ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

স্বার্থের সংঘাত এড়াতে নেইমারের বাবার সান্তোস ক্লাবে এজেন্ট নিবন্ধন স্থগিতের আবেদন


স্বার্থের সংঘাত এড়াতে নেইমারের বাবার সান্তোস ক্লাবে এজেন্ট নিবন্ধন স্থগিতের আবেদন

ব্রাজিলের ক্লাব সান্তোসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে স্বার্থের সংঘাত এড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন নেইমার জুনিয়রের বাবা নেইমার সান্তোস।

ফুটবলারদের এজেন্ট হিসেবে নিজের নিবন্ধন স্থগিত করার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং ফিফার কাছে তিনি আবেদন করেছেন। একইসঙ্গে, তার মালিকানাধীন প্রতিষ্ঠান এনএন কনসালটোরিয়ার নিবন্ধনও স্থগিত করার আবেদন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) সান্তোস ক্লাবের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়। ক্লাব জানায়, আইনজীবী গুস্তাভো জিস্তোর মাধ্যমে স্বেচ্ছায় এই আবেদন করেছেন নেইমারের বাবা। ফুটবল এজেন্টের ভূমিকার সঙ্গে সান্তোসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অসামঞ্জস্য এড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতোই মন্তব্য শুকরি কনরাডের

গত ৬ নভেম্বর নেইমার সিনিয়রকে ক্লাবটির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ঘোষণা করে সান্তোস। তিনি ক্লাবের ফুটবল ও বিপণনসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোর পরিকল্পনা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। প্রাথমিকভাবে তার চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

তবে এই বিষয়টি নিয়ে ব্রাজিলের ফুটবল অঙ্গনে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠেছে। কারণ, নেইমারের বাবা একদিকে তার ছেলের ক্যারিয়ার ও ব্যবসায়িক বিষয়গুলো পরিচালনার সঙ্গে যুক্ত, অন্যদিকে সেই ছেলেরই ক্লাব সান্তোসের নির্বাহীর দায়িত্ব পালন করছেন।

এ পরিস্থিতিতে, ৬১ বছর বয়সী নেইমার সিনিয়র এজেন্ট হিসেবে নিজের নিবন্ধন স্থগিতের আবেদন করে সান্তোসের দায়িত্ব পালনের পথ সুগম করতে চাইছেন। তবে, আবেদনটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

নেইমারের বাবার এই পদক্ষেপের পর এখন সবার নজর সান্তোসের ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং ক্লাবটির সঙ্গে তার পরিবারের সম্পর্কের দিকে।

আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে ডিএমপির দর্শকদের জন্য নিরাপত্তা নির্দেশনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘প্রসবকালীন নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের ভূমিকা গুরুতপূর্ণ’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


‘প্রসবকালীন নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের ভূমিকা গুরুতপূর্ণ’

কক্সবাজারে প্রসবকালীন নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিবন্ধিত মিডওয়াইফদের দক্ষতা ও সক্ষমতা কাজে লাগানোর ব্যাপক সুযোগ বিদ্যমান রয়েছে। যদি প্রয়োজনীয় সংখ্যক মিডওয়াইফ নিয়োগ, উপযুক্ত কর্মপরিবেশ এবং প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা যায়, তবে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করা সম্ভব হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজার জেলা ইপিআই সেন্টারে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) আয়োজিত একটি অংশীজন সভায় বক্তারা এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।

সভায় বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির প্রজেক্ট ম্যানেজার শারমিন শবনম জয়া ও টেকনিক্যাল অফিসার কানাতা আক্তার পৃথক দুটি উপস্থাপনায় বাংলাদেশে, বিশেষ করে কক্সবাজারে কর্মরত মিডওয়াইফদের প্রয়োজনীয়তা, পেশাগত চ্যালেঞ্জ এবং কর্মপরিবেশের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় জেলার প্রত্যন্ত অঞ্চলে কর্মরত মিডওয়াইফরাও তাঁদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, সীমাবদ্ধতা ও বাস্তব সমস্যার কথা শেয়ার করেন।

বক্তারা উল্লেখ করেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমাতে দক্ষ মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করতে তাঁদের কার্যকর অংশগ্রহণ অপরিহার্য। এজন্য পর্যাপ্ত জনবল নিয়োগের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, প্রশিক্ষণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।

সভায় কক্সবাজারে মিডওয়াইফারি সেবার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে মা ও নবজাতকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

সভায় বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি রুজিনা খাতুনসহ জেলার বিভিন্ন পর্যায়ের মিডওয়াইফ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরুভূমিতে মুসল্লিদের অজুর পানিতে গড়ে উঠেছে সবুজ বাগান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


মরুভূমিতে মুসল্লিদের অজুর পানিতে গড়ে উঠেছে সবুজ বাগান

চারদিকে রুক্ষ পাহাড় এবং ধূসর মরুভূমির প্রেক্ষাপটে, প্রচণ্ড গরম, বৃষ্টির অভাব এবং তীব্র পানিসংকটের মধ্যে গাছপালা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। তবে, একটি মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে সবুজের সমারোহ। মসজিদটির আঙিনায় রয়েছে বিভিন্ন জাতের গাছপালা এবং ফুটে উঠেছে বাহারি ফুল। বিস্ময়করভাবে, এসব গাছের জন্য আলাদা করে পানি সরবরাহের প্রয়োজন পড়ে না। মুসল্লিদের অজুতে ব্যবহৃত পানিই বিশেষ পদ্ধতিতে পরিশোধন করে গাছের সেচের কাজে ব্যবহার করা হচ্ছে। পানির অপচয় রোধ এবং পরিবেশ সংরক্ষণের জন্য এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে জর্দানের আবু উবাইদা মসজিদ।

মসজিদটির চারপাশের সবুজ বাগান গড়ে উঠেছে দীর্ঘ ১৮ বছরের পরিকল্পনা, প্রচেষ্টা এবং অভিজ্ঞতার মাধ্যমে। পানিসংকটের মোকাবিলায় ব্যবহৃত পানিকে পুনরায় কাজে লাগানোর এই উদ্যোগটি শুধু একটি মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেনি, বরং মরু অঞ্চলে পরিবেশবান্ধব পানি ব্যবস্থাপনার একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।

জর্দান বিশ্বের অন্যতম পানিসংকটপূর্ণ দেশ হিসেবে পরিচিত। দেশটির বিস্তীর্ণ অঞ্চলে শুষ্ক আবহাওয়া বিরাজ করে। বৃষ্টিপাতের অভাব এবং পানির সীমিত প্রাপ্যতার কারণে কৃষিকাজও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়। খাদ্যশস্যের চাহিদার একটি বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। পানির সংকট এতটাই প্রকট যে, দেশের অনেক এলাকায় নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী পানি সরবরাহ করা হয়। কোথাও কোথাও সপ্তাহে মাত্র ১২ ঘণ্টা পানি পাওয়া যায়। তাই পানির প্রতিটি ফোঁটা সংরক্ষণ করা সেখানকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

এই বাস্তবতায় পানির অপচয় কমানোর জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে জর্ডানিয়ান অ্যাকোয়া কনজারভেশন অ্যাসোসিয়েশন। সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমেদ আল-রওশান বলেন, "পানির অভাব সম্পর্কে জর্দানের মানুষ খুব ভালোভাবেই অবগত। কারণ, প্রতিনিয়ত এই সংকটের মধ্য দিয়েই তাঁদের জীবনযাপন করতে হয়।"

এই সংকট মোকাবিলার চিন্তা থেকেই মুসল্লিদের অজুতে ব্যবহৃত পানি পুনরায় কাজে লাগানোর পরিকল্পনা করেন তাঁরা। সাধারণত অজুর পর ব্যবহৃত পানি নালা দিয়ে অপচয় হয়ে যায়। কিন্তু সামান্য পরিশোধন এবং উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে এই পানিই গাছপালার সেচের কাজে ব্যবহার করা সম্ভব।

অজুর পানি সরাসরি গাছে দেওয়া হয় না। প্রথমে বিশেষ পদ্ধতিতে তা পরিশোধন করা হয়। আহমেদ আল-রওশান জানান, মসজিদে অজুর সময় সাবান বা এ ধরনের পরিষ্কারক ব্যবহার করা হয় না। ফলে পানিতে সাবানজাত রাসায়নিকের উপস্থিতি থাকে না। এ কারণে তুলনামূলক সহজ পদ্ধতিতে পানি পরিশোধন করে সেচের উপযোগী করা সম্ভব হয়।

এ জন্য নুড়িপাথর এবং বালুর পাঁচটি স্তরের মধ্য দিয়ে পানি প্রবাহিত করা হয়। এসব স্তর প্রাকৃতিক ছাঁকনি হিসেবে কাজ করে। পানিতে থাকা ময়লা ও বিভিন্ন ভাসমান কণার একটি অংশ এতে আটকে যায়। এরপর পরিশোধিত পানি মাটির নিচে স্থাপন করা বিশেষ পাইপের মাধ্যমে গাছের গোড়ায় পৌঁছে দেওয়া হয়।

এ পদ্ধতিকে বলা হয় ‘ড্রিপ ইরিগেশন’ বা ফোঁটা ফোঁটা সেচব্যবস্থা। এতে গাছের গোড়ায় ধীরে ধীরে প্রয়োজনীয় পানি পৌঁছে যায়। ফলে পানির অপচয় কমে এবং গাছও প্রয়োজন অনুযায়ী আর্দ্রতা পায়। এটি রোগীর শরীরে স্যালাইনের মাধ্যমে ফোঁটায় ফোঁটায় তরল প্রবেশ করার মতোই কাজ করে।

মুসল্লিদের অজুর পর যে পানি সাধারণত নালায় গড়িয়ে অপচয় হতো, সেই পানিই আজ মরুভূমির বুকে সবুজের প্রাণ জোগাচ্ছে। এটি শুধুমাত্র একটি মসজিদের বাগান পরিচর্যার গল্প নয়; বরং পানি সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডলারের বিপরীতে ইয়েনের বড় দরপতন, উদ্বিগ্ন জাপান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


ডলারের বিপরীতে ইয়েনের বড় দরপতন, উদ্বিগ্ন জাপান

মার্কিন ডলারের বিপরীতে জাপানের মুদ্রা ইয়েনের মূল্য কমে এক ডলারে ১৬০ ইয়েনের সীমা অতিক্রম করেছে। শুক্রবার (১৩ নভেম্বর) লেনদেনের এক পর্যায়ে ইয়েনের দাম ১৬০ দশমিক ০৩-এ নেমে যায়। গত সেপ্টেম্বরের শুরুর পর এটি প্রথমবারের মতো এই গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করল।

ইয়েনের দ্রুত দরপতন রোধে বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছে জাপান সরকার। দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা বলেছেন, মুদ্রাবাজারের সাম্প্রতিক ওঠানামা একমুখী ও দ্রুত গতির। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে বৃহস্পতিবার জাপানের শীর্ষ মুদ্রাবাজার-বিষয়ক কর্মকর্তা আতসুশি মিমুরাও বিনিয়োগকারীদের সতর্ক করেছেন। তিনি উল্লেখ করেছেন, চলতি গ্রীষ্মে ইয়েনের দর সামাল দিতে জাপান ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ঘটনা এখনো ভুলে যাওয়ার সময় হয়নি।

চলতি বছরের ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত তিন দফায় ইয়েনের দর বাড়াতে বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করে জাপান। এ সময় দেশটি রেকর্ড ১৫ দশমিক ৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করে। ওই সময়ে ইয়েনের দাম ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধি এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সুদের হার বাড়ানোর পক্ষে কঠোর অবস্থানের কারণে ডলারের চাহিদা বেড়েছে। এর ফলে ইয়েনসহ অন্যান্য মুদ্রার ওপর চাপ সৃষ্টি হয়েছে।

ইয়েনের দরপতন জাপানের অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, দুর্বল ইয়েনের ফলে আমদানিপণ্যের ব্যয় বৃদ্ধি পায়। বিশেষ করে জ্বালানি ও খাদ্যপণ্যের মতো আমদানিনির্ভর পণ্যের দাম বাড়লে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে হাম রোগে দুই পা অচল রুবেল অনার্স পাস করে কর্মসংস্থানের সুযোগ চান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


শেরপুরে হাম রোগে দুই পা অচল রুবেল অনার্স পাস করে কর্মসংস্থানের সুযোগ চান

রুবেল মিয়া, যিনি তিন বা চার বছর বয়সে হাম রোগে আক্রান্ত হয়ে দুই পা অচল হয়ে গেছেন, এখন কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন। তার এই শারীরিক প্রতিবন্ধকতা তাকে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে বাধা দেয়। কখনো হামাগুড়ি দিয়ে এবং কখনো বাবার কাঁধে উঠে চলতে হয় তাকে। তবে, এই প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি। রাষ্ট্র বিজ্ঞানে অনার্স সম্পন্ন করে তিনি এখন পরিবারের পাশে দাঁড়াতে চান।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব ঘুঘরাকান্দী গ্রামের বাসিন্দা রুবেল। তার বাবা ইব্রাহিম মিয়া এবং মা মৃত. ময়না বেগম। রুবেল নিজ বাড়ির পাশে ব্র্যাক স্কুলে পঞ্চম শ্রেণি পাস করেন। ২০১৮ সালে উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২০ সালে হাজী নূরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ থেকে এইচএসসি পাস করেন। সর্বশেষ ২০২৬ সালে নালিতাবাড়ী সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন।

রুবেলের শিক্ষাযাত্রা সহজ ছিল না। তিনি এসএসসি পাসের আগেই মাকে হারান। মায়ের স্নেহের অভাব থাকলেও বাবার সহযোগিতা এবং নিজের ইচ্ছাশক্তি তাকে পড়ালেখা চালিয়ে যেতে সাহায্য করেছে।

দৈনিক ইনকিলাবকে রুবেল বলেন, "পড়ালেখার খরচ চালাতে ছাত্রজীবনেই হাঁস-মুরগি পালন করেছি। প্রতিবন্ধী ভাতার টাকা দিয়েও ব্যয় মেটানোর চেষ্টা করেছি। নানা সীমাবদ্ধতায় ও শিক্ষা অর্জনকে নিজের জীবন বদলের হাতিয়ার হিসেবে নিয়েছি।"

শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছে। তার স্বপ্ন সমাজের বোঝা না হয়ে স্বাবলম্বী মানুষ হিসেবে বেঁচে থাকা। শারীরিক প্রতিবন্ধকতা চাকরি বা ভাল কর্মসংস্থানের সুযোগ পাওয়া তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি প্রশাসনের কাছে আবেদন করেছেন যাতে তার যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। তার বিশ্বাস, সুযোগ পেলেই শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সমাজে নিজেকে স্বাবলম্বী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি একটি সরকারি চাকরির সুযোগ করে দেয়ার জন্য আবেদন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%