ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গাজায় মানবিক সহায়তার বাক্স দিয়ে তৈরি হচ্ছে স্কুলের ডেস্ক ও চেয়ার


গাজায় মানবিক সহায়তার বাক্স দিয়ে তৈরি হচ্ছে স্কুলের ডেস্ক ও চেয়ার

গাজা উপত্যকার ধ্বংসপ্রাপ্ত শিক্ষাব্যবস্থার মধ্যে শ্রেণিকক্ষের আসবাবপত্রের তীব্র সংকটের মোকাবিলায় ফিলিস্তিনি স্বেচ্ছাসেবকরা একটি অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। তুরস্কের মানবিক সহায়তা সংস্থা (আইএইচএইচ)-এর অধীনে পরিচালিত গাজার একটি তাঁবুর স্কুলের শিক্ষার্থীদের জন্য তারা খালি ত্রাণের বাক্স ব্যবহার করে স্কুলের ডেস্ক ও চেয়ার তৈরি করছেন।

‘একনান’ নামের একটি ফিলিস্তিনি স্বেচ্ছাসেবী দল এই উদ্যোগটি শুরু করেছে। তারা অস্থায়ী স্কুলগুলোতে আসবাবপত্রের অভাব পূরণ করতে পরিত্যক্ত ও খালি মানবিক সহায়তার বাক্সগুলোকে পুনর্ব্যবহারযোগ্য টেবিল ও চেয়ারে রূপান্তর করছে।

দলটির প্রধান রিম কারুর জানিয়েছেন, গাজায় সম্পদ ও সরবরাহের তীব্র সংকটের মধ্যে চারপাশে পড়ে থাকা পরিত্যক্ত জিনিসপত্র কাজে লাগানোর চিন্তা থেকেই এই ধারণার উদ্ভব হয়েছে।

আরও পড়ুন: লালদিয়া কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন ডেনমার্কের স্টেট সেক্রেটারি

কারুর বলেন, “আমরা পুনর্ব্যবহার এবং আমাদের চারপাশের বর্জ্য কীভাবে সর্বোত্তম উপায়ে কাজে লাগানো যায় তা নিয়ে ভাবছিলাম। স্কুলগুলোতে আসা ত্রাণের বাক্সগুলো ছিল বেশ মজবুত ও টেকসই।”

তিনি আরও জানান, ডেস্কের অভাবে বিশেষ শিক্ষা ও কাউন্সেলিং তাঁবুতে আসা শিশুদের মাটিতে বসে লিখতে হতো। এই সমস্যা সমাধানে স্বেচ্ছাসেবকরা বাক্সগুলো দিয়ে বড় ও মজবুত টেবিল-চেয়ার তৈরি শুরু করেন এবং আসবাবপত্রগুলো যেন শিশুদের ব্যবহারের উপযোগী হয় সেদিকে বিশেষ নজর দেন।

সরঞ্জাম ও উপকরণের অভাবের কারণে কাজ করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে বলে জানান কারুর। তবে তিনি জোর দিয়ে বলেন, এই উদ্যোগটি কেবল রিসাইক্লিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ক্লাস চলাকালীন শিশুদের বসা ও লেখার জন্য একটি উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

জ্বালানি সংকটের কারণে আসবাবপত্রের অভাব তীব্র হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর রান্নার গ্যাস ও জ্বালানির তীব্র সংকটের কারণে গাজার বাসিন্দারা রান্না ও ঘর গরম রাখার মতো মৌলিক চাহিদা মেটাতে কাঠ, কার্ডবোর্ড ও প্লাস্টিকের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন: রিয়াদে হুথিদের হামলায় ১১ জন আহত, জরুরি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ

রিম কারুর বলেন, “গাজা উপত্যকায় ইসরায়েলের শ্বাসরুদ্ধকর অবরোধ এবং বছরের পর বছর ধরে চলা যুদ্ধের কারণে আগের মতো আর কাঠ পাওয়া যায় না। রান্নার গ্যাস না থাকায় অনেকেই আগুন জ্বালাতে কাঠের আসবাবপত্র পুড়িয়ে ফেলেছেন। ফলে স্কুলের ডেস্ক সংগ্রহ করা আরও কঠিন হয়ে পড়েছে।”

এমন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকরা ত্রাণের বাক্সগুলো ফেলে না দিয়ে বা জ্বালানি হিসেবে না পুড়িয়ে পুনর্ব্যবহারের সিদ্ধান্ত নেন। কারুর বলেন, “এই বাক্সগুলো মানবিক সহায়তা নিয়ে এসেছিল। সেগুলো ফেলে দেওয়া বা আগুন জ্বালানোর কাজে ব্যবহার না করে আমরা স্কুলের আসবাবপত্র তৈরিতে কাজে লাগিয়েছি।”

তাঁবুর স্কুলটির পরিচালক ফাওয়াজ দাগমাস জানান, সীমিত উপকরণ ও সম্পদ ব্যবহার করে তৈরি করা সত্ত্বেও এই টেবিল ও চেয়ারগুলোর মান অসাধারণ হয়েছে। তিনি মনে করেন, গাজাজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যে বৃহত্তর সংকটের মুখোমুখি হয়েছে, এই উদ্যোগ তার একটি আংশিক সমাধান দিচ্ছে।

দাগমাস বলেন, “এই উদ্যোগ আমাদের বা অন্য স্কুলগুলোর সমস্যার পুরোপুরি সমাধান করতে পারবে না ঠিকই, তবে আমরা যে অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে এটি এক টুকরো আলোর মতো; যা শিক্ষার্থীদের বসার জন্য কিছুটা হলেও উপযুক্ত জায়গা করে দিচ্ছে।”

আরও পড়ুন: প্রিন্স উইলিয়ামসের বাড়িতে চুরির ঘটনায় দুই জন গ্রেপ্তার

ইসরায়েলি হামলায় গাজার অধিকাংশ স্কুল ধ্বংস হয়ে গেছে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষা অবকাঠামোর এই ধ্বংসযজ্ঞের কারণে লাখ লাখ শিশু মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

গত ৪ নভেম্বর প্রকাশিত জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে গাজার প্রায় ৭ লাখ ৭০ হাজার শিশুর শিক্ষা সহায়তার প্রয়োজন হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ২ লাখ শিশু আনুষ্ঠানিক শিক্ষার সুযোগ পাচ্ছে না এবং ৫ লাখ ৭০ হাজার শিশু অস্থায়ী শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করছে। এ ছাড়া গাজার প্রায় ৯৩ শতাংশ স্কুল ভবন পুনর্নির্মাণ বা ব্যাপক সংস্কার করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পত্নীতলায় আইন-শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


পত্নীতলায় আইন-শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ-২ সংসদ সদস্য মো.এনামুল হক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিস, কমিশনার (ভূমি) এ.জেড.এম নাহিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.এস.এম গোলাম কায়ছার, প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:নিয়ামুল হক, কৃঞ্চপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহ আল ফরুক, সাংগঠনিক সম্পাদক মো.রমজান আলী সরদার, মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো.হাবিবুর রহমান, পত্নীতলা রিপোর্টাস ইউনিটির সভাপতি মো.আলমগীর কবির প্রমুখ।

সভায় আলোচনা করা হয় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ১ লাখ ১১ হাজার ৯০০ টনেরও বেশি ত্রাণ পাঠিয়েছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


গাজায় ১ লাখ ১১ হাজার ৯০০ টনেরও বেশি ত্রাণ পাঠিয়েছে তুরস্ক

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে বর্তমান সময় পর্যন্ত গাজায় মোট ১ লাখ ১১ হাজার ৯০৪ টন মানবিক সহায়তা প্রদান করেছে তুরস্ক। চলমান মানবিক সংকটে ফিলিস্তিনিদের সমর্থনে তুরস্কের অবিরাম প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা চিফতচি রোববার।

চিফতচি জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’ এ একটি পোস্টের মাধ্যমে, ১৪টি উড়োজাহাজ, ২১টি জাহাজ এবং স্থানীয়ভাবে সংগৃহীত উৎস থেকে এসব ত্রাণসামগ্রী গাজায় পৌঁছানো হয়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ), তুর্কি রেড ক্রিসেন্ট (কিজিলাই) এবং বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সমন্বয়ে এই বিশাল ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পাঠানো সহায়তার মধ্যে খাদ্যসামগ্রী, আটা, ফিল্ড হাসপাতাল, অ্যাম্বুলেন্স, চিকিৎসাসামগ্রী, তাঁবু, পোশাক এবং শিশুদের খেলনাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গাজায় এ পর্যন্ত ৩২ হাজার ৩৪৭ টন খাদ্যসামগ্রী, ৬৭ হাজার ৮৪৫ টন আটা, ২৬ হাজার ৩৬৮টি তাঁবু, ৫৩টি অ্যাম্বুলেন্স, ৮টি ফিল্ড হাসপাতাল এবং ২৪৭ দশমিক ৫ টন চিকিৎসাসামগ্রী পাঠানো হয়েছে।

এছাড়া, সহায়তার তালিকায় রয়েছে ৩ হাজার ১৯৬ টন সুপেয় পানি, ১৮ লাখ পিস পোশাক, ২ লাখ ৮৯ হাজার ২৭৯টি হাইজিন কিট, ৩৫১টি আশ্রয়কেন্দ্র কন্টেইনার, ১ হাজার ৪৫১টি জেনারেটর এবং ১ হাজার ৮৩ সেট খেলনাসহ আরও নানা উপকরণ।

চিফতচি আরও জানান, চলমান এই ত্রাণ কার্যক্রমের আওতায় গাজায় প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষকে রান্না করা গরম খাবার সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ফিলিস্তিনিদের প্রয়োজন মেটাতে বিভিন্ন ত্রাণ সংস্থা ও নাগরিক সমাজের সংগঠনগুলোর সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে।

মাঠপর্যায়ে কর্মরত কর্মী, বেসরকারি সংস্থা এবং তুরস্কের সাধারণ নাগরিকদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গাজার দিকে বাড়িয়ে দেওয়া প্রতিটি সাহায্যের হাত মূলত মানবতার মর্যাদা ও বিবেককে সমুন্নত রাখারই এক প্রচেষ্টা।”

ফিলিস্তিনিরা যতদিন না স্বাধীনতা ও শান্তি অর্জন করছে, ততদিন তুরস্ক তাদের পাশে থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদের টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


রিয়াদের টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ আর্থিক জেলার একটি টাওয়ারে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলায় ১১ জন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম আলজাজিরার খবরে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটও রিয়াদের আর্থিক জেলায় একটি টাওয়ার হামলার লক্ষ্যবস্তু হওয়ার বিষয়টি জানায়। হামলাটিকে তারা ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছে।

তবে হামলার প্রকৃতি, ব্যবহৃত অস্ত্র বা টাওয়ারটির ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। হামলার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়েছে জোটের পক্ষ থেকে।

হামলায় আহতদের অবস্থা এবং হামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। এ বিষয়ে কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধনের গুরুত্ব নিয়ে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধনের গুরুত্ব নিয়ে মতবিনিময় সভা

‘আন্তর্জাতিক কন্যা, শিশু ও জোরপূর্বক বিবাহ বিলোপ দিবস’ (২৭ নভেম্বর) সামনে রেখে বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধনের বিভিন্ন দিক ও এর প্রভাব নিয়ে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত এই সভায় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার জ্যেষ্ঠ সম্পাদক ও প্রতিবেদকরা অংশগ্রহণ করেন। ইউএনএফপিএ এবং ইউনিসেফের যৌথ আইনি পর্যালোচনার ভিত্তিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ এবং এর ‘২০১৮ সালের বিধিমালা’-র দুর্বলতাগুলো তুলে ধরা হয়, যা মেয়েদের আইনি সুরক্ষাকে সীমিত করে রেখেছে।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ বাল্যবিবাহ কমাতে কিছু অগ্রগতি অর্জন করলেও এর গতি অত্যন্ত ধীর। ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫’-এর তথ্যমতে, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭.২ শতাংশের বিয়ে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই হয়েছে, যেখানে ২০১৯ সালে এই হার ছিল ৫১.৪ শতাংশ। তবে একই সময়ে ১৫ থেকে ১৯ বছর বয়সী বিবাহিত কিশোরীদের হার ৩২.৯ শতাংশ থেকে বেড়ে ৩৮.৯ শতাংশে দাঁড়ানোকে বিশেষ উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশে ইউএনএফপিএ-র প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, ‘বাংলাদেশে বাল্যবিবাহবিরোধী আইন রয়েছে, কিন্তু একটি আইন মেয়েদের তখনই সুরক্ষা দেয় যখন তারা সে বিষয়ে সচেতন থাকে এবং বিচারব্যবস্থা সহজলভ্য ও পুরোপুরি জবাবদিহিমূলক হয়।’

তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এবং শিশু অবস্থায় বিয়ে হওয়া মেয়েদের বাস্তব অভিজ্ঞতা নিয়ে নির্ভুল প্রতিবেদন নীতিনির্ধারকদের এই সংস্কারের জরুরি গুরুত্ব বুঝতে সাহায্য করবে। পাশাপাশি এটি মেয়েদের শিক্ষা শেষ করতে এবং নিজেদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়তে সহায়তা করার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াবে, যাতে তারা নিজেরাই শিশু থাকাবস্থায় বিবাহিত মা হয়ে না পড়ে।’

যৌথ আইনি পর্যালোচনায় দেখা গেছে, ২০১৭ সালের আইন বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করলেও বিয়েটি নিজে থেকে বাতিল করে না। আইনে নারী (১৮ বছর) ও পুরুষের (২১ বছর) বিয়ের ন্যূনতম বয়স ভিন্ন ভিন্ন নির্ধারণ করা হয়েছে; অন্যদিকে ১৯ ধারায় “বিশেষ পরিস্থিতিতে” আদালতের আদেশে আইন নির্ধারিত বয়সের নিচে বিয়ের সুযোগ রাখা হয়েছে, যেখানে ন্যূনতম কোনো বয়স নির্দিষ্ট করা নেই এবং সুরক্ষা ব্যবস্থাও সীমিত।

শিশু অবস্থায় বিয়ে হওয়া মেয়েদের বিয়ে বাতিলের জন্য এই আইনের অধীনে সরাসরি কোনো আইনি ব্যবস্থা নেই; তাদের ব্যক্তিগত আইনের ওপর নির্ভর করতে হয়, যেখানে প্রায়ই সীমিত প্রতিকার মেলে বা কোনো প্রতিকারই থাকে না। এ ছাড়া জন্ম ও বিবাহ নিবন্ধনের দুর্বলতা, জাল জন্মসনদ, হলফনামার মাধ্যমে বিয়ে, নিষ্ক্রিয় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি এবং সীমিত সংখ্যক মামলা পরিচালনার মতো বাস্তবায়নজনিত চ্যালেঞ্জও পর্যালোচনায় উঠে এসেছে।

আইন সংস্কারে ইউএনএফপিএ ও ইউনিসেফের যৌথ সুপারিশগুলোর মধ্যে রয়েছে— ১৯ ধারা বাতিল করা, নারী ও পুরুষ উভয়ের জন্য বিয়ের অভিন্ন ন্যূনতম বয়স ১৮ নির্ধারণ করা, শিশুদের ইচ্ছানুযায়ী বাল্যবিবাহ বাতিলযোগ্য করা, শিশুদের ফৌজদারি দায় থেকে অব্যাহতি দেওয়া, অভিযোগ দায়েরের সময়সীমা বাড়িয়ে ছয় বছর করা এবং ভ্রাম্যমাণ আদালতসহ অন্যান্য আদালতের এখতিয়ার স্পষ্ট করা।

ইউএনএফপিএ আইনি সংস্কার এগিয়ে নিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং মেয়েদের স্কুলে ধরে রাখা, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য তথ্য ও সেবায় প্রবেশাধিকার বাড়ানো এবং বাল্যবিবাহ টিকিয়ে রাখে এমন ক্ষতিকর সামাজিক রীতিনীতি পরিবর্তনে সরকার ও অন্যান্য অংশীজনের সঙ্গে অংশীদারিত্বে রয়েছে।

মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা যৌথ জাতীয় প্রচেষ্টার অংশ হিসেবে বাল্যবিবাহ নিয়ে তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতা বাড়ানো এবং দেশে বাল্যবিবাহ হ্রাসের গতি ত্বরান্বিত করতে আরও বড় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। নেদারল্যান্ডস দূতাবাসের অংশীদারিত্বে এই গণমাধ্যম সংলাপটি আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%