সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১০:২৯ পি.এম
দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ বড়মাঠ ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় বড়মাঠ রক্ষা কমিটির উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে সমবেত হয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বড় মাঠ অবমুক্ত করে খেলাধুলাসহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়। জেলা প্রশাসন মাঠটি অবমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেয়।
জানা গেছে, মালিকানার জটিলতা দেখিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে একটি সংস্থা ক্যাম্প বসিয়ে মাঠের সব কর্মকাণ্ড বন্ধ করে দেয়। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ গোর শহীদ ঈদগাহ ময়দান, শহীদ মিনার এবং জাতীয় টুর্নামেন্টসহ সব খেলাধুলা বন্ধ হয়ে যায়। বড়মাঠ অবমুক্তের দাবিতে সোমবার বেলা ১১টায় দিনাজপুর ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নেয়। অবস্থান কর্মসূচি চলাকালীন বক্তারা শত বছরের ঐতিহ্য বড় মাঠ রক্ষায় কঠোর কর্মসূচির ঘোষণা দেন। এ সময় ২০০৩ সালে বড় মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানানো হয়।
দিনাজপুর বড় ময়দান তার চিরচেনা রূপ ফিরিয়ে আনতে শিশু, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের দাবি "আমাদের মাঠ আমাদের ফিরিয়ে দিন।"
মাঠ আগের অবস্থায় ফিরিয়ে আনতে ও মাঠকে অবমুক্ত করতে প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়ার কথা জানান বড় মাঠ রক্ষা কমিটির নেতা অ্যাডভোকেট গোলাম বিন চার্লি, মাসুদ রানা, রেহাতুল ইসলাম খোকা।
তারা বলেন, "শত বছরের ঐতিহ্যের সাক্ষী এই মাঠ ক্রীড়া, সংস্কৃতি ও ইতিহাসের মেলবন্ধন। মাঠের মালিকানা যারই থাকুক, কোনোভাবেই এখানে খেলাধুলা বন্ধ করা উচিত নয়।"
স্থানীয় সরকার বিভাগ দিনাজপুরের উপপরিচালক হাফিজুর রহমান খুব দ্রুত মাঠটি অবমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।
দেশের বৃহত্তম দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় মাঠ ২৩ একর জায়গার ওপর অবস্থিত। এখানে রয়েছে ঈদগাহ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, স্পোর্টস ভিলেজ, পাঁচটি ক্রিকেট একাডেমি ও ফুটবল মাঠ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মন্টু মিয়া (৫৩) নামের এক কারাবন্দী মারা গেছেন।
রবিবার (২২ নভেম্বর) অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে, তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. সেলিম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের উজিরপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আঃ রহিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ।
এ দুর্ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ৬টার দিকে, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাজীরপাড় এলাকায়।
নিহতের ভাতিজা আরিফ জানিয়েছেন, সন্ধ্যার সময় তাঁর চাচা আঃ রহিম হাওলাদার বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য হোল্ডারে প্লাগ সংযুক্ত করছিলেন। এই সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আঃ রহিম হাওলাদার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর কারণে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন।
তিনি মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছেন। সফরের সময় সরকারপ্রধান দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানিয়েছেন।
তিনি উল্লেখ করেছেন যে, স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।
প্রধানমন্ত্রী অনুশীলনস্থল পরিদর্শন করবেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও দেখবেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখার সুযোগ পাবেন।
অনুশীলন পরিদর্শন শেষে, মঙ্গলবার বিকালে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
তারেক রহমানের এই সফরের মাধ্যমে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড ‘স্বর্ণদ্বীপে’ প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান তিন বাহিনীর যৌথ অনুশীলনের মহড়া পরিদর্শন করতে যাচ্ছেন। স্থানীয়ভাবে স্বর্ণদ্বীপ ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আধুনিক জীবনের ব্যস্ততায় অসুস্থতা আমাদের কাছে এক অসহনীয় বিড়ম্বনা হয়ে দাঁড়ায়। মাথাব্যথা, জ্বর, অ্যাসিডিটি কিংবা ত্বকের সমস্যা দেখা দিলে, আমরা তা থেকে মুক্তি পেতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করি। হাতের কাছে থাকা ব্যথানাশক বা উপসর্গ উপশমকারী ওষুধ গ্রহণ করে সাময়িক স্বস্তি পেলে, আমরা মনে করি রোগ সেরে গেছে।
কিন্তু প্রশ্ন হলো, বাহ্যিক উপসর্গগুলো সাময়িকভাবে মিলিয়ে যাওয়াটাই কি প্রকৃত ‘রোগারোগ্য’? নাকি অজান্তেই রোগকে শরীরের গভীরে ঠেলে দিচ্ছি?
রোগ ও আরোগ্য সম্পর্কে প্রচলিত ধারণার বিপরীতে হোমিওপ্যাথি একটি সম্পূর্ণ স্বতন্ত্র ও বিজ্ঞানসম্মত দর্শন উপস্থাপন করেছে। মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান প্রবর্তিত এই চিকিৎসা পদ্ধতিতে বলা হয়েছে, ‘রোগ কোনো বিচ্ছিন্ন অঙ্গের ত্রুটি নয়; বরং সমগ্র মানবসত্তার অভ্যন্তরীণ বিশৃঙ্খলার বহিঃপ্রকাশ।’
রোগ কী এবং কেন হয়
প্রচলিত বস্তুবাদী ধারণায় ব্যাকটেরিয়া, ভাইরাস কিংবা শরীরের নির্দিষ্ট অঙ্গের বিকৃতি রোগের মূল কারণ হিসেবে ধরা হয়। ফলে চিকিৎসার লক্ষ্য থাকে ওই জীবাণু ধ্বংস করা বা আক্রান্ত অঙ্গের উপসর্গগুলোকে দমন করা। কিন্তু হোমিওপ্যাথিক দর্শন অনুযায়ী, মানবদেহ পরিচালিত হয় এক অদৃশ্য, অশরীরী ও গতিশীল ‘জীবনীশক্তি’ (ভাইটাল ফোর্স) দ্বারা। যখন এই জীবনীশক্তি সুস্থ ও ছন্দময় থাকে, তখন দেহের সব অঙ্গপ্রত্যঙ্গ সুশৃঙ্খলভাবে কাজ করে এবং কোনো রোগজীবাণু দেহে স্থায়ীভাবে বাসা বাঁধতে পারে না।
যখন বাহ্যিক বা মানসিক কোনো অশুভ প্রভাব এই জীবনীশক্তির ছন্দপতন ঘটায়, তখন দেহে নানাবিধ লক্ষণ বা উপসর্গ দেখা দেয়। অর্থাৎ জ্বর, ব্যথা বা চর্মরোগ মূল রোগ নয়; এগুলো হলো ভেতরের বিশৃঙ্খলা সম্পর্কে দেহের আত্মরক্ষামূলক সংকেত। রোগকে কেবল জীবাণুর আক্রমণ হিসেবে না দেখে জীবনীশক্তির দুর্বলতা হিসেবে দেখার দৃষ্টিভঙ্গিই হোমিওপ্যাথিকে অনন্য করে তোলে।
উপশম, দমন ও প্রকৃত আরোগ্য
আমাদের সমাজে চিকিৎসা নিতে গিয়ে প্রায়ই ‘উপশম’ (প্যালিয়েশন) ও ‘দমন’ (সাপ্রেশন)-কে ‘আরোগ্য’ (কিউর) মনে করা হয়। উদাহরণস্বরূপ, কারও শরীরে চর্মরোগ বা অ্যাকজিমা দেখা দিলে, বাইরে থেকে শক্তিশালী মলম ব্যবহার করে তা দ্রুত মিলিয়ে দেওয়া সম্ভব। এতে ত্বক পরিষ্কার হয়, কিন্তু ভেতরের রোগশক্তি নির্মূল হয় না। ফলে কিছুদিন পর সেই রোগীর মধ্যে হাঁপানি, শ্বাসকষ্ট বা অন্য কোনো জটিল অভ্যন্তরীণ ব্যাধি দেখা দেয়। হোমিওপ্যাথির ভাষায় এটি আরোগ্য নয়, বরং ‘রোগ দমন’—যা রোগীর জন্য আরও ভয়াবহ বিপদ ডেকে আনে। একইভাবে, মাথাব্যথা বা গিঁটের ব্যথায় সাময়িক ব্যথানাশক ওষুধ গ্রহণ করা হলো উপশম, যা ওষুধের কার্যকারিতা শেষ হলেই আবার ফিরে আসে।
মহাত্মা হ্যানিম্যান তার কালজয়ী গ্রন্থ ‘অর্গানন অব মেডিসিন’-এর ২ নম্বর সূত্রে প্রকৃত আরোগ্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ‘চিকিৎসার সর্বোচ্চ আদর্শ হলো দ্রুত, মৃদু ও স্থায়ীভাবে স্বাস্থ্য পুনরুদ্ধার করা, অথবা সহজবোধ্য ও নিশ্চিত নীতিমালার ওপর ভিত্তি করে সবচেয়ে সংক্ষিপ্ত, নির্ভরযোগ্য ও নির্দোষ উপায়ে রোগকে সম্পূর্ণরূপে নির্মূল করা।’
হোমিওপ্যাথিক আরোগ্যের পথরেখা
হোমিওপ্যাথি ‘রোগ নয়, রোগীকে চিকিৎসা করে’। একই নামের রোগে আক্রান্ত দুজন মানুষের চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। কারণ প্রতিটি মানুষের শারীরিক গঠন, মানসিক প্রবণতা, আবেগ-অনুভূতি, পছন্দ-অপছন্দ এবং রোগের লক্ষণ প্রকাশের ধরন আলাদা। এই ব্যক্তিস্বাতন্ত্র্য বিচার করে নির্বাচিত একক ও সূক্ষ্মমাত্রার ওষুধ সরাসরি দেহের জীবনীশক্তিকে উদ্দীপ্ত করে, যাতে দেহ নিজেই নিজেকে সুস্থ করে তুলতে পারে।
প্রখ্যাত হোমিওপ্যাথি ডা. কনস্ট্যান্টাইন হেরিং দেখিয়েছেন, প্রকৃত আরোগ্য কখনো এলোমেলোভাবে ঘটে না; বরং তা একটি সুনির্দিষ্ট প্রাকৃতিক নিয়ম মেনে চলে। একে ‘হেরিং-এর আরোগ্য সূত্র’ বলা হয়। এই সূত্র অনুযায়ী, প্রকৃত আরোগ্যের ক্ষেত্রে রোগের লক্ষণগুলো শরীরের ভেতর থেকে বাইরের দিকে, ওপর থেকে নিচের দিকে, অধিক গুরুত্বপূর্ণ অঙ্গ (যেমন—হৃৎপিণ্ড, মস্তিষ্ক বা ফুসফুস) থেকে কম গুরুত্বপূর্ণ অঙ্গের (যেমন—ত্বক) দিকে সরে আসে এবং রোগের লক্ষণগুলো যে ক্রমে এসেছিল ঠিক তার উল্টো ক্রমে বিদায় নেয়। আরোগ্যের এই প্রক্রিয়ায় রোগী কেবল শারীরিক কষ্ট থেকে মুক্তি পান না, বরং তার মানসিক প্রফুল্লতা, স্বাভাবিক ঘুম, ক্ষুধা ও কর্মস্পৃহাও ফিরে আসে।
বর্তমান বিশ্বে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং রাসায়নিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া যখন জনস্বাস্থ্যের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন রোগারোগ্য সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর সময় এসেছে। সাময়িক স্বস্তির আশায় উপসর্গ চাপা না দিয়ে, দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বা জীবনীশক্তিকে জাগিয়ে তোলাই হতে পারে টেকসই সুস্থতার একমাত্র পথ।
হোমিওপ্যাথির এই মানবিক, বিজ্ঞানসম্মত ও প্রকৃতিসম্মত দর্শন আমাদের সেই পূর্ণাঙ্গ ও স্থায়ী সুস্থতার দিশা দেখায়।
কোট- ‘চিকিৎসাবিজ্ঞানের প্রচলিত ধারণায় যেখানে রোগের বাহ্যিক প্রকাশ বন্ধ করাকেই সুস্থতা ভাবা হয়, হোমিওপ্যাথি সেখানে দেহের অভ্যন্তরীণ প্রাণশক্তির ভারসাম্য ফিরিয়ে আনার মাধ্যমে স্থায়ী আরোগ্যের কথা বলে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ