শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৪২ এম
ঢাকাতে প্রতিদিনই কেনাকাটার জন্য কোথাও না কোথাও যাওয়ার প্রয়োজন হতে পারে। তবে, কোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।
শুক্রবার (২০ নভেম্বর) তারিখে দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল এবং এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
যেসব মার্কেট বন্ধ
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) কর্তৃক রোহিঙ্গা গণহত্যার বিচারে প্রদত্ত রায়কে ইতিবাচকভাবে গ্রহণ করছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই প্রতিক্রিয়া প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে, ডা. শফিকুর রহমান আইসিজের রায়কে স্বাগত জানিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, "আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিচারে প্রদত্ত রায়কে ইতিবাচকভাবেই দেখছি।"
রায়ে নির্ধারিত সময়সীমার বিষয়টি তুলে ধরে জামায়াত আমির বলেন, দুই বছরের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে, সেই সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করা জরুরি।
দীর্ঘকাল ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগণের দুর্দশা লাঘবের আশা প্রকাশ করে পোস্টের শেষে তিনি লেখেন, "রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জন্মদিন সাধারণত ব্যক্তিগত একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়, তবে জাতীয় নেতাদের ক্ষেত্রে এটি দেশের গতিপথ এবং নেতৃত্বের দায়বদ্ধতা মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে দাঁড়ায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ নভেম্বর জন্মদিনের প্রেক্ষিতে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে দেশবাসীর প্রত্যাশা নতুন করে আলোচনায় উঠে এসেছে।
তারেক রহমানের প্রধানমন্ত্রিত্বের আসনে আসা একটি দীর্ঘ ও কণ্টকাকীর্ণ রাজনৈতিক পথপরিক্রমার ফলস্বরূপ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র হিসেবে ১৯৮৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন এবং ধাপে ধাপে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব গ্রহণ করেন। তৃণমূল পর্যায়ে দল গঠন, জাতীয় নির্বাচনী প্রচারণা, কারাবরণ এবং লন্ডনে প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন, সব মিলিয়ে তাঁর রাজনৈতিক জীবন নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে অতিক্রম করেছে।
২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়। এর মাত্র পাঁচ দিন পর, মায়ের মৃত্যুর শোক সামলে ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হলে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন।
পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার এবং ব্যক্তিগত প্রতিকূলতা তাঁর পথচলাকে গঠন করলেও ১৮ কোটি মানুষের এই দেশ পরিচালনার দায়িত্ব ভিন্ন এক রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞার দাবি করে। বর্তমান প্রশাসনের সামনে মূল প্রশ্ন হলো, তিনি কীভাবে সর্বোচ্চ পদে পৌঁছেছেন; বরং গণতান্ত্রিক সুশাসন, অর্থনৈতিক পুনরুদ্ধার, জনকল্যাণ এবং আন্তর্জাতিক কূটনীতিতে অর্পিত এই ক্ষমতা তিনি কীভাবে প্রয়োগ করবেন, সেটিই এখন মুখ্য।
রাজনৈতিক উত্তরাধিকার থেকে স্বতন্ত্র কীর্তির পথে
তারেক রহমানের রাজনৈতিক পরিচয় দীর্ঘকাল ধরে তাঁর বাবা-মায়ের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর পিতা জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা। অন্যদিকে তাঁর মাতা বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং কয়েক দশক ধরে দেশের গণতান্ত্রিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন, জনপ্রিয়তায় ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।
১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে আনুষ্ঠানিক রাজনীতি শুরু করার পর, তারেক রহমান দলের সাংগঠনিক ভিত্তি বিস্তারে কাজ করেন এবং ১৯৯১ ও ২০০১ সালের সাধারণ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০০২ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তবে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর রাজনৈতিক জীবনে বড় ধরনের বিপর্যয় নেমে আসে। ২০০৭ সালের মার্চে গ্রেপ্তার হয়ে তিনি কারাবন্দী হন এবং সেখানে নির্মম ও নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। মেরুদণ্ডের গুরুতর আঘাতের চিকিৎসার জন্য ২০০৮ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেয়ে তিনি লন্ডনে যান এবং দীর্ঘ প্রায় ১৭ বছর প্রবাসে থেকেই দলের কৌশল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বারবার ষ্টো করেও দেশে ফিরতে পারেননি। গণমাধ্যমে তাঁর বক্তব্য প্রচার নিষিদ্ধ করা হয়।
২০২৫ সালের ডিসেম্বরে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে এবং এর কয়েক দিন পর বেগম খালেদা জিয়ার প্রয়াণে দলের নেতৃত্বের পূর্ণ ভার তাঁর কাঁধে এসে পড়ে। তবে কেবল রাজনৈতিক উত্তরাধিকার কোনো নেতাকে ইতিহাসে অমরত্ব দিতে পারে না। তারেক রহমানের স্থায়ী কীর্তি নির্ভর করবে তাঁর প্রশাসনের গুণগত মান, নীতিনির্ধারণী সিদ্ধান্তের স্বচ্ছতা এবং দল-মত নির্বিশেষে সব নাগরিকের সেবায় শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ার অঙ্গীকারের ওপর।
প্রথম নয় মাসের মূল্যায়ন: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা
২০২৬ সালের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর নভেম্বর নাগাদ প্রশাসনের প্রায় নয় মাস পূর্ণ হচ্ছে। এই সময়ে সংসদ সচল হওয়া, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতার অনুভূতি তৈরি হওয়া এবং প্রধানমন্ত্রীর তুলনামূলক সংযত ও অনাড়ম্বর জনসম্পৃক্ততার মতো ইতিবাচক দিকগুলো নজরে এসেছে। প্রথম ১০০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় সামাজিক নিরাপত্তা ও অবকাঠামোগত কিছু উদ্যোগও দৃশ্যমান হয়েছে।
তবে প্রথম নয় মাসের অভিজ্ঞতায় প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে কিছুটা ব্যবধানও রয়েছে। মূল্যস্ফীতির চাপ, কর্মসংস্থানের ধীরগতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় এখনও দুশ্চিন্তার কারণ হয়ে রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করা এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যেভাবে নাশকতা ও মানুষ হত্যায় মত্ত হয়ে উঠেছে তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
গণতন্ত্র, সাংবিধানিক সংস্কার ও বিরোধী দলের ভূমিকা
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার ও শক্তিশালী করাই বর্তমান সরকারের প্রতি জনগণের প্রধান প্রত্যাশা। ‘সবার আগে বাংলাদেশ’ (বাংলাদেশ ফার্স্ট) মূলমন্ত্রকে সামনে রেখে গত ৬ ফেব্রুয়ারি তারেক রহমান বিএনপির যে ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন, তাতে পাঁচটি বৃহৎ খাতে ৫১টি অঙ্গীকার তুলে ধরা হয়। এর মধ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন, আইনের শাসন, জবাবদিহিতা, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন- এই নয়টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এই সংস্কার কর্মসূচির কেন্দ্রে রয়েছে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং সুদূরপ্রসারী সাংবিধানিক ও নির্বাচনী পরিবর্তন। এর মধ্যে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার প্রস্তাব অন্যতম। নির্বাহী ক্ষমতার অতি-কেন্দ্রীকরণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ক্ষুণ্ন হওয়া নিয়ে দীর্ঘদিনের জন-উদ্বেগের প্রেক্ষাপটে এই প্রতিশ্রুতিগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে এগুলো বাস্তবায়নে কেবল সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট নয়; প্রয়োজন সর্বদলীয় সংলাপ, স্বচ্ছ প্রক্রিয়া এবং সাংবিধানিক রক্ষাকবচগুলোর সমান প্রয়োগ। লাগবে বিরোধী দলের সহযোগিতা।
দুর্নীতি দমন ও জনআস্থা পুনরুদ্ধার
সর্বগ্রাসী দুর্নীতি দেশের উন্নয়নের পথে অন্যতম প্রধান অন্তরায়। এটি ব্যবসার খরচ বাড়ায়, বিনিয়োগকে নিরুৎসাহিত করে, সরকারি সংস্থাগুলোকে দুর্বল করে এবং নাগরিকদের মৌলিক সেবা থেকে বঞ্চিত করে। ইশতেহার ঘোষণার সময় তারেক রহমান দুর্নীতি নির্মূল, আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক জবাবদিহিতাকে জাতীয় অগ্রগতির পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করেছেন।
দুর্নীতিবিরোধী পদক্ষেপকে বিশ্বাসযোগ্য করতে হলে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার পাশাপাশি সরকারি ক্রয়, অবকাঠামো প্রকল্প, সরকারি নিয়োগ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় স্বচ্ছ তদারকি প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে রাজনৈতিক তদবির বা ঘুষ ছাড়াই স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নাগরিক সনদ পেতে পারেন, সে জন্য দৈনন্দিন সেবাদান ব্যবস্থার সংস্কার অপরিহার্য। এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে কড়া নির্দেশনা দিয়েছেন।
অর্থনৈতিক স্বস্তি, ব্যাংকিং খাত ও সামাজিক সুরক্ষা
সাধারণ মানুষের কাছে সরকারের সাফল্যের প্রধান মাপকাঠি হলো অর্থনৈতিক স্থিতিশীলতা—বিশেষত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মজুরি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। তৈরি পোশাক খাতের ওপর অতি-নির্ভরতা কমাতে বিএনপির ইশতেহারে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) সহায়তা, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে সম্প্রসারণ, ‘মেক ইন বাংলাদেশ’ উদ্যোগের প্রসার এবং ওষুধ, কৃষি-প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি ও হালকা প্রকৌশল খাতে রপ্তানি বৈচিত্র্য আনার ওপর জোর দেওয়া হয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ ধরে রাখতে হলে জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত প্রতিবন্ধকতা দূর করা, সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।
অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে ব্যাংকিং খাত ও আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার এখন অন্যতম প্রধান অগ্রাধিকার। খেলাপি ঋণের চাপ, মূলধন ঘাটতি এবং সুশাসনের ঘাটতি কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংকের তদারকি জোরদার করা, রাষ্ট্রীয় ও দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগগুলোকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে হবে। আর্থিক খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরলে তবেই ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে গতি আসবে।
সামষ্টিক অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি সরকার সুনির্দিষ্ট সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলাকে অগ্রাধিকার দিয়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যেই প্রশাসন নিম্নআয়ের পরিবারগুলোর জন্য মাসিক ২,৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সহায়তা দিতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষক, মৎস্যচাষি ও খামারিদের ভর্তুকি, স্বল্পসুদে ঋণ, শস্যবীমা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করেছে। এ ছাড়া ধর্মীয় নেতাদের সম্মানী এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। এই কর্মসূচিগুলোকে টেকসই ও কার্যকর রাখতে হলে স্থানীয় রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে স্বচ্ছ ও তথ্যভিত্তিক উপায়ে প্রকৃত উপকারভোগী নির্বাচন করতে হবে, যাতে এগুলো কর্মসংস্থানের বিকল্প না হয়ে মানুষের স্বাবলম্বী হওয়ার সোপান হিসেবে কাজ করে।
মানবসম্পদ উন্নয়ন, জলবায়ু ও পররাষ্ট্রনীতি
দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য দেশের তরুণ প্রজন্মের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ অত্যন্ত জরুরি। ইশতেহারে ব্যবহারিক ও কর্মমুখী শিক্ষা সংস্কার, শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার, স্কুল মিল কর্মসূচি এবং নারী শিক্ষার প্রসারের পাশাপাশি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং জেলা পর্যায়ে মাতৃ, শিশু ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তরুণদের ডিজিটাল সাক্ষরতা, কারিগরি প্রশিক্ষণ এবং জাতীয় নীতিনির্ধারণে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ তার জনমিতিক লভ্যাংশ পুরোপুরি কাজে লাগাতে পারবে।
গ্রামীণ জীবনজীবিকা ও খাদ্য নিরাপত্তা পরিবেশ সুরক্ষা এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। সেচ, নিষ্কাশন ও পানি সংরক্ষণের লক্ষ্যে ২০,০০০ কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখননের যে অঙ্গীকার সরকার করেছে, প্রাথমিক মাসগুলোতেই তার কাজ শুরু হয়েছে। তবে বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি এবং নদীভাঙনের মতো জলবায়ু ঝুঁকি মোকাবিলায় খনন কাজের পাশাপাশি বৈজ্ঞানিক পরিকল্পনা, কঠোরভাবে নদী দখল রোধ এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।
সামাজিক ক্ষেত্রে দীর্ঘদিনের তীব্র রাজনৈতিক মেরুকরণ কাটিয়ে উঠতে সমান নাগরিক অধিকারের চর্চা অপরিহার্য। রাজনৈতিক প্রভাব নির্বিশেষে ধর্মীয় সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী ও প্রান্তিক জনগণের পূর্ণ নিরাপত্তা, মর্যাদা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। একইভাবে ইশতেহারে প্রস্তাবিত ‘ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন’কে সম্পূর্ণ স্বাধীনভাবে ও যথাযথ আইনি প্রক্রিয়া মেনে কাজ করতে হবে, যাতে প্রতিহিংসার চক্র চিরতরে বন্ধ করা যায়।
আন্তর্জাতিক অঙ্গনে তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ নীতির সাফল্য নির্ভর করবে জাতীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে বাস্তববাদী ও গঠনমূলক কূটনীতি পরিচালনার ওপর। বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা ও অভিন্ন নদীর পানিবণ্টন ইস্যুতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বৈশ্বিক পরাশক্তি, জাতিসংঘ, জলবায়ু ফোরাম এবং প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় শ্রমবাজার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কার্যকর কূটনৈতিক সম্পর্কই সরকারের পররাষ্ট্রনীতির সাফল্য নির্ধারণ করবে।
কাজের মাধ্যমেই অর্জিত হবে উত্তরাধিকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে তাঁর প্রশাসনের প্রতি যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা দলীয় গণ্ডি ছাড়িয়ে সমগ্র জাতির প্রত্যাশায় রূপ নিয়েছে। নাগরিকরা এমন একটি রাষ্ট্র চান, যেখানে প্রতিষ্ঠানগুলো জবাবদিহিমূলক হবে, ন্যায়বিচার সবার জন্য সমান হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে অন্তর্ভুক্তিমূলক এবং ভিন্নমতকে শ্রদ্ধা জানানো হবে। দিনশেষে বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের অবস্থান নির্ধারিত হবে তাঁর অতীতের সংগ্রাম বা সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়; বরং দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনমান ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তাঁর সরকার কতটা বাস্তবসম্মত পরিবর্তন আনতে পারল, তার ওপরই।
আমরা আশাবাদী। পালিয়ে যাওয়া সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে তারেক রহমান দেশকে এগিয়ে নেওয়ার প্রাণবন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আইন-শৃঙ্খলা বাহিনির মনোবল ফিরিয়ে এনে চাঙা করার নানান উদ্যোগ নিয়েছেন। অর্থনীতিকে খাদের কিনারা থেকে সমৃদ্ধির সরণিতে ফিরিয়ে আনতে চেষ্টা অব্যাহত রেখেছেন। গণমাধ্যম অতীতের যে কোন সময়ের চেয়ে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। বাকস্বাধীনতা অবারিত। এটি অব্যাহত রাখতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পাকিস্তানের লাহোর শীর্ষে অবস্থান করছে। লাহোরের বায়ুমান স্কোর ৩৭৮, যা নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা ১২৬টি শহরের মধ্যে ১৪তম স্থান অধিকার করেছে। ঢাকার বায়ুমান স্কোর ১০৬, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা যায়। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে পাকিস্তানের লাহোর রয়েছে, যার বায়ুমান স্কোর ৩৭৮। দ্বিতীয় স্থানে ভারতের রাজধানী নয়া দিল্লি রয়েছে, যার স্কোর ২৫০। তালিকার তৃতীয় স্থানে আফগানিস্তানের কাবুল, স্কোর ১৯৫ নিয়ে। চতুর্থ স্থানে ইরাকের বাগদাদ ১৮২ স্কোর নিয়ে এবং পঞ্চম স্থানে বাহরাইনের মানামা ১৬৮ স্কোর নিয়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এই বৈশিষ্ট্যগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ফলে মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে রুপার দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংগঠনটি ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করেছে। এটি টানা ১০ দফায় রুপার দাম কমানোর ঘটনা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্যও হ্রাস পেয়েছে। এই কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম হবে ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
এর আগে, গত ১৮ নভেম্বর সকালে বাজুস রুপার দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ১১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ