১১:২৫ এম
শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর এবং মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁঞা জানান, রাত সাড়ে ১০টার দিকে তার অফিসের পেছনে এবং বাসভবনের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলের নিকটেই তার বাসভবন অবস্থিত। সেখানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। প্রধান ফটকেও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। সীমানাপ্রাচীরের বাইরের পুকুর পাড়ে ককটেলটি বিস্ফোরিত হয়।
তিনি আরও জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। তবে ফুটেজে জড়িত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন: যেভাবে গ্রেফতার হলেন গোলাম রব্বানী, নাশকতার অভিযোগে মামলা
এছাড়া রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে সেতুর পূর্ব ও পশ্চিম পাশে পরপর দুটি বিকট শব্দ শোনা যায়। এই শব্দে আতঙ্কিত হয়ে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। উভয় ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য চেষ্টা চলছে।
আরও পড়ুন: বাগাতিপাড়ায় নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের বিক্ষোভ ও মশাল মিছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন