ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ফরিদপুর জেলা পরিষদ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে


ফরিদপুর জেলা পরিষদ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে

দেশের ৬১টি জেলা পরিষদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে ফরিদপুর জেলা পরিষদ প্রথমবারের মতো সফলভাবে ৬০ কিলোওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করেছে। নিজেদের বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করেছে এই প্রতিষ্ঠান। প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে জেলা পরিষদের নিজস্ব তহবিলের সঙ্গে সরকারের দেওয়া অনুদান যুক্ত করে।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ফরিদপুর জেলা পরিষদের প্রকৌশল শাখা ভবন এবং সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা পরিষদের প্রকৌশল শাখা ভবনের ছাদে ৪০ কিলোওয়াট এবং সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। এই দুই ভবনে স্থাপিত ব্যবস্থার মোট উৎপাদনক্ষমতা ৬০ কিলোওয়াট।

আরও পড়ুন: চাপরতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশায় জামাল আহমদের প্রচারণা শুরু, বিএনপির মনোনয়ন প্রত্যাশী

জেলা পরিষদের দৈনন্দিন বিদ্যুতের চাহিদা প্রায় ৪০ কিলোওয়াট। তাই সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে নিজেদের চাহিদা পূরণের পর অবশিষ্ট প্রায় ২০ কিলোওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

প্রকল্পটি চালুর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বৃহস্পতিবার জেলা পরিষদ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো-১) বিক্রয় ও বিতরণ বিভাগের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পটির সৌর প্যানেল স্থাপনের দায়িত্ব পালন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মার্শ পাওয়ার টেকনোলজি লিমিটেড’, যারা আগামী ২০ বছর এর মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, “বর্তমানে সারা বিশ্বেই জ্বালানি ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। নিজস্ব ও নবায়নযোগ্য প্রযুক্তি ব্যবহার করে কীভাবে আমরা বিদ্যুতের চাহিদা মেটাতে পারি, সেই প্রয়াস থেকেই জেলা পরিষদের এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।”

প্রকল্পটি বাস্তবায়ন প্রসঙ্গে জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ বলেন, “দেশের ৬১টি জেলা পরিষদে সোলার সিস্টেম স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই সরকারি অনুদানের সঙ্গে জেলা পরিষদের নিজস্ব তহবিল যুক্ত করে আমরা সফলভাবে এই প্ল্যান্টটি বাস্তবায়ন করেছি। ফরিদপুরই প্রথম জেলা পরিষদ, যারা সোলার সিস্টেম চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে শুরু করেছে। আমাদের দৈনন্দিন প্রয়োজন প্রায় ৪০ কিলোওয়াট, বাকি ২০ কিলোওয়াট বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে যোগ করব।”

আরও পড়ুন: দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

সংশ্লিষ্টরা মনে করছেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণ এবং জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ফরিদপুর জেলা পরিষদের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৫ এম


রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ

রংপুর মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক কারবার নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে পুলিশের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় একজন সংসদ সদস্য হিসেবে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী প্রাপ্য প্রটোকল ও সম্মান নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরেন মাহবুবুর রহমান বেলাল। তিনি প্রশাসনিক যেসব ঘাটতি রয়েছে, সেগুলো পূরণে সংশ্লিষ্টদের মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

মাদক নিয়ন্ত্রণের বিষয়ে সংসদ সদস্য বলেন, শুধু মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে না; মাদকের উৎস চিহ্নিত করে এর পেছনে থাকা কারবারিদের আইনের আওতায় আনতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মহানগরের যানজট সমস্যা নিরসনে কামারপাড়া বাসস্ট্যান্ড অন্যত্র স্থানান্তরের বিষয়টি তুলে ধরেন সংসদ সদস্য। তিনি অবৈধ বালু পয়েন্টের বিরুদ্ধে পুলিশের দৃশ্যমান অভিযান পরিচালনা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপপুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ) মাহফুজুর রহমান এবং উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়াবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, পরশুরাম থানা জামায়াতের আমির অ্যাডভোকেট মাহবুব আলম এবং মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংসদ সদস্যের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। তিনি সংসদ সদস্যের প্রটোকল নিশ্চিত করার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৫ এম


পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা

ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার পর রংপুরের পীরগঞ্জে পথসভা আয়োজন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ডে এই পথসভা অনুষ্ঠিত হয়।

এর আগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রংপুর থেকে পীরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পথে জাগীরহাট, মিঠাপুকুর, শঠিবাড়ী ও বড়দরগাহ হয়ে তারা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও কথা বলেন। পরে পীরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ডে এসে পথসভায় অংশগ্রহণ করেন তারা।

পথসভায় বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। তিনি বলেন, “আমরা শহীদ আবু সাঈদের শাহাদাতের শহরে এসেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই সফর টেকনাফে গিয়ে শেষ করতে পারি।”

এ সময় তিনি তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।

পথসভায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, “প্রকাশ্যে হাদি হত্যার বিচার যদি এখনো না হয়, তাহলে সাধারণ দিনমজুর ও খেটে খাওয়া মানুষের সঙ্গে অন্যায় হলে তারা কি বিচার পাবে?”

তিনি আরও বলেন, শহীদ আবু সাঈদ অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে জীবন দিয়েছেন। তারা দেশে আর এসব অন্যায়-অত্যাচার দেখতে চান না।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পথসভার মাধ্যমে পীরগঞ্জে দিনের কর্মসূচি শেষ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিপি নুরের ‘বারুদ কণ্ঠের’ হুঁশিয়ারি জামায়াত-এনসিপির জন্য রাশেদ খানের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৬ এম


ভিপি নুরের ‘বারুদ কণ্ঠের’ হুঁশিয়ারি জামায়াত-এনসিপির জন্য রাশেদ খানের সতর্কতা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করে বিরোধী রাজনৈতিক বক্তব্যে তেজস্বী কণ্ঠের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন, ভিপি নুরকে খেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বিরোধী রাজনৈতিক চরিত্রে বক্তব্যের মধ্যে তেজস্বী ভাব থাকা আবশ্যক, জামায়াত-শিবির এবং এনসিপি মিলিত হয়ে এমন একজন নেতা তৈরি করতে পারেনি। নেতার যে বারুদ বজ্রকণ্ঠ জনতার রক্তে শিহরন ও উন্মাদনা সৃষ্টি করে, সেই ধরনের কোনো চরিত্র জামায়াত-এনসিপিতে নেই। জেল-জুলুম এবং ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়।

রাশেদ খান আরও লেখেন, গুপ্ত রাজনীতি অর্থাৎ গোপনে শিবির এবং প্রকাশ্যে ছাত্রলীগ করে এই বারুদ কণ্ঠ অর্জন করা সম্ভব নয়।

নুরুল হক নুরের বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার এবং বাংলামোটর তছনছ হয়ে গেছে। বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠ থেকে যে বারুদ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিল। কিন্তু আজকে জামায়াত-এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেল।

তিনি আরও লেখেন, শুধু এতটুকুই বলব, ভিপি নুরকে খেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে। আমি ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে জানি, ভিপি নুর কী জিনিস, ভিপি নুর মানেই একটা বারুদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরিচিত নাম্বার থেকে ফোনের ভোগান্তি রুখতে ভারত সরকারের কড়া নির্দেশিকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৬ এম


অপরিচিত নাম্বার থেকে ফোনের ভোগান্তি রুখতে ভারত সরকারের কড়া নির্দেশিকা

অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে বিপদে পড়ার সম্ভাবনা থাকে। অনেক সময় মানুষ প্রতারণার শিকার হন। এই ধরনের ভোগান্তি দূর করার লক্ষ্যে ভারত সরকার কড়া নির্দেশিকা জারি করেছে।

যোগাযোগ মন্ত্রীর পক্ষ থেকে টেলিকম সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, কলার আইডি এখন থেকে বাধ্যতামূলক হবে। অর্থাৎ, যদি কোনো ব্যক্তি কল করেন, তবে রিসিভারের ফোনে তার নাম্বার সেভ করা না থাকলেও নাম প্রদর্শিত হবে।

এয়ারটেলের মতো টেলিকম কোম্পানিগুলোকে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কলিং নেম প্রেজেন্টেশন (CNP) ব্যবস্থা এখন থেকে চালু করতে হবে। এই CNP ব্যবস্থা কলারের নাম এবং পরিচয় জানাতে সহায়তা করবে।

ভারতের নিজস্ব এই CNP ব্যবস্থা প্রত্যেক কলারের পরিচয় টেলিকম সার্ভিস প্রোভাইডারদের কাছে নথিবদ্ধ রাখবে। কলাররা যখন ফোন করবেন, তখন তাদের ফোন নাম্বারের পাশাপাশি নামও রিসিভারের মোবাইল স্ক্রিনে দেখা যাবে। আপাতত ৪জি এবং ৫জি নেটওয়ার্ক ব্যবহারকারীদের ফোনে কলারের নাম প্রদর্শিত হবে।

১ নভেম্বর থেকে এই দুই ধরনের নেটওয়ার্কে কলিং নেম প্রেজেন্টেশন কার্যকর হবে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, ফোনে কল এলে তিনটি তথ্য দেখা যাবে। কলারের নাম, ফোন নম্বর এবং সংশ্লিষ্ট ফোনে সেভ থাকা নাম। যদি কোনো নম্বর সেভ করা না থাকে, তবে সার্ভিস প্রোভাইডারের কাছে যে নাম রয়েছে, সেটাই রিসিভারকে দেখানো হবে। ভবিষ্যতে ২জি বা ৩জি ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সার্ভিস প্রোভাইডারগুলোকে।

ইতিমধ্যে বেশ কিছু সার্ভিস প্রোভাইডার নির্দিষ্ট কিছু ফোনে এই পরিষেবা প্রদান শুরু করেছে। এতদিন পর্যন্ত এই বিষয়টি বাধ্যতামূলক ছিল না, তবে এখন থেকে কেন্দ্রের নির্দেশ মানতে হবে টেলিকম সংস্থাগুলিকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%