১১:২৯ এম
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাময়িক বিধিনিষেধ ও ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এই পরিস্থিতির ফলে ১৩ হাজার ৪৯০ জন প্রবাসী ও সাধারণ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি সৌদি আরবগামী এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।
সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত, ব্রিটিশ ও ভারতের হাইকমিশনারের আলোচনা
এদিকে ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রেও বড় ধরনের প্রভাব পড়েছে। এর মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আকস্মিক বিধিনিষেধের কারণে অনেক যাত্রী বিমানবন্দরে এসে আটকা পড়েছেন। বিশেষ করে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছানোর অপেক্ষায় থাকা প্রবাসী কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে ফ্লাইটের নতুন সময়সূচি, টিকিটের তারিখ পরিবর্তন ও পরবর্তী যাত্রার বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখতে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবের বিমানবন্দরগুলোর কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে।
আরও পড়ুন: রোহিঙ্গাদের গণহত্যার অভিযোগে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করল আইসিজে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন