১০:৪৯ পি.এম
ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ : মহান বিজয় দিবসের প্রেক্ষাপটে দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক উন্মাদনা নিয়ে আসতে যাচ্ছে 'বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন'। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং অ্যাথলিট স্পোর্টস গিয়ারের উদ্যোগে এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে "এক দৌড়, এক হৃদয়, এক বাংলাদেশ" এই মূল স্লোগানের আওতায়।
আজ বিকেলে রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. মাহবুবুল আলম ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই আয়োজন আগামী ১৪-১৬ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে। এর মধ্যে ১৪ ডিসেম্বর রানারদের জন্য কিট বিতরণ করা হবে। ১৫ ডিসেম্বর কনসার্ট ও আকর্ষণীয় ড্রোন শো অনুষ্ঠিত হবে এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ভোরে (সাড়ে চারটায়) রাজধানীর ৩০০ ফিট রাস্তায় মূল ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: মুলার এমএলএস এর কঠোর সমালোচনা করে বলেন, অবনমন ব্যবস্থা নেই
শিগগিরই এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। এবারের ম্যারাথনে দেশের প্রতিশ্রুতিশীল রানারদের পাশাপাশি সার্কভূক্ত প্রতিটি দেশ থেকে অন্তত ৫ জন করে আন্তর্জাতিক দৌড়বিদ অংশগ্রহণ করবেন। এছাড়া, প্রতিযোগিতার জাঁকজমক বাড়াতে বিশ্বসেরা খ্যাতনামা কয়েকজন আন্তর্জাতিক রানার অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, এই আন্তর্জাতিক ম্যারাথন দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং তরুণ প্রজন্মকে সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় তপু বর্মন, শেখ মোরসালিনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আরও পড়ুন: মাদ্রিদের গোলপোস্টে কোর্তোয়ার ১০ বছর পূর্ণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন