০৭:১০ পি.এম
দীর্ঘ ১৫ বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে একসঙ্গে হাজির হবেন তারা। ২০১১ সালের ‘রা. ওয়ান’-এর পর ফের এই জুটিকে একসঙ্গে দেখার সুযোগ তৈরি হওয়ায় ভক্তদের মধ্যে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়েছে, ‘কিং’-এ ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে অংশ নেবেন শাহরুখ ও কারিনা। বড় আয়োজনের এই গানটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, চলতি অক্টোবরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিংয়ে অংশ নেবেন কারিনা। এ জন্য প্রায় পাঁচ দিনের সময় দিয়েছেন অভিনেত্রী। গানটির শুটিংও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। এদিকে গানটি কোনো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর কণ্ঠে শোনা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। এমনকি এড শিরানের নামও আলোচনায় এসেছে। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুন: ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর গাওয়া ‘রঙ্গিলা আসমান’
শাহরুখ ও কারিনা এর আগে ‘কাভি খুশি কাভি গম’ এবং ‘ডন’-এর মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। এবার ‘কিং’-এর বিশেষ গানে তাদের নতুন রূপে দেখার সুযোগ ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে শাহরুখ খানের জন্মদিন ২ নভেম্বরকে ঘিরে ‘কিং’ সিনেমার প্রচারণা শুরুর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ওই সময় সিনেমাটির নতুন কোনো ঝলক প্রকাশ পেতে পারে। শাহরুখের পাশাপাশি সিনেমাটিতে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ আরও অনেকে অভিনয় করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন