ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এনএসসি মহাপরিচালক ‘ঠিক’ করে দিচ্ছে অলিম্পিকে


এনএসসি মহাপরিচালক ‘ঠিক’ করে দিচ্ছে অলিম্পিকে

গত ১৯ নভেম্বর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বরাবর একটি চিঠি প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১৫ লাইনের ওই স্মারক চিঠিতে এনএসসি যে শিরোনামটি দিয়েছে, সেটি বেশ শান্তশিষ্ট। বিষয়বস্তু হিসেবে শিরোনামটি হলো-‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের সাথে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যক্রম সমন্বয় প্রসঙ্গে’৷

বিষয়বস্তুটি যেন ভীষণ নিরীহ মনে হচ্ছে। মনে হতে পারে, বিওএর সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ কার্যক্রম সমন্বয় সাধন করতে মরিয়া। এনএসসি যেন বিওএর সব কাজ দ্রুত সমাধান করে দিতে পারে, সেই উদ্দেশ্যে এই চিঠি প্রেরণ করা হয়েছে। স্মারকের ভূমিকায়ও এ বিষয়টি পরিষ্কারভাবে জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্য অর্জনে এই ত্রিপক্ষীয় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আদরমাখা এই ভূমিকার পর এনএসসি যে ‘নির্দেশাবলি’ প্রদান করেছে, সেখানে ‘হুকুমজারি’ এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে মুঠোবন্দি করার সুদূরপ্রসারী একটি দুরভিসন্ধি বা চাতুর্যপনার ছাপ স্পষ্ট।

আরও পড়ুন: রেকর্ড বন্যার দিনে ভারতের ইনিংস ঘোষণা, ৭২০ রান

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিওএতে মহাপরিচালক পদে প্রচলিত নিয়ম অনুযায়ী অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার জেনারেলকে ‘মহাপরিচালক’ হিসেবে পদায়ন করা হয়ে থাকে। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের দাপ্তরিক চিঠিতে যোগাযোগ, নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয় কার্যক্রম আরো গতিশীল, কার্যকর ও সুসংহত করার স্বার্থে মহাপরিচালক পদে অবসরপ্রাপ্ত কর্মকর্তার পরিবর্তে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত (নিয়মিত) একজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে প্রেষণে/সংযুক্তিতে পদায়ন করা হলে তা অধিকতর ফলপ্রসূ হবে বলে জাতীয় ক্রীড়া পরিষদ মনে করে।

স্মারকপত্রের তৃতীয় অনুচ্ছেদে নিজেদের ইচ্ছেটা আরো পরিষ্কার করে এনএসসি লিখেছে, এমতাবস্থায় বিওএ মহাপরিচালক পদে নিয়মিত কর্মরত একজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে পদায়নের বিষয়টি সদয় বিবেচনার জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।

‘বড় স্যার’ নির্দেশ করলে সেটা আর বিনীত অনুরোধ রইল কই? ‘সদয় বিবেচনা’র জায়গায় তখন আপনাকে সেটা পড়তে হবে ‘অবশ্য পালনীয় কর্ম’ হিসেবে!

প্রশ্ন হলো, বিওএর কোনো পদে কাউকে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ অনুরোধ বা আবদারের আড়ালে এমন নির্দেশাবলি জারি করতে পারে কি-না?

আরও পড়ুন: মায়ামির হারের দিনে বিতর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখলেন মেসি

উত্তর হলো, না, পারে না। এনএসসির সেই এখতিয়ার নেই। বিওএর কাউন্সিলরদের পদত্যাগ করার হুমকি দিয়ে এর আগে এমন ক্ষমতার আস্ফালন দেখিয়েছিলেন এনএসসির ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী। তার সেই হুমকিতে কয়েকজন হাঁটু গেড়ে বিওএর কাউন্সিলরশিপ থেকে পদত্যাগের চিঠি দিয়েছিলেন। অলিম্পিকে অস্থিরতা তৈরির সেই ষড়যন্ত্র আমার দেশ পত্রিকা ফাঁস করেছিল। এবার মহাপরিচালক পদে কাকে এবং কোন পদবিধারীকে নিয়োগ দিতে হবে-এমন নির্দেশনা জারি করে এনএসসি আরেকবার ক্ষমতার ভুল ব্যবহার করল।

বিওএতে মহাপরিচালক পদে প্রচলিত নিয়ম অনুযায়ী অবসরপ্রাপ্ত একজন ব্রিগেডিয়ার জেনারেলকে ‘মহাপরিচালক’ হিসেবে পদায়ন করা হয়ে থাকে বলে এনএসসির চিঠিতে লেখা রয়েছে।

এনএসসি এই ‘প্রচলিত নিয়ম’ কোথা থেকে আবিস্কার করল? বিওএ’র গঠনতন্ত্রে কি এই ‘নিয়ম’ এর কোনো উল্লেখ আছে? নাকি নিজ পছন্দের নিয়মকে ‘প্রচলিত নিয়ম’ বলে চালিয়ে দেওয়া হচ্ছে?

বিওএর গঠনতন্ত্রের সার্ভিস পলিসির পার্ট এ-তে চাকরির যে নীতিমালা রয়েছে, সেখানে কোথাও এনএসসির এমন এখতিয়ার বা নির্দেশাবলি বা হুকুমজারি প্রদানের কোনো কথা উল্লেখ নেই। দ্বিতীয়ত, বিওএর মহাপরিচালক পদে ব্রিগেডিয়ার জেনারেল বা কর্নেল বা সেনাবাহিনী থেকেই কাউকে নিয়োগ দিতে হবে-এমন বিধিবিধানের কোনো উল্লেখ নেই। এ পদে নিয়োগের যোগ্যতার মাপকাঠি কখনই কোনো সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের আওতাধীন কোনো গ্রেডের কাউকে হতে হবে-তারও উল্লেখ নেই।

আরও পড়ুন: নিউক্যাসলের সঙ্গে ড্রয়ের দিনে আর্সেনালের জন্য বড় দুঃসংবাদ

তারপরও কেন মহাপরিচালক পদে কাউকে শুধু সেনাবাহিনী থেকেই নিয়োগের এমন প্রচলন করার বন্দোবস্ত করা হয়েছে?

জানি উত্তরটা কি হবে। যেহেতু সেনাবাহিনী প্রধানকে বিওএর সভাপতি করার একটা প্রচলন চালু হয়েছে সেই ১৯৯৬ সাল থেকে, তাই মহাপরিচালকের চাকরিতে এই সংস্থা থেকে কাউকে নিয়োগ দিলে দাপ্তরিক যোগাযোগ, প্রশাসনিক সমন্বয় কার্যক্রম আরো গতিশীল হয়, আরো কার্যকর হয়, আরো সুসংহত হয়… ইত্যাদি ইত্যাদি।

বিওএতে মহাপরিচালক পদটি কিন্তু একটি চাকরি। পুরো বিওএ মূলত পরিচালিত হয় নির্বাহী কমিটি দ্বারা। সেই নির্বাহী কমিটি কিন্তু নির্বাচিত, যা আবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অনুমোদিত। বিওএর নির্বাচিত নির্বাহী কমিটি যেসব সিদ্ধান্ত নেবে, মহাপরিচালক তার অবস্থান থেকে সেসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কাজ করবেন। নির্বাহী কমিটির অনুমোদন নেই-এমন কোনো সিদ্ধান্ত মহাপরিচালক এককভাবে নিজের ইচ্ছেমাফিক নিতে পারবেন না। সেই এখতিয়ারও তার নেই। কারণ, বিওএর এই নির্বাহী কমিটির কাছে সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে মহাপরিচালক নিযুক্ত হন। মহাপরিচালক পদের জন্য বিওএর মানবসম্পদ বিভাগ থেকে চাকরির আহ্বান করা হয়। সেই নোটিস পত্রিকায় প্রকাশও করতে হয়। তারপর আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকারের ভিত্তিতে মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।

প্রক্রিয়াটা মূলত এটাই।

আরও পড়ুন: আজকের খেলা: ২২ নভেম্বর ২০২৬,

এখতিয়ার এবং অধিকারের বাইরে থাকা এমনসব বিষয় নিয়ে এনএসসি যেভাবে বিওএকে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে, তাতে হিতে বিপরীত হতে পারে। আইওসির চার্টারে স্পষ্ট লেখা আছে-জাতীয় অলিম্পিক কাউন্সিলের কার্যক্রম এবং এর পরিচালনার ওপর সে দেশের সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। যদি এমন কোনো ঘটনা আইওসির দৃষ্টিগোচর হয়, তবে তারা সংশ্লিষ্ট দেশের জাতীয় অলিম্পিক কাউন্সিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।

এ প্রসঙ্গে আইওসি চার্টারের একটি ধারায় যা বলা হয়েছে, তা ঠিক এমনÑ‘অলিম্পিক সনদ লঙ্ঘনের ক্ষেত্রে নির্ধারিত ব্যবস্থা ও শাস্তিমূলক পদক্ষেপের বাইরেও কোনো দেশে অলিম্পিক আন্দোলনের স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ড প্রয়োজনীয় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। এর মধ্যে সংশ্লিষ্ট দেশের জাতীয় অলিম্পিক কমিটির (এনওসি) কার্যক্রম স্থগিত করা কিংবা স্বীকৃতি প্রত্যাহারের সিদ্ধান্তও অন্তর্ভুক্ত। কোনো দেশের প্রচলিত সংবিধান, আইন বা অন্যান্য বিধিবিধান কিংবা সরকারি বা অন্য কোনো সংস্থার গৃহীত পদক্ষেপের কারণে যদি এনওসির কার্যক্রম পরিচালনা, নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ অথবা সে সিদ্ধান্ত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়, সে ক্ষেত্রে আইওসি এমন ব্যবস্থা নিতে পারবে।

এমন পরিস্থিতিতে ব্যবস্থা গ্রহণের উদাহরণও খুব বেশি পুরোনো নয়। জাতীয় অলিম্পিক কাউন্সিলের ওপর সরকারি হস্তক্ষেপের দায়ে ২০০৯ সালে কুয়েত, ২০০৮ সালে ইরাক এবং সবশেষ ২০২২ সালে গুয়েতেমালাকে আইওসি সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল।

উপরোক্ত তিনটি জাতীয় অলিম্পিক কমিটির (এনওসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ বা তাদের কার্যক্রম স্থগিত করার পাশাপাশি সরকারি হস্তক্ষেপ এবং আইওসি সনদের বিধান প্রতিপালনে ব্যর্থতার কারণে আরো কয়েকটি দেশের এনওসিকে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে তাদের এনওসির জন্য বরাদ্দকৃত অর্থায়নও কমিয়ে দেওয়া হয়েছে। সেই দেশগুলো হলো-নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া ও ভারত।

আরও পড়ুন: কলম্বাসের কাছে বিধ্বস্ত মেসির ইন্টার মায়ামি, প্লে অফ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) যাতে একটু আপডেট হয়, তাই এই তথ্যটা দেওয়া!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আবুবকর সিদ্দিক (রা.)-এর নবীপ্রেম সবার শীর্ষে’ মাহফিলে বক্তাদের বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


‘আবুবকর সিদ্দিক (রা.)-এর নবীপ্রেম সবার শীর্ষে’ মাহফিলে বক্তাদের বক্তব্য

রাউজানের উত্তরে সর্ত্তা হজরত মাওলানা রৃমজান আলী জামে মসজিদে খলিফাতুর রাসুল হজরত সৈয়্যিদেনা আবু বক্কর সিদ্দিক (রা.)-এর ওফাত দিবস স্মরণে ও হুজুর গাউসে পাকের মাসিক গেয়ারভি শরিফ মাহফিলে বক্তারা মন্তব্য করেছেন যে, খলিফাতুর রাসুল হজরত সৈয়্যিদেনা আবু বক্কর সিদ্দিক (রা.)-এর নবীপ্রেম ও মহান আল্লাহ ও রাসুলে পাকের প্রতি মুহাব্বত সবার ওপরে এবং সকলের শীর্ষে রয়েছে।

বক্তারা উল্লেখ করেছেন যে, তিনি ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান রেখে আল্লাহ রাসুলের নৈকট্য লাভে সক্ষম হয়েছেন। সকল মুসলিম নর-নারীকে তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে নবীপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দ্বীনি ইসলামের বিধিবিধান, তাহজিব-তামাদ্দুন, শরিয়তের ফয়সালা ও নিয়মকানুন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে হবে। বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মহান চার খলিফার আদর্শ বাস্তবায়নে সকল নবীপ্রেমিক সুন্নি মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান।

হুজুর গাউসে পাকের কাদেরিয়া তরিকার খেদমত ও শাহিন শাহে সিরিকোটের দ্বীনি মিশনের খেদমত করে সকলকে দুনিয়া-আখেরাতে মুক্তির পথ সুগম করার কাজে নিয়োজিত হতে হবে। বক্তারা নিত্যনতুন বিভিন্ন নামে বের হওয়া বাতিল ফেরকা ও মহান সাহাবায়ে কেরাম বিদ্বেষীদের চক্রান্ত-ষড়যন্ত্র থেকে সকল নবী ও অলিপ্রেমিক মুসলমানদের সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা ব্যক্তিদের ব্যাপারে জনগণ তথা মুসলমান সমাজকে সজাগ দৃষ্টি রাখারও অনুরোধ করেন। বর্তমান সুন্নি আলেমদের প্রতি সরকার যেন কোনো বৈষম্য না করে, সেই দাবি জানান বক্তারা।

শনিবার (২১ নভেম্বর) রাতে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন লেখক-গবেষক, খোলাফায়ে আওলাদে মাইজভান্ডারীর শাহাজাদা সৈয়্যদ মাওলানা মুহাম্মদ আলী আকবর তৈয়্যবী (মা.জি.আ.)। এতে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান হলদিয়া ইউনিয়ন শাখার দাওয়াতে খায়ের সম্পাদক খতিব মাওলানা মোহাম্মদ জুনায়েদ কাদেরী, খতিব মাওলানা মোহাম্মদ ইউসুফ তৈয়বী, মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ কপিল উদ্দিন, খতিব মাওলানা মুহাম্মদ রাশেদ রেজা কাদেরী, আলহাজ্জ মাওলানা মোহাম্মদ সোলাইমান চৌধুরী, আছছুফফাহ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা তাজ মোহাম্মদ রেজভী, মোহাম্মদ আবু তাহের, কনটেন্ট ক্রিয়েটর মাওলানা মোহাম্মদ নুরুল আলম আজমীর, মোহাম্মদ রায়হান উদ্দিন আহমেদ, মোহাম্মদ রাজা মিয়া, মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সোহাগ, মোহাম্মদ ইসমাইল সওদাগর, মোহাম্মদ রায়হান উদ্দিন চৌধুরী, মোহাম্মদ লোকমান হাকিম, মোহাম্মদ ওসমান গনী ফোরকান, মোহাম্মদ আবু বক্কর বিন রফিক, মোহাম্মদ ইরফান উদ্দিন ঈসান, মোহাম্মদ আরভি, এস এম মেহরাজ শরিফ ও সৈয়্যদ মুহাম্মদ মঈন রেজা হাসনাইন প্রমুখ।

পরে মিলাদ-কিয়াম ও দেশ-মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধনীর তুলনায় গরিবের ওপর ভ্যাটের বোঝা সাত গুণ বেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


ধনীর তুলনায় গরিবের ওপর ভ্যাটের বোঝা সাত গুণ বেশি

দেশের করব্যবস্থায় ধনীদের তুলনায় দরিদ্র মানুষের ওপর ভ্যাটের বোঝা সাত গুণ বেশি। সবচেয়ে গরিব ১০ শতাংশ পরিবারের আয়ের ২০.৩৭ শতাংশ ভ্যাট হিসেবে চলে যায় সরকারি কোষাগারে। বিপরীতে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এ হার মাত্র ২.৮০ শতাংশ। অর্থাৎ, আয়ের তুলনায় দরিদ্র পরিবারগুলোকে ভ্যাট দিতে হচ্ছে অনেক বেশি।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় ‘মিসিং রেভিনিউ ইন বাংলাদেশ : ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্স’ শীর্ষক গবেষণাটিতে নেতৃত্ব দেন র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক।

গবেষণায় দেখা গেছে, গ্রামাঞ্চলের দরিদ্রতম পরিবারগুলোর আয়ের ২৩ শতাংশের বেশি ভ্যাট হিসেবে দিতে হয়। শহরাঞ্চলে এ হার ১৬.৫ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে দরিদ্র ৭০ শতাংশ পরিবারের কার্যত কোনো ব্যক্তি আয়কর নেই। কারণ, তাদের আয় করযোগ্য সীমার নিচে। বিপরীতে, সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার তাদের আয়ের ১১.০৩ শতাংশ ব্যক্তি আয়কর হিসেবে দেয়।

গবেষণায় বলা হয়েছে, দেশের সর্বোচ্চ আয়ের ১০ শতাংশ পরিবার মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুযায়ী সম্ভাব্য ব্যক্তি আয়করের ৯৩ শতাংশের বেশি দেওয়ার কথা এই পরিবারগুলোর।

তবে কর আদায়ের ক্ষেত্রে বড় ঘাটতি রয়েছে। মোট শ্রমশক্তির মাত্র ৩.৫৭ শতাংশ ব্যক্তি সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। টিআইএনধারীদের মধ্যে ব্যক্তি ও অন্যান্য শ্রেণির রিটার্ন জমার হার ৪৩.১ শতাংশ। কোম্পানির ক্ষেত্রে এ হার ২৩.৬ শতাংশ।

আয়বৈষম্যের পাশাপাশি সম্পদবৈষম্যও প্রকট। গবেষণা অনুযায়ী, দেশের সবচেয়ে সম্পদশালী ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭.৪ শতাংশ। শীর্ষ ১০ শতাংশের হাতে ৭৬.৪ শতাংশ সম্পদ। বিপরীতে, সবচেয়ে কম সম্পদ থাকা অর্ধেক পরিবারের হাতে রয়েছে মাত্র ৩.৪ শতাংশ।

র‍্যাপিডের প্রাক্কলন বলছে, নতুন কর আরোপ বা করের হার না বাড়িয়ে বিদ্যমান আইন কার্যকর করা, করের আওতা বাড়ানো এবং কর ফাঁকি বন্ধের মাধ্যমে কর-জিডিপি অনুপাত ৭.৩ শতাংশ থেকে প্রায় ১৩.৫ শতাংশে উন্নীত করা সম্ভব।

গবেষণায় ২০২১-২২ অর্থবছরের হিসাব তুলে ধরে বলা হয়েছে, অনাদায়ি ব্যক্তিগত আয়কর ও অভ্যন্তরীণ ভ্যাটের পরিমাণ ছিল জিডিপির ৫.৮৯ শতাংশ। এর মধ্যে সম্ভাব্য ব্যক্তিগত আয়কর ছিল জিডিপির ৪.৮৫ শতাংশ, আদায় হয়েছে ০.৯৮ শতাংশ। আর অভ্যন্তরীণ ভ্যাটের সম্ভাব্য আদায় ৩.৮২ শতাংশ হলেও প্রকৃত আদায় ছিল ১.৮০ শতাংশ।

র‍্যাপিডের মতে, ব্যবসায়িক নিবন্ধনের ঘাটতি, বিক্রয় গোপন এবং সংগৃহীত ভ্যাট সরকারি কোষাগারে জমা না দেওয়ার কারণে রাজস্ব হারাচ্ছে সরকার।

গবেষকরা উচ্চ আয়ের মানুষের ওপর গুরুত্ব দিয়ে আয়করভিত্তি সম্প্রসারণ, ভ্যাট আদায়ব্যবস্থার উন্নতি, করপোরেট কর ছাড় পর্যালোচনা এবং উত্তরাধিকার কর চালুর বিষয়টি বিবেচনার সুপারিশ করেছেন। পাশাপাশি কর প্রশাসনের আধুনিকায়ন, হয়রানি ও দুর্নীতি বন্ধ এবং সরকারি ব্যয়ের মান উন্নয়নের ওপর জোর দিয়েছেন।

এ বিষয়ে র‍্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, "রাজস্ব আহরণের সাফল্য শুধু কত টাকা আদায় হল সেটি দিয়ে বিচার করা যথেষ্ট নয়। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং করের বিনিময়ে জনগণ কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছেন, সেগুলোও সমান গুরুত্বপূর্ণ।"

গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে শনিবার স্থানীয় একটি হোটেলে আলোচনা ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআরের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, পিআরআই চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সায়মা হক বিদিশা ও ইআরএফ সভাপতি দৌলত আক্তার উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদে প্রবেশের আগে-পরে ১০ সুন্নত পালনের উপায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


মসজিদে প্রবেশের আগে-পরে ১০ সুন্নত পালনের উপায়

প্রতিদিন পাঁচবার নামাজের জন্য মসজিদে যাওয়া হয়। এই সময়ে কিছু নির্দিষ্ট কাজ করা হলে, প্রতিবার যাতায়াতে ১০টি সুন্নত পালন করা সম্ভব। পাঁচ ওয়াক্তে এই সংখ্যা ৫০-এ পৌঁছায়। এর জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন নেই, বরং কিছু সদিচ্ছা ও সচেতনতা দরকার।

মসজিদে প্রবেশের ৫ সুন্নত

১. বিসমিল্লাহ পড়া : মুমিনের প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নামে শুরু করা উচিত। মসজিদে প্রবেশের সময়ও ‘বিসমিল্লাহ’ পড়া সুন্নত আমলের অন্তর্ভুক্ত। রাসুল (সা.) বলেছেন, ‘যে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করা হয় না, তা অসম্পূর্ণ থেকে যায়।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৮৪০)

২. নবীজির ওপর দরুদ পাঠ : মসজিদে প্রবেশকারী ব্যক্তি বিসমিল্লাহর পর রাসুল (সা.)-এর ওপর দরুদ ও সালাম পাঠ করবে। আল্লাহর প্রশংসার পর নবীজি (সা.)-এর ওপর দরুদ পাঠ করা দোয়ার অন্যতম আদব। ফাজালা ইবনে উবাইদ (রা.) বলেন, এক ব্যক্তি নামাজের পর দোয়া করছিলেন, রাসুল (সা.) তাকে দোয়ার পদ্ধতি শিক্ষা দিয়ে বলেন, ‘তোমাদের কেউ যখন দোয়া করবে, সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা করে, এরপর নবীজির ওপর দরুদ পাঠ করে, তারপর সে যা ইচ্ছা দোয়া করে।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৪৭৭)

৩. মসজিদে প্রবেশের দোয়া : দরুদের পর মসজিদে প্রবেশের জন্য নবীজি (সা.)-এর শেখানো দোয়া পড়া সুন্নাহ। দোয়াটি হলো ‘আল্লাহুম্মাফতাহ্ লি আবওয়াবা রাহমাতিক।’ অর্থ: ‘হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।’ রাসুল (সা.) মসজিদে প্রবেশের সময় এই দোয়া পড়তে আদেশ করেছেন। (সহিহ মুসলিম, হাদিস : ৭১৩)

একসঙ্গে তিনটি আমল :

বিসমিল্লাহ, দরুদ এবং দোয়া পাঠ—এই তিনটি একসঙ্গে এভাবে পাঠ করা যায়,

بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

উচ্চারণ : ‘বিসমিল্লাহি ওয়াস্-সালাতু ওয়াস্-সালামু আলা রাসুলিল্লাহি, আল্লাহুম্মাফতাহ্ লি আবওয়াবা রাহমাতিক।’

মসজিদে প্রবেশের সময় রহমতের দরজা খোলার প্রার্থনা বাহ্যিক প্রবেশকে অন্তরের প্রবেশের সঙ্গে যুক্ত করে দেয়। বান্দা মসজিদে আসে ইবাদতের জন্য, এ ক্ষেত্রে তার প্রথম আকাঙ্ক্ষাই হয় আল্লাহর রহমত।

৪. ডান পা দিয়ে প্রবেশ : মসজিদে প্রবেশের সময় ডান পা আগে রাখা সুন্নাহ। আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, ‘নবীজি (সা.) জুতা পরা, চুল আঁচড়ানো, পবিত্রতা অর্জন এবং তাঁর সব কাজে ডান দিককে অগ্রাধিকার দিতে পছন্দ করতেন।’ (সহিহ বুখারি, হাদিস : ১৬৮)

মসজিদ সম্মানিত স্থান হওয়ায় প্রবেশের সময় ডান পা আগে দেওয়া এই সুন্নাহরই বাস্তব প্রয়োগ।

৫. ইতিকাফের নিয়ত : মসজিদে প্রবেশের পর সেখানে অবস্থানের সময়টুকু ইবাদতে রূপ দেওয়ার একটি সহজ উপায় হলো নফল ইতিকাফের নিয়ত করা।

হানাফি ফিকহের নির্ভরযোগ্য গ্রন্থ আল-বাহরুর রায়েক-এ ইমাম মুহাম্মদ (রহ.)-এর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ‘কেউ ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করলে, যতক্ষণ সে সেখানে অবস্থান করবে ততক্ষণ ইতিকাফকারী হিসেবে গণ্য হবে, আর মসজিদ থেকে বের হলে ইতিকাফের অবসান হবে।’ (ইবনে নুজাইম মিসরি, আল-বাহরুর রায়েক শরহু কানজ আদ-দাকায়েক, ২/৫২৫, দারুল কুতুব আল-ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৯৭)

মসজিদ থেকে বের হওয়ার ৫ সুন্নত

মসজিদে প্রবেশের পর সেখানে অবস্থানের সময়টুকু ইবাদতে রূপ দেওয়ার একটি সহজ উপায় হলো নফল ইতিকাফের নিয়ত করা।

১-৩. বিসমিল্লাহ, দরুদ ও দোয়া পাঠ :

মসজিদে প্রবেশের পাঁচ আমলের সঙ্গে প্রস্থানের আদবের একটি সুন্দর সামঞ্জস্য রয়েছে। বিসমিল্লাহ, দরুদ ও দোয়া—প্রবেশের মতো বের হওয়ার সময়ও এ তিনটি আমল পালন করা সুন্নাহ। তবে দোয়াটি হবে ভিন্ন। তিনটি দোয়া একসঙ্গে এভাবে পাঠ করা যায়,

بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

উচ্চারণ : ‘বিসমিল্লাহি ওয়াস্-সালাতু ওয়াস্-সালামু আলা রাসুলিল্লাহি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক।’

রাসুল (সা.) মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়তেন। (সহিহ মুসলিম, হাদিস: ৭১৩)

৪. বাঁ পা দিয়ে বের হওয়া : প্রবেশের সময় ডান পা অগ্রাধিকার দেওয়ার পর প্রস্থানের সময় বাঁ পা আগে বের করতে হবে। ইবনে উমর (রা.)-এর আমল সম্পর্কে বর্ণিত হয়েছে, ‘তিনি যখন মসজিদে প্রবেশ করতেন, ডান পা আগে রাখতেন; আর বের হওয়ার সময় বাঁ পা আগে রাখতেন।’ (আল-মুসান্নাফ লি-ইবনি আবি শাইবা, হাদিস: ৭৯৭৪)

৫. ডান পায়ে আগে জুতা পরা : মসজিদ থেকে বের হওয়ার পর জুতা পরার ক্ষেত্রেও ডান দিককে অগ্রাধিকার দিতে হবে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ জুতা পরলে ডান দিক থেকে শুরু করবে এবং খুললে বাঁ দিক থেকে শুরু করবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৮৫৫)

অতএব মসজিদ থেকে বের হওয়ার সময় বাঁ পা দিয়ে বের হবে, এরপর পর্যায়ক্রমে ডান এবং বাঁ পায়ে জুতা পরিধান করবে।

এভাবে প্রতি ওয়াক্তে ১০টি করে সুন্নত, আর পাঁচ ওয়াক্ত মিলিয়ে দৈনিক ৫০টি সুন্নত পালন করা অত্যন্ত সহজ একটি আমল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝড়ের পর ঘর সামলানোর চেষ্টায় দক্ষিণ ব্রাজিলের বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


ঝড়ের পর ঘর সামলানোর চেষ্টায় দক্ষিণ ব্রাজিলের বাসিন্দারা

দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যের তুপানসিরেতা শহরের বাসিন্দারা ঝড়ের তাণ্ডবে তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেগুলো মেরামত ও ধ্বংসস্তূপ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোরে আঘাত হানা ভয়াবহ এ ঝড়ে চারজন নিহত ও ১৬২ জন আহত হয়েছেন। প্রায় ৮ হাজার বাড়িঘর, স্কুল ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কারণে শহরের প্রায় ২০ হাজার বাসিন্দার অধিকাংশকেই বাড়িঘর ছাড়তে বাধ্য হতে হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে ধ্বংসস্তূপের মধ্য থেকে তোশক, আসবাবপত্র ও সাইকেল উদ্ধার করতে দেখা গেছে ক্ষতিগ্রস্তদের। অনেক বাসিন্দা দ্রুত অস্থায়ী মেরামতের জন্য ক্ষতিগ্রস্ত ছাদের ওপর উঠে পড়েন। এ শহরের ৬৪ বছর বয়সী রাজমিস্ত্রি ইভাইর প্রিয়েতো এএফপিকে বলেন, “আমি বাথরুমে গিয়েছিলাম এবং ফিরে এসে দেখি ঘরে ঢুকতে পারছি না। দরজা আটকে গিয়েছিল এবং বাড়িটা ততক্ষণে ভেঙে গিয়েছে।” সব হারিয়েও পরিবারের কেউ আহত না হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।

বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। আহতদের সংখ্যা আগের ৬০ জনের হিসাব থেকে বেড়ে ১৬২ জনে পৌঁছেছে। শহরের প্রায় সবাই বাড়ি ছাড়তে বাধ্য হলেও মাত্র ৩০ জনের মতো সরকারি আশ্রয়কেন্দ্রে গেছেন। হাজার হাজার বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছাদহীন বাড়ি ও চালাঘর ছড়িয়ে ছিটিয়ে আছে এবং রাস্তায় পড়ে আছে গাছপালা ও ধ্বংসাবশেষ।

শুক্রবার ভোর হওয়ার মাত্র ৪০ মিনিট আগে ঝড়টি শহরের ওপর দিয়ে বয়ে যায়। মেয়র গুস্তাভো হার্টার পরিস্থিতি তুলে ধরে বলেন, শহরটা নিশ্চিহ্ন হয়ে গেছে। ব্রাজিলের জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট (ইনমেট)-এর তথ্যমতে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৪ কিলোমিটার (৭১ মাইল) পর্যন্ত পৌঁছেছিল। বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ ঝড়টিকে শক্তিশালী ‘সুপারসেল’ বজ্রঝড় হিসেবে চিহ্নিত করেছে।

গত ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া বৈরী আবহাওয়ায় রিও গ্রান্দে দো সুলের প্রায় ৩০টি পৌরসভায় প্রবল বাতাস, শিলাবৃষ্টি ও ভারী বর্ষণ চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুপানসিরেতা এবং একমাত্র এখান থেকেই হতাহতের খবর পাওয়া গেছে।

দুর্গতদের সহায়তায় ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা এলাকাটিতে চিকিৎসা দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পুনর্গঠন কাজের জন্য রাজ্যপাল এদুয়ার্দো লেইতে ৭০ লক্ষ রিয়াল (প্রায় ১২ লক্ষ মার্কিন ডলার) বরাদ্দ করেছেন।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ ব্রাজিলে প্রায়ই টর্নেডো আঘাত হানে। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে যুক্ত স্বেচ্ছাসেবী আবহাওয়া নেটওয়ার্ক ‘প্রিভটস’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে টর্নেডো ও এ ধরনের দুর্যোগের রেকর্ড ৯২টি ঘটনা ঘটেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%