মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৯ পি.এম
নাটোর, ১০ নভেম্বর ২০২৬ : বড়াইগ্রাম উপজেলার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ৪০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে এসব জালকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ মঙ্গলবার, উপজেলার জোনাইল চামটা ব্রীজের গুরুত্বপূর্ণ স্থানে উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক জানান, জোনাইল চামটা ব্রীজের গুরুত্বপূর্ণ পয়েন্টে তিন লাখ টাকা মূল্যমানের ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এ সময় একটি স্রোতি জালও উচ্ছেদ করা হয়। পরবর্তীতে এসব জালকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনঃতদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করেন সংগঠনটির সদস্যরা।
সংবাদ সম্মেলনে তারা জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, একাডেমিক শৃঙ্খলা পুনঃস্থাপন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অবকাঠামোগত সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা ও অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ জড়িত ব্যক্তিদের পুনঃতদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অবিলম্বে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করতে হবে।’
একাডেমিক শৃঙ্খলা পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের বিচারের আওতায় আনার পাশাপাশি শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, সব বিভাগে মানোন্নয়ন পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ চালুর দাবি জানান তিনি।
এছাড়া চলতি বছরের মে মাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান জিয়াউদ্দিন আয়ান। তিনি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের আহ্বানও জানান।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়, রেজিস্ট্রার অফিস ও কেন্দ্রীয় গ্রন্থাগারসহ গুরুত্বপূর্ণ দপ্তরের কার্যক্রম স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনার দাবি জানানো হয়। সংগঠনটির নেতারা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ মেট্রিক টন আমন ধান এবং ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি আরও জানান, ৫০ হাজার মেট্রিক টন আতপ চালও সংগ্রহ করা হবে। দেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ পরিমাণ খাদ্য মজুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি বিষয়ে তিনি এসব তথ্য প্রদান করেন।
খাদ্য মন্ত্রণালয়ের বিস্তারিত তথ্য তুলে ধরে উপদেষ্টা জানান, প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের জন্য ৪৯ টাকা এবং আতপ চালের জন্য ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ধান সংগ্রহ কার্যক্রম আগামী ১৪ নভেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান বিক্রি করতে চাইলে কৃষকের কাছ থেকে তা কেনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার। কৃষকের উৎপাদন খরচের সঙ্গে ন্যায্য লভ্যাংশ যুক্ত করেই এই সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। বৈশ্বিক অনিশ্চয়তা ও সম্ভাব্য সংকট মোকাবিলার উদ্দেশ্যে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে মাসিক ৩০ কেজি চাল এবং ৩০০টি উপজেলায় পুষ্টি চাল বিতরণ অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকাগামী ফ্লাইওভারের ওপর।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা-পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিজেই ফ্লাইওভারের ওপর নিয়ে আসে এবং পরে সেটিতে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বাসন থানার উপপরিদর্শক নুরু মিয়া জানিয়েছেন, মোটরসাইকেলটিতে আগুন দেওয়ার পেছনে কারা এবং কী উদ্দেশ্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের গবেষকদল ধানের ‘গ্রেইন ডিসকালারেশন’ বা দানা বিবর্ণ হওয়া রোগের জন্য দায়ী একটি সম্পূর্ণ নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন। এই নতুন ব্যাকটেরিয়াটির নামকরণ করা হয়েছে দেশের নামানুসারে— Pantoea bangladeshensis sp. nov. NSTU24 (প্যানটোয়া বাংলাদেশেনসিস)।
গবেষণাটি সম্প্রতি বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’ পোর্টফোলিওর স্বনামধন্য জার্নাল ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ গৃহীত হয়ে প্রকাশের অপেক্ষায় রয়েছে। গবেষকদের বিশ্বাস, এই যুগান্তকারী আবিষ্কার বাংলাদেশের কৃষিখাতে উদ্ভিদ রোগতত্ত্ব ও জিনোম গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সাথে, এই রোগের প্রতিকার ও ব্যবস্থাপনা নিয়ে আরেকটি গবেষণাপত্রও একই জার্নালে প্রকাশিত হয়েছে।
এই সাফল্যের পেছনের কাহিনী শুরু হয় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। নোবিপ্রবির কৃষি বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেলের তত্ত্বাবধানে সম্মান শেষ বর্ষের থিসিসের বিষয় খুঁজছিলেন অর্ণব গোস্বামী। রাজশাহী জেলার তানোর উপজেলার কৃষকদের একটি সমস্যা হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া ফেসবুকের এক পোস্টের মাধ্যমে নজরে আসে। কৃষকদের পোস্ট করা ছবিতে দেখা যায়, ধানের প্যানিকল বা ছড়া এবং এর ভেতরের ধানগুলো ক্রমশ কালো হয়ে যাচ্ছে। ধানের খোসা এবং শস্যের মান নষ্ট হওয়ায় মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক কৃষকেরা। এই ‘গ্রেইন ডিসকালারেশন’ বা প্যানিকল ব্লাইটের মতো সমস্যার বৈজ্ঞানিক কারণ খোঁজার তাগিদ অনুভব করেন অর্ণব গোস্বামী।
পরবর্তীতে, ড. রুবেলের পরামর্শে উত্তরবঙ্গ ও রাজশাহী অঞ্চলের তানোর উপজেলার ধানের ক্ষেত থেকে ‘গ্রেইন ডিসকালারেশন’ রোগে আক্রান্ত ধানের নমুনা সংগ্রহ করে নিজের থিসিসের কাজ শুরু করেন অর্ণব। এই কাজে আরও যুক্ত ছিলেন সহকারী অধ্যাপক ড. পীযূস কান্তি ঝাঁ।
গবেষক দলটি প্রাথমিকভাবে ধারণা করেছিল রোগটি পরিচিত Burkholderia গণের ব্যাকটেরিয়া দ্বারা হচ্ছে। সংগৃহীত নমুনা থেকে সফলভাবে ব্যাকটেরিয়া পৃথকীকরণ করে ৭টি সন্দেহভাজন কলোনি শনাক্ত করা হয়। আইসোলেশন ও ক্যারেক্টারাইজেশনের পর দেখা যায়, এটি প্রচলিত কোনো ব্যাকটেরিয়া নয়— এর জিনগত বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। প্যাথোজেনিসিটি পরীক্ষা সম্পন্ন করার পর এমন দুটি ব্যাকটেরিয়া শনাক্ত করা হয়, যা হুবহু মাঠের আক্রান্ত নমুনার মতো রোগ সৃষ্টি করতে সক্ষম। পরবর্তীতে, এই দুটি ব্যাকটেরিয়ার আংশিক জিনোম সিকোয়েন্সিং করে গবেষকরা দেখেন, এটি Burkholderia নয়, বরং অত্যন্ত সুযোগসন্ধানী Pantoea গণের একটি ব্যাকটেরিয়া। এই পুরো কার্যক্রমে অর্ণবকে সার্বিক সহযোগিতা করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক অংকন দত্ত।
অনার্স শেষ হওয়ার পরেও অর্ণবের কৌতূহল থামেনি। অধ্যাপক ড. রুবেলের উৎসাহে গবেষণাটিকে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ পর্যায়ে গবেষক দলে যুক্ত হন ডিএনএ সলিউশন লিমিটেডের মাকসুদুর রহমান নায়েম এবং নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের এ বি জেড নাইমুর রহমান। তাদের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ব্যাকটেরিয়াটির সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং সম্পন্ন হয়। এতে সম্পূর্ণ নতুন একটি প্রজাতি হিসেবে প্রমাণিত হয়। পরবর্তীতে, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আইবিজিই (IBGE)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. তোফাজ্জল ইসলামের আন্তর্জাতিক মানের জিনোমিক দিকনির্দেশনায় গবেষণাটি পূর্ণতা লাভ করে। এছাড়া, গবেষণাপত্রটি লেখার ক্ষেত্রে সহযোগিতা করেন অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান শান্ত।
তবে আন্তর্জাতিক জার্নালে এই গবেষণা প্রকাশের পথটি মোটেও সহজ ছিল না। শুরুতে বিখ্যাত কিছু জার্নালে পেপারটি সাবমিট করার পর তা রিজেক্ট হয়। রিভিউয়াররা জানান, আন্তর্জাতিক ব্যাকটেরিওলজিক্যাল নামকরণ বিধিমালা (ICNP) অনুযায়ী নতুন প্রজাতি দাবি করতে হলে ব্যাকটেরিয়াটিকে বিশ্বের অন্তত দুটি স্বনামধন্য ‘কালচার কালেকশন' সেন্টারে জমা দিতে হবে।
নিয়ম অনুযায়ী দীর্ঘ প্রক্রিয়া শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম এবং উপসচিব আমিরুল কায়সারের বিশেষ সহায়তায় প্রয়োজনীয় সরকারি অনুমতিপত্র সংগ্রহ করে গবেষক দল। অবশেষে পুনরায় যাচাই-বাছাই শেষে সফলভাবে ব্যাকটেরিয়াটিকে নিউজিল্যান্ডের আইসিএমপি (ICMP) এবং বেলজিয়ামের বিসিসিএম/এলএমজি (BCCM/LMG) কালচার কালেকশনে ‘টাইপ স্ট্রেইন’ হিসেবে সংরক্ষণ করা হয়।
গবেষণায় সাফল্যের অনুভূতি প্রকাশ করে কৃষি বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল বলেন, “সবচেয়ে বড় প্রাপ্তি হলো, আমাদের এই গবেষণার মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশ এবং আমাদের বিশ্ববিদ্যালয় পরিচিতি পাচ্ছে। পেপার সাইটেশনের মাধ্যমে যখন গবেষক বা শিক্ষার্থীরা আমাদের কাজ পড়বে, তখন তারা আমাদের দেশকে চিনবে।”
তবে গুরুত্বপূর্ণ এই গবেষণায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দুইবার প্রস্তাবনা জমা দেওয়া হলেও কোনো ফান্ড বরাদ্দ পাওয়া যায়নি বলে আক্ষেপ করেন ড. রুবেল। পুরো গবেষণাপত্রটি দাঁড় করাতে গিয়ে ব্যক্তিগতভাবে প্রায় তিন লক্ষ টাকার বেশি খরচ করতে হয়েছে। জিন সিকোয়েন্সিং ও ডিএইচএল পরিবহনের উচ্চ খরচ নিজেদের পকেট থেকেই মেটাতে হয়েছে। গবেষণা ফান্ড থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার আক্ষেপ থাকলেও, দেশের নাম বিশ্বমঞ্চে তুলে ধরতে পারার আনন্দ সেই কষ্টকে ম্লান করে দিয়েছে বলেও জানান তিনি।
গবেষণার সঙ্গে শুরু থেকে যুক্ত থাকা কৃষি বিভাগের শিক্ষার্থী অর্ণব গোস্বামী বলেন, “এই আবিষ্কারটি আমার জন্য অত্যন্ত আনন্দের এবং একই সাথে একটি বড় বৈজ্ঞানিক মাইলফলক। কোনো ফান্ড ছাড়াই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে যখন আমরা ল্যাবে কাজ শুরু করি, তখন আমাদের মূল লক্ষ্য ছিল ধানের গ্রেইন ডিসকালারেশন রোগের পেছনের অজানা প্যাথোজেনটিকে খুঁজে বের করা। জিনোমিক অ্যানালাইসিসের মাধ্যমে যখন আমরা নিশ্চিত হই যে এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি এবং বৈশ্বিক ডাটাবেসে এর কোনো পূর্ব-রেকর্ড নেই, সেই মুহূর্তটি ছিল অভাবনীয়।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক সায়েন্টিফিক কমিউনিটির কাছে আমাদের দেশের নামানুসারে Pantoea bangladeshensis প্রজাতিটিকে পরিচয় করিয়ে দিতে পারাটা আমার জন্য অনেক বড় গর্বের। এই দীর্ঘ যাত্রায় নিরলস দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য আমি আমার সুপারভাইজার ড. মেহেদী হাসান রুবেল স্যার, আমার সকল ল্যাবমেট ও কো-অথরদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, আমাদের এই জিনোমিক ডেটা এবং প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস ভবিষ্যতে ধানের রোগ-প্রতিরোধী জাত উদ্ভাবন এবং গ্লোবাল ফুড সিকিউরিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
দীর্ঘ অধ্যবসায়, আর্থিক প্রতিবন্ধকতা এবং জার্নালের কঠোর নিয়ম-নীতি পেরিয়ে অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল Pantoea bangladeshensis NSTU24। তরুণ গবেষক অর্ণব গোস্বামীর মূল উদ্যোগে পরিচালিত এই গবেষণা এবং অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল ও ড. তোফাজ্জল ইসলামের যৌথ নির্দেশনায় সহ-গবেষকদের এই সাফল্য দক্ষিণ এশিয়ার কৃষিতে ধানের নিরাপত্তা বিধান ও রোগপ্রতিরোধী জাত উদ্ভাবনে নতুন আশার সঞ্চার করেছে।
গবেষকরা জানান ল্যাবরেটরির সফলতার পর এখন এই গবেষণাটিকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এর জন্য প্রয়োজন পর্যাপ্ত আর্থিক সহযোগিতা ও সরকারি সহায়তা। ব্যাকটেরিয়াজনিত এই রোগের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশের ধান উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকরাও আর্থিক ক্ষতি থেকে বাঁচবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ