বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৪৫ পি.এম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও লিওনেল মেসির ‘নাম্বার টেন’ জার্সি নিয়ে আলোচনা চলছে। এই নম্বরের সঙ্গে এমএলটেনের নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের এই নম্বরের জার্সিটি কার গায়ে উঠবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সাবেক আর্জেন্টাইন ফুটবলার ও রাজনীতিক কার্লোস ম্যাক অ্যালিস্টার মনে করেন, মেসির পরপরই কাউকে ১০ নম্বর জার্সি দেওয়া উচিত নয়। বরং কিছু মাস সময় নিয়ে সম্ভাব্য খেলোয়াড়দের পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
ইএসপিএনে দেওয়া বক্তব্যে ম্যাক অ্যালিস্টার বলেন, “আমি কাউকেই ১০ নম্বর দেব না।” তবে তিনি পাঁচজন খেলোয়াড়ের নাম প্রস্তাব করেছেন। এই তালিকায় রয়েছে ৫ জন খেলোয়াড়।
তার প্রস্তাব অনুযায়ী, মেসির পর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত কয়েকজন খেলোয়াড়কে পর্যায়ক্রমে ১০ নম্বর জার্সি পরানো যেতে পারে। এরপর তাদের পারফরম্যান্স ও দলের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করে স্থায়ী উত্তরসূরি বেছে নেওয়া হবে।
সম্ভাব্য পাঁচ খেলোয়াড় হিসেবে উঠে এসেছে এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও নিকো পাজের নাম।
তবে মেসির উত্তরসূরি নিয়ে আলোচনা চললেও আর্জেন্টিনার অধিনায়কত্বের উত্তরসূরি ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসির পর ক্রিস্তিয়ান রোমেরো জাতীয় দলের অধিনায়কত্ব করবেন। মেসি ও নিকোলাস ওতামেন্দির পর অধিনায়কত্বের ক্রমে রোমেরো তৃতীয় ছিলেন।
অর্থাৎ আর্জেন্টিনার নেতৃত্বের দায়িত্ব কার হাতে থাকবে, সেটি স্পষ্ট হলেও মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হবেন, সেই সিদ্ধান্তের জন্য এখনো অপেক্ষা করতে হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শনিবার (৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শহরের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ তথ্যটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), ঝিনাইদহ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাস ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি শিল্পকলা, ক্যাডেট কলেজ, ভাটাই, সার্কিট হাউজ, জেলখানা, আরাপপুর এবং ডিসি কোর্ট ও অফিস ফিডারের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বন্ধের আওতাধীন এলাকাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- এইচএসএস রোড, মদন মোহন পাড়া, পোস্ট অফিস মোড়, আরাপপুর, দুঃখী মাহমুদ রোড, উকিলপাড়া, নেভি অফিস এলাকা, মহিষাকুণ্ড, আইএইচটি, পুরাতন হাটখোলা, জাগড় মোড়, ময়ূরাপুর, লক্ষ্মীকোল, কাঞ্চনপুর, গোপীনাথপুর, খাজুরা, সেলিম চৌধুরী সড়ক, আমতলা, পাগলাকানাই সড়ক, ব্যবসায়ীপাড়া, পূজা মন্দির এলাকা, নতুন কোর্টপাড়া, ডিসি অফিস, এসপি অফিস, ভাটাই বাজার, নাকোশাল, গাবলা, কুলচারা ও মুড়ারীদহসহ সংশ্লিষ্ট ১১ কেভি ফিডারের আওতাধীন এলাকা।
ওজোপাডিকো জানিয়েছে, নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে আগাম বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। কর্তৃপক্ষ সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানিকগঞ্জের দৌলতপুরে নজরুল বর্ষ উপলক্ষে ‘নজরুলের সৃষ্টি কর্মের উপর’ একটি আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এই সেমিনারটি উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ৩০ সেপ্টেম্বর বুধবার বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সিলভিয়া স্নিগ্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রবীর বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঈনুল ইসলাম, এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ লোকমান হোসেন।
এছাড়া, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ স্বপ্ন কুমার, দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রী কলেজের প্রভাষক আমিরুল ইসলাম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ।
সেমিনারে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সঙ্গীত ও অনবদ্য সৃষ্টিকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা উল্লেখ করেন, নজরুলের সাহিত্য ও চিন্তাধারা আমাদের সমাজে অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার বার্তা ছড়িয়ে দেয়। অতিথিরা তরুণ প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিকে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালীন এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালীন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু এবং পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার অভ্যন্তরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার অভিযোগে পুলিশ দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানোর পর শুনানি শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ‘সিনটেক্স’ নামের একটি পোশাক কারখানা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন পঞ্চগড় জেলার বোদা থানার নয়াপাড়া গ্রামের পবিজ উদ্দিনের ছেলে মো. রুবেল ইসলাম। তিনি রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন এবং বর্তমানে ওই কারখানায় সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। অন্যজন হলেন বগুড়ার নন্দীগ্রাম থানার ধুন্দার গ্রামের লোকমান হোসেনের ছেলে মো. শাহিন। তিনিও কারখানাটিতে একই পদে (সুইং সুপারভাইজার) কর্মরত রয়েছেন।
পুলিশের সূত্রে জানা গেছে, গতকাল রাতে কারখানার ভেতরে বাইরের লোক এনে শেখ হাসিনার জন্মদিনের বিশেষ আয়োজন করা হয়। সেখানে এই দুই কর্মকর্তাসহ কারখানার ও বাইরের বেশ কয়েকজন অংশগ্রহণ করেন। পরবর্তীতে এই আয়োজনের ভিডিও ধারণ করে কেন্দ্রের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। বিষয়টি জানার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, আটকদের বিষয়ে বর্তমানে জিজ্ঞাসাবাদ ও সত্যতা যাচাই-বাছাই চলছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানোর পর শুনানি শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া এই আয়োজনের সঙ্গে যুক্ত অন্যান্য জড়িতদের আটকের উদ্দেশ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ