০৪:০৮ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের বরফের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪২২টি ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৬৮ হাজার টাকা।
বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করে।
বিজিবি জানায়, সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় বাসের লাগেজ বক্সে একটি ড্রামের ওপর বরফ দিয়ে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪২২টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর, সেগুলো জব্দ করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
জব্দ করা শাড়িগুলো বর্তমানে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে বিজিবি।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানিয়েছেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি বলেন, গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান দমনে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন