০৩:৫৯ পি.এম
ভারতের সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারানের বিয়ের সংবর্ধনা উপলক্ষে তারকাদের একত্রিত হওয়ার একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র, ক্রিকেট এবং রাজনৈতিক অঙ্গনের বহু পরিচিত ব্যক্তিরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় রজনীকান্ত, কমল হাসান, মহেশ বাবু, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এবং নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনসহ আরও অনেকেই ছিলেন।
এই সংবর্ধনা গতকাল ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ের আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে অনুষ্ঠিত হয়। এর আগে ১১ নভেম্বর গ্রিসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনিরুদ্ধ এবং কাব্য বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ব্যক্তিগত পরিসরে বিয়ের আয়োজন হলেও সংবর্ধনায় চলচ্চিত্র, রাজনীতি, ব্যবসা এবং ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।
অনুষ্ঠানে কালো স্যুট পরিহিত রজনীকান্ত উপস্থিত ছিলেন। অন্যদিকে, কমল হাসান পিচ রঙের সিল্কের শার্ট এবং ঐতিহ্যবাহী ধুতি পরে এসেছিলেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, তার পরনে ছিল নেভি ব্লু রঙের বিশেষ নকশার জ্যাকেট এবং কালো ট্রাউজার।
আরও পড়ুন: মনস্টার থ্রিলার ‘কালিয়া’ নিয়ে আসছেন কার্তিক আরিয়ান
চেন্নাইয়ে সংবর্ধনায় যোগ দিতে তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু পৌঁছান। তাকে পরিবারের সদস্যদের সঙ্গে বিমানবন্দরে দেখা যায়। ক্রিকেট অঙ্গন থেকেও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন, ড্যানিয়েল ভেট্টোরি এবং দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডেল স্টেইন অনুষ্ঠানে যোগ দেন, ডেল স্টেইনও পরিবারের সদস্যদের সঙ্গে এসেছিলেন।
অনিরুদ্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আগের আয়োজনের কিছু ছবি প্রকাশ করেছিলেন। সেসব ছবিতে রজনীকান্ত এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনসহ পরিবারের সদস্যদের দেখা যায়। ছবিগুলোর সঙ্গে দেওয়া বার্তায় অনিরুদ্ধ লেখেন, "তাদের হৃদয় ভালোবাসায় পূর্ণ। সবার ভালোবাসা ও আশীর্বাদ তাঁদের কাছে অনেক মূল্যবান। নতুন জীবনের শুরুটিকে বিশেষ করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।"
এদিকে, কাব্যর বাবা সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান এবং মা কাভেরী মারান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে সংবর্ধনার আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তারা সাক্ষাৎ করে আমন্ত্রণ পৌঁছে দেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর কাছেও আমন্ত্রণ পৌঁছানো হয়েছিল।
কালানিধি মারানের কন্যা কাব্য মারান বর্তমানে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, অনিরুদ্ধ রবিচন্দর ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় সংগীত পরিচালকদের একজন। তিনি তামিল, তেলুগুসহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজ করে পরিচিতি পেয়েছেন। রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বেও রয়েছেন এই সংগীত পরিচালক।
আরও পড়ুন: অভিনেতা পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকার ক্ষতির অভিযোগ, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
চলচ্চিত্র ও ক্রিকেট অঙ্গনের তারকাদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনিরুদ্ধ-কাব্যর বিয়ের সংবর্ধনা দক্ষিণ ভারতের আলোচিত তারকাসমাবেশে পরিণত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন