০৫:০২ পি.এম
মোংলায় পুলিশ একটি ভূয়া র্যাব সদস্যকে আটক করেছে। গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা) সদস্যদের দ্বারা বৃহস্পতিবার বিকেলে মোংলা ইপিজেড এলাকা থেকে তাকে আটক করা হয়।
শুক্রবার (৫ জুন) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে, এই তথ্য জানান মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।
আটককৃত ব্যক্তি মো. আবু হাসান, যিনি বাগেরহাটের রামপাল উপজেলার সিংগাড়বুনিয়া গ্রামের মো. ইউনুছ আলী শেখের ছেলে।
আরও পড়ুন: বরগুনার বেতাগীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন
পুলিশের কাছে জানা গেছে, এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে মোংলা ইপিজেড এলাকাতে বিভিন্ন লোকের কাছে একজন র্যাব সদস্য পরিচয় দিচ্ছে, এমন খবর আসে এনএসআই সদস্যদের কাছে। পরে বিষয়টি থানায় জানানো হয়। মোংলা থানার সেকেন্ড অফিসার মো. ইমানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করেন।
পুলিশের অভিযান শেষে র্যাব পরিচয়দানকারী এই ব্যক্তিকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে র্যাবের একটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে র্যাবের আন্ডারকভার কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন এবং মোংলা ইপিজেড এলাকায় বিভিন্ন লোককে ভয়ভীতি দেখাচ্ছিলেন। পরে বিষয়টি এনএসআই ও পুলিশ যাচাই-বাছাই করার পর তার বিরুদ্ধে প্রতারণা এবং ভুয়া পরিচয় ব্যবহার নিয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এছাড়া, র্যাব পরিচয়দানকারী আবু হাসান এর আগে মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরীতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে পাবনা ও রাজবাড়ীর ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন