মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৩ পি.এম
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মন্তব্য করেছেন যে, বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হরণ করে ১৭ বছর ধরে ক্ষমতায় থেকে দেশের অর্থনীতি, রাজনীতি এবং সামাজিক অবস্থাকে ভঙ্গুর করে ফেলেছে। তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বর্তমানে ভারতে বসে তারা নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির নীলনকশা করছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজবাড়ী শহরের ১ নম্বর রেলগেট বটতলায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী গণমিছিল-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে।
এ সময় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনসারী, সাবেক সদস্যসচিব মনজুরুল আলম দুলালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যে গত বছর প্রায় ৩৮ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটিয়েছেন। এদের মধ্যে প্রায় ১০ লাখ শিশু রয়েছে। চরম দারিদ্র্যের এই সংখ্যা দেশটিতে নতুন একটি রেকর্ড হিসেবে চিহ্নিত হয়েছে। এই তথ্য একটি গবেষণায় উঠে এসেছে।
গবেষণাটি জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশনের (জেআরএফ) অর্থায়নে হেরিওট-ওয়াট ইউনিভার্সিটি এবং সামাজিক গবেষণা প্রতিষ্ঠান ভেরিয়ানের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। গবেষণায় দেখা গেছে, লাখ লাখ মানুষ মৌলিক প্রয়োজন যেমন খাদ্য, পর্যাপ্ত পোশাক, ঘর গরম রাখার ব্যবস্থা এবং পরিচ্ছন্নতার সামগ্রী মেটাতে হিমশিম খাচ্ছেন।
গবেষণায় বলা হয়েছে, চরম দারিদ্র্যের হার এখনও ২০২২ সালের পর্যায়েই রয়েছে। ২০১৭ সালের তুলনায় ওই বছর দেশটিতে চরম দারিদ্র্যের হার প্রায় আড়াই গুণ বেড়েছিল।
চরম দারিদ্র্য বলতে বোঝায়, যখন কোনো ব্যক্তি বা পরিবার খাবার, উষ্ণ ও শুষ্ক পরিবেশে থাকা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার মতো মৌলিক প্রয়োজনীয় সামগ্রী কেনার সামর্থ্য হারায়।
যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে লন্ডনে চরম দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। গবেষণার আওতাভুক্ত সময়ে শহরটির প্রায় ২ শতাংশ পরিবার চরম দারিদ্র্যের শিকার হয়েছে। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের চেয়ে এ হার প্রায় দ্বিগুণ।
লন্ডনের বরোগুলোর মধ্যে জাতীয়ভাবে সবচেয়ে বেশি চরম দারিদ্র্যের হার নিউহ্যামে। সেখানে ৩ শতাংশের বেশি পরিবারকে চরম দারিদ্র্যসীমার নিচে চিহ্নিত করা হয়েছে।
গবেষণায় আরও দেখা গেছে, যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত তিন অঞ্চল স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে চরম দারিদ্র্যের হার ইংল্যান্ড এবং সামগ্রিক যুক্তরাজ্যের তুলনায় কম।
স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর মধ্যে ওয়েলসে এ হার সবচেয়ে কম। এরপর রয়েছে স্কটল্যান্ড। নর্দার্ন আয়ারল্যান্ডে চরম দারিদ্র্যের হার তুলনামূলক কিছুটা বেশি।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার মাছবাজারের সামনে রিকশায় ফেলে যাওয়া একটি ব্যাগ ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা পুলিশ। দ্রুত সময়ের মধ্যে হারানো জিনিসপত্র উদ্ধার করে দেওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী অনিকা আলিফা।
অনিকা আলিফার দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল সকাল ১০টা ৩৬ মিনিটে বরিশাল নগরীর পোর্ট রোড সংলগ্ন মাছবাজারের সামনে রিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত তাঁর হাতব্যাগটি রিকশার পেছনে রেখে চলে যান তাঁর স্বামী। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে তাঁরা ব্যাগটির সন্ধান শুরু করেন। পরে মাছবাজারের মালিক সমিতির সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন এবং দ্রুত কোতোয়ালি মডেল থানায় যোগাযোগ করেন।
থানায় দায়িত্বরত কর্মকর্তার পরামর্শে তাঁরা অভিযোগ জানান। পরে থানার সেকেন্ড অফিসার মো. মনিরুল ইসলামের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হলে তিনি তাঁদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। পাশাপাশি হারানো জিনিসপত্র উদ্ধারে এসআই মো. আবু তালেবের ওপর দায়িত্ব অর্পণ করেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, এ সময় পুলিশের পক্ষ থেকে তাঁদের প্রতি আন্তরিক সহযোগিতা ও মানবিক আচরণ করা হয়। এমনকি এসআই পিকলি তাঁকে ডেকে আর্থিক সহায়তা হিসেবে কিছু টাকা উপহার দেন এবং দুশ্চিন্তা না করার আশ্বাস দেন। পুলিশের এমন মানবিক উদ্যোগে তিনি আবেগাপ্লুত হন।
এরপর আজ দুপুরে কোতোয়ালি মডেল থানার এসআই মো. আবু তালেব, এএসআই আল আমিন ও এএসআই আমিনুলের সমন্বয়ে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মাত্র আধা ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট রিকশাচালককে শনাক্ত করেন। পরে তাঁর কাছ থেকে ব্যাগটি উদ্ধার করে প্রয়োজনীয় জিনিসপত্রসহ নগদ ১০ হাজার টাকা ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।
নিজের অনুভূতি প্রকাশ করে অনিকা আলিফা বলেন, এত অল্প সময়ের মধ্যে হারানো সবকিছু ফিরে পাবেন, তা তিনি কখনো কল্পনাও করেননি। পুলিশের এমন আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণ তাঁর পুলিশ সম্পর্কে পূর্বের নেতিবাচক ধারণা বদলে দিয়েছে।
তিনি কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার মো. মনিরুল ইসলাম, এসআই মো. আবু তালেব, এএসআই আল আমিন, এএসআই আমিনুল, সাব-ইন্সপেক্টর পিকলিসহ সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি পুলিশের এ মানবিক উদ্যোগ ও নিরলস প্রচেষ্টার প্রশংসা করে সংশ্লিষ্ট সদস্যদের সুস্বাস্থ্য, কল্যাণ ও সফলতা কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
ভুক্তভোগী অনিকা আলিফা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁর এই বক্তব্যে হারানো সম্পদ উদ্ধারে পুলিশের তৎপরতার পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে মানবিক আচরণের বিষয়টিও উঠে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার ময়মনসিংহ সাংবাদিক সমিতির ২১ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ম. হামিদুল হক মানিক (দৈনিক দিনকাল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম কিবরিয়া (এনটিভি)।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও সম্মেলনের পর ২৭-২৮ এ কমিটি ঘোষণা করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট আফজাল এইচ খান। এই কমিটি আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য দায়িত্ব পালন করবে।
সমিতির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ জাহাঙ্গীর (দৈনিক বাংলা) এবং সহসভাপতি হয়েছেন গালীব হাসান (সরাসরি)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সিরাজুল ইসলাম (যুগান্তর), সহসাধারণ সম্পাদক হিসেবে কবির আহমেদ খান (বাসস), সাংগঠনিক সম্পাদক হিসেবে হাবিবুর রহমান (দৈনিক জনতা), কোষাধ্যক্ষ হিসেবে বাজিত হোসেন (বায়জিদ)-(বাংলাদেশ প্রতিদিন), এবং দপ্তর সম্পাদক হিসেবে আনোয়ারুল কাইয়ুম কাজল (একুশে টিভি)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ ফরিদ (দৈনিক বর্তমান, কলকাতা), ক্রীড়া সম্পাদক হিসেবে আকতার হোসেন (এদিন), সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নঈম মাশরেকী (জনপ্রশাসন), নির্বাহী সদস্য হিসেবে মাহমুদুল হাসান (কালের কণ্ঠ), লতিফুল বারী হামিম (ঢাকা নিউজ২৪), গোলাম সাহানী (সরাসরি), মাশরুর জামান রনি (চ্যানেল আই), মোশাররফ হোসেন, শামসুর রহমান (শামস) (ঠিকানা নিউজ), খাদেমুল ইসলাম (বাংলা নিউজ), খান আমিন এবং গোলাম মোস্তফা (আমার দেশ)।
এর আগে সকালে ময়মনসিংহ সাংবাদিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) সংসদ সদস্য আকতারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) সংসদ সদস্য কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স।
এ সময় টাঙ্গাইল সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি রফিক মোহাম্মদসহ ময়মনসিংহ সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের জন্য স্থগিত হওয়া মডেল পরীক্ষাটি পূর্বে ব্যবহৃত প্রশ্নপত্রে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২২ নভেম্বর) মহেশপুর ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
এর আগে ১৯ নভেম্বর একই প্রশ্নপত্র ব্যবহার করে উপজেলার ১৩টি পরীক্ষা কেন্দ্রে ওই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী গত ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্টে অংশগ্রহণ করে।
পরীক্ষার সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর ‘প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগের ডাকা লকডাউন চলাকালীন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়িসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটে।
এই পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত কারণে মহেশপুর ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা স্থগিত করা হয়। তবে উপজেলার বাকি ১৩টি ইউনিয়নে পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হয়।
পরে স্থগিত পরীক্ষাটি তিন দিন পর, ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে মহেশপুর ইউনিয়নের ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এই পরীক্ষায় ১৯ নভেম্বর ১৩টি কেন্দ্রে ব্যবহৃত একই প্রশ্নপত্র পুনরায় ব্যবহার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, উপজেলার অধিকাংশ কেন্দ্রে পরীক্ষা শেষ হওয়ার তিন দিন পর একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কারণে জয়নগর কেন্দ্রের শিক্ষার্থীরা পূর্বে থেকেই প্রশ্ন সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। ফলে পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরিবেশ নষ্ট হয়েছে। পাশাপাশি ১৩টি ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে চরম বৈষম্য সৃষ্টি হয়েছে।
জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. মামনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "সময় স্বল্পতার কারণে নতুন করে প্রশ্নপত্র তৈরি করা সম্ভব হয়নি। তাই আগের প্রশ্নপত্র দিয়েই স্থগিত পরীক্ষাটি নেওয়া হয়েছে।"
কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ