শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৫১ পি.এম
মাদারীপুর সদর উপজেলায় স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনিয়ে নেওয়ার সময় হামলার শিকার হয়ে বেগম বিবি (বৃদ্ধা) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত বেগম বিবি সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার বাসিন্দা। তিনি মৃত আমজাদ মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় তাঁকে একা পেয়ে এক ছিনতাইকারী স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে পাশে থাকা মুগুর দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
অভিযোগ রয়েছে, এরপর দুর্বৃত্তরা তাঁর কান কেটে স্বর্ণের কানের দুল এবং নাক কেটে স্বর্ণের নাকফুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বৃদ্ধার মরদেহের সুরতহাল প্রতিবেদন জেলা হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
বৃদ্ধার ওপর এমন নৃশংস হামলা ও হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁরা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী জেলার পবা উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা যুগ্ম সম্পাদক ও রাজশাহী নগরীর সুজাউদ্দৌলা কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মাঞ্জালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে পবা উপজেলায় বিএনপি নেতা শাজাহান আলীর মালিকানাধীন শিমুল অটো ফ্লাওয়ার মিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মাঞ্জাল ওই বিএনপি নেতার আশ্রয়ে ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হান্নান জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে মাঞ্জালের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। পরে মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
পুলিশ জানায়, মাঞ্জালের বিরুদ্ধে সুজাউদ্দৌলা কলেজের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ আগে থেকেই ছিল। এ ছাড়া চাকরি দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে অন্তত এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের ১০ নম্বর আমড়াজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই দাঁড়িয়ে আছে একটি জরাজীর্ণ ও পরিত্যক্ত ভবন। ঝুঁকিপূর্ণ এই পুরাতন ভবনটির কারণে একদিকে যেমন বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে আলো-বাতাস থেকে বঞ্চিত হয়ে অন্ধকারাচ্ছন্ন থাকছে নতুন ভবনের একটি বড় অংশ। পাশাপাশি খেলার মাঠটি সংকুচিত হয়ে পড়ায় খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরাতন ভবনটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পরিত্যক্ত স্থানটি মশা-মাছি, বিভিন্ন জীবাণু এবং বিষাক্ত সাপের নিরাপদ প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে; বর্ষা মৌসুমে এ উপদ্রব আরও তীব্র হয়। স্থানীয় অধিবাসীদের অভিযোগ, রাতের বেলা নির্জনতার সুযোগ নিয়ে পরিত্যক্ত ভবনটিতে বখাটেদের আড্ডা বসে এবং এটি মাদক সেবনসহ নানা অপকর্মের আস্তানায় পরিণত হয়েছে। এ ছাড়া মাঠের ভেতরের অযাচিত গাছপালার কারণেও শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ সীমিত হয়ে পড়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন ও শাহরিয়া আক্ষেপ করে জানায়, "আমাদের মাঠ ছোট হয়ে গেছে, আমরা ঠিকমতো খেলাধুলা করতে পারি না। পুরাতন ভবনের ভেতর বিষাক্ত সাপ আর পোকা-মাকড়ের ভয়ে আমরা সবসময় আতঙ্কে থাকি।
বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সদস্য সাথী ইসলাম এবং অভিভাবক রফিক হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবনটির কারণে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। সন্ধ্যার পর এটি বখাটেদের আড্ডা ও গাঁজাসহ নানা অপকর্মের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়। আমরা দ্রুত এটি অপসারণের দাবি জানাচ্ছি।
বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও ঝুঁকি নিয়ে প্রধান শিক্ষক সান্তনা চক্রবর্তী বলেন, বিদ্যালয়ের সামনের ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা অফিসকে লিখিতভাবে জানানো হয়েছে। এটি সামনে থাকায় নতুন ভবনের সৌন্দর্য নষ্ট হচ্ছে, শ্রেণিকক্ষে আলো-বাতাস ঢুকছে না এবং মাঠও ছোট হয়ে গেছে। ভবনটি অপসারণ করা সম্ভব হলে মাঠের পরিধি বাড়বে, সৌন্দর্য বৃদ্ধিতে ফুলের বাগান করা যাবে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে খেলাধুলার সুযোগ পাবে।
এ বিষয়ে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। এই পুরাতন ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং অপসারণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ নভেম্বর থেকে এবং চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ৩ হাজার ৮০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
এবার বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসনসংখ্যা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৫০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪০১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন বরাদ্দ রয়েছে।
ভর্তির আবেদনের জন্য যোগ্যতা হিসেবে ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৫ বা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার মোট জিপিএ নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। অনলাইনে আবেদন করতে হবে কৃষি গুচ্ছের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট (acas.edu.bd) থেকে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ৩ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয়গুলো হলো—ইংরেজি ১০, প্রাণিবিজ্ঞান ১৫, উদ্ভিদবিজ্ঞান ১৫, পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২০ এবং গণিত ২০ নম্বর। তবে পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হবে মোট ১৫০ নম্বরের ভিত্তিতে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত ১০০ নম্বরের সঙ্গে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ থেকে ২৫ নম্বর করে যোগ করে মেধাতালিকা তৈরি করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ওইদিন শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। সফরের সময় নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রম উদ্বোধন করার পাশাপাশি একটি বৃহৎ অবকাঠামো প্রকল্পের কাজ শুরু করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম উল্লেখ করেন, সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত থাকবেন। সেখানে ফলক উন্মোচনের মাধ্যমে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের কাজও প্রধানমন্ত্রী শুরু করবেন। এই প্রকল্পের জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। ওইদিন প্রকল্পের উদ্বোধনী ফলকও উন্মোচন করবেন তিনি।
মীর শাহে আলম বলেন, মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য এসব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক যোগাযোগের উন্নয়ন হলে এলাকার মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ