাটা হচ্ছে শুনেছি।"

স্থানীয় বিএনপি নেতা ইয়াসিন আলী বলেন, "মাটি কাটার বিষয়টি আমি অবগত নই, তবে যারা কাটছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ করছি।" শুধু মাটি কাটার নয়, আবাদি ফসল সরিয়ে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি তুলে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগও উঠেছে।

এলাকাবাসীর দাবি, কৃষিজমি এবং পরিবেশ রক্ষায় অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ করতে হবে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, "বিষয়টি আমার জানা ছিল না। এই মাত্র আপনার মাধ্যমে অবগত হলাম, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%