০৫:০৫ পি.এম
সাভারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নতুন মজুরি বোর্ড গঠন করে আগামী ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি ঘোষণা ও বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও শ্রমজীবী ঐক্য পরিষদের উদ্যোগে সাভার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে ছয় দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—নতুন মজুরি বোর্ড গঠন ও তা বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রেশন ব্যবস্থা চালু, বন্ধ কারখানা চালু ও বেআইনি ছাঁটাই বন্ধ, মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধ, বকেয়া বেতন ও ন্যায্য পাওনা পরিশোধ এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৩৯, মোট আক্রান্ত ২ হাজার ৬৮০
শ্রমিক নেতারা সমাবেশে উল্লেখ করেন যে, শ্রমিকদের উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তাঁরা শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।
এছাড়া সমাবেশে আরো বক্তব্য রাখেন কবির, আবু কালাম হোসেন, আলী আকবর খান, আ. মজিদ পাটোয়ারী, রাসেল প্রামাণিক, সাদিয়া রহমান হ্যাপি, মাহমুদা হোসেন মিলি, মো. আজম খান, হাসিনা ও সেলিনা হুসাইন প্রমুখ।
সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রানা প্লাজার সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন