মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
০৫:১৩ পি.এম
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর দেড়িয়াকান্দা গ্রামের একটি কাঁচা রাস্তা সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে দেড়িয়াকান্দা জামে মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রায় দেড় শতাধিক ফুট দীর্ঘ এই রাস্তাটির বেহাল দশার কারণে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের নিয়মিত ইবাদত-বন্দেগি ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই কাঁচা রাস্তাটি পিচ্ছিল হয়ে কাদা-পানিতে তলিয়ে যায়। ফলে শিশু, মধ্যবয়সী থেকে শুরু করে বয়োবৃদ্ধ মুসল্লিদের জন্যও মসজিদে প্রবেশ করা দুরূহ হয়ে পড়ে। কাদা-পানি মাড়িয়ে মসজিদে যাতায়াতের সময় প্রায়ই মুসল্লিদের পোশাক নষ্ট হয়। বিশেষ করে পিচ্ছিল এই রাস্তায় বয়োবৃদ্ধদের পড়ে গিয়ে আহত হওয়ার ঝুঁকি থাকে সবসময়। দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো উন্নয়নমূলক কাজ না হওয়ায় স্থানীয় জনজীবনে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি মো. মতিউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “ধর্মপ্রাণ মানুষের ইবাদতের পথে এমন প্রতিবন্ধকতা মেনে নেওয়া যায় না। ইবাদতের রাস্তার এমন নাজুক দশা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের চরম উদাসীনতারই বহিঃপ্রকাশ।”
ভুক্তভোগী মুসল্লিদের অভিযোগ, রাস্তাটি সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরেও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। বারবার কেবল আশ্বাস মিললেও বাস্তবে অবস্থার কোনো পরিবর্তন হয়নি।
এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য (মেম্বার) মো. আতিক জানান, রাস্তাটির দুরবস্থার কথা তিনি অবগত আছেন এবং এটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে আলোচনা চলছে।
তবে স্থানীয় বাসিন্দারা এই আশ্বাসকে কেবল দায়সারা মন্তব্য বলে মনে করছেন। তাদের অভিযোগ, জনপ্রতিনিধিদের দীর্ঘমেয়াদি অবহেলার ফলেই গ্রামীণ অবকাঠামোর এই করুণ দশা তৈরি হয়েছে।
আসন্ন বর্ষা মৌসুমের আগেই দেড় শতাধিক ফুট এই রাস্তাটিতে ইট বা সুরকি বিছিয়ে চলাচলের উপযোগী করে তুলতে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। জনস্বার্থ ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুততম সময়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর দেড়িয়াকান্দা গ্রামের সচেতন মহল।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, এ বিষয়ে সম্প্রতি অবগত হয়েছিল। অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।
তিনি সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে এ কথা বলেন।
স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের ইতিহাস যেমন আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবোজ্জ্বল অধ্যায়, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এই অভ্যুত্থান জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে।
তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র ছাড়া একটি দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ব্যাপক। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করাই এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।
স্পিকার সংসদীয় গণতন্ত্রের পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্ন পথের সহাবস্থান।
তিনি আরো বলেন, সংসদের ভেতরে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান খুঁজতে হবে এবং দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। স্পিকার আশা প্রকাশ করেন, অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিচয় দিয়ে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বাংলাদেশ সরকারের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) মন্ত্রণালয়ে ফিলিস্তিনের উপপররাষ্ট্রমন্ত্রী আবু জামি গাজা সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই বক্তব্য দেন।
এসময় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদানও উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী হুমায়ুন উল্লেখ করেন, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের আন্দোলনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। তিনি জানান, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ রয়েছে।
বৈঠকের সময় ফিলিস্তিনের উপপররাষ্ট্রমন্ত্রী আবু জামি গাজা ও অধিকৃত পশ্চিম তীরের নাজুক পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি আন্তর্জাতিক আইন, সংশ্লিষ্ট চুক্তি এবং জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে ইসরাইলের অব্যাহত বর্বরতার বিষয়টি তুলে ধরেন।
এ সময় আবু জামি বাংলাদেশের অবিচল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙামাটির কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে বন রক্ষা ও ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে ২৫ জন ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণে বন সংরক্ষণ, বনসম্পদ রক্ষা, বন ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সদর রেঞ্জ কর্মকর্তা দীপন চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুর মোহাম্মদ বাবু।
প্রশিক্ষণ আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে মোট ২৫ জন ফরেস্ট গার্ড অংশ নিচ্ছেন। মাঠপর্যায়ে বন বিভাগের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে একজন ফরেস্ট গার্ডকে যেসব বাস্তব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, প্রশিক্ষণে সেসব বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণে বন ব্যবস্থাপনা ও সংরক্ষণ, বনসম্পদের সুরক্ষা, বনাঞ্চলের বিভিন্ন ঝুঁকি মোকাবিলা এবং দায়িত্ব পালনের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি মাঠপর্যায়ে বন রক্ষায় দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।
বন বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা উন্নয়নকে বন সংরক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। বিশেষ করে বনসম্পদ রক্ষা, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ প্রতিরোধ এবং বনাঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় ফরেস্ট গার্ডদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দায়িত্ব পালনের সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
কাপ্তাইসহ পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ বনাঞ্চলে বন সংরক্ষণ ও বনসম্পদ রক্ষায় মাঠপর্যায়ের কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিরপুরে ব্যবসায়ী শামীম খানকে বিনা অপরাধে ‘গুম’ করার ঘটনা জানিয়ে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ‘চব্বিশের বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে এ ধরনের গুমের ঘটনা আমরা কখনো কল্পনা করিনি। তাহলে আমরা কি সেই ফ্যাসিবাদের যুগে আছি, নাকি গণতন্ত্রের যুগে? রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তুলে নিয়ে গিয়ে প্রথমে তা অস্বীকার এবং পরে গ্রেপ্তার দেখানো হচ্ছে। গণতান্ত্রিক যুগে যদি ফ্যাসিবাদের মতো এমন ঘটনা ঘটে, তবে বিপ্লবের অর্থ কী?’
সোমবার দুপুরে রাজধানীর রূপনগরে স্থানীয় জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত ২৪ আগস্ট মিরপুর-১ নম্বর এলাকা থেকে মো. শামীম খান নামের এক ব্যবসায়ী ও সাবেক যুবদল নেতাকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া এবং পরে মিথ্যা মামলায় জড়ানোর ঘটনার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এমপি আরমান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এখন আর কোনো গুমের ঘটনা ঘটেনি। অথচ আমার নির্বাচনী এলাকা ঢাকা-১৪ আসনে দ্বিতীয়বারের মতো গুমের ঘটনা ঘটেছে। এর আগে প্রথম গুমের ঘটনা ঘটে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে।’
তিনি আরও বলেন, ‘যেই ১৪ আসনের সংসদ সদস্য গুমের ভিকটিম ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্যও গুমের ভিকটিম, সেই আসনে ব্যবসায়িক বিরোধ নিয়ে একজনকে গুম করে রেখে পা কাটা ও ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করা হচ্ছে, এনএসআই থেকে ফোন করে ১০ লাখ টাকা ঘুষ না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে? তাহলে আবু সাঈদ ও মুগ্ধের রক্তের কি কোনো মূল্য নেই?’
আরমান অভিযোগ করেন, এই গুমের ঘটনায় মিরপুরের ‘গডফাদার’ পাভেলের নাম এসেছে। রাড্ডা হামলার প্রধান সমন্বয়ক হওয়া সত্ত্বেও তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। এমনকি গত ৭ নভেম্বরের মতো গৌরবময় দিনের মিছিলে তাকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়কের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে।
তিনি অবিলম্বে এই গুমের ঘটনায় অভিযুক্ত মিরপুর পুলিশের ডিসি, এডিসি এবং তদন্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান। একই সঙ্গে এই ঘটনায় নাম উঠে আসা সাবেক ও বর্তমান দুই সংসদ সদস্যের বিষয়েও জনগণের কাছে বিচার দিয়ে রাখলাম, তাদের বিষয়ে কী করা উচিত তা জনগণই সিদ্ধান্ত নেবে।
ব্যবসায়ী শামীমের বক্তব্য তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, শামীম মাত্র ৪৮ ঘণ্টা গুম ছিলেন—বিষয়টিকে সেভাবে না দেখে গুমের সংস্কৃতি আবার ফিরে আসছে কি না, সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। এই ঘটনার যদি যথাযথ বিচার না হয়, তবে এ ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
যা বলেছিলেন ভুক্তভোগী ব্যবসায়ী শামীম খান
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. শামীম খান জানান, মিরপুর-১ নম্বরের ইউসিবি ব্যাংক এলাকা থেকে গত ২৬ আগস্ট রাত সোয়া আটটার দিকে সাদা পোশাকধারী একদল লোক তাকে সন্ত্রাসী কায়দায় অপহরণ করে। প্রশাসনের লোক পরিচয় দিলেও তাদের কাছে কোনো প্রাতিষ্ঠানিক আলামত ছিল না। চোখ বেঁধে একটি মোটরসাইকেলে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে তিনি জানতে পারেন সেটি মিন্টো রোডের ডিবি অফিসের এডিসি ফজলে খোদা পলাশের রুম।
তিনি আরও বলেন, ‘আমাকে তুলে আনার কারণ জানতে চাইলে এডিসি পলাশ জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ডিসি রাকিব তাকে এই নির্দেশ দিয়েছেন। কোনো অপরাধের কথা না বললেও তিনি জানান, তোর সামনে বড় বিপদ। এ সময় আমার মোবাইলে বারবার কল আসলেও তারা রিসিভ করতে দেয়নি, একপর্যায়ে মোবাইল কেড়ে নেওয়া হয়। আমাকে সেই রাতে ওই রুমেই রেখে দুজন পাহারা দেয়। পরদিন একজন অফিসার আসলে আমি বলি, হয়তো কোনো ভুলে আমাকে আনা হয়েছে। এ সময় তারা জানায়, এনএসআই দিয়ে রেকি করে আমাকে ধরা হয়েছে।’
শামীম বলেন, এভাবে সেখানে দুই দিন রাখার পর এডিসি পলাশ জানতে চান—তুলি, মিষ্টি ও পাভেলের সঙ্গে তার কী সম্পর্ক এবং কেন তাদের সঙ্গে সম্পর্ক রাখা হচ্ছে না।
একপর্যায়ে তিন দিনের মাথায় আশুলিয়ার একটি ডাকাতির অস্ত্র মামলায় তার নাম জড়ানো হয়। ওই দিন সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে ভালো পায়ে ‘ভুয়া ব্যান্ডেজ’ করে আঘাতের নাটক সাজানো হয়। পরে আদালতে তুলে ১১ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত তা নামঞ্জুর করে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তবে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই পুলিশ আদালতে রিপোর্ট দেয় যে, জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য পাওয়া গেছে। এভাবে মিথ্যা মামলায় প্রায় এক মাস কারাবাসের পর গত ২৪ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। তবে পুলিশের পক্ষ থেকে ক্রমাগত ভয়ভীতি প্রদর্শনের কারণে তিনি সারাক্ষণ বাসায় অবরুদ্ধ জীবন কাটাচ্ছেন। বিষয়টি দেশ-বিদেশের মানবাধিকার সংস্থাকে জানাতেই তিনি এই সংবাদ সম্মেলনে এসেছেন বলে জানান। অবশ্য গুম ও ডিবি কার্যালয়ে থাকাকালে তাকে শারীরিকভাবে কোনো নির্যাতন করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
শামীম খান জানান, তিনি যুবদলের সাবেক সভাপতি মীর সরফত আলী সপুর কমিটির সদস্য ছিলেন, তবে দীর্ঘদিন ধরে দলীয় কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত নন। তার ‘মাস্কান রিয়েল এস্টেট’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি জমিতে মাটি ভরাটের ব্যবসা করছেন। এসব ব্যবসা বন্ধ করতেই হয়তো তাকে গুম ও মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শামীম খানের স্ত্রী আরবী সুলতানাও বক্তব্য দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ