শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৩৩ এম
ক্যানসার প্রতিরোধ বা নিরাময়ের জন্য কোনো একটি খাবার একা যথেষ্ট নয়। তবে উদ্ভিদনির্ভর খাদ্যাভ্যাস এবং সুষম খাদ্য গ্রহণ ক্যানসারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শাকসবজি শরীরে আঁশ, ভিটামিন এবং বিশেষ ধরনের উদ্ভিজ্জ রাসায়নিক উপাদান সরবরাহ করে। পাশাপাশি, স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করে।
‘নিউট্রিশন জার্নাল’-এ প্রকাশিত একটি গবেষণায় উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্যকর জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে সব ধরনের ক্যানসারের ৩০ থেকে ৪০ শতাংশ প্রতিরোধ সম্ভব। ভারতের হায়দরাবাদের ক্যানসার সার্জন চিকিৎসক অর্জুন শঙ্করন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক আটটি সবজির কথা উল্লেখ করেছেন। তিনি এসব সবজি রান্নার সঠিক পদ্ধতি সম্পর্কেও আলোচনা করেছেন।
পোস্টে চিকিৎসক উল্লেখ করেছেন, ‘আমি একজন ক্যানসার সার্জন। ক্যানসারের ঝুঁকি কমানোর জন্য আটটি সবজির কথা জানাচ্ছি। তবে সম্ভবত আপনারা এগুলো ভুলভাবে রান্না করছেন।’
ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক আটটি সবজি
১. রসুন
রসুনের সঙ্গে পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি কমানোর সম্পর্ক পাওয়া গেছে। চিকিৎসক পরামর্শ দিয়েছেন, রসুন কুচি বা থেঁতো করে প্রায় ১০ মিনিট রেখে রান্নায় ব্যবহার করতে। রান্নার শেষের দিকে রসুন যোগ করা হলে এর কার্যকর উপাদানগুলো বেশি অক্ষত থাকে। কাঁচা থেঁতো রসুন রায়তা বা দইয়ের সালাদেও মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে ১০ মিনিটের বেশি রান্না করলে রসুনের কিছু উপকারী গুণ কমে যেতে পারে।
২. পেঁয়াজ
পেঁয়াজে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান। বিশেষ করে পেঁয়াজের বাইরের স্তরে এসব উপাদানের পরিমাণ বেশি থাকে। প্রতিদিনের খাবারে কাঁচা পেঁয়াজ রাখা যেতে পারে। সালাদ বা রায়তায় এটি খাওয়া যায়। চাইলে পেঁয়াজ ও টমেটো দিয়ে চাটনি তৈরি করেও খাওয়া সম্ভব। অল্প আঁচে হালকা রান্না করলে পেঁয়াজের অধিকাংশ পুষ্টিগুণ বজায় থাকে। তাই অতিরিক্ত রান্না করা উচিত নয়।
৩. টমেটো
টমেটো রান্নার ফলে এর পুষ্টিগুণ, বিশেষ করে লাইকোপিনের প্রাপ্যতা বাড়ে। লাইকোপিন টমেটোর লাল রঙের জন্য দায়ী একটি উপাদান, যা ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত। চিকিৎসক শঙ্করন লিখেছেন, তেল শরীরে লাইকোপিন শোষণে সহায়তা করে। তবে বাজারে পাওয়া টমেটো কেচাপে অতিরিক্ত চিনি ও লবণ থাকতে পারে। তাই এ ধরনের কেচাপ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
৪. গাজর
গাজরও ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত। সামান্য তেল দিয়ে হালকা রান্না করলে এতে থাকা ভিটামিন এ শরীরে সহজে শোষিত হতে পারে। চিকিৎসক শঙ্করনের মতে, কাঁচা গাজরের তুলনায় রান্না করা গাজর থেকে তিন থেকে ছয় গুণ বেশি ভিটামিন এ পাওয়া যেতে পারে।
৫. ফুলকপি
ফুলকপি ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত। এর পুষ্টিগুণ ধরে রাখতে ভাপে সেদ্ধ করা বা অল্প সময় নেড়েচেড়ে রান্না করা উচিত। পানিতে দীর্ঘ সময় সেদ্ধ করলে এর উপকারী উপাদানের কিছু অংশ পানিতে চলে যেতে পারে। ডালের সঙ্গে ফুলকপি রান্না করা যায়, আবার মটরশুঁটির সঙ্গেও রান্না করা যেতে পারে। তবে ফুলকপির মাঞ্চুরিয়ানকে স্বাস্থ্যকর রান্নার বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না বলে মন্তব্য করেছেন চিকিৎসক।
৬. বাঁধাকপি
বাঁধাকপি, ফুলকপির মতো একই গোত্রের সবজি। রান্নার আগে এটি ভালোভাবে ধুয়ে নেওয়া জরুরি। অল্প সময় নেড়েচেড়ে রান্না করা বা ভাপে সেদ্ধ করা এর পুষ্টিগুণ ধরে রাখার ভালো উপায়। বাঁধাকপি দিয়ে বিভিন্ন ধরনের ভাজি বা তরকারি তৈরি করা যায়। তবে অতিরিক্ত সেদ্ধ করে পানি ফেলে দিলে এর পুষ্টি উপাদান নষ্ট হতে পারে।
৭. ব্রকলি
ব্রকলি রান্নার সবচেয়ে ভালো পদ্ধতি হলো অল্প সময় ভাপে সেদ্ধ করা। তিন থেকে চার মিনিট ভাপে রাখলেই যথেষ্ট। এ সময় ব্রকলির রং উজ্জ্বল সবুজ থাকবে। এরপর ওপর থেকে সামান্য কাঁচা সরিষা দানা গুঁড়া ছড়িয়ে দেওয়া যেতে পারে। এই সমন্বয় সালফোরাফেন নামের একটি উপাদানের কার্যকারিতা বাড়াতে পারে, যা ক্যানসার প্রতিরোধে সহায়ক বলে বিবেচিত। তবে অতিরিক্ত তাপে রান্না করলে এর উপকারী এনজাইম নষ্ট হতে পারে।
৮. মাশরুম
মাশরুম খাওয়ার সঙ্গে স্তন ক্যানসারের ঝুঁকি কমানোর সম্পর্ক পাওয়া গেছে। তবে চিকিৎসক পরামর্শ দিয়েছেন, মাশরুম কাঁচা না খেয়ে রান্না করে খাওয়ার। পাঁচ থেকে সাত মিনিট অল্প তেলে ভেজে বা গ্রিল করে খাওয়া যেতে পারে। মাশরুম ও মটরশুঁটির তরকারি কিংবা অমলেটেও এটি ব্যবহার করা যায়। তবে বনে বা খোলা জায়গায় পাওয়া অপরিচিত মাশরুম কখনোই খাওয়া উচিত নয়। কারণ কিছু বুনো মাশরুম বিষাক্ত হতে পারে।
প্রতিদিন কতটুকু সবজি ও ফল খাবেন?
চিকিৎসক শঙ্করনের মতে, প্রতিদিন এই আট ধরনের সবজি খাওয়ার প্রয়োজন নেই। বরং প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল ও সবজি মিলিয়ে প্রায় ৪০০ গ্রাম বা পাঁচ মুঠো পরিমাণ রাখার লক্ষ্য নেওয়া যেতে পারে। এতে বিভিন্ন সবজির আলাদা পুষ্টিগুণ পাওয়ার সুযোগ তৈরি হবে।
সবশেষে চিকিৎসক বলেন, কোনো একটি সবজি ক্যানসার নিরাময় করে না। বরং সামগ্রিক খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের ধরনই স্বাস্থ্যের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে।
সূত্র: এনডিটিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বৈশ্বিক সংঘাতের পাশাপাশি নোবেল শান্তি পুরস্কারের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এই আলোচনা চলাকালীন ট্রাম্পের নোবেল পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে পুতিন রসিকতা করে একটি বিকল্প সমাধান তুলে ধরেন। তিনি নোবেল কমিটির নিরপেক্ষতা ও পুরস্কারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
পুতিনের দাবি, নোবেল পুরস্কারের তহবিল গঠনে ব্যবহৃত অর্থের একটি অংশ রাশিয়ায় আলফ্রেড নোবেলের ব্যবসা থেকে এসেছে। বর্তমানে, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক রাখতে অনাগ্রহী অনেকেই নোবেল কমিটির কাছ থেকে পুরস্কারের অর্থ গ্রহণ করতে দ্বিধা করছেন।
তিনি বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না, নোবেল কমিটি মূলত সেই অর্থ ব্যবহার করে, যা নোবেল রাশিয়ায় ব্যবসা করে উপার্জন করেছিলেন। রাশিয়ায় তার ব্যবসায়িক কর্মকাণ্ডই ছিল তার সম্পদের মূল উৎস। বর্তমানে সেই ফাউন্ডেশন পুরস্কারপ্রাপ্তদের অর্থ দিচ্ছে। কিন্তু মানুষ আর মনে রাখে না, এই অর্থের উৎস ছিল রাশিয়া।’
পুতিন আরও বলেন, ‘তারা আমাদের সঙ্গে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্ক রাখতে চায় না। অথচ নোবেল কমিটির মাধ্যমে আসা অর্থ তারা আনন্দের সঙ্গে গ্রহণ করছে।’
রুশ প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কারের বর্তমান মর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে প্রকৃত অবদান নয়, বরং অনেক সময় রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাচ্ছে।
তিনি বলেন, ‘আমি জানি না, বর্তমান সময়ে নোবেল শান্তি পুরস্কারের আদৌ কোনো মূল্য আছে কি না। বিশেষ করে এমন কিছু উদাহরণ রয়েছে, যেখানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় কোনো ব্যক্তির প্রকৃত অবদানের ভিত্তিতে নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বিবেচনায় পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমার মনে হয়।’
নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনার একপর্যায়ে ট্রাম্পকে রসিকতার ছলে বিকল্প সমাধান দেন পুতিন। তিনি বলেন, বিষয়টি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ‘অনেকটা ঠাট্টার ছলেই’ আলোচনা হয়েছিল।
পুতিনের ভাষায়, ‘আপনারা জানেন, আমাদেরও নিজস্ব পুরস্কার রয়েছে। আমাদের এমন একটি কমিটি আছে, যেখানে অত্যন্ত সম্মানিত ব্যক্তিরা রয়েছেন। তারা মানবিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের অবদানের মূল্যায়ন করে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেন। তাই এটিই হয়তো একটি সমাধান হতে পারে।’
অর্থাৎ নোবেল শান্তি পুরস্কার না পেলেও রাশিয়ার নিজস্ব কোনো পুরস্কার ট্রাম্পকে দেওয়ার বিষয়টি রসিকতার ছলে সামনে আনেন তিনি।
নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়ে ট্রাম্পের আগ্রহের কথা নতুন নয়। গত বছর কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের নেতারা তাকে মনোনয়ন দেওয়ার পরও পুরস্কার পাননি তিনি।
পুরস্কার না পাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গত অক্টোবরেও নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘এবার আমার পুরস্কার পাওয়ার সময় এসেছে।’
তবে পুরস্কার পাওয়ার সম্ভাবনা নিয়ে সংশয়ও প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, ‘গতবার পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি পরোক্ষভাবে আমাকে সম্মানিত করেছিলেন। তিনি বলেছিলেন, ইতিহাসে আমার চেয়ে বেশি কেউ এই পুরস্কারের যোগ্য নন। তবে এবার তারা কী সিদ্ধান্ত নেবেন, তা আমি জানি না। তাদের সুনাম রয়েছে, কিন্তু আমার মতো ব্যক্তিদের হয়তো তারা পুরস্কার দেন না।’
তথ্যসূত্র: উইয়ন নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানুষ সম্পদকে ভালোবাসে এবং নিজের ও পরিবারের ভবিষ্যৎ নিরাপদ করতে চায়। সচ্ছল জীবন, সুন্দর বাড়ি, উন্নত চিকিৎসা, সন্তানের ভালো শিক্ষা—এসবের জন্য মানুষ দিনরাত পরিশ্রম করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আপনার উপার্জিত সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কতটুকু ব্যয় করছেন? আপনার সম্পদের মধ্যে অসহায়, অভাবী ও বিপদগ্রস্ত মানুষের কতটুকু অধিকার আদায় করছেন?
অনেক সময় মানুষ মনে করে, দান করলে সম্পদ কমে যাবে, সঞ্চয় কমে যাবে, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। অথচ রাসুলুল্লাহ (সা.) আমাদের এমন এক সুসংবাদ দিয়েছেন, যা সম্পদ সম্পর্কে আমাদের চিন্তাধারাই বদলে দিতে পারে।
প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন। তাদের একজন আল্লাহর কাছে দানশীল ব্যক্তির জন্য সম্পদের উত্তম প্রতিদান ও বিনিময় প্রার্থনা করেন। অন্যজন কৃপণ ব্যক্তির সম্পদ ধ্বংস ও ক্ষতির জন্য দোয়া করেন।
একটু চিন্তা করুন! প্রতিদিন সকালে আপনার সম্পদ ব্যয় করার কারণে একজন ফেরেশতা আপনার জন্য দোয়া করছেন, নাকি সম্পদ আঁকড়ে ধরে রাখার কারণে অন্য ফেরেশতার বদদোয়ার অন্তর্ভুক্ত হচ্ছেন?
আসুন, পবিত্র কুরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসের আলোকে দানশীলতার মর্যাদা, কৃপণতার পরিণতি এবং সম্পদ ব্যয়ের অসাধারণ ফজিলত সম্পর্কে জেনে নিই—
১. প্রতিদিন সকালে দুই ফেরেশতার বিশেষ দোয়া
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلَّا مَلَكَانِ يَنْزِلَانِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الْآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا
‘প্রতিদিন সকালে বান্দারা যখন ঘুম থেকে ওঠে, তখন দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, ‘হে আল্লাহ! দানকারীকে উত্তম প্রতিদান ও বিনিময় দান করুন। অন্যজন বলেন, হে আল্লাহ! সম্পদ আটকে রাখা ব্যক্তির সম্পদে ধ্বংস ও ক্ষতি দান করুন।’ (বুখারি ১৪৪২, মুসলিম ১০১০) সুবহানাল্লাহ!
প্রতিদিন সকালে এই দোয়া করা হয়। একজন ফেরেশতা দানশীল ব্যক্তির জন্য কল্যাণ ও প্রতিদান কামনা করেন। অন্যজন কৃপণ ব্যক্তির সম্পদের ক্ষতির জন্য দোয়া করেন।
এখানে আমাদের জন্য গভীর শিক্ষা রয়েছে। সম্পদ শুধু জমিয়ে রাখার বিষয় নয়; বরং আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করার মাধ্যমেও সম্পদের প্রকৃত কল্যাণ অর্জিত হয়। তাই প্রশ্ন হলো— আমরা কি সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে চাই না, যাদের জন্য প্রতিদিন দুইজন ফেরেশতা দোয়া করেন?
২. দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তার প্রতিদান দেন
মানুষের স্বাভাবিক চিন্তা হলো, নিজের সম্পদ থেকে কিছু ব্যয় করলে সম্পদ কমে যাবে। কিন্তু আল্লাহর বিধান ও প্রতিশ্রুতি মানুষের এই সংকীর্ণ চিন্তার সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাআলা বলেন—
قُلْ إِنَّ رَبِّي يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَهُ ۚ وَمَا أَنْفَقْتُمْ مِنْ شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ ۖ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ
‘বলুন, নিশ্চয়ই আমার প্রতিপালক তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা সীমিত করেন। আর তোমরা যা কিছু ব্যয় করো, তিনি তার বিনিময় দান করেন। আর তিনিই সর্বোত্তম রিজিকদাতা।’ (সুরা সাবা: আয়াত ৩৯)
লক্ষ্য করুন, আল্লাহ এখানে শুধু দান করার নির্দেশই দেননি; বরং ব্যয় করার পর উত্তম প্রতিদানেরও প্রতিশ্রুতি দিয়েছেন।
আপনি হয়তো একজন ক্ষুধার্তকে খাবার দিলেন, একজন অসহায়ের চিকিৎসার ব্যবস্থা করলেন, একজন দরিদ্র শিক্ষার্থীর পড়াশোনার খরচ দিলেন কিংবা কোনো বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন। আপনার কাছে হয়তো এই অর্থের পরিমাণ সামান্য, কিন্তু আল্লাহর কাছে এর প্রতিদান অনেক বড় হতে পারে। তাই দান করার সময় সম্পদ কমে যাওয়ার ভয় নয়, বরং আল্লাহর প্রতিশ্রুতির ওপর দৃঢ় বিশ্বাস রাখুন।
৩. দানশীলদের জন্য জান্নাতের সহজ পথ
আল্লাহ তাআলা সুরা আল-লাইলের শুরুতে মানুষের জীবন পরিচালনার দুটি বিপরীত পথের কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন—
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ وَصَدَّقَ بِالْحُسْنَىٰ فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ
‘অতঃপর যে ব্যক্তি দান করে, তাকওয়া অবলম্বন করে এবং উত্তম প্রতিদানকে সত্য বলে বিশ্বাস করে, আমি তার জন্য সহজ পথ সুগম করে দেব। (সুরা আল-লাইল: আয়াত ৫–৭)
এই আয়াতগুলোতে সফল মানুষের তিনটি গুণ তুলে ধরা হয়েছে—
> দানশীলতা: আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সম্পদ থেকে ব্যয় করা।
> তাকওয়া: আল্লাহকে ভয় করে পাপ ও অন্যায় থেকে বেঁচে থাকা।
> আল্লাহর প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস: দান-সদকার প্রতিদান ও আখিরাতের পুরস্কারকে সত্য বলে বিশ্বাস করা।
আল্লাহ এমন মানুষের জন্য কল্যাণ ও নেক আমলের পথ সহজ করে দেন। অর্থাৎ, দানশীলতা শুধু সম্পদ ব্যয়ের একটি কাজ নয়; এটি একজন মানুষের ইমান, তাকওয়া ও আল্লাহর ওপর ভরসার বহিঃপ্রকাশ।
৪. কৃপণতা মানুষকে কোন পরিণতির দিকে নিয়ে যায়?
দানশীলতার বিপরীতে রয়েছে কৃপণতা। কৃপণ ব্যক্তি নিজের সম্পদকে আঁকড়ে ধরে রাখে। আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করতে চায় না। অভাবী মানুষের কষ্ট দেখেও সাহায্যের হাত বাড়ায় না। আল্লাহ তাআলা বলেন—
وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَىٰ وَكَذَّبَ بِالْحُسْنَىٰ فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ
‘আর যে ব্যক্তি কৃপণতা করে, নিজেকে অভাবমুক্ত মনে করে এবং উত্তম প্রতিদানকে অস্বীকার করে, আমি তার জন্য কঠিন পথ সুগম করে দেব।’ (সুরা আল-লাইল: ৮–১০)
এখানে আল্লাহ তিনটি মন্দ বৈশিষ্ট্যের কথা বলেছেন—
> কৃপণতা করা।
> নিজেকে আল্লাহর মুখাপেক্ষী মনে না করা।
> আখিরাতের প্রতিদানকে অস্বীকার করা।
এ ধরনের মানুষ ধীরে ধীরে কল্যাণের পথ থেকে দূরে সরে যায় এবং নিজের জন্য কঠিন পরিণতির পথ তৈরি করে।
তাই সম্পদের মালিক হওয়া কখনো অহংকারের কারণ হওয়া উচিত নয়। কারণ প্রকৃত মালিক আল্লাহ তাআলা। মানুষ শুধু আমানতদার।
৫. সম্পদ জমিয়ে রাখলেই প্রকৃত ধনী হওয়া যায় না
আমরা অনেকেই মনে করি, যার ব্যাংক ব্যালেন্স বেশি, যার বাড়ি-গাড়ি বেশি, সেই সবচেয়ে ধনী। কিন্তু রাসুলুল্লাহ (সা.) সম্পদের প্রকৃত অর্থ আমাদের অন্যভাবে বুঝিয়েছেন। হাদিসে পাকে এসেছে—
لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ، وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ
‘প্রাচুর্য বেশি সম্পদ থাকার নাম নয়; বরং প্রকৃত প্রাচুর্য হলো অন্তরের প্রাচুর্য।’ (বুখারি ৬৪৪৬, মুসলিম ১০৫১)
একজন মানুষের কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু তার অন্তরে যদি তৃপ্তি না থাকে, তবে সে প্রকৃত অর্থে ধনী নয়। অন্যদিকে, একজন মানুষ সীমিত সম্পদের অধিকারী হয়েও আল্লাহর ওপর সন্তুষ্ট থাকতে পারেন, অন্যের উপকার করতে পারেন এবং নিজের সম্পদ থেকে দান করতে পারেন।
সুতরাং প্রকৃত ধনী সে-ই, যার অন্তর উদার, যে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে এবং অন্যের কল্যাণে ব্যয় করতে ভালোবাসে।
৬. দান-সদকার প্রতিদান সাতশ গুণ পর্যন্ত!
আল্লাহ তাআলা দানশীল বান্দাদের জন্য কত বিশাল প্রতিদান রেখেছেন, তা বোঝার জন্য নিচের আয়াতটি যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন—
مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
‘যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি শস্যবীজের মতো, যা সাতটি শীষ উৎপন্ন করে; প্রতিটি শীষে থাকে একশত শস্যদানা। আর আল্লাহ যাকে ইচ্ছা আরও বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। (সুরা আল-বাকারা: আয়াত ২৬১)
একটি বীজ থেকে সাতটি শীষ, প্রতিটি শীষে একশটি দানা—অর্থাৎ সাতশ গুণ! এটি আল্লাহর পক্ষ থেকে দানশীলদের জন্য এক অসাধারণ সুসংবাদ। তবে আল্লাহ চাইলে এর চেয়েও বেশি প্রতিদান দিতে পারেন। তাই দানের পরিমাণ ছোট না বড়, সেটিই মূল বিষয় নয়; বরং দানের পেছনে নিয়ত কতটা বিশুদ্ধ, সেটিই গুরুত্বপূর্ণ।
৭. গোপনে দান করা উত্তম এবং আল্লাহর কাছে অধিক প্রিয় আমলগুলোর একটি
অনেক সময় মানুষ দান করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য। কেউ ছবি তোলে, কেউ প্রচার করে, কেউ আবার দানের বিনিময়ে সম্মান ও পরিচিতি প্রত্যাশা করে। অথচ প্রকৃত দান হলো সেই দান, যা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। আল্লাহ তাআলা বলেন—
إِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ ۖ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ
‘তোমরা যদি প্রকাশ্যে সদকা কর, তবে তা ভালো। আর যদি তা গোপনে কর এবং অভাবীদের দান কর, তবে তা তোমাদের জন্য আরও উত্তম।’ (সুরা আল-বাকারা: আয়াত ২৭১)
গোপনে দান করলে লোকদেখানো ও আত্মপ্রচারের আশঙ্কা কম থাকে এবং দানগ্রহীতার সম্মানও রক্ষা পায়। তবে মানুষকে উৎসাহিত করা বা কোনো ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য কখনো প্রকাশ্যে দান করাও বৈধ ও কল্যাণকর হতে পারে, যদি নিয়ত বিশুদ্ধ থাকে।
৮. কৃপণতার পরিণতি অত্যন্ত ভয়াবহ
যারা সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর পথে ব্যয় করে না, তারা যেন মনে না করে যে এই সম্পদ চিরকাল তাদের সঙ্গে থাকবে। আল্লাহ তাআলা বলেন—
وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ ۖ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ
‘আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দান করেছেন, তাতে যারা কৃপণতা করে, তারা যেন কখনো মনে না করে যে তা তাদের জন্য কল্যাণকর; বরং তা তাদের জন্য অকল্যাণকর। যে সম্পদে তারা কৃপণতা করেছে, কিয়ামতের দিন তা দিয়ে তাদের গলায় বেড়ি পরানো হবে।’ (সুরা আল-ইমরান: আয়াত ১৮০)
কী ভয়াবহ সতর্কবার্তা!
যে সম্পদ মানুষ দুনিয়ায় নিজের নিরাপত্তার মাধ্যম মনে করেছিল, সেই সম্পদই কিয়ামতের দিন তার শাস্তির কারণ হতে পারে। তাই সম্পদের প্রতি অতিরিক্ত মোহ ত্যাগ করে আল্লাহর নির্দেশ অনুযায়ী ব্যয় করা উচিত।
৯. দান করার কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র
দানশীল হতে হলে কোটি কোটি টাকার মালিক হওয়ার প্রয়োজন নেই। নিজের সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণ অর্থ দিয়েও অনেক বড় নেকি অর্জন করা সম্ভব।যেমন—
এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে—জাকাত ফরজ হলে তা যথাযথভাবে আদায় করা অবশ্যকর্তব্য। নফল সদকা দিয়ে ফরজ জাকাতের দায়িত্ব আদায় হয় না।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ
‘তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও তা একটি খেজুরের অর্ধেক দান করার মাধ্যমে হয়।’ (বুখারি ১৪১৭, মুসলিম ১০১৬)
অর্থাৎ, দানের পরিমাণ সামান্য হলেও আন্তরিকতার সঙ্গে দান করার গুরুত্ব অনেক বেশি।
১০. আজ থেকেই নিজের জীবনে দানশীলতার অভ্যাস গড়ে তুলুন
আমরা অনেকেই ভাবি, আরেকটু ধনী হলে দান করব, আরও বেশি উপার্জন হলে গরিবদের সাহায্য করব, সংসারের সব চাহিদা পূরণ হলে সদকা করব।
কিন্তু জীবনের সব চাহিদা কখনো শেষ হয় না। তাই দান করার জন্য ভবিষ্যতের অপেক্ষা না করে আজ থেকেই শুরু করুন।
মনে রাখবেন, দানশীলতা শুধু ধনীদের জন্য নয়; বরং প্রত্যেক সামর্থ্যবান মুমিনের জন্য একটি মহৎ গুণ।
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা!
আজ আপনি কাকে খুশি করলেন—নিজেকে, নাকি আল্লাহকে?
প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা অবতরণ করেন। একজন দানশীল ব্যক্তির জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করেন। অন্যজন সম্পদ আটকে রাখা ব্যক্তির জন্য ক্ষতি ও ধ্বংসের দোয়া করেন।
এখন একটু নিজের দিকে তাকান।
আপনার সম্পদ কোথায় ব্যয় হচ্ছে? আপনার উপার্জনের কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করছেন? আপনার আশপাশে কোনো ক্ষুধার্ত মানুষ, অসহায় পরিবার কিংবা চিকিৎসার অভাবে কষ্ট পাওয়া কোনো রোগী আছে কি?
হয়তো আপনার সামান্য একটি দান কারও মুখে হাসি ফোটাতে পারে। হয়তো আপনার সহযোগিতায় কোনো শিশুর পড়াশোনা চালু থাকতে পারে। হয়তো আপনার সামান্য সাহায্যে কোনো অসহায় পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে।
তাই সম্পদ জমিয়ে রাখার প্রতিযোগিতায় না নেমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতিযোগিতায় অংশ নিন।
আজ থেকেই দান করুন। সামর্থ্য অনুযায়ী দান করুন। গোপনে দান করুন। আল্লাহর ওপর ভরসা রেখে দান করুন।
মনে রাখবেন, দুনিয়ার সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য করা নেক আমল আখিরাতে আপনার মুক্তির উসিলা হতে পারে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কৃপণতা থেকে হেফাজত করুন, দানশীল ও উদার হৃদয়ের মানুষ হিসেবে কবুল করুন এবং আমাদের সম্পদকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের মাধ্যম বানিয়ে দিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশি লইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান, আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক ও মার্কিন অ্যাটর্নি মঈন চৌধুরীকে সম্মানিত করেছে।
এই সংবর্ধনা অনুষ্ঠানটি বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মিশিগানের ওয়ারেন শহরের বিসমিল্লাহ পার্টি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবী, আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এবং কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অ্যাটর্নি মঈন চৌধুরী সংবর্ধনার জবাবে উল্লেখ করেন, "দল-মতনির্বিশেষে মক্কেলকে আইনি সেবা প্রদান করা একজন আইনজীবীর প্রথম ও প্রধান কর্তব্য।"
তিনি আরও বলেন, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের সময় দলীয় পরিচয় বা রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে থেকে মানুষের আইনগত অধিকার রক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আইন পেশার মূল ভিত্তি হচ্ছে ন্যায়বিচার, পেশাগত সততা, দায়িত্ববোধ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
অ্যাটর্নি মঈন চৌধুরী আরো গুরুত্ব দিয়ে বলেন, "প্রত্যেক মানুষের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।" আইনজীবীদের দায়িত্ব হচ্ছে মক্কেলের আইনগত স্বার্থ রক্ষায় প্রচলিত আইন ও পেশাগত নীতিমালার মধ্যে থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করা।
সংবর্ধনা অনুষ্ঠানটি আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মহাব্বত খান।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অ্যাডভোকেট কায়সার হাসান শিমন এবং অ্যাডভোকেট মোহাম্মদ শফিউল আযম (মাছুম)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট নুরুল ইসলাম মঈনুল, অ্যাডভোকেট মঈনুদ্দিন আহমেদ, অ্যাডভোকেট মাহমুদুর রহমান, অ্যাডভোকেট মহসিন চৌধুরী, অ্যাডভোকেট কল্যাণী চৌধুরী, অ্যাডভোকেট রুকসানা, অ্যাডভোকেট সামিনা-সহ অন্যান্য আইনজীবী ও কমিউনিটির প্রতিনিধিরা।
অ্যাটর্নি মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় ধরে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক হওয়ার পাশাপাশি ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের সঙ্গেও নেতৃত্বস্থানীয় ভূমিকায় সম্পৃক্ত রয়েছেন। অভিবাসীদের অধিকার রক্ষা, আইনগত সহায়তা প্রদান এবং প্রবাসী কমিউনিটির মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধিতে তিনি কাজ করে আসছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত আইনজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক জোরদার এবং প্রবাসীদের আইনগত অধিকার সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার গুরুত্বও এ সংবর্ধনা আয়োজনের মাধ্যমে তুলে ধরা হয়।
মিশিগানে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশি আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত ঐক্য এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির একটি উল্লেখযোগ্য উপলক্ষ হয়ে ওঠে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে, অভিযোগ রয়েছে তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তাকে আজিমপুরের ইরানি মাঠসংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তমাল মাহবুবকে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির ‘আলো আসবেই’ গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তমাল মাহবুবকে আটক করা হয়েছে।
এদিকে, তমাল মাহবুবের সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্ট পর্যালোচনা করে দেখা যায়, তিনি নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত পোস্ট দিতেন। গত কয়েক দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ও নাশকতামূলক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও তার আইডি থেকে শেয়ার করা হয়েছে।
এর আগে, বুধবার দিবাগত রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি। তিনি বিতর্কিত ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ। একই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
গ্রুপে থাকা কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। তাদের মধ্যে জ্যোতিকা জ্যোতির নামও ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ