০৪:০৬ পি.এম
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, "শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। একটি দেশকে পিছিয়ে দিতে হলে তার শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে দেওয়াই যথেষ্ট।"
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে নাটোর শহরের পটুয়াপাড়া ঝাউতলা মরিয়ম স্কুলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, অতীতের ১৭-১৮ বছরের শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থাকে সেইভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
হুইপ দুলু আরও বলেন, বর্তমান সরকার, বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তিনি জানান, গত অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ে সর্বাধিক অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ী থানার পেছনে ককটেল বিস্ফোরণ, হতাহতের ঘটনা নেই
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন জরুরি।
পরীক্ষা ও ফলাফল মূল্যায়ন ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, অতীতে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে পরীক্ষার খাতা সাদা রেখেও জিপিএ-৫ পাওয়ার মতো অভিযোগ উঠেছে। সামান্য লিখলেই গোল্ডেন জিপিএ-৫ কিংবা এ-প্লাস পাওয়ার প্রবণতা শিক্ষার প্রকৃত মান নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
তার মতে, এ ধরনের ব্যবস্থা শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতা বিকাশের পথে বাধা সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ, সেন্ট ফাব্রিস ডায়ালগ সেন্টারের পরিচালক ফাদার দীনো যাকোমিন্নেল্লী পিমো, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পোশাক কারখানার মুনাফায় শ্রমিকদের অংশীদারিত্ব চান এমপি নিলু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন