০৩:৫৭ পি.এম
ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডের বিষয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজকে কোস্টারিকায় প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় দেশটির কর্তৃপক্ষ। সন্ত্রাসবাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাকে কোস্টারিকায় প্রবেশে বাধা দেওয়া হয়। এর ফলে তাকে রাজধানী সান হোসের আন্তর্জাতিক বিমানবন্দরে দুই রাত কাটাতে হয়।
বৃহস্পতিবার রাতে কোস্টারিকায় পৌঁছানোর পর আলবানিজ জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে যান। পরবর্তীতে শনিবার তিনি মেক্সিকোর উদ্দেশ্যে কোস্টারিকা ত্যাগ করেন। তবে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।
কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমর বাদিল্লা জানান, আলবানিজের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একটি আন্তর্জাতিক সতর্কতা রয়েছে। তিনি জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে তার প্রবেশে বাধা দেওয়ার বিষয়টি জানান। তবে ওই সতর্কতা কোন কর্তৃপক্ষ জারি করেছে, সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। অভিযোগের সমর্থনে কোনো প্রমাণও প্রকাশ করা হয়নি। আলবানিজ এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, "মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয়।"
আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে
শুক্রবার (২৭ নভেম্বর) বিমানবন্দরে অবস্থানকালে ভিডিও কলে কোস্টারিকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আলবানিজ। বিশ্ববিদ্যালয়টি তাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করার আয়োজন করেছিল। তার পক্ষে একজন সহকারী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডিগ্রিটি গ্রহণ করেন।
এদিকে, আলবানিজের পক্ষে আদালতে হেবিয়াস করপাস আবেদন করা হলে দেশটির সাংবিধানিক আদালত তাকে জোর করে বহিষ্কারের প্রক্রিয়া স্থগিত করে। পরে আদালত তাকে বিমানবন্দর থেকে বেরিয়ে হোটেলে যাওয়ার অনুমতি দেয়। তবে তার কোস্টারিকায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকে। দুই রাত বিমানবন্দরে আটকে থাকার পর শনিবার তিনি মেক্সিকোর উদ্দেশ্যে দেশটি ত্যাগ করেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এ ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি কোস্টারিকা কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান। দেশটির ন্যায়পাল কার্যালয়ও আলবানিজের বিষয়টি যথাযথভাবে বিবেচনা না করে প্রবেশে বাধা দেওয়ার সমালোচনা করে।
আলবানিজের দাবি, তার বিরুদ্ধে নেওয়া এ পদক্ষেপের সাথে ফিলিস্তিন ইস্যুতে তার কাজের কারণে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার সম্পর্ক থাকতে পারে। ২০২৫ সালে ট্রাম্প প্রশাসন তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে কোস্টারিকা সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
আরও পড়ুন: নেতানিয়াহু ও আইজেনকোটের বৈঠক, জোট সরকার গঠনের চেষ্টা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন